ঢাকা-দিল্লি সম্পর্কে টানাপোড়েনে দু’দিনের ব্যবধানে দু’দেশের হাইকমিশনারকে তলবের ঘটনা ঘটেছে। বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে ‘গভীর উদ্বেগ’ জানাতে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব করা হয়েছে। এর ঘণ্টা দুয়েক আগে ঢাকায় ভারতীয় ভিসা কেন্দ্রের (আইভেক) কার্যক্রম বন্ধ ঘোষণা করে দেশটির হাইকমিশন। সম্পর্কের এ টানাপোড়েন শেখ হাসিনার পতনের পর থেকেই। মাঝেমধ্যে দুদিক থেকেই একটু-আধটু নরম কথা এলেও সম্প্রতি তা আরো তুঙ্গে উঠেছে। দু’দেশের হাইকমিশনারকে পাল্টাপাল্টি তলবের ঘটনা উত্তেজনার পারদ বাড়িয়েছে। এর পূর্বাপরে কথা যেমন রয়েছে, তেমন ঘটনাও রয়েছে। জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণার পর সেখানে নতুন টোকা পড়েছে। শেখ হাসিনা ও আওয়ামী লীগের পক্ষ থেকে অন্তর্বর্তী সরকার ও নির্বাচনের বিপক্ষে বক্তব্য-বিবৃতি পরিস্থিতিকে নতুন করে ঘোলাটে করেছে। তার ওপর তফশিল ঘোষণার পরদিনই ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়া জুলাই যোদ্ধা, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়। ঘটনার পর দ্রুত ভারত পালিয়ে যায় হাদিকে হত্যার চেষ্টাকারীরা। এর একদিন পর ১৪ ডিসেম্বর ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। তাকে জানানো হয়, ভারতে পালিয়ে যাওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশবিরোধী কর্মকা-ের দ্রুত অবসান চায় ঢাকা। হাদিকে হত্যার চেষ্টায় জড়িত সন্দেহভাজন ব্যক্তিরা ভারতে প্রবেশ করলে তাদের গ্রেপ্তার করে ফেরত পাঠানোরও আহ্বান জানানো হয়।
ওই তলবের পরিপ্রেক্ষিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের বন্ধুপ্রতিম জনগণের স্বার্থের পরিপন্থী কোনো কার্যকলাপে ভারতের ভূখ- কখনোই ব্যবহার করতে দেওয়া হয় না। এ কথা বলার পরই দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব করে তারা (ভারত)। স্বাভাবিকভাবেই পরিস্থিতিটা উত্তেজনাকর। বিশেষ করে বাংলাদেশের শক্ত অবস্থান নেয়া ছাড়া আর গতি নেই। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তীব্র প্রতিক্রিয়ায় বলেছেন, ভারতের নসিহত-প্রেসক্রিপশনের কোনো দরকার নেই বাংলাদেশের। বাংলাদেশের নির্বাচন প্রশ্নে ভারতের উপদেশকে তিনি ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ বলেছেন। ঘোরপ্যাঁচে না গিয়ে তৌহিদ হোসেন সোজা কথায় বলেছেন, ‘তারা (ভারত) জানে এর আগে গত ১৫ বছর যে সরকার ছিল, তাদের সঙ্গে অত্যন্ত মধুর সম্পর্ক ছিল।
ওই সময় নির্বাচনগুলো যে প্রহসনমূলক হয়েছিল, সে সময় তারা (ভারত) একটি শব্দও উচ্চারণ করেনি। এখন সামনে আমরা একটা ভালো নির্বাচনের দিকে যাচ্ছি, এই মুহূর্তে তো আমাদের নসিহত করার কোনো প্রয়োজন নেই।’ ঢাকার অব্যাহত অনুরোধের পরও ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনা বাংলাদেশের বিরুদ্ধে কথা বলছেন। এ ব্যাপারে বাংলাদেশের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ভারত যদি তাকে (শেখ হাসিনা) থামাতে না চায়, আমরা থামাতে পারব না। এটা আমাদের মেনে নিতে হবে। আমরা চাইব যে ভারত তাকে থামাক।’ এমন উত্তেজনাকর সময়েই বিজয় দিবসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বার্তা পাঠিয়েছেন, যেখানে বাংলাদেশের নাম উল্লেখ নেই। যদিও তা গেলবছরের বার্তায়ও ছিল না। কেবল সাল বদলে গেলবারের পোস্টই এবার আবার বসিয়ে দেয়া হয়েছে। এছাড়া ভারত কোনোকালেই ১৬ ডিসেম্বরকে বাংলাদেশের বিজয় দিবস ভাবে না। সে একে ‘ভারত-পাকিস্তানের যুদ্ধ’ হিসেবে দেখিয়ে আসছে। ভারতের বিজেপি বা কংগ্রেস-এ নিয়ে কারো কোনো দ্বিমত নেই। এ নিয়ে সেখানে প্রচুর সাহিত্যকর্ম রয়েছে। মাঝেমধ্যে নাটক-সিনেমাও বানায়।
এবার হাদিসহ নানা ঘটনায় এ নিয়ে প্রতিক্রিয়া একটু বেশি হচ্ছে। সেখানে যোগ হয়েছে বাংলাদেশের নতুন রাজনৈতিক দল এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর কড়া বক্তব্য। ঢাকায় এক সমাবেশে ভারতের সেভেন সিস্টার্স হিসেবে পরিচিত পূর্বাঞ্চলীয় সাত রাজ্যকে ‘ভারত থেকে আলাদা’ করার বিষয়ে হুমকি দিয়েছেন তিনি। যদিও তার দল বলছে, এটি হাসনাত আব্দুল্লাহর নিজস্ব উপলব্ধি, দলীয় অবস্থান নয়। হাসনাতের বক্তব্যে কড়া প্রতিক্রিয়ায় আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বক্তব্যও চড়া। তিনি বলেছেন, বাংলাদেশের নেতারা ভারতের মূল ভূখ- থেকে দেশটির উত্তর-পূর্বাঞ্চলকে বিচ্ছিন্ন করার হুমকি অব্যাহত রাখলে নয়াদিল্লি চুপ থাকবে না। এ নিয়ে স্যোশাল মিডিয়ায় ঝড় তুলেছেন ভারতের নিরাপত্তা বিশ্লেষক, সাবেক সেনা কর্মকর্তা কর্নেল (অব.) অজয় কে রায়নার। টুইটে তিনি দাবি করেন, ওসমান হাদির পর পরবর্তী ‘টার্গেট’ হতে যাচ্ছেন হাসনাত আব্দুল্লাহ। বিতর্ক আরো গভীর হয়, যখন ওই পোস্টে তিনি কোথায় গুলি করা দরকার তাও উল্লেখ করে বলেন, ‘গুলি করতে হবে ঘাড়ে, মাথায় নয়। প্রথমে তাকে নিশ্চুপ করাতে হবে এবং ছোট্ট ছোট্ট ভুলগুলোও শুধরে নেয়া হবে।’ এই বক্তব্য স্যোশালমিডিয়ায় ব্যাপক প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে।
স্বাভাবিকভাবেই কেউ কেউ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর সাম্প্রতিক হামলার সঙ্গে এই বক্তব্যের সম্ভাব্য যোগসূত্র দেখছেন। এছাড়া, ভারতের আশ্রয়ে-প্রশ্রয়ে শেখ হাসিনাসহ আওয়ামী লীগের বাংলাদেশে সন্ত্রাস উসকে দেয়ার নানা ঘটনাও দৃশ্যমান। এসব বিষয়ে গভীর উদ্বেগ জানাতেই ঢাকায় ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীরা ভারতে বসে বাংলাদেশের আসন্ন সংসদ নির্বাচন বানচালে বিভিন্ন সন্ত্রাসী কর্মকা- চালানোর ষড়যন্ত্র করছে বলেও প্রণয় ভার্মাকে বার্তা দেয় পররাষ্ট্র মন্ত্রণালয়। তলবের সময় ভারতের হাইকমিশনারকে এসব সন্ত্রাসীকে গ্রেপ্তার করে বাংলাদেশে ফেরত পাঠানোর আহ্বান জানানো হয়। অথচ পাল্টা প্রতিক্রিয়ায় দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে তলব করলো।
যদিও ভারত সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ‘ঢাকায় কিছু চরমপন্থী গোষ্ঠী’ যেভাবে ভারতীয় দূতাবাসকে ঘিরে নিরাপত্তা হুমকি সৃষ্টি করেছে সেটাই রাষ্ট্রদূতকে তলব করার প্রধান উদ্দেশ্যÑ তবে মন্ত্রণালয়ের কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন, সম্প্রতি বাংলাদেশের কোনো কোনো রাজনীতিবিদ যেভাবে প্রকাশ্য ভারত-বিরোধী মন্তব্য করেছেন সেই সব ‘উসকানিমূলক’ বক্তব্যের প্রতিবাদ জানানোটাও ছিল এই সমন পাঠানোর আর একটা বড় কারণ। ভারতে জুলাই বিপ্লবীদের ‘জঙ্গি’ আখ্যা দেওয়াসহ নানা ঘটনায় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার শুরু থেকেই নাখোশ। এমন পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের দৃঢ় অবস্থান নেয়া ছাড়া বিকল্প নেই। সরকার তার পথেই এগোচ্ছে। জুলাই বিপ্লবের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে গত ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ হাসিনাকে মৃত্যুদ-ের আদেশ দিয়েছে। ভারত এখন পর্যন্ত গ্রাহ্য না করলেও বার বার হাসিনার প্রত্যর্পণ চেয়ে বাংলাদেশ ভারতের কাছে অনুরোধ জানিয়ে আসছে।
ঢাকা-দিল্লির এ অবস্থান অপ্রত্যাশিত নয়। গত বছর দেড়েকে বাংলাদেশে ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ও ভারতে নরেন্দ্র মোদীর সরকারের মধ্যে নানা ইস্যুতে পাল্টাপাল্টি রাষ্ট্রদূত তলব, পারস্পরিক দোষারোপ ও বিবৃতি জারির অসংখ্য ঘটনার মাঝে কিছু সংযোজনও অপ্রত্যাশিত নয়। আবার ফয়সালার রাস্তাও ক্ষীণ। এ উত্তেজনাকর সময়েই এবারের বিজয় দিবসে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ঢাকার একটি গুরুত্বপূর্ণ সড়কের নাম প্রায় ১৫ বছর আগে বিএসএফের হাতে নিহত বাংলাদেশি কিশোরী ফেলানী খাতুনের স্মরণে ‘ফেলানী এভিনিউ’ নামকরণ করেছে। ক’দিন আগে ঢাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি চালানো বন্দুকধারীদের ভারতে আশ্রয় নেয়ার ঘটনা ঘটেছে। এসব কিছুকে ছাপিয়ে এখন দুদেশের মধ্যে বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে হাসনাত আব্দুল্লাহর বক্তব্য। এর আগে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে ‘কথা বলার ক্ষেত্রে মনোযোগী হওয়ার’ আহ্বান জানিয়েছিলেন। জবাবে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় সিংয়ের ওই মন্তব্যকে ‘অযথার্থ’ এবং ‘শিষ্টাচার ও কূটনৈতিক সৌজন্যের প্রতি সম্মানজনক নয়’ বলে মন্তব্য করেছিল।
বাংলাদেশে নির্বাচিত সরকার ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হবে বলে বার্ষিক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক মন্তব্য করেছিলেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। তার মানে ভারত এখানে নির্বাচনের আবশ্যকতা দেখছে? এ ক্ষেত্রেও বরং বিপত্তি ব্যাপক। নইলে নির্বাচনের আগ মুহূর্তে ভারত ভেজাল পাকাচ্ছে কেন? আর ভারত কোনোকালেই এখানে দেশ-টু-দেশ বা সরকার টু সরকার বা পিপল টু পিপল সম্পর্ক পাতেনি। তাদের যাবতীয় সম্পর্ক গড়ায় দল হিসেবে আওয়ামী লীগের সাথে। আর ব্যক্তি হিসেবে শেখ হাসিনার সাথে। এটা তাদের জন্য কৌশলগতভাবে লাভজনক। প্রায় সাড়ে ১৫ বছর ক্ষমতায় থাকাকালে শেখ হাসিনা নয়াদিল্লির স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নীতি গ্রহণ করেছেন। বিশেষ করে, সীমান্তে স্থীতিশীলতা ও যোগাযোগের ক্ষেত্রে। প্রকাশ্য অনুষ্ঠানে তিনি বলে গেছেন, ভারতকে যা দিয়েছি আজীবন মনে রাখতে হবে। ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারতেই আশ্রয় নিয়েছেন তিনি। মানবতাবিরোধী অপরাধের মামলায় তার মৃত্যুদ-ের রায় কূটনৈতিক সংকট তৈরি করেছে। এই সংকট সৃষ্টির জন্য ভারতই দায়ী।
লেখক: সাংবাদিক ও কলামিস্ট rintu108@gmail.com
