চব্বিশের গণঅভ্যুত্থানে শেখ হাসিনাকে উৎখাতের পর এ সপ্তাহেই বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচন দেশটিতে স্বাধীন সাংবাদিকতা ও গণতন্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১২ কোটি ভোটারের এ নির্বাচন হবে ২০২৬ সালের গণতান্ত্রিক প্রক্রিয়ার সবচেয়ে বড় আয়োজন। নোবেল বিজয়ী মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের অঙ্গীকার করেছে। মুহাম্মদ ইউনূস বলেছেন, এটি হবে শতাব্দীর সেরা নির্বাচন।

১২ ফেব্রুয়ারির নির্বাচনের এ সময়ে এবং আগে-পরে সাংবাদিকদের সঙ্গে কেমন আচরণ করা হয়, তা বাংলাদেশের গণতান্ত্রিক গতিপথের একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত হিসেবে বিবেচিত হবে। স্বাধীন ও মুক্ত সংবাদমাধ্যম জনগণের ইচ্ছার প্রতি সম্মান জানিয়ে ক্ষমতার শান্তিপূর্ণ হস্তান্তর নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে সাম্প্রতিক মাসগুলোতে সংবাদমাধ্যমের ওপর হামলা বেড়ে যাওয়া ভিন্ন এক পরিণতির আশঙ্কা তৈরি করছে।

ছাত্রনেতৃত্বাধীন আন্দোলনের ওপর সরকারের রক্তক্ষয়ী দমনপীড়নের পর শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে চলে যাওয়ার তিন দিনের মাথায় অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ক্ষমতায় আসেন ড. ইউনূস। তিনি তখন স্থিতিশীলতা ও রাজনৈতিক সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিলেন। বাস্তবে তিনি দেশের সংবাদমাধ্যম নিয়ে হাসিনা সরকারের নীতিগুলোই বহাল রেখেছেন। অন্তর্বর্তী সরকারের শাসনামলে উল্লেখযোগ্য সংখ্যক সাংবাদিককে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে অনেক ক্ষেত্রে শেখ হাসিনা সরকারের প্রতি তাদের কথিত সমর্থনের অজুহাতে। একই সঙ্গে সাংবাদিকদের ওপর শারীরিক ও অনলাইন হামলাও বেড়েছে। নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, হামলার এই ধারা আরও তীব্র হয়েছে। ২০২৫ সালের আগস্টে দৈনিক ‘প্রতিদিনের কাগজ’-এ কর্মরত স্থানীয় সাংবাদিক আসাদুজ্জামান তুহিন একটি সন্ত্রাসী হামলার দৃশ্য ধারণ করায় তাঁকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়। কয়েক সপ্তাহ পর বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে একটি গোলটেবিল আলোচনায় অংশ নেওয়ার অভিযোগে একজন সাংবাদিককে গ্রেপ্তার এবং তাঁর বিরুদ্ধে দেশের সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়।

ডিসেম্বরে মব সহিংসতার মাধ্যমে বাংলাদেশের দুটি শীর্ষস্থানীয় দৈনিক ডেইলি স্টার ও প্রথম আলোর অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। বাংলাদেশের সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদের কনফারেন্সে নেতৃত্বস্থানীয় সম্পাদকরা অভিযোগ করেছেন, অন্তর্বর্তী সরকার সংবাদমাধ্যমকে ‘সিস্টেমেটিক্যালি’ নিশানা বানাচ্ছে এবং দায়মুক্তির এক চক্র অব্যাহত রাখা হচ্ছে। মতপ্রকাশের স্বাধীনতা-বিষয়ক জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার আইরিন খান সতর্ক করে বলেছেন, সাংবাদিকদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের যথাযথ বিচার নিশ্চিত করতে সরকারের ব্যর্থতা ফেব্রুয়ারির ভোটের প্রাক্কালে সংবাদমাধ্যমের স্বাধীনতার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

নির্বাচনের সময় সাংবাদিকরা অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেন। তারা নির্বাচনী প্রক্রিয়া পর্যবেক্ষণ এবং অনিয়ম নথিভুক্ত করেন। একই সঙ্গে তারা সচেতন নাগরিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর ভুয়া তথ্য যখন অনলাইনে দ্রুত ছড়িয়ে পড়ছে, তখন বাংলাদেশের ভোটাররা তাদের রাজনৈতিক ভবিষ্যৎ সম্পর্কে সচেতন সিদ্ধান্ত নিতে নির্ভরযোগ্য, সময়োপযোগী ও বিশ্বাসযোগ্য তথ্য পাওয়ার জন্য সাংবাদিকদের ওপরেই ভরসা করবেন।

জাতিসংঘের হিসাব অনুসারে, নির্বাচনের সময় সাংবাদিকদের ঝুঁকি বেড়ে যায়। বিশ্ব কেবল বাংলাদেশের ভোটই দেখবে না; একই সঙ্গে নির্বাচনটি কীভাবে অনুষ্ঠিত হয়, তাও দেখবে। মুহাম্মদ ইউনূস যদি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ হন, তাঁকে অবশ্যই সাংবাদিকদের নিরাপত্তা দিতে হবে, যাতে তারা তাদের কাজ নির্বিঘ্নে করতে পারেন। বড় রাজনৈতিক অনুষ্ঠান, সংঘাত ও সংকটে যেভাবে সাংবাদিকদের সঙ্গে আচরণ করা হচ্ছে, তা ইঙ্গিত করছে– আগামী দিনের বাংলাদেশ কোন দিকে যাচ্ছে। সংবাদমাধ্যমের স্বাধীনতার ওপর হামলা সাধারণত সেসব দেশে আরও বিস্তৃত মানবাধিকার লঙ্ঘন ও দমনপীড়নের পূর্বাভাস হয়ে ওঠে, যেখানে গণতন্ত্র সংকটে পড়ে। এ নির্বাচনে বিদায়ী সরকার ও নতুন সরকার– উভয়েরই সুযোগ থাকবে বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থার মৌলিক স্তম্ভ হিসেবে মুক্ত ও স্বাধীন সংবাদমাধ্যমের প্রতি তাদের অঙ্গীকার প্রমাণ করার। তারা এই সুযোগ কাজে লাগিয়ে সামনে এগিয়ে যাওয়ার একটি নতুন পথ রচনা করবে কিনা, তার ওপরেই নির্ভর করবে বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ।

রোয়ান হামফ্রাইস: ইন্টার‍ন্যাশাল প্রেস ইনস্টিটিউটের গ্লোবাল অ্যাডভোকেসি অফিসার; দ্য ডিপ্লোম্যাট থেকে ভাষান্তর মাহফুজুর রহমান মানিক