অসির চেয়ে মসি বেশি শক্তিশালী– কথাটি ভয়ানক রকমের বাস্তব। তলোয়ার দিয়ে আপনি একজন কিংবা দশজনকে মারতে পারবেন, কিন্তু এক লাখ লোককে? সেটা সম্ভব কেবল তখনই, যখন আপনি সবাইকে একটি আদর্শের পতাকাতলে জড়ো করতে পারবেন। সেই জড়ো করার হাতিয়ার হলো ভাষা। মানুষ পৃথিবী জয় করেছে তার পেশির জোরে নয়; কলমের জোরে, ভাষার জোরে।

কথাটা ইতিহাসবিদ ইউভাল নোয়া হারারি ‘সেপিয়েন্স’ বইতে চমৎকারভাবে বলেছেন। তিনি লিখেছেন, মানুষ আর শিম্পাঞ্জির মধ্যে মূল পার্থক্য কী? পেশি? না। মগজের আয়তন? সেটাও পুরোটা নয়। আসল পার্থক্য হলো মানুষ ‘কাল্পনিক বাস্তবতা’ তৈরি করতে পারে। ধর্ম, জাতীয়তাবাদ, টাকার মূল্য, আইনের ধারণা– এগুলো তো প্রকৃতিতে নেই। এগুলো আমরা ভাষা দিয়ে তৈরি করেছি, ভাষা দিয়ে বিশ্বাস করিয়েছি, ভাষা দিয়ে টিকিয়ে রেখেছি। শিম্পাঞ্জি পারে না। নদী পারে না। সূর্য পারে না। কেবল মানুষ পারে, কারণ মানুষের আছে ভাষা।

১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারির কথা ভাবুন। সেদিন ঢাকার রাজপথে যে ছেলেরা বুকের রক্ত ঢেলে দিয়েছিল, তারা কি শুধু একটি বর্ণমালা রক্ষার জন্য লড়েছিল? মোটেও না। তারা লড়েছিল সেই ‘মহাশক্তি’ রক্ষার জন্য, যে শক্তি দিয়ে একটি জাতি তার অস্তিত্ব টিকিয়ে রাখে। সালাম, বরকত, রফিক, জব্বার– তারা জানতেন, ভাষা কেড়ে নিলে একটি জাতির মেরুদণ্ড ভেঙে যায়। উর্দু চাপিয়ে দেওয়ার মানে ছিল বাঙালির চিন্তা, স্বপ্ন, প্রতিবাদের ক্ষমতা কেড়ে নেওয়া।

এবার বর্তমানে আসি; বলা যায় ভবিষ্যতে। এমন একটি জিনিস এসেছে পৃথিবীতে, যেটা আমাদের এই ‘মহাশক্তি’ কেড়ে নিতে চলেছে– আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (কৃত্রিম বুদ্ধিমত্তা)। কয়েক বছর আগেও পৃথিবীতে শব্দ ব্যবহার করতে পারত একমাত্র মানুষ। এখন এমন কিছু এসেছে, যা শিগগিরই আমাদের চেয়ে ভালোভাবে শব্দ ব্যবহার করতে পারবে। চ্যাটজিপিটি, ক্লড, জেমিনি ইতোমধ্যে কবিতা লিখছে, প্রবন্ধ লিখছে, এমনকি আইনি দলিল তৈরি করছে। এ তো সবে শুরু।

এখন প্রশ্ন হলো, এআই যুগে বাংলা ভাষার কী হবে? সোশ্যাল মিডিয়া গত ১০ বছরে পৃথিবীকে কীভাবে বদলে দিয়েছে, তা আমরা দেখেছি। এখন থেকে ১০ বছর পরের কথা কল্পনা করুন, যখন এআই ভাষার ওপর পূর্ণ আধিপত্য প্রতিষ্ঠা করবে, সেই পৃথিবী দেখতে কেমন হবে? সেখানে বাংলা ভাষার জায়গা কোথায়?

রবীন্দ্রনাথকে একবার কেউ জিজ্ঞেস করেছিলেন, বাংলা ভাষা কি টিকবে? রবীন্দ্রনাথ বলেছিলেন, ‘যতদিন বাঙালি থাকবে ততদিন বাংলা থাকবে।’ কথাটা সুন্দর, কিন্তু আজকের প্রেক্ষাপটে এটুকুই যথেষ্ট নয়। কারণ আজ বাঙালি আছে ঠিকই, কিন্তু বাঙালি কি বাংলায় ভাবছে? ঢাকার রাস্তায় হাঁটলে দেখবেন দোকানের সাইনবোর্ডগুলো ইংরেজিতে। কলকাতার তরুণরা ইংরেজিতে কথা বলে। এখানে একটা পরিসংখ্যান দিই। ইন্টারনেটে যত কনটেন্ট আছে, তার প্রায় ৬০ শতাংশ ইংরেজিতে। বাংলায় ১ শতাংশেরও কম। অথচ বাংলা পৃথিবীর সপ্তম বৃহত্তম ভাষা। প্রায় ৩০ কোটি মানুষ এই ভাষায় কথা বলে। এই বিশাল ব্যবধান কেন? কারণ আমরা ডিজিটাল দুনিয়ায় বাংলাকে নিয়ে যেতে পারিনি। এখন এআই যুগে এই ব্যবধান আরও ভয়াবহ আকার নিতে চলেছে।

এআই মডেলগুলো শেখে ডেটা থেকে। এআই শুধু ভাষা শেখে না; ভাষা তৈরি করে। যে ভাষায় যত বেশি ডেটা, সেই ভাষায় এআই তত ভালো কাজ করে। ডিজিটাল দুনিয়া থেকেই এআই তার ডেটা খুঁজে নেয়। ইংরেজিতে এআই যেভাবে কবিতা লিখতে পারে, গল্প বলতে পারে, তর্ক করতে পারে, গান গাইতে পারে, বাংলায় এখনও সেই মানে পৌঁছায়নি। এর মানে বাংলার ডিজিটাল ডেটা কম। ফলে এআই তৈরি করছে আক্ষরিক অনুবাদ, যাতে আমাদের নিজস্ব বাগধারা বা ‘ইডিওম’ নেই বললেই চলে। আগামী দিনে যখন এআই মানুষের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে যাবে– অফিস, স্কুল, হাসপাতাল কিংবা আদালতে তখন যে ভাষায় এআই সবচেয়ে ভালো কাজ করবে, সেই ভাষাই শক্তিশালী হয়ে উঠবে। বাংলা সেই দৌড়ে পিছিয়ে থাকলে আমরা নিঃসন্দেহে পিছিয়ে যাব। করণীয়? এখানে আমি জেন-জিদের টানতে চাই। কারণ এই লড়াই এখন তাদের। প্রথমত, বাংলায় বিপুল কনটেন্ট তৈরি করতে হবে। ইউটিউব, ব্লগ, পডকাস্ট, সোশ্যাল মিডিয়ায়। শুধু ইংরেজিতে কনটেন্ট বানালে বিশ্ববাসীর কাছে পৌঁছানো যায় ঠিকই, তাতে নিজের ভাষার ডিজিটাল ভবিষ্যৎ অন্ধকার হয়ে পড়ছে। যত বেশি মানসম্পন্ন বাংলা কনটেন্ট তৈরি হবে, এআই তত ভালোভাবে বাংলা শিখবে। প্রতিটি বাংলা পোস্ট, প্রতিটি বাংলা ভিডিও হলো ভবিষ্যতের এআইর প্রশিক্ষণ উপাদান।

দ্বিতীয়ত, বাংলা ভাষায় প্রযুক্তিচর্চার বড্ড প্রয়োজন। কোডিং তো শিখতেই হবে। তাই দরকার বাংলায় কোডিং টিউটোরিয়াল। ডেটা সায়েন্সের জন্য বাংলায় ডেটা সেট তৈরি, বাংলা ভাষার জন্য এনএলপি (ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং) নিয়ে কাজ করা জরুরি। বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলা ভাষা প্রযুক্তি নিয়ে গবেষণা বাড়াতে হবে। বাংলা স্পিচ রিকগনিশন, বাংলা টেক্সট জেনারেশন, বাংলা সেন্টিমেন্ট অ্যানালাইসিসে কাজ করার মানুষ দরকার। মুহম্মদ আবদুল হাই ধ্বনিবিজ্ঞান নিয়ে কাজ করেছিলেন। এআইর ‘টেক্সট-টু-স্পিচ’ বা ভয়েস অ্যাসিস্ট্যান্টের জন্য তাঁর ধ্বনিবিজ্ঞানের কাজগুলো আজ কতটা জরুরি, বলার অপেক্ষা রাখে না।

তৃতীয়ত, সবচেয়ে গুরুত্বপূর্ণ বাংলায় পড়া। রবীন্দ্রনাথ, নজরুল, জীবনানন্দ, হুমায়ূন আহমেদ, সৈয়দ মুজতবা আলীর ‘দেশে বিদেশে’, মুহম্মদ আবদুল হাইয়ের ‘বিলেতে সাড়ে সাতশ দিন’– একশ বছর আগের গদ্য আজও কত তরতাজা, কত প্রাণবন্ত! ভাষা বাঁচে সাহিত্যে। একটা ভাষার সবচেয়ে শক্তিশালী রক্ষাকবচ হলো তার সাহিত্য। গ্রিক ভাষা আজও বেঁচে আছে, কারণ হোমার লিখেছিলেন। ফার্সি বেঁচে আছে কারণ হাফিজ আর রুমি লিখেছিলেন। বাংলা বাঁচবে যদি আমরা পড়ি এবং লিখি।

চতুর্থত, ‘বাংলিশ’ থেকে বেরিয়ে আসতে হবে। রোমান হরফে বাংলা লেখা, এটা ভাষার জন্য বিষ। যখন ‘ami ekhane achi’ লেখা হয়, তখন বাংলা বর্ণমালা অপ্রয়োজনীয় হয়ে পড়ে। বাংলা কি-বোর্ড ব্যবহারের যেমন অভ্র, রিদমিক, জিবোর্ড– এত সহজ অপশন আছে। শুধু অভ্যাসটা তৈরি করতে হবে।

পঞ্চমত, সরকার ও প্রতিষ্ঠানগুলোর উচিত বাংলা ভাষায় এআই গবেষণার জন্য আলাদা তহবিল গঠন করা। ‘বাংলা ভাষা প্রযুক্তি ইনস্টিটিউট’ জাতীয় এমন একটি প্রতিষ্ঠান দরকার, যেটি শুধু বাংলা ভাষার ডিজিটাল ভবিষ্যৎ নিয়ে কাজ করবে। ফ্রান্স তার ভাষার জন্য এটা করে, জাপান করে, চীন করে। আমরা কেন করব না? হারারির কথা বলেছিলাম। তিনি সাম্প্রতিককালে এআই নিয়ে ভয়ানক একটি সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলছেন, ভাষা মানুষের ‘সুপারপাওয়ার’ ছিল। আর এখন এআই সেই সুপারপাওয়ার কেড়ে নিতে চলেছে। মানুষ পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রাণী হয়েছে, কারণ সে ভাষা দিয়ে অগণিত অপরিচিত মানুষকে একত্রিত করতে পারত। এখন এআই সেই ক্ষমতা অর্জন করছে এবং সম্ভবত আমাদের চেয়ে ভালোভাবে।

আমি চিন্তিত, তবে হতাশাবাদী নই। জেন-জিরা ডিজিটাল নেটিভ। ওরা প্রযুক্তি বোঝে, ইন্টারনেট বোঝে। তাদের হাতে সেই ক্ষমতা আছে, যেটা আগের কোনো প্রজন্মের ছিল না। এরা একই সঙ্গে কনটেন্ট ভোক্তা এবং কনটেন্ট স্রষ্টা। তারা যদি সিদ্ধান্ত নেয়– তাদের টিকটক ভিডিওটা বাংলায় হবে, টুইটটা বাংলায় হবে, ইনস্টাগ্রাম ক্যাপশনটা বাংলায় হবে তাহলে সেটাই হবে একুশ শতকের ভাষা আন্দোলন। মুজতবা আলী তাঁর ‘পঞ্চতন্ত্র’ গ্রন্থে লিখেছিলেন, পৃথিবীতে সবচেয়ে বড় মূর্খ সেই ব্যক্তি, যে নিজের শক্তি চেনে না। বাংলা ভাষা আমাদের শক্তি। এটিই আমাদের পরিচয়, এটিই আমাদের ইতিহাস, এটিই আমাদের ভবিষ্যৎ। এআই আসুক, অ্যালগরিদম আসুক, যত ডিজিটাল ঝড়ই আসুক; বাংলা টিকবে, যদি বাঙালি চায়। কিন্তু চাওয়াটা হতে হবে সক্রিয়। আমরা যদি এআইকে বাংলা না শেখাই, তবে এআই আমাদের ভুল বাংলা শেখাবে। কলমে, কি-বোর্ডে কিংবা স্ক্রিনে বাংলায় লিখি। বাংলায় ভাবি। বাংলায় স্বপ্ন দেখি। সেটাই হবে নতুন একুশ।

মুহাম্মদ শামীমুজ্জামান: প্রযুক্তিবিদ ও বিজ্ঞানবিষয়ক লেখক shamim@beBangladesh.com