জাতিসংঘের বৈশ্বিক নগরায়ণ সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে যে, বাংলাদেশের রাজধানী ঢাকার জনসংখ্যা বর্তমানে ৩ কোটি ৬৬ লাখ। অথচ ঢাকার আয়তন মাত্র ৩০৬ বর্গকিলোমিটার। ঢাকা বিশ্বের শীর্ষস্থানীয় জনসংখ্যাধিক্যের শহর হিসেবে স্থান করে নিয়েছে। প্রথম স্থান অধিকার করে আছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। ইতিহাসখ্যাত পুরনো শহর হলেও ঢাকা শুরু থেকেই গড়ে উঠেছে একেবারেই অপরিকল্পিতভাবে। এটি মূলত ছিল নদ-নদী-খাল-বিল-জলাশয় পরিবেষ্টিত একটি ভূমি।
কালে কালে ভরাট করে তিলে তিলে গড়ে উঠেছে ঢাকা। এখনো এর ব্যতিক্রম লক্ষ্য করা যায় না। যে যেখানে পারে জোড়জবরদস্তি করে খাল-বিল-জলাশয়-নদী ও নিচু জমি ভরাট করে গড়ে তুলছে সুরম্য অট্টলিকা, বহুতল ভবন। কোনো ক্ষেত্রেই বিল্ডিং কোড মানার কোন বালাই নেই। ফলে রাজধানী ঢাকায় ক্রমশ বাড়ছে ঘন ঘন ভূমিকম্প ও অগ্নিকা-ের ঝুঁকি, যা নগরবাসীর শঙ্কা বাড়িয়ে তুলছে দিন দিন। এর বাইরেও দূষিত বায়ুর শহর হিসেবে ঢাকা ইতোমধ্যে বৈশ্বিক তকমা দ্বিতীয় স্থান দখল করে আছে। প্রথম স্থান দখল করেছে দিল্লি, প্রতিবেশী দেশ ভারতের রাজধানী। এর পাশাপাশি রয়েছে অনিয়ন্ত্রিত শব্দদূষণ। তীব্র ও ভয়াবহ যানজটের শহর হিসেবে ঢাকার সুখ্যাতি কম নয় কোনো অংশে। যেজন্য প্রতিদিন অসহনীয় যানজটে আয়ু ক্ষয়ের পাশাপাশি আর্থিক ক্ষতি হয় ৩০ হাজার কোটি টাকা।
আর নষ্ট হয় ৩২কর্ম-ঘণ্টা। তীব্র বায়ু দূষণে শ্বাসকষ্টজনিত প্রতি বছর রোগে লক্ষাধিক ঢাকাবাসীকে যেতে হয় হাসপাতালগুলোতে। ঢাকার পয়োনিষ্কাশন ও বর্জ্য ব্যবস্থাপনা এবং জলাবদ্ধতা সুবিদিত, যা জনজীবনের জন্য রীতিমতো অস্বস্তিকর। বিশেষ করে অতি বৃষ্টি ও বন্যা মৌসুমে জলাবদ্ধতা প্রকট আকার ধারণ করে। ঢাকার চারপাশ পরিবেষ্টিত বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, তুরাগ ও বালু নদী নিয়মিত দখল দূষণে জর্জরিত, মৃত প্রায়। পানি নির্গমন ব্যবস্থা খুবই অপ্রতুল। এসব রোগ ব্যাধির অন্যতম উৎসও বটে। ঢাকার আকাশ-বাতাস-রাস্তাঘাটÑ জনজীবন প্রায় সবই দূষিত, পুঁতিগন্ধময়, ধূলিধূসরিত, বায়ুদূষণ- শব্দদূষণে জর্জরিত, সর্বোপরি বসবাসের অযোগ্য। প্রতিদিন প্রতিনিয়ত বেঁচে-বর্তে থাকার জন্য বিশুদ্ধ পানি ও নির্ভেজাল খাবার পাওয়া রাজধানীবাসীর জন্য এক আকাশকুসুম কল্পনা। বেঁচে থাকার ন্যূনতম বৈশ্বিক মানদ-ে রাজধানী ঢাকার অবস্থান দ্বিতীয়। প্রথম ইরাক। তবে ইরাক একটি যুদ্ধবিধ্বস্ত, গৃহযুদ্ধে ক্ষতবিক্ষত দেশ। অন্যদিকে ঢাকা প্রায় নিরুপদ্রব রাজধানী।
সেই প্রেক্ষাপটে ঢাকার অবস্থা এত খারাপ ও শোচনীয় হবে কেন? রাজধানীর বায়ুদূষণ, শব্দদূষণ, যানজট, জলজট, জনজট ইত্যাদি দেখভাল করবে কে বা কোন কর্তৃপক্ষ? নগরবাসী সচেতন ও দায়বদ্ধ না হলে মহানগরীর সার্বিক পরিচ্ছন্নতা বজায় রাখাসহ স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা দুঃসাধ্য। এর পাশাপাশি পরিবেশ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সব পক্ষকে সর্বোচ্চ মাত্রায় দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সর্বোপরি ঢাকাকে বসবাসযোগ্য রাখতে হলে রাজধানী স্থানান্তর তথা বিকেন্দ্রীকরণের বিকল্প নেই।
