জাতীয় নির্বাচন সামনে রেখে দেশে রাজনৈতিক সহিংসতা বাড়ছে, যা অনাকাক্সিক্ষত ও অনভিপ্রেত। রাজনৈতিক সংস্কৃতি এমন দাঁড়িয়েছে যে, সারা দেশে, প্রতিটি গ্রামে ও শহরের বিভিন্ন এলাকায় রাজনৈতিক দলগুলো একে অপরকে শত্রুজ্ঞান করে এবং মাঝেমধ্যে এর মহড়া প্রত্যক্ষ করে সাধারণ নাগরিক। অথচ নাগরিকদের মত তথা ভোট নিয়েই তারা শক্তিশালী হয়ে থাকে। সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়েই একটি দল সরকার গঠন করে এবং রাষ্ট্র পরিচালনায় নিয়োজিত হয়। এখন নির্বাচন আসার আগেই যদি তাদের কর্মীরা হানাহানিতে লিপ্ত হয় তাহলে স্বভাবিকভাবেই জনমনে প্রশ্ন ওঠে, ক্ষমতায় গিয়ে কী করবে তারা। \r\nসম্প্রতি ময়মনসিংহের গৌরীপুরে বিএনপির মনোনয়ন পাওয়া এবং মনোনয়ন বঞ্চিত নেতার সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের সময় অসুস্থ হয়ে ছাত্রদলের এক কর্মী মারা গেছেন।

অন্যদিকে গত জুলাইয়ে গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে সংঘর্ষের ঘটনায় আওয়ামী লীগের স্থানীয় কর্মী ও সমর্থকসহ উভয় পক্ষই দায়ী বলে বিচার বিভাগীয় তদন্তে উঠে এসেছে। তদন্ত প্রতিবেদন জনসমক্ষে প্রকাশ না করা হলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও তদন্ত কমিশনের সদস্য সাজ্জাদ সিদ্দিকী বিবিসি বাংলাকে এ তদন্ত প্রতিবেদনের বিষয়ে জানিয়েছেন।\r\nনির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে উত্তপ্ত হচ্ছে রাজনৈতিক মাঠ। সাম্প্রতিক সময়ের ঘটনাপ্রবাহ দেখে মনে হচ্ছে, নির্বাচন যতই ঘনিয়ে আসবে এমন সংঘাতের আশঙ্কা বাড়বে। এক্ষেত্রে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা তো থাকবেই, পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও নির্বাচন নিয়ে ভয় বাড়বে। এ ক্ষেত্রে দায়িত্ব নিতে হবে দলগুলোকেই।

পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীকেও ঝুঁকিপূর্ণ এলাকা নির্ধারণ করে বিশেষ পদক্ষেপ নেওয়া সমীচীন।\r\nজাতীয় সংসদ নির্বাচন ঘিরে সহিংসতার পেছনে বেশ কয়েকটি কারণ রয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, সহিংসতার কারণের মাঝে সবচেয়ে বেশি রয়েছে রাজনৈতিক অসহিষ্ণুতা। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক অবিশ্বাস, অসহিষ্ণুতা ও ক্ষমতার একচ্ছত্র দখলের প্রবণতা সহিংসতার জন্ম দেয়। স্থানীয় পর্যায়ে আধিপত্য বিস্তার এবং অর্থনৈতিক সুবিধা লাভের আকাক্সক্ষা অনেক সময় উসকে দেয় সহিংসতাকে। আইনের প্রয়োগে শৈথিল্য এবং অপরাধীদের বিচার না হওয়া বা দেরিতে হওয়াও সহিংসতা বাড়িয়ে তোলে। এ ছাড়া অবৈধ অস্ত্রের সহজলভ্যতা এবং এর ব্যবহার সহিংসতাকে আরও মারাত্মক করে তোলে। কিছু ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর পক্ষপাতমূলক আচরণ বা নিষ্ক্রিয়তাও সহিংসতার মাত্রা বাড়িয়ে দেয়। এখনো নির্বাচনের তফসিল ঘোষণা হয়নি। দলের অভ্যন্তরীণ দলাদলি, অসন্তোষ ইত্যাদি সংঘাত-সংঘর্ষের রূপ কেন নেবে? রাজনৈতিক দলগুলোকে অভ্যন্তরীণ অসন্তোষ অবশ্যই সামাল দিতে হবে।