থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত হলো বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বার্ষিক সভা-২০২৬। সভা চলাকালে ভারতে সরকারবিরোধী আন্দোলন, ফ্রান্সের শিক্ষাব্যবস্থাকে কেন্দ্র করে শুরু হওয়া অহিংস ছাত্র আন্দোলন চরম বিশৃঙ্খল রূপ নিয়েছে। পর্তুগালে কোথাও কোথাও একই ধাঁচের আন্দোলন শুরু হয়েছে। ইরান-ইসরায়েল-আমেরিকার যুদ্ধ পেয়েছে নতুন রূপ। হুতি ও সৌদি আরবে ছড়িয়েছে যুদ্ধের আগুন। ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রসঙ্গও বাদ দেওয়া চলে না।

এমন পরিস্থিতিতে অনুষ্ঠিত বিশ্বব্যাংক-আন্তর্জাতিক মুদ্রা তহবিল-আইএমএফের আসরে সরকারি-বেসরকারি প্রায় ১৫ হাজার প্রতিনিধি বিভিন্ন সভা, প্ল্যানারি, পার্শ্বসভা ও প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়েছেন। টানা সাত দিনের সভার প্রতিটি পর্বে ছিল বাংলাদেশের জন্য কিছু না কিছু শিক্ষণীয় প্রসঙ্গ। তাই বিশ্বব্যাংক-আন্তর্জাতিক মুদ্রা তহবিল সভার মূল বক্তব্যগুলোর পর্যালোচনা প্রয়োজন। সেসব বিষয়কে তিনটি দৃষ্টিভঙ্গিতে দেখার সুযোগ আছে।

প্রথমত, উন্নয়নের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি; দ্বিতীয়ত, ঋণ ব্যবস্থাপনা ও অর্থনৈতিক ভারসাম্য এবং তৃতীয়ত, টেকসই এবং অভিঘাত-সহনশীল অর্থনীতি। একটা সময় ছিল, যখন বিশ্বব্যাংক বা আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সভাগুলোয় উন্নয়ন, অবকাঠামো ও উদ্যোক্তা তৈরি বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হতো। এবারও সেগুলো আলোচনায় ছিল। কিন্তু সেসব প্রসঙ্গ ছাপিয়ে চাকরি সৃষ্টি, কর্মসৃজন বা সুযোগ তৈরির সঙ্গে সম্পৃক্ত বিষয়গুলো বারবার গুরুত্বের সঙ্গে উঠে এসেছে।

প্রথম দিনের প্রথম উন্মুক্ত সেশনের বিষয়বস্তু ছিল ‘স্মল এআই: মোর অ্যান্ড বেটার জবস’। বুঝতে বাকি থাকছে না যে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের কারণে চাকরির বাজার যে ঝুঁকির মুখে পড়েছে, সেটি মোকাবিলার কৌশল খুঁজছে বিশ্বব্যাংক এবং আইএমএফ, যেখানে সব রাষ্ট্র ও সংস্থাকে কার্যকর ভূমিকা রাখতে হবে। সে বিষয়ে আরও স্পষ্ট হলো সভার আলোচনায়।

উন্নয়নে কর্মসংস্থান, প্রযুক্তি হোক সহায়ক আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা তাঁর বক্তব্যে জানিয়েছেন, বিশ্ব এখন কৃত্রিম বুদ্ধিমত্তার অভিঘাত মোকাবিলা করছে। তাঁর ভাষায়, আমরা এখন ‘বিনিয়োগ অভিঘাত’ বা ইনভেস্টমেন্ট শকের মধ্য দিয়ে যাচ্ছি। সামনে আমাদের জন্য অপেক্ষা করছে ‘অভিযোজন অভিঘাত’ বা অ্যাডাপ্টেশন শক। এই অভিঘাতগুলো ছোট-বড় সব দেশের ওপর ব্যাপক প্রভাব ফেলছে, বিশেষ করে বিনিয়োগের খাত বাছাই প্রক্রিয়ায়।

এখানেই বাংলাদেশের কাজে লাগানোর মতো উপাদান রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য ‘এগ্রিকানেক্ট’ উদ্যোগ। বিশ্বব্যাংকের উদ্যোগে ভারতের উত্তর প্রদেশে এ প্রকল্পে কৃষকের সাধারণ কর্ম সম্পাদন ও ছোটখাটো সমস্যা মোকাবিলার পদ্ধতিতে কৃত্রিম বুদ্ধিমত্তাকে সম্পৃক্ত করা হয়েছে। শুধু তাই নয়, কৃষকদের উৎপাদন, বাজারজাতকরণ ও উন্নত কৃষিসেবার প্রসারেও এগ্রিকানেক্ট ভূমিকা রাখছে। এটি ক্ষুদ্র কৃষক, ব্যবসায়ী ও সংশ্লিষ্ট কর্মীদের কর্মহীন হওয়ার ঝুঁকি কমিয়ে তাদের কাজের ক্ষেত্র বিস্তৃত করছে।

বাংলাদেশের বিভিন্ন পত্রপত্রিকা, আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতিবেদন দেখলে বোঝা যাচ্ছে, সাম্প্রতিক সময়ে বেকারত্ব বেড়েছে; মুদ্রাস্ফীতি ৮.৪ শতাংশের ঘর ছাড়িয়েছে, বিনিয়োগ রেখাও নিম্নমুখী। এমন অবস্থায় নতুন কর্মসৃজন করতে পারা একটি বড় চ্যালেঞ্জ। একই সঙ্গে এটি উল্লেখ করা প্রয়োজন, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্য অনুযায়ী মধ্যপ্রাচ্য, ইউরোপসহ অন্যান্য পাশ্চাত্য দেশেও আমাদের প্রবাসী কর্মী পাঠানোর সংখ্যা ২৯ শতাংশ কমেছে বিগত বছরের তুলনায়। মানবসম্পদ মূলত একটি উৎপাদনশীল যন্ত্রের মতো। অনুৎপাদনশীল হয়ে থাকায় ব্যক্তি একটি ঋণাত্মক ভূমিকা পালন করে। সুতরাং এটি বাংলাদেশের বর্তমান অবস্থার জন্য আগাম সতর্কবার্তাও বটে।

অপর একটি সেশনে কর্মসংস্থান সৃষ্টিকে উন্নয়নের বর্তমান চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেছেন বক্তারা। কিন্তু কেন বারবার এ আলোচনাটি উঠে আসছে, তা অনুমান করা কঠিন নয়। কারণ কৃত্রিম বুদ্ধিমত্তার আবির্ভাবের পর বাস্তবিক অর্থেই অনেক পেশার মানুষ তাদের প্রচলিত পেশা ইতোমধ্যে ত্যাগ করেছেন এবং বিকল্প পথ খুঁজে নিচ্ছেন। সিভিল সোসাইটি টাউনহলে অনুষ্ঠিত এই এক সেশনে বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা বলেছেন, আগামী এক যুগে উন্নয়নশীল দেশগুলোয় ১২০ কোটি তরুণ কর্মবাজারে প্রবেশ করবে, কিন্তু এর বিপরীতে কর্মসংস্থান সৃষ্টি হতে পারে ৪০ কোটি। এই বিপুল ব্যবধান পৃথিবীর সব দেশের জন্যই অর্থনৈতিক ও সামাজিক সমস্যা সৃষ্টি করবে।

ঝুঁকি বাড়ায় অনুৎপাদনশীল বিনিয়োগ ঋণ ব্যবস্থাপনা নিয়ে বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা সংস্থার উদ্বেগ থাকাটি জরুরি; তবে বিষয়টি আমাদের অর্থনীতির সঙ্গে বেশি স্বার্থসংশ্লিষ্ট। ইতোমধ্যে বাংলাদেশের ঋণ-জিডিপির হার ৪২ শতাংশ এবং আইএমএফের প্রক্ষেপণ অনুযায়ী ২০২৯ সালে তা ৪৬.৫ শতাংশ হতে পারে। অর্থনীতির চাকা সচল থাকলে ঋণকে ভয় পাওয়ার কিছু নেই। কিন্তু বেকারত্ব বাড়লে, উৎপাদনশীল কারখানা বা যন্ত্রাদি অনুৎপাদনশীল হয়ে থাকলে ঋণের চেয়ে বড় অভিশাপ আর হতে পারে না। এ কারণে বিশ্বব্যাংক-আইএমএফের ইঙ্গিতগুলোকে এক সুতোয় বাঁধা জরুরি। বিভিন্ন প্রতিবেদনের বরাত দিয়ে জানা যাচ্ছে, বিনিয়োগ-বিমুখতা তৈরি হয়েছে। এতে বিদেশি বিনিয়োগ যেমন মুখ থুবড়ে পড়ছে, তেমনি দেশের অভ্যন্তরের অর্থ কোথাও অলস পড়ে থাকছে; কেউ আবার বিদেশে বিনিয়োগ করে অন্যত্র অভিবাসন নেওয়ার চেষ্টা করছেন। বাংলাদেশের কিছু ব্যাংক অবশ্য ইতোমধ্যে আমানতের বিপরীতে সুদ বা মুনাফার হার কমিয়ে দিয়েছে। এতে ব্যাংকের ব্যয় যেমন হ্রাস পেতে পারে, তেমনি অর্থের স্থবিরতা কমবে বলে আশা করা হচ্ছে। কারণ ব্যাংকের গচ্ছিত অর্থের চেয়ে তখন বিনিয়োগকৃত অর্থের আয় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু বৃহত্তর পর্যায়ে বিনিয়োগের আকার অনেক বড় এবং সরকারের একার পক্ষে তা করা সম্ভব নয়।

যৌথ বিনিয়োগ হতে হবে দুর্নীতিমুক্ত এবং জবাবদিহিমূলক। বিনিয়োগের ক্ষেত্রে সরকারি, ব্যবসায়িক এবং দাতব্য উৎসগুলোকে সংযুক্ত করে একটি কার্যকর কাঠামো তৈরি করা সম্ভব। তাত্ত্বিকভাবে এর কাঠামো এভাবে তুলে ধরা যায়– সরকার বিনিয়োগের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করবে; বেসরকারি ব্যবসায়িক খাত নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টির প্রক্রিয়াকে ত্বরান্বিত করবে এবং দাতাগোষ্ঠী অর্থ, উপকরণসহ এগিয়ে আসবে তরুণদের পাশে। বিশ্বব্যাংকের ফিলানথ্রপি হাব ও ফিলানথ্রপি ফোরাম এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ কথা পরিষ্কার, শুধু অবকাঠামোগত উন্নয়ন ও প্রচলিত দক্ষতা বৃদ্ধিমূলক প্রকল্পে অর্থ বরাদ্দের ক্ষেত্রে একটি বড় পরিবর্তন আসতে পারে এই সভার পরে। যদি কোনো প্রকল্প প্রান্তিক জনগণের দক্ষতা বৃদ্ধিতে সফল কিন্তু কর্মসংস্থান সৃষ্টি করতে ব্যর্থ হয়, আগামী দিনে সে প্রকল্প তার দাবি হারাতে পারে। একই সঙ্গে অবকাঠামো, স্বাস্থ্য বা শিক্ষা, সর্বক্ষেত্রে দাতব্য সংস্থাগুলোকে বিনিয়োগের ক্ষেত্রে সম্পৃক্ত করার এমন প্রবণতা দেখা দিতে পারে। তবে দ্রুত ফল পাওয়ার প্রত্যাশা যেন বাড়ছে। এ ক্ষেত্রে যে প্রশ্নটি আরও জটিল আকার ধারণ করবে, তা হলো স্থানীয় এনজিওগুলো আগের চেয়ে বেশি দাতানির্ভর হয়ে পড়বে কিনা। একই সঙ্গে সরকারেরও পুনরায় বিশ্বব্যাংক থেকে ঋণ ও অনুদানের মুখাপেক্ষী হওয়ার আশঙ্কা আছে। একই সঙ্গে উন্নয়নকর্মীদের কাজের নিরাপত্তার আশঙ্কা বাড়তে পারে। উপরন্তু বাংলাদেশের মতো যেসব দেশ লিস্ট ডেভেলপ্ড কান্ট্রি থেকে উত্তরণের অপেক্ষায় আছে; নতুন নতুন প্রকল্প বা সৃষ্ট সুযোগগুলো তারা কাজে লাগাতে পারবে কিনা, সেটিও বড় একটি প্রশ্ন তৈরি করে। হয়তো সময়ের সঙ্গে সেগুলো পরিষ্কার হবে। কিন্তু সে ক্ষেত্রে এ দেশগুলোকেই আলোচনার টেবিলে বলিষ্ঠভাবে নিজেদের অবস্থান তুলে ধরতে হবে।

পৃথিবীতে প্রযুক্তির প্রসার, ভূ-রাজনৈতিক টানাপোড়েন বা মধ্যপ্রাচ্যের যুদ্ধ; সব কটি ঘটনা একসঙ্গে বর্তমান বিশ্ব অর্থনীতির যে টালমাটাল অবস্থা সৃষ্টি করেছে, সে বিষয়ও উঠে এসেছে এ সভায়। যে কোনো মূল্যেই তাই উন্নয়ন প্রকল্পগুলোকে এমনভাবে পরিকল্পনা করতে হবে, যেন সেই প্রকল্প বাংলাদেশের তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করে। একই সঙ্গে সেই কাজের দক্ষতা বৃদ্ধির প্রস্তুতিও নিতে হবে আগে থেকে। বিনিয়োগ প্রতিবন্ধকতা তো বাংলাদেশের মতো দেশে নতুন কোনো সমস্যা নয়। কিন্তু এর সঙ্গে যোগ হতে পারে বিশ্বব্যাংক বা আইএমএফের ঋণ ও অনুদান দেওয়ার প্রক্রিয়াতে পরিবর্তন। এর আগে সিভিল সোসাইটি অর্গানাইজেশনের মাধ্যমে দীর্ঘকালীন ঋণ ও অনুদান দেওয়ার প্রক্রিয়ায় আসতে পারে ভিন্ন পদ্ধতি। অজয় বাঙ্গার একটি বক্তব্য এখানে বিশেষ গুরুত্ব বহন করে। তাঁর মতে, ‘ডেভেলপমেন্ট ডিলেইড ইজ ডেভেলপমেন্ট ডিনাইড’। এ বক্তব্যের মধ্যেই আগামী দিনের উন্নয়ন প্রকল্পগুলোয় দ্রুত ফলাফল দেখা ও বেকারত্ব দূরীকরণের বিষয়গুলোর ইঙ্গিত রয়েছে।

তেলের দাম বৃদ্ধির সঙ্গে মুদ্রাস্ফীতি আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে সরাসরি প্রভাব পড়তে পারে বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর। যুদ্ধের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ছোট অর্থনীতির দেশগুলো। ইতোমধ্যে তাদের জন্য আরও বেশি সাহায্যের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। এ কারণে ঋণ ব্যবস্থাপনা, ঋণকে উৎপাদন প্রক্রিয়ায় কার্যকরভাবে বিনিয়োগ করা এবং মুদ্রাস্ফীতির মধ্যে ভারসাম্য ধরে রাখা আগামীর পৃথিবীতে একটি বড় দায়িত্ব।

বৈশ্বিক অভিঘাত মোকাবিলায় চাই দূরদর্শী অর্থনীতি জলবায়ু পরিবর্তনের ফলে আর্থসামাজিক ঝুঁকিতে পুরো বিশ্ব। অবকাঠামো, জ্বালানি, প্রযুক্তি, জনবল– সবকিছুতেই জলবায়ু পরিবর্তনের মারাত্মক প্রভাব পড়তে পারে। এ ঝুঁকি মোকাবিলায় প্রয়োজন প্রস্তুতি, অভিযোজন এবং পুনর্গঠনের জন্য আর্থিক বরাদ্দ। উক্ত বরাদ্দ নিশ্চিত করতে বৈশ্বিক অংশীদারিত্ব যেমন প্রয়োজন, তেমনি প্রতিটি রাষ্ট্রের নিজস্ব পরিকল্পনা গ্রহণ করাও জরুরি। বিশ্বব্যাংক ইতোমধ্যে চলমান অস্থিতিশীলতার প্রভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য ২৫ বিলিয়ন ডলার অর্থায়নের ব্যবস্থা করেছে, যা প্রয়োজন অনুযায়ী ১০০ বিলিয়ন পর্যন্ত বর্ধিত হতে পারে। এ অর্থ পরিস্থিতিভেদে ঋণ, অনুদান বা অর্থায়নের পুনর্বিন্যাস ধাঁচের হতে পারে। এখন প্রশ্ন হলো, বেকারত্ব, মুদ্রাস্ফীতি এবং ঋণের অভিঘাত মোকাবিলায় পুনরায় ঋণ গ্রহণ করাও কি বিপজ্জনক নয়?

প্রথমেই উল্লেখ করেছি, ঋণ গ্রহণ আসলে কোনো সমস্যা তৈরি করে না যদি ঋণের অর্থ সঠিকভাবে প্রয়োগ করা যায়। ঋণের অর্থ যদি উৎপাদন প্রক্রিয়ায় ভালো বিনিয়োগ হয়ে উঠতে পারে অথবা যে অর্থে ঋণ গ্রহণ করা হয়েছে তা নিশ্চিত করতে পারে। তাহলে এটি সহজেই অনুমেয়, ঋণ প্রদানের দায়িত্ব আন্তর্জাতিক সংস্থা গ্রহণ করলেও এর দায়মুক্তির জাদুকাঠি কিন্তু গ্রহীতা দেশের হাতেই। তবে তারা ঋণ ব্যবস্থাপনার গুরুত্ব এবং বৈশ্বিক ঋণের প্রবণতা-সংবলিত পরিসংখ্যান প্রকাশ করেছে।

ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক ২০২৬ প্রকাশিত হয় বিশ্বব্যাংক এবং আইএমএফের এবারের সভা চলাকালেই। এর দারুণ একটি ট্যাগলাইন বা প্রতিপাদ্য– ‘রেজিলিয়েন্স আন্ডার স্ট্রেইন: আর্জেন্ট চয়েজেস’। আইএমএফের পর্যবেক্ষণ অনুযায়ী, বিশ্ব অর্থনীতিতে দুটি বিপরীত শক্তি কাজ করছে। একদিকে যুদ্ধজনিত জ্বালানি ও পণ্যমূল্য বৃদ্ধি অর্থনীতির ওপর চাপ সৃষ্টি করছে। অন্যদিকে কৃত্রিম বুদ্ধিমত্তা-সংশ্লিষ্ট বিনিয়োগ কিছু অর্থনীতির প্রবৃদ্ধি ধরে রাখতে সাহায্য করছে। এই দ্বিমুখী অভিঘাতের মধ্য দিয়েই আমাদের অর্থনীতিকে টিকে থাকতে হলে অভ্যন্তরীণ ও বাহ্যিক সম্পদের সঠিক ব্যবহারের পাশাপাশি নিশ্চিত করতে হবে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক সম্পর্ক। রাষ্ট্র এবং অরাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। ইকোনমিক আউটলুকের দ্বিতীয় অধ্যায়ে উল্লেখ আছে জীবনযাত্রার বর্ধিত ব্যয় ও অভিঘাতের সম্ভাবনার কথা।

সুতরাং বিশ্বব্যাংক ও আইএমএফের বার্ষিক সভার বিভিন্ন সেশনে যেসব বিষয় আমাদের জন্য শিক্ষণীয়, তা হলো ‘কর্মসংস্থাননির্ভর উন্নয়ন’, ‘মানুষকেন্দ্রিক কৃত্রিম বুদ্ধিমত্তা’, ‘সমন্বিত বিনিয়োগব্যবস্থা’, ‘সুশীল সমাজের সক্রিয় অংশগ্রহণ’ এবং ‘ফলাফলনির্ভর অগ্রগতি’। এসব সভায় পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে অংশগ্রহণকারী সংস্থাগুলোর প্রশ্ন থেকেই অনুমান করা যায়, প্রত্যেকেই আসন্ন উন্নয়ন নিয়ে আশাবাদী হওয়ার পাশাপাশি শঙ্কিতও বটে।

সব মিলিয়ে এবারের বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বার্ষিক সভা- ২০২৬ সম্ভাবনার পাশাপাশি সংকটেরও বার্তা দিয়েছে। সময়মতো কর্মসংস্থান সৃষ্টি, উৎপাদনশীল বিনিয়োগ ও অভিঘাত মোকাবিলার প্রস্তুতি নিতে পারলে বাংলাদেশ এ পরিবর্তনকে সুযোগে রূপ দিতে পারে। তা না হলে বেকারত্ব, ঋণের চাপ ও বৈশ্বিক অস্থিরতা একসঙ্গে অর্থনীতির জন্য গভীর সংকট তৈরির গুরুতর আশঙ্কা রাখছে।

মো. সুমন জিহাদী: পিএইচডি ফেলো, এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি, থাইল্যান্ড