ঢাকার রাস্তায় সাধারণ চিত্র ধীরগতির যানজট, অসংগঠিত পার্কিং এবং নিয়ন্ত্রণহীন যানবাহন। সম্প্রতি শহরে নতুন একটি সমস্যা দেখা দিয়েছে, উঠতি বয়সের কিছু ছেলের বেপরোয়া বাইক চালানো। এর সঙ্গে যুক্ত হয়েছে ব্যাটারিচালিত রিকশার বৃদ্ধি, যা যানজট আরও জটিল করে তুলেছে। এসব যানবাহন কেবল যানজট সৃষ্টি করছে না, বরং দুর্ঘটনার হারও ভয়াবহভাবে বৃদ্ধি করছে। গত কয়েক মাসে ঢাকায় সড়ক দুর্ঘটনার সংখ্যা এমনভাবে বৃদ্ধি পেয়েছে যে তা নিয়ন্ত্রণ করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। বিশেষ করে নিয়ন্ত্রণহীন মোটরসাইকেল চালকদের কারণে দুর্ঘটনার চিত্র ভয়ঙ্কর। অনেক সময় দেখা যায়, সড়কে হঠাৎ দুর্ঘটনা ঘটে এবং চালক বা পথচারী মারাত্মকভাবে আহত হন। কখনো কখনো দুর্ঘটনা এতই গুরুতর হয় যে বাইক চালক বা পথচারীরা ঘটনাস্থলেই মারা যান।
\r\nসামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি এমন একটি ঘটনা দেখা গেছে, যেখানে একটি বাইক চালক নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাসকে ধাক্কা দেয়। বিস্ময়করভাবে, একটুর জন্য বাসের চাপায় বেঁচে যাওয়া যাত্রীরা উল্টো বাস চালকের ওপর হামলা চালায়। এই ধরনের ঘটনা স্পষ্টভাবে দেখায়, শহরের রাস্তায় কোথাও নিরাপত্তা নেই। নিয়ন্ত্রণহীন বাইক চালক ও অসংগঠিত যানবাহনের কারণে সাধারণ মানুষ এবং রাস্তায় চলাচলকারীরা প্রতিনিয়ত বিপদের মুখোমুখি হচ্ছে। এই পরিস্থিতি শুধু যাত্রীদের নিরাপত্তা হুমকির মুখে ফেলছে না, বরং ঢাকার পরিবহন ব্যবস্থাকেও অচল করে তুলছে। তাই সরকারের কাছে এখনই দৃঢ় ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানোর সময় এসেছে। শীঘ্রই কঠোর আইন প্রয়োগ, নিয়মিত রাস্তায় পুলিশ টহল বৃদ্ধি, মোটরসাইকেল লাইসেন্স ও নিরাপত্তা মান পরীক্ষা এবং ব্যাটারিচালিত রিকশার সুষ্ঠু নিয়ন্ত্রণ নিশ্চিত করা জরুরি। নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধের জন্য ঢাকা মহানগর পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়ন্ত্রণহীন বাইক চালক ও বেপরোয়া যানবাহনের সংখ্যা কমানো না গেলে প্রতিদিন নতুন করে প্রাণহানির ঘটনা ঘটতে থাকবে। \r\nকবি নজরুল ইসলাম সরকারি কলেজ, ঢাকা থেকে
