বাংলাদেশের গ্রামাঞ্চল একসময় ছিল শ্রমনিষ্ঠ মানুষের স্বপ্নের আশ্রয়স্থল। পরিশ্রম, সৌহার্দ্য, পারস্পরিক সহানুভূতি ও আত্মনির্ভরতার মাধ্যমে গড়ে উঠেছিল আমাদের গ্রামীণ সমাজের ভিত্তি। হাটের টুংটাং শব্দ, কৃষকের মাঠের ঘাম এবং সন্ধ্যার আলাপচারিতায় গ্রামীণ জীবনে একটি ছন্দ ছিল। এখন সেই চিত্র দ্রুত বদলে যাচ্ছে। প্রযুক্তির অবাধ প্রবেশ যেমন সুবিধা দিয়েছে, তেমনই নিয়ন্ত্রণহীন ব্যবহার তৈরি করেছে নতুন সংকট। তরুণ প্রজন্ম কর্মহীনতার যন্ত্রণায় হতাশ হয়ে পড়ছে। তাদের অবসর সময় মোবাইলের পর্দায় ডুবে যাচ্ছে। আর নিরর্থক সময় ধীরে ধীরে টেনে নিচ্ছে মাদক ও অনলাইন আসক্তির অন্ধকারে।\r\nসাম্প্রতিক অভিজ্ঞতায় ফেনী জেলার সোনাগাজী উপজেলার জমাদার বাজার ও আশপাশের গ্রামগুলো এখন যেন এই পরিবর্তনের দুঃখজনক প্রতিচ্ছবি।
স্কুল-কলেজ শেষে অনেক তরুণ আর মাঠে বা কাজে না গিয়ে বসে থাকে চায়ের দোকানে, চোখ আটকে থাকে স্মার্টফোনের ঝলমলে পর্দায়। কেউ ভিডিও গেম খেলছে, কেউ বাজির ওয়েবসাইটে টাকা রাখছে, কেউ আবার রাতের অন্ধকারে হারিয়ে যাচ্ছে মাদকাসক্তির আসরে। বিকাশ বা নগদের মাধ্যমে টাকা লেনদেন হয়ে যাচ্ছে মুহূর্তে। একবারে হাজার হাজার টাকা হারানো এখন সাধারণ ঘটনা। অনেক পরিবার দেখছে, পরিশ্রমে গড়া সঞ্চয় ধীরে ধীরে উড়ে যাচ্ছে এই ভার্চুয়াল জুয়া ও নেশার ঘূর্ণিতে।\r\nএখানেই সমস্যার শেষ নয়। একবার কেউ এই জুয়ার খেলায় হেরে গেলে মানসিক ভাঙনের শুরু হয়। হতাশা থেকে অনেক তরুণ হয়ে পড়ে খিটখিটে, ক্রোধপ্রবণ, আত্মবিশ্বাসহীন। পরিবারে কলহ বাড়ে, দাম্পত্য সম্পর্কে টানাপোড়েন দেখা দেয়, অনেক সময় আত্মহত্যার পথও বেছে নেয় কেউ কেউ।
সমাজবিজ্ঞানীরা বলছেন, এই সমস্যা এখন অর্থনৈতিক সীমা ছাড়িয়ে সাংস্কৃতিক ও নৈতিক সংকটের রূপ নিয়েছে। গ্রামের সামাজিক বন্ধন, প্রবীণদের পরামর্শ প্রথা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ হারিয়ে যাচ্ছে। চায়ের দোকান, হাট বা মসজিদ- যে জায়গাগুলো একসময় সামাজিক সংলাপের কেন্দ্র ছিল, সেখানেও এখন আলোচনার জায়গা নিয়েছে মোবাইল স্ক্রল আর বাজির গল্প।\r\nএই বিপর্যয়ের মূল শিকড় লুকিয়ে আছে বেকারত্ব ও কর্মক্ষেত্রের অভাবে। কৃষির আধুনিক প্রযুক্তি যেমন উৎপাদন বাড়িয়েছে, তেমনি কমিয়ে দিয়েছে শ্রমের প্রয়োজন। শিল্প, ছোট ব্যবসা, এমনকি সরকারি চাকরিও সংকীর্ণ হয়ে পড়েছে। ফলে গ্রামের তরুণরা কাজের আশায় শহরে আসে, কিন্তু প্রতিযোগিতায় টিকতে না পেরে ফিরে যায় হতাশ মন নিয়ে। কেউ কেউ হয় অপরাধচক্রের সহজ শিকার।
আর যারা গ্রামে থাকে, তারা সময় কাটায় মোবাইল গেম, জুয়া ও মাদকের সঙ্গে। বাস্তবে এই শূন্য সময়ই তাদের দিশাহারা করছে। আর সেই শূন্যতাই তাদের টেনে নিচ্ছে দ্রুত নেশার ঘূর্ণিতে।\r\nএই সুযোগটিই কাজে লাগাচ্ছে মাদকচক্র ও অসাধু ব্যবসায়ীরা। তারা জানে, কাজহীন তরুণ মানে সহজ শিকার। গ্রামের ভেতরে ইয়াবা, গাঁজা, আইস, ফেনসিডিল এমনকি নতুন নতুন সিনথেটিক ড্রাগ ছড়াচ্ছে বিদ্যুতের গতিতে। মাঝে মাঝে পুলিশ অভিযান চালায়, কয়েকজনকে ধরে নিয়ে যায়, কিন্তু কয়েকদিনের মধ্যে তারা জামিনে আবার ফিরে আসে। এতে সাধারণ মানুষের মধ্যে তৈরি হয় অবিশ্বাস ও ক্ষোভ। মানুষ ভাবে, বিচার হবে না, শাস্তি নেই, তাহলে ঝুঁকি নিয়ে অভিযোগ করবে কে? এর ফলে প্রশাসনিক পদ্ধতির প্রতি জনগণের একরকম নিরুৎসাহ তৈরি হচ্ছে। থানা-পুলিশের তদারকি আশাব্যঞ্জক নয়।
মাঝে মাঝে দুয়েকজন মাদকসেবী ও ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হলেও অজানা কারণে অল্প সময়ের মধ্যেই তারা থানা থেকে ছাড়া পেয়ে যায়। এমনকি কোর্টে চালান করা হলেও তিন-চার দিনের মাথায় জামিন নিয়ে আবার পুরানো পরিবেশে ফিরে আসে। এই অবস্থা দেখে এলাকাবাসীও আর মুখ খুলতে সাহস পান না। এতে ভয়, হতাশা আর অসহায়তা সমাজের ভেতরে আরও গভীরভাবে শিকড় গেড়ে বসছে।\r\nএই ভয় ও নীরবতার বাতাবরণ গ্রামবাসীর প্রতিরোধ শক্তিকেও ভেঙে দিয়েছে। একসময় কোনো গ্রামে মাদক বা জুয়ার গন্ধ টের পেলেই মুরুব্বিরা, শিক্ষকরা, সমাজপতিরা মিলে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করতেন। এখন মানুষ মুখ বন্ধ রাখে। কারণ তারা জানে ক্ষমতাশালী কারও ছায়া আছে এই নেশা ব্যবসার পেছনে। ফলে সমাজে বেড়ে চলেছে এক ধরনের নীরব আতঙ্ক।
এই নীরবতা সমাজকে দুর্বল করে দিচ্ছে এবং তরুণদের টেনে নিচ্ছে অন্ধকার গহ্বরে, যেখানে থেকে ফেরার রাস্তা প্রায় অচেনা।\r\nমাদক বা মোবাইল জুয়ার প্রভাবে যে পরিবারগুলো ক্ষতিগ্রস্ত, তাদের জীবন এখন পরিণত হয়েছে এক স্থায়ী যুদ্ধক্ষেত্রে। মা-বাবার সঙ্গে সন্তানের কথা বলা বন্ধ, সংসারে আর হাসি নেই, প্রতিদিন উদ্বেগ ও তীব্র মানসিক কষ্টই সঙ্গী। অনেক পিতা-মাতা নিজের কষ্টসঞ্চিত অর্থ হারিয়ে ফেলছেন সন্তানের নেশার খরচে। কেউ কেউ নিরুপায় হয়ে সন্তানকে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছেন। আবার কেউ মনের ভেতর দগদগে ক্ষত নিয়ে বাঁচছেন। এই পরিবারগুলো শুধু অর্থনৈতিকভাবেই নয়, মানসিকভাবেও বিপর্যস্ত।
সমাজের যে উৎপাদনশীল শক্তি ছিল, তা নষ্ট হয়ে যাচ্ছে ধীরে ধীরে- একজন তরুণের পতন মানেই একটি সম্ভাবনার মৃত্যু।\r\nএই সংকট ফেনী বা সোনাগাজীর সীমায় সীমাবদ্ধ নেই। সারা দেশের প্রায় প্রতিটি গ্রামেই একই চিত্র দেখা যাচ্ছে। মোবাইল ও প্রযুক্তির ব্যবহার এখন জীবনের অবিচ্ছেদ্য অংশ হলেও, সঠিক শিক্ষার অভাবে তা হয়ে উঠেছে নেশার উৎস। তরুণেরা এখন ফেসবুক, ইউটিউব, টিকটক বা অনলাইন গেমে ঘণ্টার পর ঘণ্টা হারিয়ে যায়। ফলে তাদের মধ্যে ছড়িয়ে পড়ছে অনলাইন বেটিং ও স্কিল গেম নামের ছদ্ম জুয়ার ছোঁয়া। এতে অর্থনৈতিক ক্ষতির পাশাপাশি নষ্ট হচ্ছে নৈতিক বোধ ও শ্রমের মূল্যবোধ।\r\nএই ভয়াবহ পরিস্থিতি থেকে মুক্তি পেতে হলে প্রয়োজন বহুমুখী উদ্যোগ। শুধু পুলিশি তৎপরতা নয়, গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করা সবচেয়ে জরুরি।
স্থানীয়ভাবে ক্ষুদ্র শিল্প, কৃষি প্রক্রিয়াকরণ কেন্দ্র, মৎস্যচাষ ও হস্তশিল্পের কাজ তৈরি করতে হবে। তরুণ যদি কাজ ও আয়ের নিশ্চয়তা পায়, তবে অভ্যন্তরীণ হতাশা কমবে। বিদ্যালয়, কলেজ ও মসজিদে মাদকবিরোধী ও প্রযুক্তি-ব্যবহারবিষয়ক সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করতে হবে। পরিবারকেও হতে হবে প্রথম প্রতিরোধ ব্যূহ- সন্তানের আচরণে পরিবর্তন দেখলে তা অবহেলা না করে গুরুত্ব দিতে হবে।\r\nপ্রশাসনের ভূমিকা এই সংকটময় পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ। মাদক দমন অধিদপ্তর ও পুলিশের তৎপরতা হতে হবে নিরপেক্ষ, ধারাবাহিক ও স্বচ্ছ। যারা অপরাধে জড়িত, তাদের বিচার দ্রুত ও কঠোর হতে হবে, যেন অন্যরা শঙ্কিত হয়। স্থানীয় জনপ্রতিনিধিদেরও সহযোগিতা দিতে হবে আইনশৃঙ্খলা রক্ষায়।
বাস্তবতা হলো, পুলিশের তৎপরতা বা প্রশাসনিক মনোযোগ যদি সাময়িক হয়, আর অপরাধীরা সহজে জামিন পেয়ে যায়, তাহলে সাধারণ মানুষের বিশ্বাস চিরতরে হারিয়ে যাবে। তখন সামাজিক ন্যায়বোধ, আইনশৃঙ্খলা ও নিরাপত্তা-সবই প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে।\r\nসামনে জাতীয় নির্বাচন। রাজনীতির মাঠে তরুণরাই সবচেয়ে প্রাণবন্ত শক্তি। কিন্তু যদি এই তরুণদের একটি অংশ মাদক বা মোবাইল জুয়ার নেশায় জড়িয়ে পড়ে, তাহলে তারা সহজেই টাকার লোভে ও নেশার প্রভাবে রাজনৈতিক বিভ্রান্তিতে পড়ে যেতে পারে। এর প্রভাব সরাসরি পড়বে সামাজিক স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশে। তাই এখন সময় এসেছে প্রশাসন, রাজনৈতিক দল, শিক্ষক, ধর্মীয় নেতা ও নাগরিক সমাজকে একসঙ্গে কাজ করার। গ্রাম থেকে গ্রাম, হাট থেকে ইউনিয়ন পর্যন্ত নেশা ও জুয়ামুক্ত সমাজ গড়ার আন্দোলন শুরু করতে হবে। শেষ পর্যন্ত কথা একটাই- একটি সমাজের ভবিষ্যৎ নির্ভর করে তার তরুণ প্রজন্মের ওপর। যদি সেই প্রজন্মই হতাশা, বেকারত্ব ও নেশায় হারিয়ে যায়, তবে উন্নয়নের স্বপ্ন অর্থহীন হয়ে যাবে। বাংলাদেশের হাজারো গ্রাম আজ এই বিপদের মুখে দাঁড়িয়ে আছে। এখনই সময় কঠোর প্রশাসনিক উদ্যোগ, কর্মসংস্থানের পথ সৃষ্টি, এবং সামাজিক নৈতিকতার জাগরণ ঘটানোর। না হলে আজকের সোনাগাজীর মতো বাস্তবতা আগামী দিনের সারাদেশের প্রতিচ্ছবি হয়ে উঠবে।\r\nলেখক : অধ্যাপক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
