যাত্রাপালায় বিবেকের কণ্ঠস্বর শোনা যায়, তাতে ফুটে ওঠে সত্য। সত্য কখনো কখনো অপ্রিয়ও হয় বটে। বিচার বিভাগকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখায় প্রধান বিচারপতির আহ্বানই শুধু নয়, বিচার বিভাগের মর্যাদা সমুন্নত রাখার প্রশ্নে তার আলোকপাত দেশের সচেতন সারস্বত সমাজকে নাড়া দেয়ার মতো। বিচারকদের সুনীতি ও সুবিবেচনা বজায় রেখে কাজ করতে হবে বলে উল্লেখ করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। তিনি বলেন, বিচারকদের সৃষ্ট যাবতীয় অন্যায়ের জন্য এখন থেকে অন্যের দিকে অঙ্গুলিনির্দেশ বন্ধ করতে হবে। অসৎ ও অসাধু বিচারকদের বিরুদ্ধে নিতে হবে কঠোর ব্যবস্থা। তাঁর এই বক্তব্য বিশ্লেষণ বা পর্যালোচনা করলে এই সত্য স্পষ্ট হয়ে ওঠে যে, বিচারকদের প্রথম ও প্রধান যে বৈশিষ্ট্য ও কর্তব্য, সেটি হলো সুনীতি ও সুবিবেচনা বজায় রেখে কাজ করা।

এতে বড় ধরনের ঘাটতি বিদ্যমান। সুনীতি যদি প্রতিফলিত না হয়, তবে দুর্নীতিই নিরঙ্কুশ হয়ে ওঠে। এর অভাবে বিপদগ্রস্ত হতে পারে ব্যক্তি, তথা সমাজ ও দেশ। বিচারকদের মাধ্যমে এমনটা অতীতে হয়েছে বলেই অসৎ ও অসাধু বিচারকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার তাগিদ উঠে এসেছে বিদায়ী প্রধান বিচারপতির কণ্ঠে। \r\nপছন্দসই পদায়নের জন্য রাজনৈতিক পদলেহন পরিহার করতে হবে। মনে রাখতে হবে, আইন বৃহত্তর রাজনীতির একটা অঙ্গ হলেও, বিচারকদের রাজনীতির ঊর্ধ্বে ওঠার প্রয়াস রপ্ত করতে হয় বলে যে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি, তার সঙ্গে দ্বিমত প্রকাশের অবকাশ কোথায়? বিদায়ী প্রধান বিচারপতি এমন কিছু কথা বলেছেন যা শুধু আইনের শিক্ষার্থীর জন্যই নয়, সচেতন যে কোনো নাগরিকের জন্যও শিক্ষণীয়। পেশাগত জীবন সমাপ্তির আগে এই উচ্চারণের ফলে কথাগুলো পেয়েছে ভিন্ন মাত্রা।\r\nঅধস্তন আদালতের বিচারকদের উদ্দেশে জ্ঞান অর্জন ও পাঠাভ্যাসকে জীবনের পরম দায় হিসেবে গ্রহণ করার যে আহ্বান রেখেছেন প্রধান বিচারপতি, সেটি সাধুবাদযোগ্য। বিদায়ী অভিভাষণে যে আত্মোপলব্ধির প্রকাশ ঘটিয়েছেন বিদায়ী প্রধান বিচারপতি এবং একই সঙ্গে বিপুল সদুপদেশ দিয়েছেন, তাতে জনমনে এমন একটি জিজ্ঞাসার স্ফূরণ ঘটতেই পারে যে, তার দায়িত্ব পালনকালে এসবের বিশেষ লক্ষ্যযোগ্য কোনো প্রকাশ দেশবাসী অবলোকন করেছেন কিনা! আদালত প্রাঙ্গণে রাজনৈতিক বিভক্তি ও বিবাদের যেসব উদাহরণ জাতি প্রত্যক্ষ করেছে, তা বিলোপ কিংবা অবসানে তার পক্ষ থেকে কোনো সক্রিয় পদক্ষেপ বিষয়ে জাতি অবহিত কিনা! তারপরও তিনি নবীন আইনজীবীদের সামনে শিক্ষকতুল্য ভূমিকা রেখেছেন। আইনজীবীরা বিচারপতির বিদায়ী ভাষণের মর্ম উপলব্ধিতে সমর্থ হয়ে দেশ ও জাতির প্রত্যাশিত ভূমিকা রাখায় আন্তরিকতার পরিচয় দেবেন, এটাই চাওয়া।