ইস্ট বেঙ্গল রেজিমেন্ট– বাংলার ছেলেদের নিয়ে তৎকালীন পাকিস্তানি সেনাবাহিনীর প্রথম রেজিমেন্ট। ব্রিটিশ-ভারতীয় সেনাবাহিনীতে বিভিন্ন জাতি-গোষ্ঠীর নামে নিজস্ব রেজিমেন্ট থাকলেও ছিল না কেবল বাঙালি জাতির সন্তানদের নিয়ে গঠিত স্বতন্ত্র কোনো রেজিমেন্ট। প্রায় আড়াই শো বছরের উপনিবেশিক শাসন আমলে ছিল শুধুই বঞ্চনা। অতঃপর আসে ১৯৪৭ সাল, ব্রিটিশ ইতি টেনে স্বাধীনতা লাভ করে পাকিস্তান ও ভারত। কিন্তু তাতে পূর্ব পাকিস্তানের বাঙালি জনগোষ্ঠীর জীবনে ভিতু ভেতো বাঙালি অপবাদ ঘুচে না। অবজ্ঞা আর অপমানের তিক্ত অভিজ্ঞতায় বন্ধ হয় না এ মাটির আত্মমর্যদাসম্পন্ন সন্তানদের হৃদয়ের রক্ত ক্ষরণ। নব্য স্বাধীন পাকিস্তান সেনাবাহিনীতে কর্মরত বাংলার দামাল ছেলে মুহাম্মদ আবদুল গণি এ কষ্টকে কখনই মেনে নিতে পারেননি। তিনি ছিলেন নাছোড়বান্দা।

সেনাবাহিনীতে বাংলার নামে রেজিমেন্ট গড়ে তোলায় সফলকাম না হওয়া পর্যন্ত সর্বোচ্চ চেষ্টা চালিয়ে গেছেন তিনি।\r\nআবদুল গণির জন্ম হয় ১৯১৫ সালের ১৫ ডিসেম্বর, তৎকালীন পূর্ব পাকিস্তানের কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার নাগাইশ গ্রামের এক সভ্রান্ত মুসলিম পরিবারে। তার পিতা সারাফত আলী এবং মাতা জোবেদা খাতুন। শিশুকালে পার্শ্ববর্তী শিদলাইয়ে মাদ্রাসায় আব্দুল গণির প্রাথমিক শিক্ষা শুরু হয়। ১৯৩৩ সালে তিনি উচ্চশিক্ষার জন্য চট্টগ্রামের একটি মাদ্রাসায় ভর্তি হন। সেখান থেকে ১৯৩৫ সালের জুলাই মাসে খুলনা জেলা স্কুলে ভর্তি হয়ে পরের বছর তিনি প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন। অতঃপর আবদুল গণি ১৯৩৬ সালের এপ্রিলে কলকাতা ইসলামিয়া কলেজে ভর্তি হয়ে ১৯৩৮ সালে উচ্চ মাধ্যমিক এবং ১৯৪০ সালে স্নাতক ডিগ্রি অর্জন করেন।

স্নাতক শেষে আবদুল গণি সেনাবাহিনীতে যোগদানের সুযোগ পেয়ে ১৯৪১ সালের নভেম্বরে ব্রিটিশ-ভারতীয় সেনাবাহিনীর অফিসার ট্রেনিং স্কুল ব্যাঙ্গালুরুতে গমন করেন। ১৯৪২ সালের ৮ আগস্ট আবদুল গণি বিশ্বযুদ্ধকালীন জরুরি কমিশন লাভ করলে ১৩তম ফ্রন্টিয়ার ফোর্স রাইফেলসে সেকেন্ড লেফটেন্যান্ট হিসেবে তার সামরিক জীবন শুরু হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে তিনি বার্মা ফ্রন্টে যুদ্ধ করে বার্মা স্টার ও ওয়ার মেডেল লাভ করেন।\r\nবিশ্বযুদ্ধ শেষে ১৯৪৬ সালে আবদুল গণিকে ভারতের ঝালনায় পাইনিয়র কোর সেন্টারে বদলি করা হয়। তখন তার মধ্যে নিজ জাতিকে নিয়ে একটি পৃথক রেজিমেন্ট গঠনের প্রয়োজনীয়তা উপলব্ধ হয়। বাংলা ও বাঙালিদের নিয়ে তার লালিত স্বপ্ন বাস্তবায়নে তিনি ঊর্ধ্বতন ব্রিটিশ ও বাঙালি অফিসারদের নিকট নিজের মনের আকুতি প্রকাশ করেন।

কোর সেন্টারের অধিনায়ক লে. কর্নেল মারিয়াটি তার এ প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়ে বাঙালি রেজিমেন্ট গঠনের বিষয়ে আবদুল গণিকে প্রেরণা জোগান। এ সময়ে তিনি সেনাবাহিনীতে লোক ভর্তির দায়িত্বে থাকায় এ বিষয়ে অর্জিত অভিজ্ঞতা তাকে স্বপ্ন পূরণের পথে কয়েক ধাপ এগিয়ে দেয়। ঝালনায় আবদুল গণি ১২৫৬ ও ১৪০৭ পাইওনিয়ার কোম্পানির অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। কোম্পানি দুটি বাঙালিদের নিয়ে গঠিত ছিল বলে সেগুলো পাকিস্তান সেনাবাহিনীর অধীনে প্রদানের সিদ্ধান্ত হয়। ফলে ১৯৪৭ সালে ভারত বিভক্তির পর লেফটেন্যান্ট গণির নেতৃত্বাধীন কোম্পানি দুটিকে বিশেষ ট্রেনযোগে মুম্বাই থেকে পাঠানো হয় ঢাকা। ঢাকায় আসার পর তিনি বাঙালি রেজিমেন্ট গঠন করার জন্য জোর তৎপরতা শুরু করেন।

পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিন তাকে বাঙালি রেজিমেন্ট গড়ার বিষয়ে আশ্বস্ত করেন।\r\nব্রিটিশ শাসনকালে লেফটেন্যান্ট আবদুল গণির অদম্য ইচ্ছার বাস্তবায়ন না হলেও পাকিস্তান প্রতিষ্ঠার সূচনালগ্নেই বাংলার মানুষকে নিয়ে তার আজীবন লালিত স্বপ্ন বাস্তব রূপ লাভ করতে শুরু করে। ১৯৪৭ সালের সেপ্টেম্বর মাসে ঢাকা সেনানিবাসে ১ ইস্ট বেঙ্গল গঠন করার জন্য পরিপত্র জারি হয়। ব্যাটালিয়ন গঠনের দায়িত্ব পান ক্যাপ্টেন আবদুল গণি ও ক্যাপ্টেন এস ইউ খান। নব সৃষ্ট ব্যাটালিয়নের অধিনায়ক হিসেবে ১৯৪৮ সালের ফেব্রুয়ারিতে নিযুক্তি পান ব্রিটিশ সেনা অফিসার লে. কর্নেল ভি জে ই প্যাটারসন। আবদুল গণিকে দেওয়া হয় কোম্পানি অধিনায়কের দায়িত্ব।

অবশেষে, ১৯৪৮ সালের ১৫ ফেব্রুয়ারি ঢাকার কুর্মিটোলায় আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয় দি ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এর প্রথম ব্যাটালিয়ন ১ম ইস্ট বেঙ্গল, বা সিনিয়র টাইগার । প্রতিষ্ঠাকালে পূর্ব পাকিস্তানের তৎকালীন মুখ্যমন্ত্রী খাজা নাজিমুদ্দিন এবং তার মন্ত্রিপরিষদের সদস্যদের উপস্থিতিতে রেজিমেন্টের পতাকা উত্তোলন করেন গভর্নর জেনারেল স্যার ফ্রেডারিক ব্রেবর্ন। শুরু হয় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ইতিহাসের গৌরবময় যাত্রা। এরই ধারাবাহিকতায়, ১৯৪৯ সালে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের দ্বিতীয় ব্যাটালিয়ন প্রতিষ্ঠা লাভ করে। এরই সঙ্গে সঙ্গে রিক্রুটদের প্রশিক্ষণ এবং রেকর্ডস সংরক্ষণ বিষয়ক প্রয়োজনীয়তা অনুভূত হওয়ায় ০১ জুন ১৯৫০ সালে ঢাকার কুর্মিটোলায় ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টার (ইবিআরসি) প্রতিষ্ঠা লাভ করে।

পরবর্তীতে ১৯৫৩ সালে তা চট্টগ্রাম সেনানিবাসে স্থানান্তরিত হয়।\r\nক্যাপ্টেন আব্দুল গণি ১৯৪৯ সালের জুলাই মাসে পূর্ব পাকিস্তানে সহকারী রিক্রুটিং অফিসার এবং ১৯৫১ সালে রিক্রুটিং অফিসার হিসেবে নিয়োগ পান। বেঙ্গল রেজিমেন্টকে কর্মদক্ষ ও সুন্দরভাবে সাজাতে আবদুল গণি সারা দেশ থেকে সুঠাম, উদ্যমী ও অকুতোভয় তরুণদের খুঁজে খুঁজে চাকরিতে নিয়োগ দেন। ১৯৫২ সালের মার্চ মাসে তিনি পাকিস্তান ন্যাশনাল গার্ড ব্যাটালিয়নে ফেরত যান এবং ১৯৫৩ সালের জুলাই পর্যন্ত সেখানে কর্মরত থাকেন। এ বছর তিনি মেজর পদে পদোন্নতি লাভ করেন এবং ৪ ডিসেম্বর সেনাবাহিনী হতে অবসর গ্রহণ করেন। ১৯৫৪ সালে অবসরপ্রাপ্ত মেজর গণি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রাদেশিক আইন সভার সদস্য নির্বাচিত হন।

অবশেষে ১৯৫৭ সালের নভেম্বর মাসে তিনি পশ্চিম জার্মানির ফ্রাঙ্কফ্রুটে বিশ্ব প্রবীণ সৈনিক সম্মেলনে যোগ দেন এবং সেখানেই ১২ নভেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। পরবর্তীতে তাকে কুমিল্লা সেনানিবাসে সমাধিস্ত করা হয়। তার ঐকান্তিক প্রচেষ্টায় প্রতিষ্ঠিত ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ১৯৬৫ সালের পাক-ভারত যুদ্ধে এবং একাত্তরে স্বাধীনতা সংগ্রামে অবিস্মরণীয় বীরত্বের পরিচয় দেয়।\r\n১ম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ১৯৬৫ সালে লাহোর সেনানিবাসে অবস্থান করছিল। অধিনায়ক ছিলেন চৌকশ বাঙালি সেনা কর্মকর্তা লে. কর্নেল আবু তাহির খায়রুল হক ওরফে এ টি কে হক। কাশ্মীর সমস্যাকে কেন্দ্র করে পাকিস্তান ও ভারত দুই প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে তখন টান টান উত্তেজনা।

জাতিসংঘের সামরিক পর্যবেক্ষক দলের প্রতিবেদন অনুযায়ী ১৯৬৫ সালে পাকিস্তান ও ভারতের মধ্যে সীমান্ত লঙ্ঘন ছিল নিত্যনৈমিত্তিক ব্যাপার। এরই মধ্যে ভারত কাশ্মীরী মুসলমান উপজাতিদের বিরুদ্ধে এই অভিযোগে সামরিক অভিযান পরিচালন করে যে, আজাদ কাশ্মীরের মুজাহিদীন বাহিনী ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে অনুপ্রবেশের মাধ্যমে বিচ্ছন্নতাবাদী কার্যক্রম পরিচালনা করছে। এমতাবস্থায়, পাকিস্তান কাশ্মীরের শ্রীনগর অভিমুখে নিয়মিত বাহিনী প্রেরণ করে। পারস্পরিক অবিশ্বাস ও শত্রুতা থেকে শুরু হয় সর্বাত্মক যুদ্ধ।

এদিকে কাশ্মীরকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ায় পাকিস্তানর শিয়ালকোট ও লাহোর অঞ্চলের প্রতিরক্ষা দুর্বল হয়ে পড়ে।\r\nসীমান্তের ওপার থেকে ফিরোজপুর-হুসেনিওয়ালা হয়ে এবং বেদিয়ান-খেমকারান হয়ে লাহোরকে চতুর্দিক থেকে ঘিরে ফেলার যে কোনো প্রচেষ্টাকে নস্যাৎ করে লাহোর অঞ্চলকে রক্ষা করার দায়িত্ব পায় ১১ পদাতিক ডিভিশন। নব গঠিত ডিভিশনটিতে না ছিল পূর্ণ জনবল না ছিল পর্যাপ্ত সামরিক সরঞ্জাম। ভারতীয় বাহিনীর লাহোর অভিমুখী আগ্রাসন প্রতিহতকরণে ৪ সেপ্টেম্বর রাতে তারা লাহোরের প্রায় ৩০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে কাসুর জেলার বেদিয়ান এলাকায় (খেমকরণ সেক্টর) প্রতিরক্ষা অবস্থান গ্রহণ করে। ১ম ইস্ট বেঙ্গল ছিল ১১ পদাতিক ডিভিশনের আওতাধীন ১০৬ পদাতিক ব্রিগেডের অংশ। রেজিমেন্টের অধিনায়ক লে.

কর্নেল এ টি কে হক সীমান্ত সংলগ্ন বামবাওয়ালি-রাভী-বেদিয়ান (বিআরবি) খাল বরাবর বিস্তৃত এলাকা ধরে ব্যাটালিয়নের চারটি কোম্পানিকে একই লাইনে রেখে প্রতিপক্ষ ভারতের ৪ মাউন্টেন ডিভিশনের বিপরীতে প্রতিরক্ষা অবস্থান গ্রহণ করে। পাকিস্তানি বাহিনীর অধিকাংশ ইউনিট যখন শ্রীনগর অভিমুখী, তখন ৬ সেপ্টেম্বর ভোর ৪টায় পদাতিক, সাঁজোয়া, গোলন্দাজ ও বিমানবাহিনীর সাহায্যপুষ্ট ভারতীয় বাহিনী পাঞ্জাব অঞ্চলের আন্তর্জাতিক সীমানা বরাবর লাহোর ও শিয়ালকোট অভিমুখে দুটি আক্রমণ পরিচালনা করে। ভারতের ৫ গার্ড ব্যাটালিয়ন বেদিয়ানের (ছোট ব্যারাজ) এলাকায় ১ম ইস্ট বেঙ্গলের প্রতিরক্ষার ওপর এবং ৯ জম্মু-কাশ্মীর ব্যাটালিয়ন খেমকরণ অক্ষ বরাবর কাসুরের দিকে অক্রমণ পরিচালনা করে।

শত্রুর আক্রমণ প্রতিহতকরণে সেখানে ছিল ১ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একটি মাত্র কোম্পানি। সৌম্য, শক্তি, ক্ষিপ্রতায় দীক্ষিত বাংলার দুরন্ত ছেলেরা শত্রুকে পিছু হটতে বাধ্য করে। এরপরও ভারতীয় বাহিনী বেঙ্গল ইউনিটের আলফা কোম্পানির প্রতিরক্ষা অবস্থান ভেঙে দিতে বারবার আক্রমণ চালায়। কিন্তু বাংলার ছেলেদের দুর্নিবার প্রতিরোধের মুখে তাদের সব প্রচেষ্টাই ব্যর্থ হয়। ১৭ দিনের যুদ্ধে আক্রমণকারীরা কখনোই বিআরবি ক্যানেল অতিক্রম করতে পারেনি। যুদ্ধে বেঙ্গল রেজিমেন্টের বেশ কয়েকজন সৈনিক শাহাদতবরণ করেন। তবে যুদ্ধে দক্ষতা ও সাহসিকতার উজ্জ্বল দৃষ্টান্তের স্বীকৃতিস্বরূপ ১ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সদস্যরা ১৫টি বীরত্বসূচক খেতাব লাভ করে, যা ছিল অন্যান্য সকল ইউনিটের মধ্যে সর্বোচ্চ।

তন্মধ্যে তিনজন সিতারা-ই-জুররাত এবং সাতজন তমঘা-ই-জুররাত খেতাব পান। এ যুদ্ধে সিপাহি (পরে অনারারি ক্যাপ্টেন) আবুল হাসেম সাহসিকতার স্বীকৃতিস্বরূপ তমঘা-ই-জুররাত খেতাব প্রাপ্ত হন। পরবর্তীতে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে তিনি বীরবিক্রম খেতাব লাভ করেন।\r\n১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ছিল বাঙালি জাতির অস্তিত্ব রক্ষার লড়াই। পাকিস্তানি শাসকগোষ্ঠীর দীর্ঘদিনের শোষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাঙালির প্রতিবাদ যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছে, তখন ২৫ মার্চ রাতে অপারেশন সার্চলাইটের নামে শুরু হয় গণহত্যা। ঐ রাতে ২০ বালুচ রেজিমেন্টের সৈন্যরা চট্টগ্রামের ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারে হামলা চালিয়ে অসংখ্য বাঙালি প্রশিক্ষণার্থীকে নির্মমভাবে হত্যা করে।

শাসক গোষ্ঠীর অনুগত সামরিক বাহিনীর নৃশংসতার বিরুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে যে বীর সেনানী দল, তারা অধিকাংশই ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সদস্য। অচিরেই তাদের সাথে যোগ দেয় অন্যান্য দেশপ্রেমিক সৈনিকরা। যশোরে ১ম, জয়দেবপুরে ২য়, সৈয়দপুরে ৩য়, ব্রাহ্মণবাড়িয়ায় ৪র্থ ও চট্টগ্রামে ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট অসীম সাহসিকতার পরিচয় দিয়ে বিদ্রোহ করে। গড়ে তোলে সশস্ত্র প্রতিরোধ। তাদের এই প্রতিরোধই ছিল মহান স্বাধীনতার পথে প্রথম দীপ্ত পদক্ষেপ।\r\n ৭১ এর এই প্রতিরোধ কোনো সাধারণ লড়াই ছিল না, বরং এটি ছিল অবহেলিত জনগোষ্ঠীর স্বাধীনভাবে বেঁচে থাকার অদম্য ইচ্ছার তীব্র বহিঃপ্রকাশ। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বীরত্বপূর্ণ প্রতিরোধ মানুষের প্রতিবাদী মনকে উজ্জীবিত করে তোলে।

মুক্তিপাগল বাংলার মানুষ অনুপ্রাণিত হয় মুক্তিযুদ্ধে অংশ নিতে। অস্ত্র ও গোলাবারুদের স্বল্পতা সত্ত্বেও বাংলা মায়ের অসীম সাহসী সন্তানেরা পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে গড়ে তোলে শক্ত প্রতিরোধ। জীবন-মরণ এ যুদ্ধে দেশের সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন হানাদার বাহিনীকে ভাবিয়ে তোলে। এরই মধ্যে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা পত্র পাঠ করা হলে তা পৌঁছে যায় দেশের আনাচে-কানাচে। বিদ্রোহের আগুন দাউ দাউ করে ছড়িয়ে পড়ে সারা দেশে। সাধারণ মানুষের মধ্যে জাগ্রত হয় স্বাধীনতার স্পৃহা। কুণ্ঠাহীন চিত্তে তারা হাতে তুলে নেয় অস্ত্র ও গোলা-বারুদ। কৃষক, শ্রমিক, ছাত্র-জনতাসহ লাখ লাখ বিপ্লবী ঝাঁপিয়ে পড়ে মুক্তিযুদ্ধে। একে একে গড়ে ওঠে মুক্তিযুদ্ধের ১১টি সেক্টর ও প্রশিক্ষণ কেন্দ্র।

সামরিক প্রশিক্ষণ মুক্তিযোদ্ধাদেরকে গেরিলা যুদ্ধে পারদর্শী করে তোলে। অকুতোভয় এ সকল বীর সন্তানেরা বিজয় অর্জিত না হওয়া দেশের মানুষের জন্য আমৃত্যু লড়াই চালিয়ে যাওয়ার শপথে হয় প্রতিজ্ঞাবদ্ধ।\r\n ৭১-এ পাকিস্তানি শাসক গোষ্ঠীর হঠকারী সিদ্ধান্তের বিরুদ্ধে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সশস্ত্র প্রতিরোধই ছিল কৌশলগত ও মনস্তাত্ত্বিক বিজয়ের সূতিকাগার। যুদ্ধের ব্যাপকতা দেখে পাকিস্তানি সেনা ও শাসক গোষ্ঠী হতভম্ব হয়ে অনুধাবন করে যে, তারা শুধু মুষ্টিমেয় নিরস্ত্র জনগণের বিরুদ্ধে যুদ্ধ করছে না, বরং তারা যুদ্ধ করছে এমন এক ভূখণ্ডে যেখানে প্রতিটি বসতিই এক একটা দুর্গ। অচিরেই বাংলার আপামর জনসাধারণের অসহযোগিতায় পাকিস্তানি বাহিনীর যোগাযোগ ও সরবরাহ ব্যবস্থা হয়ে পড়ে অকার্যকর। ভেঙে পড়ে তাদের মনোবল।

ধীরে ধীরে স্বাধীনতার জন্য লড়াই আরো তীব্র হয়ে ওঠে। অবশেষে, দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর অর্জিত হয় বাংলাদেশের স্বাধীনতা। পৃথিবীর বুকে জন্ম নেয় নতুন একটি দেশ- বাংলাদেশ। মহান মুক্তিযুদ্ধে অসীম বীরত্বের স্বীকৃতিস্বরূপ স্বাধীন দেশের মাটিতে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ২ জনকে বীরশ্রেষ্ঠ; ৩৪ জনকে বীর উত্তম, ৭৮ জনকে বীর বিক্রম এবং ১৩৮ জনকে বীর প্রতীক খেতাবে ভূষিত করা হয়।\r\nমেজর আবদুল গণির প্রচেষ্টায় গঠিত ইস্ট বেঙ্গল রেজিমেন্ট বাঙালি জাতির আত্মজাগরণের মধ্য দিয়ে ভেতো বাঙালি হিসেবে প্রচলিত অপবাদ ঘোচানোর অন্যতম কারিগর। ৬৫-এর পাক-ভারত যুদ্ধে শত্রুর বিরুদ্ধে ইস্পাত কঠিন দেওয়ালের মতো প্রতিবন্ধকতা সৃষ্টি ও পরবর্তীতে ৭১-এ বাংলাদেশের নির্যাতিত মানুষের কাছে মুক্তিদূতের মতো আবির্ভাব, এ সব কিছুরই রচয়িতা আমাদের এই ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। এই সেনাদলের প্রাথমিক প্রতিরোধই তখনকার সকল ষড়যন্ত্র ব্যর্থ করে এ দেশের মানুষের দীর্ঘদিনের বঞ্চনার যন্ত্রণাদায়ক অনুভূতিকে শক্তিতে রূপান্তরিত করেছিল। তাদের বীরত্বপূর্ণ দেশপ্রেমে আবালবৃদ্ধবনিতা সকলে পেয়েছিল সশস্ত্র মুক্তি সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার অনুপ্রেরণা। মূলত, ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বীর সেনানীদের সাহস, দেশপ্রেম ও ত্যাগের মধ্য দিয়েই প্রতিষ্ঠিত হয় বাংলাদেশের স্বাধীনতার প্রাথমিক ভিত্তি। এ রেজিমেন্টের সদস্যদের বীরত্বপূর্ণ প্রতিরোধের গৌরবগাঁথা জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে অবিস্মরণীয় হয়ে থাকবে চিরকাল। নতুন প্রজন্মের মাঝে দেশপ্রেম ও ত্যাগের মহিমা বিস্তারের উদাহরণ হয়ে রবে আজীবন।\r\nলেখক : সেনা কর্মকর্তা