ধর্মের ভিত্তিতে দেশ ভাগের পর ১৯৫২ সালে ভাষা আন্দোলনের মধ্য দিয়ে যে অসাম্প্রায়িক, শোষণমুক্ত, সুস্থ-সাংস্কৃতিক প্রবহমান বাঙালি সমাজ প্রতিষ্ঠায় একাত্তরের মুক্তিযুদ্ধ পর্যন্ত এগিয়ে গিয়েছিল, তখন প্রগতিশীল রাজনীতি ও সাংস্কৃতিক আন্দোলন পাশাপাশি হেঁটেছে নির্বিঘ্নে। বর্তমানে রাজনীতিতে যেমন সংস্কৃতি নেই, তেমনি সংস্কৃতিতেও রাজনীতি নেই। আমার ব্যক্তিগত সংস্কৃতিচর্চার বয়সও কম নয়। ১৯৮১ সালে গেণ্ডারিয়ায় সীমান্ত খেলাঘর আসর এবং সীমান্ত গ্রন্থাগারের কার্যক্রমের মধ্য দিয়ে এ যাত্রার শুরু। কিন্তু কী দেখলাম আর কী পেলাম, তার হিসাব মেলানো বড়ই দুষ্কর।

স্মৃতিতে স্পষ্ট, আমরা পাড়ার সবাই মিলে একুশে ফেব্রুয়ারির প্রভাতফেরিতে ফুল দিতাম কখনও কেন্দ্রীয় শহীদ মিনারে, কখনও গেণ্ডারিয়ার ধূপখোলায়। তখন ২০ ফেব্রুয়ারি সারারাত জেগে বিভিন্ন বাগানওয়ালা বাড়ির কর্তাব্যক্তিরা বাগান পাহারা দিতেন এবং মনিজা রহমান স্কুলের বাগান পাহারা দিত স্কুলের পাহারাদার। তার মধ্যেও আমরা বিভিন্ন বাগান থেকে ফুল চুরি করে রিং বা ফুলের মালা তৈরি করে সকালে শ্রদ্ধাঞ্জলি দিয়ে আসতাম ভাষাশহীদদের বেদিতে। মনিজা রহমান স্কুলের ফুল চুরির বিষয়টা এমন হলো যে, তৎকালীন স্নেহময়ী প্রধান শিক্ষয়িত্রী শহীদ বুদ্ধিজীবী জ্যোতির্ময় গুহঠাকুরতার সহধর্মিণী বাসন্তী গুহঠাকুরতা প্রতিবছর একুশে ফেব্রুয়ারির আগের সন্ধ্যায় আমাদের জন্য ফুল তুলে রাখতেন এবং সবাইকে ভাগ করে দিতেন মালা গাঁথার জন্য। এখনও ফুল দেওয়া হয় ভাষাশহীদদের উদ্দেশে। কিন্তু সেই প্রাণের আনন্দ যেন আর পাই না। সবকিছুই যেন নিয়ম রক্ষার আয়োজন।

আমাদের সময় শিক্ষাপ্রতিষ্ঠানে বিজয় উৎসব, স্বাধীনতা দিবস, শহীদ দিবস, নজরুল-রবীন্দ্র-সুকান্তজয়ন্তী উদযাপন করা হতো প্রবলভাবে। প্রতিদিন অ্যাসেম্বলিতে জাতীয় সংগীত গাওয়া হতো। বর্তমানে বিদ্যায়তনগুলোয় সংস্কৃতিচর্চার সে জায়গাগুলো সংক্ষিপ্ত ও সংকুচিত হয়ে আসছে। ছোটবেলায় দেখেছি গ্রামে সার্কাস আসত, বিশাল মেলা বসত, যাত্রা হতো, পুতুলনাচ হতো। বর্তমানে অশ্লীলতার নামে তার প্রায় সবই বন্ধ। শহর-বন্দর, গ্রামগঞ্জে যে ধর্মীয় জলসা হয়, তার সিকি ভাগও সংস্কৃতিচর্চা হয় না। এখন বন্ধুবান্ধব, আত্মীয়স্বজনের কাছে সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য চাঁদা চাইলে অনেকে হাত চেপে বলেন– চাঁদা লাগে নাও, আপত্তি নেই। কিন্তু সেটা মাদ্রাসা, মসজিদ, ইসলামী জলসা অথবা এতিমদের দাও। আমার ভীষণ কষ্ট হয় যখন দেখি, ঐতিহ্যবাহী গ্রন্থাগার কিংবা স্কুলগুলো ধুঁকে ধুঁকে শেষ হয়ে যাচ্ছে বা ক্রমশ নিম্নমানের হতে থাকছে। এ অবস্থা চলতে থাকলে জ্ঞানের রাজ্য একসময় মুখ থুবড়ে পড়বে। শুধু ধর্মীয় শিক্ষা দিয়ে একটি জাতি পূর্ণাঙ্গ হতে পারে না। পৃথিবীর আধুনিক উন্নত রাষ্ট্রগুলোই তার বড় প্রমাণ।

দেশের সংস্কৃতিচর্চার যে অবস্থা, এমনটা চলতে থাকলে একসময় হয়তো গ্রামগঞ্জ, পাড়া-মহল্লা, শিক্ষাপ্রতিষ্ঠানে তা প্রায় বন্ধ হয়ে যাবে। এ চর্চা হয়তো শুধু টিকে থাকবে বিভিন্ন জাতীয় দিবসভিত্তিক অনুষ্ঠান, শিল্পকলা একাডেমি, বাংলা একাডেমি, শিশু একাডেমি, বেইলি রোড, কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র সরোবর, ছায়ানট, বাফাসহ সংগীত ও নৃত্যের একাডেমিভিত্তিক বিদ্যায়তন, বিটিভিসহ কিছু বেসরকারি টিভি চ্যানেলে।

এ দেশে যুগে যুগে কালে কালে ধর্ম প্রচারকরা এসেছেন ইসলাম ধর্মের শান্তির বার্তা নিয়ে। তাদের মধ্যে আছেন হজরত শাহজালাল (র.), হজরত খান জাহান আলী (র.), হজরত বায়েজিদ বোস্তামী (র.), হযরত শাহপরান (র.)সহ অসংখ্য পীর-আউলিয়া। পাশাপাশি অসংখ্য সুফি, বাউল, শিল্পী, সাধক এ দেশে জন্মেছেন; দেশের মাটিতে মিশে গেছেন। রেখে গেছেন ধর্মের অমোঘ বাণী– ‘শুনহ মানুষ ভাই–/ সবার উপরে মানুষ সত্য/ তাহার উপরে নাই।’

চরম সত্য প্রতিষ্ঠার জন্য লড়াই করেছেন আমাদের পূর্বসূরিরা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, সুকান্ত ভট্টাচার্য, জীবনানন্দ দাশ; বর্তমান সময়ের কবি শামসুর রাহমান, নির্মলেন্দু গুণ, রুদ্র মুহম্মদ শহিদুল্লাহসহ অসংখ্য কবি-সাহিত্যিক ছাড়াও মানুষে মানুষে মৈত্রীর সহজিয়া বাণী প্রচারের জন্য এসেছেন লালন সাঁই, রাধারমণ, রমেশ শীল, হাসন রাজা, শাহ্ আবদুল করিমসহ অনেক মরমিয়া শিল্পী। শোষণহীন সাম্যের সমাজ প্রতিষ্ঠায় তারা আমাদের বারবার পথ দেখিয়েছেন।

শৈশবে আমাদের গল্পের মধ্য দিয়ে অশুভ ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হতে সাহস জুগিয়েছে দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের ঠাকুরমার ঝুলি, আরব্য উপন্যাসের সোহরাব-রুস্তম, শিরী-ফরহাদ, হাতেম তাই, বিষাদ-সিন্ধুসহ অসংখ্য গল্প। কৈশোর থেকে সবে যৌবনে প্রবেশ করেছি; গণসংগীতের মধ্য দিয়ে শোষণহীন সাম্যের সমাজ প্রতিষ্ঠায় পাশে পেয়েছি সলিল চৌধুরী, হেমাঙ্গ বিশ্বাস, শেখ লুৎফর রহমানসহ অনেক গুণী শিল্পীকে। বর্তমান সময়ের প্রয়াত গণসংগীত শিল্পী ফকির আলমগীরকেও পেয়েছি। আরও অসংখ্য মানুষের কথা এ পথচলায় বলা যায়, শোষণহীন সাম্যের সমাজ প্রতিষ্ঠায় তারা আমাদের পূর্বসূরি। এদের কাউকে বাদ দিয়ে আমাদের পূর্ণাঙ্গ সাংস্কৃতিক চর্চা ও জ্ঞানের পরিধি বাড়ানো সম্ভব না।

স্বাধীনতার পর থেকে যে শোষণহীন সাম্যের সমাজ প্রতিষ্ঠার কথা বলা হয়েছিল, তা এখনও সুদূরপ্রসারী। ওপরতলার মানুষ আর নিচতলার মানুষের মধ্যে পার্থক্য বেড়েই চলেছে। জুলাই গণঅভ্যুত্থানের পর বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার কথা বলে যে রাষ্ট্রের স্বপ্ন পূরণের পথচলা শুরু, সেই শোষণহীন সাম্যের সমাজ প্রতিষ্ঠায় বাংলাদেশ এগিয়ে যাবে– এ আকাঙ্ক্ষায় রইলাম। সংস্কৃতির এ নবচেতনার স্রোত ছড়িয়ে পড়ুক বাঙালির মনের প্রতিটি অলিন্দে।

মানজার চৌধুরী সুইট: সংস্কৃতিকর্মী