পঁচাত্তরের পট পরিবর্তনের পর নানা ঘটনা এবং ক্যু-পাল্টা ক্যুর মধ্যদিয়ে জিয়াউর রহমানকে সিপাহী-জনতা বন্দি অবস্থা থেকে মুক্ত করে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছিল। তিনি একজন ফৌজি বা উচ্চপদস্থ (মেজর জেনারেল) সামরিক কর্মকর্তা ছিলেন। বলা বাহুল্য, জিয়াউর রহমান একজন খাঁটি দেশপ্রেমিক ছিলেন। সেই পাকিস্তান আমল থেকে শুরু করে দেশের স্বাধীনতা এবং স্বাধীনতা পরবর্তী সময়ে যখনই দেশের প্রয়োজন পড়েছে, তখনই দেশ রক্ষায় হাজির হয়েছেন। দেশের স্বার্থের প্রশ্নে তিনি ছিলেন আপসহীন। যখন পূর্ব ও পশ্চিম পাকিস্তান এক ছিল, তখন ইস্টবেঙ্গল রেজিমেন্টের মেজর হিসেবে তিনি খেমকারাণ ও লাহোর সেক্টরের দায়িত্বে ছিলেন। ১৯৬৫ সালে পাক-ভারত যুদ্ধের সময় প্রায় ৪৬৬ সেনার নেতৃত্ব দিয়ে অসীম সাহসিকতায় ভারতীয় বাহিনীকে তিনি পরাজিত করেছিলেন।

তার এই অসাধারণ সামরিক দক্ষতা ও সাহসিকতার কারণে পাকিস্তান সরকার তাকে দ্বিতীয় সর্বোচ্চ সামরিক বীরত্বসূচক পদক ‘হিলাল-ই-জুরাত’ প্রদান করেছিল। আবার যখন দেশ স্বাধীনের প্রয়োজন হয়, তখন তিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধ শুরু করেছিলেন। এ ইতিহাস সকলের জানা। স্বাধীনতার পর পঁচাত্তর পরবর্তী অস্থিতিশীল সময়ে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব যখন বিপন্ন, তখনও জিয়াউর রহমানই তা রক্ষায় এগিয়ে এসেছিলেন। দায়িত্ব নিয়ে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করেছিলেন। সাধারণত একজন সামরিক কর্মকর্তা রাজনীতির বাইরে থাকেন। রাজনীতি করা তার কাজ নয়। তবে দেশের প্রয়োজনে যখন রাজনীতিতে আসতে হয়, তখন তাকে এক ভিন্ন জগতে প্রবেশ করতে হয়। এ জগৎ তার কাছে একেবারেই নতুন। এ সম্পর্কে তার সীমাবদ্ধতা থাকে।

জিয়াউর রহমান যখন রাষ্ট্রের দায়িত্ব নেন, তখন তিনি এই সীমাবদ্ধতায় পড়েছিলেন। তিনি দেশের প্রেসিডেন্ট। রাজনীতি তাঁকে করতে হবে। অথচ এ ব্যাপারে তাঁর অভিজ্ঞতা কম। আবার রাজনীতি না করেও উপায় নেই। রাজনীতির মাধ্যমেই তাঁকে জনগণের আস্থা ও ভালবাসা অর্জন করতে হবে। রাজনীতি কীভাবে শুরু করবেন, এই অভিজ্ঞতা নিতে তিনি তৎকালীন ঝানু রাজনীতিবিদ মশিয়ূর রহমান যাদু মিয়ার কাছে গিয়েছিলেন। যাদু মিয়া তাঁকে বলেছিলেন, আপনার সামরিক জ্ঞান রয়েছে। তবে জনগণের ভালোবাসা ও আস্থা অর্জন করতে হলে আপনাকে রাজনীতি করতে হবে। রাজনীতির পাঠ জটিল। একদিনে এ পাঠ অর্জিত হয় না। তিনি জিয়াউর রহমানকে পরামর্শ দিয়ে বলেছিলেন, আপনি হাঁটুন। তাহলেই আপনার রাজনীতি হয়ে যাবে। জিয়াউর রহমান যাদু মিয়ার এই ছোট্ট পরামর্শটুকু গ্রহণ করে বাংলাদেশের পথে-প্রান্তরে হাঁটতে শুরু করেন। হাঁটতে হাঁটতে মানুষের কাছাকাছি চলে যান। দেশের মানুষ অকুণ্ঠচিত্তে তাঁকে গ্রহণ করে। তিনি জনগণের অসামান্য গ্রহণযোগ্যতা, আস্থা ও ভালোবাসা অর্জন করেন। জিয়াউর রহমান এমনই একজন মানুষ ছিলেন, যিনি রাজনীতি শেখার জন্য অভিজ্ঞ ও প্রবীণ রাজনীতিকদের কাছে যেতেন, তাদের কথা শুনতেন, পরামর্শ নিতেন। তিনি যখন ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন, তখন বৃটিশ আমল ও পাকিস্তান আমল থেকে রাজনীতি করে আসা অভিজ্ঞ ও সিনিয়র রাজনীতিবিদদের বেছে নিয়েছিলেন। তাদের নিয়েই বিএনপির যাত্রা শুরু হয়। এ দলের শুরুতে যেমন অভিজ্ঞ রাজনীতিবিদদের সমন্বয় ঘটেছিল, তেমনি জ্ঞানী ব্যক্তিদেরও অন্তর্ভুক্তি ছিল।

দুই. জিয়াউর রহমানের মৃত্যুর পর যখন বেগম খালেদা জিয়া গৃহবধূ থেকে দলের প্রধান হয়ে ওঠেন, তখনও বিএনপির সেসব অভিজ্ঞ রাজনীতিবিদদের তিনি পেয়েছিলেন। ভঙ্গুর হয়ে পড়া দলকে দাঁড় করাতে তাদের রাজনৈতিক অভিজ্ঞতা ও প্রজ্ঞাকে তিনি কাজে লাগিয়েছিলেন। তাদের অভিজ্ঞতা ও পরামর্শ নিয়ে তিনি যেমন দলকে ধরে রেখেছিলেন, তেমনি একজন দক্ষ রাজনীতিবিদ হিসেবে নিজেকে গড়ে তুলতে সক্ষম হয়েছেন। বেগম খালেদা জিয়ার যে রাজনৈতিক দূরদর্শিতার কথা বলা হয়, তা জিয়াউর রহমানের অন্তর্ভুক্ত করা সেইসব অভিজ্ঞ রাজনৈতিক নেতাদের জ্ঞান ও পরামর্শ থেকেই তিনি অর্জন করেছিলেন। পরবর্তীতে সেইসব নেতাদের অনেকে মৃত্যুবরণ করেছেন। অনেকে দল ছেড়ে চলে গেছেন।

তবে তাদের কাছ থেকে অর্জিত রাজনৈতিক জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে বেগম খালেদা জিয়া জনগণের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন। অবিসংবাদিত নেত্রীতে পরিণত হয়েছেন। স্বামী-স্ত্রী রাজনীতিতে না থেকেও রাজনীতিবিদ হয়ে ওঠা এবং জনগণের বিপুল ভালোবাসা পাওয়ার এমন নজির বিশ্বে বিরল। জনগণের কতটা ভালোবাসা পেলে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার জানাজায় লক্ষ-কোটি মানুষ সমবেত হয়! রাজনীতিতে যেমন উত্থান রয়েছে, তেমনি পতনও রয়েছে। রাজনীতির পথ বড়ই পিচ্ছিল। এ পথে অনেক বড় বড় নেতার পিছলে পড়ে যাওয়ার নজির রয়েছে। তবে রাজনীতির সঠিক জ্ঞান, প্রজ্ঞা ও দূরদর্শিতা কাজে লাগাতে পারলে একজন রাজনীতিকের পথ দীর্ঘ হয়। জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া যখন রাজনীতি শুরু করেন, তখন তাদের কারো রাজনীতির অভিজ্ঞতা ছিল না।

তাদের অভিজ্ঞতা হয়েছে অভিজ্ঞ ও জ্ঞানী রাজনীতিকের সহচার্যে। তাদের পরামর্শ ও রাজনৈতিক প্রজ্ঞাকে মূল্যায়ন করে রাজনীতিবিদ হয়েছেন, দেশ চালিয়েছেন। কালক্রমে দলে নতুনদের আগমন ঘটেছে। নতুনরা প্রবীনদের অভিজ্ঞতার পথ ধরে দলের আদর্শ ও দর্শনকে এগিয়ে নিয়েছে, নিচ্ছে। প্রবীনের অভিজ্ঞতা আর নবীনের তেজদীপ্ততার সমন্বয়ে বিএনপি বৃহৎ দলে পরিণত হয়েছে। উল্লেখ করা প্রয়োজন, নব্বই দশক থেকে বিএনপিতে ব্যাপক তারুণ্যের সমাবেশ ঘটতে থাকে। তরুণ প্রজন্মের কাছে দলটি ব্যাপক জনপ্রিয়তা পায়। তখন থেকে বলা হতে থাকে, বিএনপি একটি আধুনিক ও তরুণ্যনির্ভর দল। ছাত্রদলকে আধুনিকমনস্ক তরুণ্যের সংগঠন হিসেবে আখ্যায়িত করা হয়। শুধু তাই নয়, বিএনপির কর্মীর চেয়ে সমর্থকের সংখ্যা বিস্ময়করভাবে বেড়ে যায়। তা নাহলে, একানব্বই সালে বিএনপি তৎকালীন আওয়ামী লীগের নিশ্চিত বিজয়কে ধূলিস্যাত করে ক্ষমতায় আসতে পারত না। বিপুল সাধারণ সমর্থকদের কারণেই তা সম্ভব হয়েছিল। এজন্য বিএনপিকে বলা হয়, সমর্থকভিত্তিক দল। তবে যে তরুণরা বিএনপির মূল ভরসা, তাদের নেপথ্যের কারিগর বা ভিত্তি দলের অভিজ্ঞ ও প্রাজ্ঞ রাজনীতিকরা। বেগম খালেদা জিয়া দলের চেয়ারপার্সন হলেও তিনি দলের স্থায়ী কমিটিসহ উপদেষ্টা পদে রাখতেন অভিজ্ঞ রাজনীতিকদের। তিনি সিদ্ধান্ত নিলেও তাদের সাথে আলাপ-আলোচনা করতেন। তাদের পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত বাস্তবায়ন করতেন।

তিন. দুই-তৃতীয়াংশ আসন নিয়ে বিএনপি এখন ক্ষমতায়। প্রধানমন্ত্রী তারেক রহমান মন্ত্রীসভায় তরুণ ও ত্যাগী নেতাদের প্রাধান্য দিয়েছেন। প্রথাগত রাজনৈতিক ধারা অনুযায়ী, সাধারণত দলের সিনিয়র ও অভিজ্ঞ নেতাদেরই সবার আগে মন্ত্রীসভায় ঠাঁই পাওয়ার কথা। তবে প্রধানমন্ত্রী তারেক রহমান মন্ত্রীসভায় শুরুতে বিএনপির ভিত্তি হয়ে থাকা অভিজ্ঞ রাজনীতিকদের যুক্ত করেননি। এদের মধ্যে ড. খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা আব্বাস, রফিকুল ইসলাম মিয়া, অ্যাডভোকেট জয়নুল আবেদিন, জয়নাল আবদিন ফারুক, শামসুজ্জামান দুদু, আসাদুজ্জামান রিপন, রুহুল কবীর রিজভী, আমান উল্লাহ আমান, মোয়াজ্জেম হোসেন আলাল রয়েছেন। রফিকুল ইসলাম মিয়া বয়সজনিত কারণে রাজনীতিতে সক্রিয় নন।

মির্জা আব্বাস নির্বাচনের পরপর অসুস্থ হয়ে পড়েন। ফলে মন্ত্রীসভায় তাদের যুক্ত করা সমীচীন মনে করা হয়নি। অন্যরাও মন্ত্রীসভার বাইরে রয়েছেন। নির্বাচনের পরপরই সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনীতি সচেতনরা ধরেই নিয়েছিলেন বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ মন্ত্রীসভায় সর্বাগ্রে প্রাধান্য পাবেন। কে কোন মন্ত্রণালয় পেতে পারেন, এ নিয়ে তারা হিসাব-নিকাষও করে ফেলেছিলেন। তবে প্রধানমন্ত্রী তারেক রহমান চমক দেখিয়ে মন্ত্রীসভায় তরুণ ও কমপরিচিতদের প্রধান্য দেন। তখন অনেকে ধরে নিয়েছিলেন, শুরুর মন্ত্রীসভা তরুণদের প্রাধান্য দিয়ে প্রধানমন্ত্রী তাদের পারফরম্যান্স পরীক্ষা করছেন। ছয় মাস ট্রায়ালের পর তাতে পরিবর্তন হতে পারে। মন্ত্রীসভায় সিনিয়র ও অভিজ্ঞ নেতৃবৃন্দকে যুক্ত করা হবে। দেখা গেল, এক ড. মঈন খান ছাড়া সিনিয়রদের মধ্য থেকে আর কাউকে যুক্ত করা হয়নি। এ নিয়ে বিএনপির নেতাকর্মী ও সাধারণ সমর্থকদের মধ্যেও আলোচনা-সমালোচনা রয়েছে। অনেকের মতে, মন্ত্রীসভায় তাদের অন্তর্ভুক্ত করা হলে, দেশ পরিচালনায় তাদের অতীত অভিজ্ঞতা ব্যাপকভাবে সহায়ক ভূমিকা পালন করত। সরকারের সংকটে অভিজ্ঞতার আলোকে তারা প্রধানমন্ত্রীকে পরামর্শ দিয়ে সমাধানে সহায়তা করতে পারতেন। পর্যবেক্ষকদের মতে, এক্ষেত্রে সরকারের মধ্যে অভিজ্ঞতার ঘাটতি রয়ে গেছে।

চার. সরকার চালাতে অভিজ্ঞ নেতৃত্বের বিকল্প নেই। মন্ত্রীসভায় পোড় খাওয়া অভিজ্ঞ রাজনীতিবিদরা যুক্ত হলে সরকারের শক্তিমত্তার পরিচয় পাওয়া যায়। সরকারের যেকোনো সংকটে একজন অভিজ্ঞ রাজনীতিবিদ-মন্ত্রীর একটি সুপরামর্শ পুরো চিত্র বদলে দিতে পারে। অন্যদিকে, জাতীয় সংসদে বিরোধীদলের মোকাবেলায় কিংবা আইন প্রণয়নে শ্রদ্ধাভাজন অভিজ্ঞ রাজনীতিবিদের বিকল্প নেই। নতুনদের মন্ত্রী করার ক্ষেত্রে কোনো সমস্যা নেই। তারা মেধাবী হতে পারে, তবে তাদের অভিজ্ঞতার ঘাটতি থেকেই যাবে। বলার অপেক্ষা রাখে না, বর্তমান সরকার দেশের এক ক্রান্তিকালে দায়িত্ব পেয়েছে, যখন অর্থনীতিসহ সব ক্ষেত্রে চরম ক্রাইসিস। এই ক্রাইসিস মোকাবেলায় দলের প্রবীণ ও অভিজ্ঞ নেতাদের মন্ত্রীসভায় যুক্ত করা খুবই প্রয়োজন ছিল।

তারা যদি শারীরিকভাবে খুব একটা সচল নাও হন, শুধু বসে থেকে তারা যে পরামর্শ ও সিদ্ধান্ত গ্রহণ করতেন, তাই সংকট উত্তরণে অনেক বড় সমাধান হয়ে আসত। পতিত হাসিনা সরকারও সংসদে এবং মন্ত্রীসভায় তার প্রবীণ, এমনকি চলতেফিরতে পারে না, এমন নেতাদের সংসদে ও মন্ত্রীসভায় ঠাঁই দিয়েছিল। সংসদে উপনেতা হিসেবে বয়স্ক ও ঠিকমতো চলাফেরা করতে না পারা সাজেদা চৌধুরীকে মনোনীতি করেছিল। তার মৃত্যুর পর আরেক বয়স্ক ও অসুস্থ থাকা মতিয়া চৌধুরীকে উপনেতা করা হয়েছিল। অনেক প্রবীণ ও বয়স্ক নেতাদের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রী করা হয়েছিল। অর্থমন্ত্রী করা হয়েছিল, প্রবীণ ও অভিজ্ঞ আবুল মাল আবদুল মুহিতকে। শেখ হাসিনা তাদের অভিজ্ঞতার মূল্যায়ন করেছিলেন। বিএনপির যেসব অভিজ্ঞ ও প্রবীণ নেতা রয়েছেন, তারা দলের দৃঢ় ভিত্তি হয়ে আছেন। তারা অভিভাবকে পরিণত হয়েছেন। হয়ত এ সরকারই তাদের জীবনের শেষ সরকার কিংবা শেষ নির্বাচন হতে পারে। বয়সজনিত কারণে আগামীতে তারা নির্বাচন করার মতো অবস্থায় নাও থাকতে পারেন। রাজনীতি থেকে বিদায় নিতে পারেন। এমতাবস্থায়, সরকারের উচিৎ, জীবনের শেষ নির্বাচন ও সরকারের সময় তাদের অভিজ্ঞতা ও পরামর্শ কাজে লাগানো। আন্দোলন-সংগ্রাম ও অসীম ত্যাগ স্বীকার করে দলকে গড়ে তোলার ক্ষেত্রে তাদের যে অবদান, সেই অবদানকে সম্মান জানানো উচিৎ। সম্মানের সাথে তাদের ফেয়ারওয়েলটা ভালো হওয়া দরকার।

darpan.journalist@gmail.com