ফেব্রুয়ারির শেষ দিন ভোরে ইরানের রাজধানী তেহরানে মার্কিন ও ইসরায়েলি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। সোমবার জেনেভায় পরবর্তী বৈঠক হওয়ার কথা ছিল। আলোচনার টেবিল সচল রেখেই প্রতারণাপূর্ণভাবে ইরানে হামলা চালানো হয়। আন্তর্জাতিক আইন, কূটনৈতিক নীতি ও রাষ্ট্রের সার্বভৌমত্ব– সবকিছুকে উপেক্ষা করে এ আক্রমণ চালানো হয়েছে। যুক্তরাষ্ট্র একটি যুদ্ধ মেশিনে পরিণত হয়েছে। জায়নবাদীরা মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর নিয়ন্ত্রণ নিয়ে একে ইচ্ছামতো অন্য দেশে হামলার জন্য ব্যবহার করছে।
ইরানের হামলার পরে বাংলাদেশের সরকারি প্রতিক্রিয়া বিশেষভাবে হতাশাজনক। প্রথম প্রতিক্রিয়ায় বাংলাদেশ প্রতিবেশী দেশে মার্কিন ঘাঁটিগুলোয় ইরানের পাল্টা হামলার সমালোচনা করেছে মাত্র। দ্বিতীয় দফায় বাংলাদেশ ইরানে হামলার নিন্দা করলেও আক্রমণকারী দেশ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নাম উল্লেখ করেনি। এটি শুধু কূটনৈতিক দুর্বলতা নয়; নৈতিক ব্যর্থতা। একটি স্বাধীন রাষ্ট্রের উচিত আন্তর্জাতিক আইনের পক্ষে স্পষ্ট অবস্থান নেওয়া।
ইউরোপসহ পশ্চিমা শক্তির নৈতিক দ্বিচারিতা, দ্বৈত মানদণ্ডে নৈতিকভাবে অধঃপতিত। নিজেদের জন্য এক মানদণ্ড, অন্য দেশের জন্য আরেক। এরা মানবাধিকার, গণতন্ত্র ও শান্তির কথা বললেও প্রয়োজনে আন্তর্জাতিক আইন ভেঙে হত্যা, খুন ও সামরিক আগ্রাসন চালাতে দ্বিধা করে না। ইউরোপ নিরাপত্তা প্রশ্নে মার্কিন ভৃত্য ও দস্যুতার সারথি। মার্কিন সমর্থনে ইসরায়েল কর্তৃক গাজায় গণহত্যা, গণবিধ্বংসী অস্ত্রের অজুহাতে ইরাক আক্রমণ ও লিবিয়ায় ন্যাটো অভিযানের সময় গাদ্দাফিকে নির্মমভাবে হত্যা করা হয়। সিরিয়া ধ্বংস করে সাবেক আলকায়দা নেতাকে ক্ষমতায় বসিয়ে সিরিয়ার আকাশ ব্যবহার করে এখন ইরানে আক্রমণ করছে। যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে অপহরণ করে নিয়ে এসে মার্কিন জেলে আটকে রেখেছে। ইরান অধ্যায় শেষ না হতেই কিউবায় হামলার ঘোষণা দিতে শুরু করেছে যুক্তরাষ্ট্র।
মার্কিন সামরিক দস্যুবৃত্তির রাজনীতির পেছনে রয়েছে যুক্তরাষ্ট্রের স্থায়ী যুদ্ধ অর্থনীতি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মার্কিন অর্থনীতিতে সামরিক ব্যয় একটি কেন্দ্রীয় ভূমিকা পালন করছে। পেন্টাগন, সামরিক শিল্পপ্রতিষ্ঠান, করপোরেট, গবেষণা প্রতিষ্ঠান ও রাজনৈতিক নেতৃত্বের মেলবন্ধনে একটি শক্তিশালী জোট তৈরি হয়েছে, যাকে অনেকে ‘মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স’ বলে থাকেন। সারাবিশ্বে আটশর মতো মার্কিন ঘাঁটি রয়েছে। যুক্তরাষ্ট্রের সামরিক বাজেট বছরে ৮০০ বিলিয়ন ডলারের বেশি। এই বিপুল অর্থ ব্যয়ের প্রধান উপকারভোগী কয়েকটি বড় প্রতিরক্ষা কোম্পানি। যুদ্ধ ও সামরিক উত্তেজনা যত বাড়ে, তাদের মুনাফাও তত বাড়ে। মার্ক্সবাদী অর্থনীতিবিদ পল ব্যারন ও পল সুইজি যুক্তি দিয়েছিলেন, মার্কিন সাম্রাজ্যবাদ একটি স্থায়ী যুদ্ধ অর্থনীতিতে রূপ নিয়েছে। পুঁজিবাদের সংকট মোকাবিলা ও অর্থনীতি চাঙ্গা রাখতে তাদের যুদ্ধ চাই। ডেভিড হার্ভির মতে, আধুনিক পুঁজিবাদ শুধু উৎপাদনের মাধ্যমে সম্পদ সৃষ্টি করে না, বরং অনেক সময় অন্যদের কাছ থেকে সম্পদ কেড়ে নিয়ে নিজের সঞ্চয় বৃদ্ধি করে। লেনিন দেখিয়েছিলেন, নতুন বাজার ও সম্পদের জন্য শক্তিশালী পুঁজিবাদী রাষ্ট্রগুলো যুদ্ধকে ব্যবহার করে।
বর্তমান সময়ে রাষ্ট্রের নিরাপত্তা ও যুদ্ধ কেবল সামরিক সংঘর্ষ নয়; একটি আদর্শিক নির্মাণও বটে, যার মাধ্যমে জনগণের কাছে সামরিক ব্যয়কে অপরিহার্য বলে প্রতিষ্ঠা করা হয়। যুক্তরাষ্ট্র ও পশ্চিমা শক্তি কোনো ব্যবস্থা বা দেশের ওপর আক্রমণের জন্য একটি হুমকির ভাষ্য তৈরি করে। হুমকি, ভয় বা শত্রুর ধারণা নির্মাণ করে আক্রমণের বৈধতা তৈরি করে। আগে এ হুমকি ছিল কমিউনিজম; পরে ইসলাম, প্রাচ্য সভ্যতা ও চীন; এখন ইরান, কখনও পরমাণু বা গণবিধ্বংসী অস্ত্র ইত্যাদি– যখন যেটা দরকার।
যুক্তরাষ্ট্র-চীন প্রতিদ্বন্দ্বিতা, ইন্দো-প্যাসিফিক কৌশল ও মধ্যপ্রাচ্যের অস্থিরতা বাংলাদেশের কূটনীতি ও অর্থনীতিকে প্রভাবিত করবে। বাংলাদেশকে আরও বেশি ভূ-রাজনৈতিক চাপে ফেলবে। ইতোমধ্যে ভারত চীনবিরোধী মার্কিন নেতৃত্বাধীন ইন্দো-প্যাসিফিক কৌশলের অংশ হয়েছে। বিশ্ব অর্থনীতির অংশ হিসেবে বাংলাদেশসহ সব দেশের সাধারণ মানুষকে এই যুদ্ধের খেসারত দিতে হবে।
ড. আখতার সোবহান মাসরুর: লেখক ও গবেষক
