গণতন্ত্র মানে হলো জনগণের শাসন। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে সকল ক্ষমতাথাকে জনগণের হাতে। বর্তমান বিশ্বে বেশিরভাগ আধুনিক রাষ্ট্রে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র (জনগণ তাদের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে শাসনকার্য পরিচালনা করে) চলছে। জনগণই ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করে ও নীতি নির্ধারণে অংশ নেয়। এমন শাসন ব্যবস্থায় জনগণের মৌলিক অধিকার ও স্বাধীনতা সুরক্ষিত থাকে এবং সবাই সিদ্ধান্ত গ্রহণে সমান অংশীদার হয়। বাংলাদেশেও প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র চলছে। পৃথিবীর প্রায় সব রাষ্ট্রই এ পদ্ধতির গণতান্ত্রিক ব্যবস্থায় দেশকে এগিয়ে নিতে সক্ষম হয়েছে।
বাংলাদেশের সমসাময়িক সময়ে স্বাধীনতা অর্জন করে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের মাধ্যমে সরকার তাদের দেশকে উন্নত রাষ্ট্রের পর্যায়ে পর্যন্ত নিয়ে গেছে। অথচ বাংলাদেশকে এখনো দারিদ্র্যের সঙ্গে যুদ্ধ করতে হচ্ছে। আর রাষ্ট্রের অবস্থা তো করুণ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ২০২২ সালের তথ্য অনুযায়ী দারিদ্র্যের হার ছিল ১৮.৭ শতাংশ এবং অতি দারিদ্র্যের হার ৫.৬ শতাংশ। তবে দারিদ্র্যের হার ২৪ শতাংশের বেশি। প্রতি ৪ জনে একজন দরিদ্র মানুষ বাংলাদেশে। বেসরকারি গবেষণা সংস্থা পিপিআরসির আগস্ট ২০২৫ সালের তথ্যমতে, এই হার বেড়ে দাঁড়িয়েছে ২৭.৯৩ শতাংশ এবং অতি দারিদ্র্য ৯.৩৫ শতাংশে পৌঁছেছে। \r\nস্বাধীনতার পর থেকে শুরু করে আজ পর্যন্ত আমাদের দেশের সব সরকারই দাবি করছে তারা এ জাতিকে উন্নতির স্বর্ণশিখরে পৌঁছে দিয়েছে।
আওয়ামী লীগের আমলে বলা হতো সারা পৃথিবীতে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। অথচ আজ দেখছি ব্যাংকগুলোর টাকা লুট হয়ে গেছে। অর্থনীতির ভঙ্গুর দশা। বিদেশের ঋণের অংক আকাশচুম্বী। এক কথায় এমন একটি দেশকে টেনে ওঠানোও কষ্টসাধ্য ব্যাপার। সারা পৃথিবী প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রে এগিয়ে গিয়েছে। আর আমরা আছি পিছিয়ে। এমনকি ২০২৬ সালেও বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টধারী দেশের তালিকা প্রকাশ করেছে যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক নাগরিকত্ব সংক্রান্ত পরামর্শক প্রতিষ্ঠান দ্য হেনলি অ্যান্ড পার্টনার্স। এ ক্ষেত্রে বিবেচনায় নেওয়া হয়েছে বিশ্বের ১৯৯টি দেশের পাসপোর্ট ও ২২৭টি ভ্রমণ গন্তব্য। এ তালিকায় তলানিতে অবস্থান করছে বাংলাদেশ। নিচের দিক থেকে সাত নম্বরে।
\r\nদেশের পাসপোর্টধারী নাগরিকেরা ৩৭টি দেশে ভিসা ছাড়া বা অন অ্যারাইভাল ভিসায় ভ্রমণ করতে পারেন। গতবছরের শুরুতে আগাম ভিসা ছাড়া বিশ্বের ৩৯টি দেশ ভ্রমণ করতে পারতেন বাংলাদেশের পাসপোর্টধারী ব্যক্তিরা। ২০২৪ সালের শুরুতে এ সংখ্যা ছিল ৪২। যা হোক এই হলো বিশ্ব দরবারে বাংলাদেশের ইমেজ। তার মানে এটাই বোঝা যাচ্ছে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের মাধ্যমে আমরা যাদেরকে দেশের দায়িত্ব দিচ্ছি তারা দেশের কথা চিন্তা না করে নিজেদের কথাই বেশি চিন্তা করেন। এ কারণে বাংলাদেশ থেকে বছরে লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে এবং দেশ দুর্নীতিতে বারবার চ্যাম্পিয়ন হচ্ছে। \r\nস্বাধীনতার পর থেকে গত ৫৪ বছরে জনগণের শাসন বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়নি। জনগণ সবসময়ই বঞ্চিত ছিল। অনেকাংশে এ রাষ্ট্রে জনগণের মৌলিক অধিকারই ছিল না।
প্রায় সব শাসকই নিজেদের ইচ্ছা মতো দেশকে শাসনের পরিবর্তে শোষণ করেছেন। সবচেয়ে বড় বিষয় হলো এ রাষ্ট্রে জনগণ হলো দাস। জনগণের কোনো মর্যাদাই এ রাষ্ট্রে নেই। উপজেলা নির্বাহী অফিসারকে এমনকি একজন কনস্টেবলকেও স্যার ডাকতে বাধ্য করা হয়। ক্রমান্বয়ে জনগণকে ক্ষমতাহীন করে রাখা হয়েছে। অথচ জনগণ হলো রাষ্ট্রের মালিক। যা এখনো খাতা কলমেই রয়ে গেছে। এমনকি স্থানীয় সরকার নির্বাচন থেকে শুরু করে জাতীয় সংসদ নির্বাচনেও স্থান ভেদে জনগণ ভোটটি পর্যন্ত দিতে পারেন না। ফ্যাসিস্ট শেখ হাসিনার ১৭ বছরে ভোট হয়েছে শুধুমাত্র একটি আনুষ্ঠানিকতা। জনগণের ভোট পুলিশ কিংবা ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীরা নিজ দায়িত্বে দিয়ে দিয়েছেন। এক পর্যায়ে জনগণ ভোট দেওয়ার আগ্রহ হারিয়ে ফেলেছেন।
যার ফলে ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে মাত্র ৫ শতাংশ ভোটার ভোটকেন্দ্রে গিয়েছে। ক্রমান্বয়ে এটিকে জনগণের রাষ্ট্র থেকে পুলিশি এবং এক দলীয় রাষ্ট্রে পরিণত করা হয়। \r\nজনগণ শুধুমাত্র ভোটাধিকারই হারায়নি বরং তারা মত প্রকাশের স্বাধীনতাটিও হারিয়েছে। শেখ হাসিনার বিপক্ষে কথা বলে হাজারো মানুষ জেল-জরিমানা এবং সামাজিক অবস্থান হারিয়েছে। সংবাদপত্রের স্বাধীনতাও ছিল নামে মাত্র। ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনামও বিষয়টি স্বীকার করেছেন। \r\n২০২৪ সালের জুলাই মাসে কোটাবিরোধী আন্দোলনটির নাম দেওয়া হয়েছিল বৈষম্যবিরোধী আন্দোলন। অল্পদিনের মধ্যেই এটি সরকারবিরোধী আন্দোলনে রুপ নেয়। সারাদেশের মানুষ রাস্তায় নেমে আসে। রাষ্ট্রের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে ১৫শ র অধিক মানুষকে হত্যা করা হয়।
তাতেও আন্দোলনকে দমিয়ে রাখতে পারেনি ফ্যাসিস্ট হাসিনা। ৫ আগস্ট সবকিছু রেখে সেনাবাহিনীর সহায়তায় পালিয়ে যেতে বাধ্য হন তিনি। \r\n২৪ র ছাত্র-জনতার আন্দোলন হলো একটি বার্তা। এ আন্দোলনের মধ্য দিয়ে সারাদেশের মানুষ গত ৫৪ বছরের বস্তাপঁচা রাজনীতির অবসান চেয়েছে। দেশের প্রত্যেক প্রতিষ্ঠানকে সংস্কার করে একটি সুন্দর বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছে। মানুষ স্বপ্ন দেখে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র বলতে যা বোঝায় সেটির বাস্তবায়ন। জনগণের মৌলিক অধিকার ও স্বাধীনতা সুরক্ষিত থাকে এবং সবাই সিদ্ধান্ত গ্রহণে সমান অংশীদার- এমন একটি বন্দোবস্ত চায় মানুষ। আমরাও মনে করি, আগামী সংসদ নির্বাচন হবে মানুষের আশা-আকাক্সক্ষার বাস্তব প্রতিফলন। নির্বাচনটি হবে সুন্দর, স্বচ্ছ, নিরপেক্ষ, অবাধ ও সুষ্ঠু।
মানুষ মন খুলে তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে চায়। একইসঙ্গে আশা করছে, যিনি নির্বাচিত হবেন তিনি অতীত থেকে শিক্ষা নিয়ে জনগণের জন্য কাজ করবেন। সরকারের দায়িত্ব হলো নির্বাচনটি যাতে ইতিহাসের সবচেয়ে নিরপেক্ষ এবং সুষ্ঠু হয় সেদিকে খেয়াল রাখা এবং নিশ্চিত করা। কারণ, আগামীর নির্বাচনের ওপর নির্ভর করছে এ দেশের মানুষের ভাগ্য এবং আগামীর গণতন্ত্র। যদি কোনো কারণে নির্বাচনটি প্রশ্নবিদ্ধ হয়, তাহলে বাংলাদেশ থেকে গণতন্ত্র নামটি মুছেও যেতে পারে। \r\nজনগণ আওয়ামী লীগের ওপর নাখোশ হয়ে তাদের দেশ থেকে বিতাড়িত করেছে। ফলে বর্তমানে নির্বাচনে অংশ নেওয়া সকল রাজনৈতিক দলের দায়িত্ব হবে গণতন্ত্রের স্বার্থে এবং দেশের বৃহত্তর স্বার্থে জনগণের ভোটাধিকার জনগণের হাতে ফিরিয়ে দেওয়া।
২০২৪ সালের আন্দোলনের পর মানুষ তাদের অধিকারের ব্যাপারে খুবই সচেতন। তারা প্রতিবাদ করতে এবং জীবন দিতে শিখে গেছে। সুতরাং নৈরাজ্য সৃষ্টি করে, ভোট কেন্দ্র দখল করে বা অন্য উপায়ে নির্বাচিত হওয়ার পরিকল্পনা বাদ দিয়ে জনগণের দ্বারে গিয়ে ভোট নিশ্চিত করাই হবে যুক্তিযুক্ত। সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদাকে শারীরিকভাবে লাঞ্ছনার কথা নিশ্চয় বর্তমান নির্বাচন কমিশন জানে। নির্বাচন সুষ্ঠু করার সকল ক্ষমতা বর্তমানে নির্বাচন কমিশনারের হাতে। সুতরাং অতীত থেকে যদি শিক্ষা নিয়ে থাকেন তাহলে বর্তমান নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন করতে তৎপর হবেন। অন্যথায় তাদেরকেও নিজেদের কৃতকর্মে ফল ভোগ করতে হতে পারে। \r\nপরিশেষে বলতে চাই, স্বাধীনতার পর থেকে বাংলাদেশের মানুষ নানাদিক থেকে বঞ্চিত হয়েছে।
আজ মানুষ তার মর্যাদা চায়। ভবিষ্যৎ প্রজন্ম যাতে দেশকে সত্যিকারের কল্যাণ রাষ্ট্র হিসেবে দেখতে পায়, সে বিষয়টি নিশ্চিত করাই বর্তমান প্রজন্মের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। আর একটি সুন্দর গণতন্ত্র ছাড়া এ পরিবেশ অসম্ভব। এটি করতে হলে এখন থেকেই শুরু করতে হবে। এজন্য আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গণতন্ত্রের জন্য একটি মাইলফলক। \r\nগণতন্ত্রের সন্ধিক্ষণে থাকা বাংলাদেশকে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সত্যিকার অর্থে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবার সুযোগ করে দিতে হবে। এজন্য সকল রাজনৈতিক দলকেই সহনশীলতার সর্বোচ্চ স্থানে থেকে নির্বাচন প্রক্রিয়া শেষ করতে হবে। দিনশেষে দেশের মানুষের ওপর আস্থা, বিশ্বাস এবং ভালোবাসা রাখতে হবে। কোনো রাজনৈতিক দল নির্বাচনে হেরে যাওয়ার সম্ভাবনা থাকলেও দেশের কথা চিন্তা করে, গণতন্ত্রের কথা চিন্তা করে মেনে নিতে হবে। আমরা চাই না দেশের আর কোনো সরকার প্রধান পালিয়ে যাক। আদালত থেকে ফাঁসির রায় হোক। আশা করব, আমাদের বর্তমানের রাজনীতিবিদরা এটি বুঝতে সক্ষম হবেন। আমরা আশাবাদী বর্তমানে বাংলাদেশের বড় দুটো রাজনৈতিক দলের প্রধানই ইতিবাচক চিন্তা করছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র বিএনপির নব-নির্বাচিত চেয়ারম্যান তারেক রহমান একটি মডেল রাষ্ট্র গঠনের অঙ্গীকার ব্যক্ত করেছেন। তারেক রহমানকে নিয়ে দেশের ব্যবসায়ী সমাজ থেকে শুরু করে শিক্ষিত সমাজ দারুণ আশাবাদী। অন্যদিকে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানও একজন বিচক্ষণ রাজনীতিবিদ। ফলে আগামী নির্বাচনের মাধ্যমে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার হবে বলে আমরা বিশ্বাস করি। আর যদি এ ব্যত্যয় কিছু হয় তাহলে দেশ গভীর সংকটে নিমজ্জিত হবে এবং গণতন্ত্র ফিরিয়ে আনা কঠিন হবে।
