একবিংশ শতাব্দীর বৈশ্বিক কূটনৈতিক প্রেক্ষাপটে প্রথাগত রাজনৈতিক কিংবা অর্থনৈতিক কূটনীতির পাশাপাশি ‘সফট পাওয়ার’ বা সামাজিক ও মানবিক কূটনীতির গুরুত্ব ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। বিশ্বমঞ্চে বিশ্বনেতাদের জীবনসঙ্গী বা ফার্স্ট লেডিদের ভূমিকা এখন আর কেবল সামাজিক ও আনুষ্ঠানিক সৌজন্যমূলক আচরণের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং তা পরিণত হয়েছে নারী নীতি, শিশুকল্যাণ, বৈশ্বিক স্বাস্থ্য এবং মানবিক অংশীদারিত্ব গড়ে তোলার এক শক্তিশালী প্ল্যাটফর্মে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডি.সি. থেকে জাপানের রাজধানী টোকিও পর্যন্ত বিস্তৃত ডা. জুবাইদা রহমানের সাম্প্রতিক বৈশ্বিক সফর এবং সেখানে উত্থাপিত দূরদর্শী প্রস্তাবনাগুলো সেই নতুন কূটনৈতিক ধারারই এক উজ্জ্বল প্রতিফলন। পেশায় চিকিৎসক এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এই দু’টি আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে নারী অধিকার, শিশুকল্যাণ, স্বাস্থ্যসেবা ও উদ্ভাবনী শিক্ষার এক সমন্বিত রূপরেখা বিশ্বমঞ্চে তুলে ধরেছেন।

২৪–২৫ সেপ্টেম্বর ওয়াশিংটন ডি.সি.-তে যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে আয়োজিত ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার গ্লোবাল কোয়ালিশন সামিট’-এ ডা. জুবাইদা রহমানের অংশগ্রহণ ছিল বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক মাইলফলক। বিশ্বের চল্লিশটিরও বেশি দেশের ফার্স্ট লেডি ও রাষ্ট্রপ্রধানদের সহধর্মিণীদের উপস্থিতিতে আয়োজিত এই বৈশ্বিক সম্মেলনে ডা. জুবাইদা রহমান শিশু বিকাশ ও পারিবারিক সুরক্ষায় বাংলাদেশের গৃহীত মৌলিক সামাজিক উদ্যোগগুলো অত্যন্ত প্রাঞ্জলভাবে তুলে ধরেন।

মার্কিন পররাষ্ট্র দপ্তরে আয়োজিত সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে তিনি শিশুদের টেকসই ভবিষ্যতের গুরুত্ব তুলে ধরেন এবং উচ্চারণ করেন যে, প্রতিটি জাতির ভবিষ্যৎ তার শিশুদের যত্ন, শিক্ষা ও মানবিক মূল্যবোধের ওপর নির্ভরশীল। এই সম্মেলনে তিনি বাংলাদেশের বর্তমান সরকারের যুগান্তকারী দু’টি সামাজিক উদ্যোগ-‘ফ্যামিলি কার্ড’ এবং ‘ফার্মার্স কার্ড’-এর ধারণা বৈশ্বিক নেতাদের সামনে উপস্থাপন করেন। তিনি দেখান, কীভাবে রাষ্ট্রীয় পর্যায়ে পরিবারগুলোকে প্রত্যক্ষ অর্থনৈতিক ও সামাজিক সুরক্ষা দেওয়ার মাধ্যমে একটি শিশুর জন্য নিরাপদ এবং অন্তর্ভুক্তিমূলক পরিবেশ নিশ্চিত করা সম্ভব।

সম্মেলনের অন্যতম তাৎপর্যপূর্ণ অংশ ছিল শিশুদের শিক্ষার প্রসারে শীর্ষস্থানীয় ১১টি আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠানের উদ্ভাবনী প্রযুক্তির প্রদর্শনী। ডা. জুবাইদা রহমান নিজে এই প্রদর্শনী পরিদর্শন করেন এবং শিক্ষায় প্রযুক্তির বৈষম্যহীন ব্যবহারের তাগিদ দেন। তিনি তুলে ধরেন যে, বাংলাদেশে ডিজিটাল সরঞ্জামের মাধ্যমে শিক্ষক ও শিক্ষার্থীদের সমৃদ্ধ করে শিক্ষার গুণগত মান বৃদ্ধি করা হচ্ছে, যা শিক্ষা খাতের দীর্ঘদিনের বৈষম্য দূর করতে কার্যকর ভূমিকা রাখছে। হোয়াইট হাউসে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আতিথেয়তায় আয়োজিত সংবর্ধনা ও সমাপনী অধিবেশনে তাঁর এই মানবিক দৃষ্টিভঙ্গি ব্যাপক প্রশংসা লাভ করে। ওয়াশিংটনে বক্তব্য দেওয়ার সময় তিনি তাঁর রাজনৈতিক ও ঐতিহাসিক উত্তরাধিকারের বিষয়টিও অত্যন্ত সুসংহতভাবে আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে তুলে ধরেন।

তিনি উল্লেখ করেন যে, বাংলাদেশের নারী উন্নয়ন ও স্বাধীনতার ভিত্তি স্থাপন করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি প্রথম প্রাতিষ্ঠানিক পর্যায়ে নারীদের কর্মসংস্থান সৃষ্টি ও তাঁদের স্বাবলম্বী করার বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করেছিলেন। সেই ভিত্তিকে বহুদূর এগিয়ে নিয়ে যান দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়ার দূরদর্শী নেতৃত্বেই বাংলাদেশে মেয়েদের বিনামূল্যে শিক্ষা এবং সামাজিক উপবৃত্তি কর্মসূচি চালু হয়, যা দেশের নারীশিক্ষার চিত্রে এক বিপ্লব এনেছিল। ডা. জুবাইদা রহমান এই ঐতিহাসিক ধারাকে বর্তমান সময়ের সঙ্গে সংযুক্ত করে বলেন যে, নারী ক্ষমতায়িত হলে শিশু ও পরিবার সমৃদ্ধি লাভ করে।

ওয়াশিংটনের কর্মসূচি সমাপ্তির পর জাপানের টোকিওতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশন আয়োজিত উচ্চপর্যায়ের স্বাস্থ্যবিষয়ক সেমিনারে ডা. জুবাইদা রহমানের উপস্থিতি বাংলাদেশের স্বাস্থ্য কূটনৈতিক তৎপরতাকে নতুন উচ্চতায় নিয়ে যায়। ঐতিহাসিক ও কৌশলগতভাবে জাপান বাংলাদেশের অন্যতম ঘনিষ্ঠ উন্নয়ন সহযোগী হওয়ায় ডা. জুবাইদা রহমান তাঁর পেশাগত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বাংলাদেশ ও জাপানের মধ্যে কৌশলগত স্বাস্থ্য অংশীদারিত্ব জোরদারের প্রস্তাব দেন।

টোকিওর সেমিনারে তিনি মূলত স্বাস্থ্যসেবা, স্বাস্থ্য গবেষণা এবং আধুনিক চিকিৎসা অবকাঠামো-এই তিনটি মৌলিক ক্ষেত্রের উন্নয়নে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের সরাসরি সহযোগিতা ও বিনিয়োগের আহ্বান জানান। তিনি উল্লেখ করেন যে, বর্তমান বাংলাদেশ সরকার স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং সামাজিক সুরক্ষাকে রাষ্ট্রীয় নীতির প্রধান অগ্রাধিকার হিসেবে গ্রহণ করেছে। সবার জন্য সাশ্রয়ী চিকিৎসা নিশ্চিত করা, সরকারি হাসপাতালের সেবার মান বৃদ্ধি, দ্রুত স্বাস্থ্যকর্মী ও চিকিৎসক নিয়োগ এবং সমাজের প্রান্তিক ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য চিকিৎসা ও শিক্ষার সুযোগ বাড়াতে সরকারের গৃহীত কার্যক্রম তিনি তুলে ধরেন। ডা. জুবাইদা রহমান আরও বলেন যে, একটি জাতির অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতি নির্ভর করে মানুষের শারীরিক ও মানসিক সুস্থতার ওপর। বিশেষ করে শিশু ও ঝুঁকিগ্রস্ত জনগোষ্ঠীর স্বাস্থ্য সুরক্ষায় সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের দীর্ঘদিনের বৈশ্বিক অবদান রয়েছে। বাংলাদেশে এই অবদান আরও সম্প্রসারণের জন্য তিনি প্রাতিষ্ঠানিকভাবে উদাত্ত আহ্বান জানান। তিনি আশ্বস্ত করেন যে, দীর্ঘমেয়াদি ও টেকসই স্বাস্থ্যনীতি বাস্তবায়নে বাংলাদেশ সরকার আন্তর্জাতিক সংস্থা ও ফাউন্ডেশনগুলোকে সর্বাত্মক সহায়তা দিতে প্রস্তুত।

ডা. জুবাইদা রহমানের ওয়াশিংটন ও টোকিও সফরের সবচেয়ে উল্লেখযোগ্য ও বহুমাত্রিক দিকটি ছিল ‘স্বাস্থ্য কূটনীতি’ বা Health Diplomacy-এর গুরুত্ব তুলে ধরা। একজন পেশাদার চিকিৎসক হিসেবে তিনি ভালোভাবেই অনুধাবন করেছেন যে, বর্তমান বৈশ্বিক মহামারিপরবর্তী সময়ে স্বাস্থ্য সুরক্ষা আর কেবল কোনো দেশের নিজস্ব সীমানার অভ্যন্তরীণ বিষয় নয়। বিশ্বব্যাপী আন্তসংযোগের এই যুগে বৈশ্বিক স্বাস্থ্যচ্যালেঞ্জ মোকাবিলা এবং মাতৃ ও শিশুস্বাস্থ্যের উন্নয়ন ঘটাতে আন্তর্জাতিক জ্ঞান, অবকাঠামো, গবেষণা ও সম্পদের আদান-প্রদান অপরিহার্য। টোকিও ও ওয়াশিংটন-উভয় মঞ্চেই তিনি সরকারি খাতের পাশাপাশি আন্তর্জাতিক বেসরকারি সংস্থা, স্বেচ্ছাসেবী সংগঠন, বৈশ্বিক দাতা সংস্থা এবং জনকল্যাণমূলক ফাউন্ডেশনগুলোর যৌথ অংশীদারিত্বের ওপর গুরুত্বারোপ করেন। তাঁর এই উপস্থাপনা বিশ্বনেতাদের কাছে বাংলাদেশকে একটি সম্ভাবনাময়, দায়িত্বশীল ও উদ্যোগী রাষ্ট্র হিসেবে প্রতিভাত করেছে।

ওয়াশিংটন ও টোকিও সফর পর্যালোচনা করলে এটি স্পষ্ট হয়ে ওঠে যে, বাংলাদেশের মানবিক কূটনীতি এক নতুন মাত্রায় প্রবেশ করছে। রাজনীতি বা সামাজিক কর্মকাণ্ডে কেবল প্রথাগত অংশগ্রহণ নয়, বরং একজন আন্তর্জাতিক মানের চিকিৎসকের পেশাগত অভিজ্ঞতার আলোকে বক্তব্য দেওয়ায় বৈশ্বিক মঞ্চে ডা. জুবাইদা রহমানের প্রস্তাবনাগুলো অত্যন্ত সুনির্দিষ্ট ও গঠনমূলক রূপ পেয়েছে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং এডটেকের মতো গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠীকেন্দ্রিক উন্নয়ন পরিকল্পনাগুলোকে আন্তর্জাতিক ফোরামে মডেল হিসেবে তুলে ধরা হয়েছে। জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার আওতায় সবার জন্য সুস্বাস্থ্য ও কল্যাণ, মানসম্মত শিক্ষা এবং লিঙ্গসমতা অর্জনে বাংলাদেশের অগ্রগতি ও বৈশ্বিক অংশীদারিত্বের প্রয়োজনীয়তা নিখুঁতভাবে চিত্রিত হয়েছে।

পরিশেষে বলা যায়, ওয়াশিংটনের কূটনৈতিক মঞ্চে বিশ্বের ফার্স্ট লেডিদের সম্মেলনে শিশু অধিকার ও সামাজিক সুরক্ষার অঙ্গীকার এবং টোকিওতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনে আধুনিক চিকিৎসাসেবা ও স্বাস্থ্য গবেষণার বৈশ্বিক রূপরেখা-এই দুইয়ের সমন্বয়ে ডা. জুবাইদা রহমান বিশ্বমঞ্চে বাংলাদেশের এক উজ্জ্বল ও প্রগতিশীল ভাবমূর্তি তুলে ধরেছেন। তাঁর প্রস্তাবিত ‘স্বাস্থ্য কূটনীতি’ এবং ‘সমন্বিত সামাজিক নিরাপত্তা’ ধারণাটি যদি দ্রুত প্রাতিষ্ঠানিক রূপ পায়, তবে তা কেবল বাংলাদেশ-জাপান দ্বিপক্ষীয় সম্পর্ক কিংবা বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সামাজিক অংশীদারিত্বকেই মজবুত করবে না, বরং দক্ষিণ এশিয়ার নারী, শিশু এবং স্বাস্থ্য খাতের সামগ্রিক উন্নয়নে এক নতুন দিগন্তের উন্মোচন করবে। সুতরাং একটি সহনশীল, প্রগতিশীল এবং সহানুভূতিশীল প্রজন্ম গড়ে তোলার ক্ষেত্রে ডা. জুবাইদা রহমানের এই বৈশ্বিক সামাজিক প্রয়াস নিঃসন্দেহে এক দূরদর্শী উদ্যোগ হিসেবে স্মরণীয় হয়ে থাকবে ইনশাল্লাহ। মহান আল্লাহ সুবহানাতায়ালা আমাদের সহায় হোন।

লেখক: সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক বিডি-প্রতিদিন/বিএম