দশকের পর দশক আমাদের কৃষি-রাসায়নিক (এগ্রো-কেমিক্যালস) খাত কেবল টিকে আছে; বিকশিত হয়নি। আমরা এখনও ব্যাপকভাবে আমদানিনির্ভর। নীতিগত সহায়তা এখানে বিচ্ছিন্ন; মন্ত্রণালয়গুলোর মধ্যে সমন্বয় দুর্বল। বিদেশি সরবরাহকারীদের আধিপত্য বেশি, যেখানে স্থানীয় কারখানাগুলো তাদের সক্ষমতার পূর্ণ ব্যবহার করতে পারছে না। ফলে কৃষকদের অনেক সময় প্রয়োজনের চেয়ে বেশি দাম দিতে হচ্ছে।
যদি আমরা আমাদের ঝুঁকি বা নাজুকতা কমাতে চাই, তবে এ পরিস্থিতির পরিবর্তন এখনই জরুরি। ২০২৪ সালে বাংলাদেশ সালফারসহ প্রায় এক লাখ টন বালাইনাশক আমদানি করেছে, যার মোট আমদানিমূল্য ছিল প্রায় ৫০০ মিলিয়ন মার্কিন ডলার। দেশীয় বাজারের আকার আনুমানিক ১৫ হাজার কোটি টাকা। দেশে প্রায় ১২ হাজার নিবন্ধিত বালাইনাশক ব্র্যান্ড রয়েছে এবং এক হাজারেরও বেশি আমদানিকারক এই খাতে সক্রিয়। অথচ স্থানীয় প্রস্তুতকারক প্রতিষ্ঠানের সংখ্যা মাত্র ২২টি।
এই ভারসাম্যহীনতা আমাদের কাঠামোগত দুর্বলতাকে প্রকাশ করে। বিশ্ব বাণিজ্য সংস্থার কাঠামোর অধীনে ট্রিপস চুক্তি স্বল্পোন্নত দেশগুলোকে বিশেষ কিছু সুবিধা প্রদান করেছে। আমাদের ওষুধশিল্প সেই সুবিধাগুলোকে কৌশলগতভাবে ব্যবহার করেছে। তারা বিনিয়োগ করেছে, সক্ষমতা বাড়িয়েছে এবং অভ্যন্তরীণ ও রপ্তানি বাজার দখল করেছে।
কিন্তু কৃষি-রাসায়নিক শিল্পে এমন নীতিগত সামঞ্জস্য দেখা যায়নি। কোনো দীর্ঘমেয়াদি শিল্পে রোডম্যাপ ছিল না; স্থানীয় সক্ষমতা থাকা সত্ত্বেও কোনো সুপরিকল্পিত শুল্ক সুরক্ষা ছিল না। বিশ্ববিদ্যালয়, নিয়ন্ত্রক সংস্থা এবং উৎপাদনকারীদের মধ্যে কোনো সমন্বিত গবেষণা সংযোগ বা রপ্তানি উদ্যোগ ছিল না। উল্টো, তৈরি পণ্য সহজে এবং কম শুল্কে দেশে প্রবেশের সুযোগ পেয়েছে, যেখানে স্থানীয় উৎপাদনকারীরা উচ্চ উপকরণ খরচ, আমলাতান্ত্রিক জটিলতা এবং নীতিগত অনিশ্চয়তার মুখোমুখি হয়েছে। এই ধারাই আমদানিনির্ভরতাকে গেড়ে বসিয়েছে।
স্থানীয় উৎপাদনের ক্ষেত্রে শুল্ক বাধাগুলো এখনও স্ববিরোধী। তৈরি বালাইনাশকগুলো প্রায়ই সুবিধাজনক শুল্ক কাঠামো উপভোগ করে। কিন্তু দেশীয় ফর্মুলেশনের জন্য প্রয়োজনীয় কাঁচামাল ও ইন্টারমিডিয়েট আমদানিতে পুঞ্জীভূত খরচ বহন করতে হয়। ফলে উৎপাদন শুরু করার আগেই স্থানীয় মূল্য সংযোজন বাণিজ্যিকভাবে অলাভজনক হয়ে পড়ে। এ ছাড়া উৎসের সীমাবদ্ধতা সমস্যাকে আরও ঘনীভূত করে। নির্দিষ্ট কিছু কাঁচামাল আমদানির জন্য মাত্র দুটি উৎসের অনুমতি রয়েছে, যা প্রতিযোগিতা কমায় এবং বৈশ্বিক সংকটের সময় আমাদের ঝুঁকি বাড়িয়ে দেয়।
একই সঙ্গে, বাংলাদেশ এখনও এলডিসি মর্যাদা উপভোগ করলেও পেটেন্ট অধিকার এমনভাবে প্রয়োগ করা হচ্ছে, যা নির্দিষ্ট কিছু ক্ষেত্রে একচেটিয়া বাজার পরিস্থিতি তৈরি করেছে। খাদ্য নিরাপত্তা এবং দেশীয় শিল্পের বিকাশের স্বার্থে এলডিসি দেশগুলোর জন্য প্রাপ্য নীতিগত সুযোগ পুরোপুরি ব্যবহার করা হচ্ছে না। এই কাঠামো দৃঢ়ভাবে সংশোধন করতে হবে। এলডিসি থেকে উত্তরণের আগে বাংলাদেশ যদি অতিরিক্ত সময় পায়, তবে সেই সময়কে শেষ সুযোগ হিসেবে বিবেচনা করতে হবে। একবার আমরা উত্তরণ করে ফেললে মেধাস্বত্ব আইন আরও কঠোর হবে, নীতিগত নমনীয়তা কমে যাবে এবং প্রতিযোগিতার চাপ তীব্র হবে। শক্তিশালী দেশীয় উৎপাদন ব্যবস্থা ছাড়া সেই পর্যায়ে প্রবেশ করা মানে আমাদের দীর্ঘমেয়াদি পরাধীনতায় আটকে পড়া। এটি হবে একটি কৌশলগত ব্যর্থতা।
কৃষি আমাদের খাদ্য নিরাপত্তার মূল ভিত্তি। জলবায়ু পরিবর্তন বাড়ছে, পোকামাকড়ের প্রতিরোধ ক্ষমতাও বিবর্তিত হচ্ছে। কৃষকদের সময়মতো, সাশ্রয়ী এবং মানসম্পন্ন ফসল সুরক্ষা প্রয়োজন। আমদানির ওপর অতিরিক্ত নির্ভরতা আমাদের বৈশ্বিক মূল্যস্ফীতি, মুদ্রার বিনিময় হারের ধাক্কা এবং সরবরাহ চেইনের বিঘ্নের মুখে ফেলে দেয়।
বালাইনাশক উৎপাদনের জন্য অপরিহার্য ৩২টি সহায়ক উপকরণের ওপর শূন্য আমদানি শুল্ক সুবিধা দিতে হবে। এটি কোনো ভর্তুকি নয়; বরং প্রতিযোগিতামূলক স্থানীয় উৎপাদন নিশ্চিত করার জন্য একটি যৌক্তিক শুল্ক সংশোধন।
দ্বিতীয়ত, কাঁচামাল সংগ্রহের উৎসগুলোকে উন্মুক্ত করতে হবে। আইন মন্ত্রণালয়ের সুপারিশ অনুযায়ী, কাঁচামাল আমদানির জন্য একাধিক আন্তর্জাতিক উৎস অনুমোদন করা উচিত। উৎসের বৈচিত্র্য প্রতিযোগিতা বাড়াবে এবং সরবরাহকে স্থিতিশীল করবে।
তৃতীয়ত, তৈরি বালাইনাশকের নামে আমদানিকৃত কাঁচামাল বন্দর থেকে খালাসের সময় বাধ্যতামূলক এনওসির প্রয়োজনীয়তা তুলে দিতে হবে। খালাস-পরবর্তী তদারকি এবং বৈজ্ঞানিক মূল্যায়নের মাধ্যমে নিয়ন্ত্রণ বজায় রাখা সম্ভব, কিন্তু বন্দর পর্যায়ের জটিলতা যেন শিল্পকে স্থবির না করে। বাংলাদেশ আগেও বিভিন্ন খাতকে রূপান্তরিত করেছে। সমন্বিত নীতি এবং উদ্যোক্তাদের প্রচেষ্টায় তৈরি পোশাকশিল্প বড় হয়েছে। ট্রিপস সুবিধা কাজে লাগিয়ে ওষুধশিল্প বৈশ্বিক সক্ষমতা অর্জন করেছে। কৃষি-রাসায়নিক খাতও একই পথ অনুসরণ করতে পারে। তবে এ জন্য নীতি এবং শিল্পের মধ্যে একটি সিদ্ধান্তমূলক সমন্বয় প্রয়োজন।
কেএসএম মোস্তাফিজুর রহমান: বাংলাদেশ এগ্রোকেমিক্যালস ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সভাপতি
