গতানুগতিক ফলাফলের তুলনায় এবারের এইচএসসি ও সমমানের ফলাফলকে অনেকেই বিপর্যয় হিসেবে অভিহিত করছেন। এবার গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ, যা শিক্ষা ব্যবস্থার জন্য একটি উদ্বেগজনক বার্তা। বিশেষ করে ইংরেজি ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ে শিক্ষার্থীদের খারাপ ফলাফল নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে। ইংরেজির দুর্বলতার পেছনে ভাষাভীতি, অনুশীলনের অভাব ও দীর্ঘদিনের মুখস্থনির্ভর শিক্ষা ব্যবস্থা যেমন দায়ী, তেমনি আইসিটিতে খারাপ ফলাফলের পেছনে রয়েছে আরো কিছু কাঠামোগত সমস্যা। চতুর্থ শিল্প বিপ্লব (২০১১ সাল থেকে বর্তমান, যেখানে শুধু প্রযুক্তি ও অটোমেশনের ওপর জোর দেয়া হয়েছে) এবং চলমান পঞ্চম শিল্প বিপ্লব (যা ২০২০ সাল থেকে শুরু হয়েছে বলে ধরা হয়, সেখানে পঞ্চম শিল্প বিপ্লব মানুষ ও মেশিনের নিবিড় সহযোগিতার ওপর গুরুত্ব দেয়া হয়) উপযোগী বাংলাদেশকে গড়তে হলে যেখানে প্রযুক্তিশিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার কথা, সেখানে মাধ্যমিক পর্যায়েই শিক্ষার্থীদের আইসিটি জ্ঞান দুর্বল থেকে যাওয়া হতাশাজনক। বিষয়টি শুধু পরীক্ষায় পাস-ফেলের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের প্রযুক্তিগত দক্ষতা, কর্মসংস্থান এবং উদ্ভাবনী সক্ষমতার সঙ্গেও সরাসরি সম্পর্কিত। আইসিটি এখন কেবল একটি সাধারণ পাঠ্যবিষয় নয়, এটি আধুনিক জীবনের অপরিহার্য জ্ঞান। তাই এ বিষয়ে শিক্ষার্থীদের দুর্বলতার কারণ অনুসন্ধান করতে হলে শিক্ষক, পাঠ্যক্রম, শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো, পাঠদান পদ্ধতি এবং মূল্যায়ন ব্যবস্থা সবকিছুই পর্যালোচনা করা জরুরি।

শিক্ষক সংকট ও যোগ্যতার অসামঞ্জস্য এক্ষেত্রে অন্যতম বড় সমস্যা। বিশেষ করে মফস্বল ও প্রত্যন্ত অঞ্চলের অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে আইসিটি বিষয়ে পাঠদানের জন্য পর্যাপ্তসংখ্যক দক্ষ শিক্ষক পাওয়া যায় না। কোথাও বিষয়সংশ্লিষ্ট ডিগ্রিধারী শিক্ষক না থাকায় অন্য বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারীদের দিয়ে আইসিটি পড়ানো হয়। অর্থাৎ অনেকেই আর্টস, কমার্সের ব্যাকগ্রাউন্ডের হয়েও আইসিটি কোর্সটিতে পাঠ দান করে থাকেন। তাদের প্রোগ্রামিং কোড এবং লজিক নলেজ অপেক্ষাকৃত দুর্বল থাকে, ফলে শিক্ষার্থীরা তাদের ভুল শিক্ষা পায়। তবে একজন শিক্ষক সাধারণ কম্পিউটার ব্যবহারে দক্ষ হলেই যে তিনি প্রোগ্রামিং, অ্যালগরিদম, লজিক, ডেটাবেজ কিংবা সমস্যা সমাধানের ধারণা ভালোভাবে শেখাতে পারবেন, তা নয়। বিশেষ করে প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে একটি কোড কেন কাজ করছে, কোথায় ভুল হচ্ছে এবং কীভাবে যুক্তি প্রয়োগ করে সমস্যার সমাধান করতে হয়, এসব বিষয় বোঝানোর জন্য পর্যাপ্ত বিষয়ভিত্তিক জ্ঞান প্রয়োজন। শিক্ষক নিজেই যদি এসব বিষয়ে দুর্বল হন, তাহলে শিক্ষার্থীদের মধ্যে ভুল ধারণা তৈরি হওয়ার আশঙ্কা থাকে। অন্যদিকে আইসিটি সবার জন্য আবশ্যিক হলেও বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের পূর্বপ্রস্তুতি ও গাণিতিক দক্ষতা এক রকম নয়। ফলে একই পদ্ধতিতে সবাইকে পড়ালে অনেক শিক্ষার্থী পিছিয়ে পড়ে। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা গণিত ও বিজ্ঞানের সঙ্গে পরিচিত থাকায় কিছু বিষয় তুলনামূলক সহজে বুঝতে পারে, কিন্তু মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের জন্য প্রোগ্রামিংয়ের মৌলিক ধারণা, বাইনারি সংখ্যা পদ্ধতি, লজিক গেট কিংবা অ্যালগরিদম নতুন ও জটিল মনে হতে পারে। অথচ তাদের জন্য আলাদা করে সহজবোধ্য উদাহরণ, ধাপে ধাপে অনুশীলন ও ব্যবহারিক পাঠদানের ব্যবস্থা খুবই সীমিত। এর সঙ্গে যুক্ত হয়েছে প্রশিক্ষণের অভাব। অনেক শিক্ষক নিয়মিত আইসিটি প্রশিক্ষণ, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং নতুন শিক্ষণ পদ্ধতি সম্পর্কে পর্যাপ্ত ধারণা পান না। ফলে পাঠ্যবইয়ের বিষয়বস্তু বাস্তব জীবনের প্রযুক্তির সঙ্গে মিলিয়ে শেখানোর পরিবর্তে মুখস্থনির্ভর পাঠদানই প্রাধান্য পায়।

আইসিটি শিক্ষায় ফলাফল খারাপ হওয়ার আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হলো ব্যবহারিক শিক্ষার পরিবেশ ও ল্যাব সুবিধার অভাব। তথ্যপ্রযুক্তি এমন একটি বিষয়, যা শুধু বই পড়ে বা শিক্ষকের লেকচার শুনে ভালোভাবে শেখা সম্ভব নয়। কম্পিউটারে হাতে-কলমে কাজ করা, প্রোগ্রাম লেখা, কোডের ভুল শনাক্ত করা, বিভিন্ন সফটওয়্যার ব্যবহার এবং বাস্তব সমস্যার সমাধান করার মধ্য দিয়েই প্রকৃত দক্ষতা তৈরি হয়। কিন্তু দেশের অনেক মফস্বল ও প্রত্যন্ত অঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যাপ্ত কম্পিউটার নেই। কোথাও কম্পিউটার থাকলেও সেগুলো পুরনো, নষ্ট কিংবা দীর্ঘদিন অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। অনেক প্রতিষ্ঠানে পর্যাপ্ত ইন্টারনেট সংযোগ, বিদ্যুৎ ও রক্ষণাবেক্ষণের ব্যবস্থা নেই। ফলে একটি কম্পিউটারে একাধিক শিক্ষার্থীকে কাজ করতে হয়, আবার কোনো কোনো প্রতিষ্ঠানে ব্যবহারিক ক্লাস কেবল খাতায় লিখেই শেষ করা হয়। শহর ও গ্রামের শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে এ ডিজিটাল বৈষম্য শিক্ষার্থীদের দক্ষতা অর্জনে বড় বাধা। পাশাপাশি রয়েছে পাঠ্যক্রম ও পরীক্ষা পদ্ধতির অসংগতি। আইসিটির পাঠ্যবইয়ে প্রোগ্রামিং, ডেটাবেজ, সংখ্যা পদ্ধতি, নেটওয়ার্কিংসহ বেশকিছু তুলনামূলক জটিল বিষয় অন্তর্ভুক্ত থাকলেও শিক্ষার্থীদের বয়স, পূর্বজ্ঞান ও সক্ষমতা অনুযায়ী সেগুলো শেখানোর উপযোগী পরিবেশ সব প্রতিষ্ঠানে নেই। অনেক ক্ষেত্রে পাঠ্যবইয়ের বিষয়বস্তু বাস্তব প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে তাল মেলাতে পারে না। আবার শিক্ষার্থীদের একটি বড় অংশ আইসিটিকে ব্যবহারিক জ্ঞান হিসেবে না দেখে পরীক্ষায় নম্বর পাওয়ার বিষয় হিসেবে বিবেচনা করে। তারা বিভিন্ন সংজ্ঞা, সংক্ষিপ্ত প্রশ্ন ও প্রোগ্রামের কোড মুখস্থ করে; কিন্তু কোডের কার্যকারিতা বা পেছনের যুক্তি বোঝে না। ফলে প্রশ্নের ধরন সামান্য পরিবর্তিত হলেই তারা সমস্যায় পড়ে। করোনাকালীন শিক্ষা ব্যবস্থার বিঘ্ন, অনলাইন ক্লাসে সীমিত অংশগ্রহণ এবং দীর্ঘদিনের শিক্ষণ ঘাটতিও বর্তমান শিক্ষার্থীদের ভিত্তি দুর্বল করেছে। এছাড়া শিক্ষার্থীর তুলনায় শিক্ষক সংখ্যা কম, অতিরিক্ত ক্লাসের চাপ এবং শিক্ষকদের প্রযুক্তিগত দক্ষতা হালনাগাদ করার সুযোগের অভাব পরিস্থিতিকে আরো জটিল করেছে।

আসলে আইসিটি কোনো কঠিন বিষয় নয়, গণিতে বেসিক নলেজ থাকলেই এ বিষয়ে ভালো করা যায়। বরং সাবজেক্টটি গণিত কিংবা ফিজিক্সের চেয়ে অনেক সহজ। কাজেই ভয়ের কিছু নেই, নিয়মিত চর্চা করলে এ বিষয়ে অন্য যেকোনো বিষয়ের চেয়ে ভালো করা খুবই সহজ। তবে যেসব প্রতিষ্ঠানে বর্তমানে বিষয়সংশ্লিষ্ট শিক্ষক নেই, সেখানে আইটি, কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং (সিএসই) কিংবা সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রিধারী শিক্ষক নিয়োগের পাশাপাশি কর্মরত শিক্ষকদের জন্য বাধ্যতামূলক প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। বিশেষ করে প্রোগ্রামিং, লজিক, অ্যালগরিদম ও সমস্যা সমাধানের ওপর নিয়মিত প্রশিক্ষণ দিতে হবে। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যাপ্ত কম্পিউটার, ইন্টারনেট, আধুনিক সফটওয়্যার এবং কার্যকর আইসিটি ল্যাব নিশ্চিত করা প্রয়োজন। শুধু অবকাঠামো নির্মাণ করলেই হবে না, ল্যাবের নিয়মিত ব্যবহার ও রক্ষণাবেক্ষণও নিশ্চিত করতে হবে। মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের জন্য সহজ উদাহরণ, বাস্তবভিত্তিক অনুশীলন এবং ধাপে ধাপে প্রোগ্রামিং শেখানোর বিশেষ ব্যবস্থা থাকা উচিত। পরীক্ষায় মুখস্থবিদ্যার পরিবর্তে ব্যবহারিক দক্ষতা, যুক্তি প্রয়োগ ও সৃজনশীল সমস্যা সমাধানের ওপর গুরুত্ব দিতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের দুর্বলতা শনাক্ত করতে নিয়মিত মূল্যায়ন এবং পিছিয়ে পড়াদের জন্য অতিরিক্ত সহায়ক ক্লাস চালু করা দরকার। আইসিটি শিক্ষা কেবল পরীক্ষায় ভালো ফল করার জন্য নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মকে প্রযুক্তিনির্ভর বিশ্বের উপযোগী নাগরিক হিসেবে গড়ে তোলার অন্যতম প্রধান হাতিয়ার। তাই যোগ্য শিক্ষক, আধুনিক ল্যাব ও হাতে-কলমে শিক্ষার সমন্বয় ঘটাতে হবে দ্রুতl

ড. এম মেসবাহউদ্দিন সরকার : অধ্যাপক, আইআইটি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়