কিশোরগঞ্জ জেলায় সরকারি স্কুল অ্যান্ড কলেজ রয়েছে মাত্র দুটি। অথচ প্রতিষ্ঠান দুটিতে এইচএসসি পরীক্ষায় পাসের হার শতকরা ১১ ও ১৪। ব্যাপক উৎসাহ-উদ্দীপনা নিয়ে প্রতিষ্ঠান দুটিতে একাদশ ও দ্বাদশ শ্রেণি চালু করা হলো। ২০১১ কিংবা ২০১২ সাল থেকেই উচ্চ মাধ্যমিক স্তরকে এমপিওভুক্ত করার জন্য তদবির, শিক্ষা বোর্ড ও মন্ত্রণালয়ে বিরামহীন আনাগোনা ছিল। কিন্তু সাত-আট বছরেও এমপিওভুক্তি হয়নি। যা হলো তা সরকারীকরণ মাত্র; তাও সাত-আট বছর লেগেছে। কিন্তু গর্বের প্রতিষ্ঠান দুটিতে এইচএসসি পরীক্ষার ফলে এ কোন চিত্র আমরা প্রত্যক্ষ করছি? এক বছর আর দুই বছর কিংবা পৌনঃপুনিকও নয়। ফল বিপর্যয়ের বিষয়টি বলতে গেলে একদম ধারাবাহিক!

দুটি প্রতিষ্ঠানই বেশ পুরোনো, ঐতিহ্যবাহী তো বটেই। হোসেনপুর পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজ। এটি প্রতিষ্ঠিত ১৯২০ সালে। আর বাজিতপুর রাজ্জাকুন্নেছা পাইলট গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ। ১৯৫৫ সালে এটি প্রতিষ্ঠিত। এমপিওবিহীন দুটি প্রতিষ্ঠানই ২০১৮ সালে সরকারীকরণ হয়। এবার এইচএসসি পরীক্ষায় প্রথমোক্তটিতে গড় পাসের হার ১৪ দশমিক ২৩ এবং মোট ২৬০ পরীক্ষার্থী অংশ নেয়। আর দ্বিতীয়টিতে গড় পাসের হার ছিল ১১ দশমিক ৭১ এবং মোট পরীক্ষার্থী ১৩৩ জন। প্রতিষ্ঠান দুটির জন্য আরও ভয়ানক অশনিসংকেত, এইচএসসি পরীক্ষার ফলে শতকরা হারের ক্রমহ্রাসমান গতি। এটি উঠবে দূরের কথা, এর অধোগতি থামতেই চাইছে না। অতীতের দিকে তাকালে এমনটি দেখা যায়: এইচএসসি পরীক্ষায় গত পাঁচ বছরে (২০২১-২৫) ঢাকা বোর্ডে পাসের হার সর্বোচ্চ ২০২১ সালে ৯৬ দশমিক ৫২; আর সর্বনিম্ন ২০২৫ সালে ৬৪ দশমিক ৬২। কিন্তু বাজিতপুর রাজ্জাকুন্নেছা সরকারি স্কুল অ্যান্ড কলেজের পাসের হার ২০২১ সালে ৯২ দশমিক ৮২ (বোর্ড হারের চেয়ে ৩ দশমিক ৭০ ভাগ কম), ২০২২ সালে ৮৪ দশমিক ২৮ (৩ দশমিক ৫৫ ভাগ কম)।

পাঁচ বছরের এইচএসসি পরীক্ষার ফলে দুটি সরকারি স্কুল অ্যান্ড কলেজের ধারাবাহিক ক্রমাবনতি বলতে যা বোঝায়, তাও সর্বশেষ ২০২৫ সালে একেবারে ধস। আমরা জানি না, বিষয়টি সংশ্লিষ্টদের কতটুকু ভাবায় কিংবা আদৌ ভাবায় কিনা। তাহলে কী দরকার ছিল একাদশ-দ্বাদশ শ্রেণি খুলে প্রতিষ্ঠান দুটির সুনাম-সুখ্যাতি এমনভাবে ক্ষুণ্ন করার?

অথচ এ দুটি প্রতিষ্ঠানেরই এসএসসি পরীক্ষার ফল বেশ সন্তোষজনক। এইচএসসিতে যেখানে ধারাবাহিকভাবে অসফল, সেখানে উল্লিখিত পাঁচ বছরই (২০২১-২৫) এসএসসি পরীক্ষায় দুটি প্রতিষ্ঠান অবলীলায় বোর্ডের পার্সেন্টেজকে অতিক্রম তো করেছেই, এমনকি আরও ওপরে উঠে গেছে। এতে সহজেই বোঝা যাচ্ছে, উচ্চ মাধ্যমিক স্তরটি দুটি প্রতিষ্ঠানের জন্যই বাড়তি বোঝা কিংবা গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। কী দরকার ছিল কাছাকাছি প্রতিষ্ঠিত একাধিক কলেজ থাকা সত্ত্বেও এভাবে স্বনামখ্যাত স্কুলগুলোর ওপর ‘স্কুল অ্যান্ড কলেজ’ সাইনবোর্ড লাগিয়ে শোভা বৃদ্ধি করার?

কেবলই স্কুল অ্যান্ড কলেজ? স্কুলের পাশে স্কুল, কলেজের পাশে কলেজ (ডিগ্রি ও উচ্চ মাধ্যমিক), ‘অনার্স কলেজ’-এর পাশে অনার্স কলেজ– দেশব্যাপী এ যেন তেলেসমাতি কারবার। একটিমাত্র উপজেলায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ১০ কিংবা ১২টি করে কলেজ। ঠিক এমনই উপজেলার আটটি কলেজের মধ্যে ছয়টিতেই অনার্স কোর্স চালু করে ফেলা। এ পোড়ার দেশে এ কেমন শিক্ষাভাবনা! স্কুলের সঙ্গে কোনো রকমের ভূত-ভবিষ্যৎ না ভেবে হঠাৎ একাদশ-দ্বাদশ শ্রেণি জুড়ে দেওয়া– গরিবের এ ঘোড়া রোগেরই বা প্রতিকার কী? আগের কথায় ফিরে যাই। স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষায় ধারাবাহিক ফল বিপর্যয়। এমন চিত্র কেবল কিশোরগঞ্জ কিংবা আর দু-চারটি নয়, বেশির ভাগ জেলা, এমনকি বলতে গেলে সারাদেশের। ইত্যাকার পরিস্থিতিতে করণীয় নির্ধারণে মনোযোগী হওয়া দরকার।

বিমল সরকার: অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক