ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধকে সাধারণত কৌশলের ভাষায় বর্ণনা করা হয়– প্রতিরোধ, উত্তেজনা বৃদ্ধি, সামরিক চাপ, ক্ষেপণাস্ত্র সক্ষমতা ও পারমাণবিক ঝুঁকি। এর সবই গুরুত্বপূর্ণ, কিন্তু এগুলো সম্পূর্ণ চিত্র তুলে ধরে না। ইরান কীভাবে এই যুদ্ধে টিকে থাকতে পারে, তা বুঝতে হলে আমাদের সামরিক হিসাবনিকাশের ঊর্ধ্বে উঠে সেই নৈতিক জগতের দিকে তাকাতে হবে, যার মাধ্যমে ইসলামী প্রজাতন্ত্র ক্ষমতা, ক্ষতি, সর্বোপরি টিকে থাকাকে বোঝে।

এটি নিছক একটি আক্রান্ত রাষ্ট্র নয়, বরং এমন একটি রাষ্ট্র যার আদর্শিক ভিত্তি দীর্ঘকাল ধরে শাহাদাত, ত্যাগ এবং পবিত্র প্রতিরোধের শিয়া রাজনৈতিক ধর্মতত্ত্ব দ্বারা গঠিত। এটি গুরুত্বপূর্ণ, কারণ যুদ্ধ শুধু অস্ত্র দিয়ে হয় না, বরং আখ্যান (ন্যারেটিভ) এবং মূল্যবোধ দিয়েও হয়; অর্থ নিজেই একটি রাজনৈতিক সম্পদে পরিণত হতে পারে।

এর অর্থ এই নয় যে, ইসলামী প্রজাতন্ত্রকে কাবু করা যায় না। বিষয়টা আরও জটিল ও সমস্যাজনক। ইসলামী প্রজাতন্ত্র শুরু থেকেই নিজেকে একটি নৈতিক প্রকল্প হিসেবে উপস্থাপন করেছে, যা সার্বভৌমত্বকে পবিত্র ইতিহাসের সঙ্গে একাত্ম করেছিল। সেই ইতিহাসের কেন্দ্রীয় আবেগি ও প্রতীকী আধারটি শিয়া স্মৃতিতে নিহিত, বিশেষ করে ৬৮০ সালের কারবালার যুদ্ধে, যেখানে একটি উমাইয়া সেনাবাহিনী নবী মুহাম্মদের (দ.) নাতি হুসাইন এবং তাঁর সঙ্গী ছোট দলটিকে হত্যা করেছিল।

বছরের পর বছর ধরে শাসকগোষ্ঠী নিজেদেরকে সাম্রাজ্যবাদ, আধিপত্যবাদ, অপমান এবং বিদেশি আগ্রাসনের শিকার এবং এসবের বিরুদ্ধে এক পবিত্র সংগ্রামের অভিভাবক হিসেবে উপস্থাপনের মাধ্যমে বৈধতা অর্জন করেছে।

বাইরে থেকে যা ধ্বংসযজ্ঞ বলে মনে হয়, তাকে ভেতর থেকে সহনশীলতা এবং বিশ্বস্ততা হিসেবে বর্ণনা করা যেতে পারে, যেখানে মৃত্যু নিজেই রাজনৈতিকভাবে ফলপ্রসূ হয়ে ওঠে। বর্তমান যুদ্ধে ইরানের কৌশল ক্রমেই সহনশীলতা এবং শত্রুর শক্তিক্ষয়ের দিকে ঝুঁকছে: শত্রুদের চেয়ে বেশিদিন টিকে থাকা, আঘাত সহ্য করে টিকে থাকা, শক্তির প্রবাহ ব্যাহত করা এবং এই বাজি ধরা যে ইরানের নিজের রাজনৈতিক সংকল্প ভেঙে পড়ার আগেই ওয়াশিংটন ও মিত্র দেশগুলোর রাজধানীতে রাজনৈতিক সংকল্প ভেঙে পড়বে। ব্যাপক ক্ষয়ক্ষতি সত্ত্বেও, বোমা বর্ষণের মুখে ইরানে সরকার পতনের কোনো দৃশ্যমান লক্ষণ নেই।

অবশ্যই অনেক ইরানি ঘৃণা করে ইসলামী প্রজাতন্ত্রকে। তবে বিদেশি আক্রমণকেও সমর্থন করে না, প্রজাতন্ত্রের প্রতি আনুগত্যের কারণে নয়, বরং জাতীয়তাবাদ, ভয়, শোক বা সম্মিলিত শাস্তির আতঙ্কে। বাইরের আক্রমণ জনপরিসরকে সংকুচিত এবং অবরুদ্ধ মানসিকতাকে তীব্রতর করে এবং রাষ্ট্রকে নিপীড়কের পরিবর্তে আবারও জাতির রক্ষক হিসেবে আবির্ভূত হতে সুযোগ করে দিতে পারে। শান্তিকালে শাসকদের ব্যর্থতাগুলো উন্মোচিত হয়: দুর্নীতি, দমনপীড়ন, অর্থনৈতিক পতন, জবরদস্তিমূলক শাসন। তবে যুদ্ধকালে, বিশেষ করে বিদেশি, বেআইনি আক্রমণের মুখে এটি তার পুরোনো ভাবমূর্তি ফিরে পেতে পারে– অযোগ্য স্বৈরাচারী রাষ্ট্র হিসেবে নয়, বরং প্রতিরোধের সংগ্রামরত রক্ষক হিসেবে।

ইসলামী প্রজাতন্ত্রের ধর্মতত্ত্ব সর্বজনীনভাবে অনুপ্রেরণামূলক– এমনটাও বলা যায় না। ইরানের পরবর্তী নেতৃত্ব বরং একটি পরস্পর দ্বন্দ্বরত অনুগত ভিত্তি পাচ্ছে এবং বৈধতা নিয়ে গুরুতর দীর্ঘমেয়াদি প্রশ্নের সম্মুখীন হচ্ছে। অনেক ইরানি রাষ্ট্রের পবিত্র আখ্যানে বিশ্বাস করে না। কিন্তু রাজনৈতিক ধর্মতত্ত্ব কার্যকর হওয়ার জন্য সর্বজনীন বিশ্বাসের প্রয়োজন হয় না। দুর্ভোগকে সংহতিতে পরিণত করার জন্য তার প্রয়োজন যথেষ্ট বিশ্বাসী, যথেষ্ট প্রতিষ্ঠান, যথেষ্ট আচার-অনুষ্ঠান, যথেষ্ট ভয় এবং যথেষ্ট যুদ্ধ।

আর এটাই বর্তমান যুদ্ধকে নৈতিক ও রাজনৈতিকভাবে বিপজ্জনক করে তুলেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যে ধরনের রাজনৈতিক-ধর্মতাত্ত্বিক ব্যবস্থার বিরুদ্ধে লড়ছে, তাকে বুঝতে তারা হয়তো মারাত্মক ভুল করছে।

একটি ধর্মনিরপেক্ষ কৌশলগত ব্যবস্থায় সহিংসতা সক্ষমতাকে ধ্বংস করে দুর্বল করে দেয়। একটি রাজনৈতিক-ধর্মতাত্ত্বিক কল্পনায় সহিংসতা পবিত্র উদ্দেশ্যকে নিশ্চিত করে শক্তিশালী করতে পারে। একটি আদর্শিক রাষ্ট্র, যা নিজেকে পবিত্র প্রতিরোধের দৃষ্টিতে দেখে; সেনাপতি, অবকাঠামো এবং ভূখণ্ড হারাতে পারে। তার পরও প্রতীকীভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু অর্জন করতে পারে, যা শাহাদাতের ভাষায় নতুন করে প্রবেশাধিকার। আদর্শিক রাষ্ট্রগুলোর বিরুদ্ধে যুদ্ধের এটি অন্যতম ট্র্যাজেডি।

এর কোনোটিই অবশ্য ইসলামী প্রজাতন্ত্রের নৃশংসতাকে অস্বীকার করার জন্য বা এর আত্মত্যাগের ধর্মতত্ত্বকে মহিমান্বিত করার জন্য নয়। সেই ধর্মতত্ত্ব প্রায়ই নির্মম ছিল; বিশ্বাসের ভাষায় ক্ষতিকে পবিত্র করে মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। কিন্তু ইসলামী প্রজাতন্ত্র কীভাবে টিকে আছে, তা বুঝতে হলে আমাদের দেখতে হবে এর স্থিতিস্থাপকতা কেবল সামরিক বা প্রাতিষ্ঠানিক নয়, বরং প্রতীকীও। এটি আঘাতকে নৈতিক কর্তৃত্বে রূপান্তরিত করার ক্ষমতার মধ্যে নিহিত।

ইসলামী প্রজাতন্ত্র তখনই শক্তিশালী, যখন এটি পাল্টা আঘাত হানতে পারে এবং এটি যথেষ্ট সংখ্যক মানুষকে বোঝাতে পারে যে, আক্রমণ সহ্য করাও এক ধরনের বিজয়।

সুতরাং, চলমান যুদ্ধ ইরান রাষ্ট্রের বস্তুগত ভিত্তি দুর্বল করে দিতে পারে। একই সঙ্গে সেই পবিত্র কাহিনিকেও পুষ্ট করতে পারে, যার মাধ্যমে এটি বেঁচে আছে।

হোসেন দাব্বাগ: নর্থইস্টার্ন ইউনিভার্সিটি লন্ডনের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক; আলজাজিরা ডটকম থেকে ভাষান্তর করেছেন সাইফুর রহমান তপন