গুম একটি রাষ্ট্রীয় অপরাধ। এটি শুধু একজন মানুষকে অদৃশ্য করে দেয় না, বরং ভেঙে দেয় একটি পরিবার, নিঃশেষ করে দেয় আইনের প্রতি আস্থা এবং দীর্ঘ সময়ের জন্য ক্ষতবিক্ষত করে একটি সমাজের নৈতিক ভিত্তি। বাংলাদেশে গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ বহু বছর ধরেই জাতীয় ও আন্তর্জাতিক মানবাধিকার আলোচনার কেন্দ্রে রয়েছে। এই বাস্তবতায় গুমসংক্রান্ত ইনকোয়ারি কমিশনের চূড়ান্ত প্রতিবেদনের গুরুত্ব খাটো করে দেখার সুযোগ নেই।

মেয়াদ পূর্ণ হওয়ার আগেই কমিশন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে। দায়িত্ব পালনের অংশ হিসেবে দুটি অন্তর্বর্তী প্রতিবেদনও সরকারের কাছে উপস্থাপন করেছিল তারা। তবে জনসাধারণ, বিশেষ করে ভুক্তভোগী পরিবারগুলোর জন্য প্রতিবেদনগুলো সময়মতো উন্মুক্ত করা হয়নি, যদিও প্রতিবেদনগুলোর কিছু অংশ গণমাধ্যমে প্রকাশিত হয়। কিছুটা সময় নিয়ে একসঙ্গে প্রতিবেদন দুটি কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছিল। কমিশন কেন প্রতিবেদনগুলো বিলম্বে প্রকাশ করেছিল, সেই তথ্য কোথাও দেখিনি। এটা ঠিক, কমিশন শুধু চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েই দায়িত্ব শেষ করেনি; তারা নিজেরাই সংবাদ সম্মেলন করেছে, কমিশনের অনুসন্ধান থেকে প্রাপ্ত তথ্য নিয়ে কথা বলেছে এবং তদন্ত প্রক্রিয়ার কিছু দিক জনসমক্ষে তুলে ধরেছে। ফলে এখানে ‘গোপনীয়তা’ বা ‘চলমান তদন্ত’ যুক্তি দেখিয়ে প্রতিবেদন জনসাধারণের জন্য উন্মুক্ত না করার সুযোগ নেই। এ প্রেক্ষাপটে কমিশনের চূড়ান্ত প্রতিবেদন পূর্ণাঙ্গভাবে জনসাধারণের জন্য উন্মুক্ত করা উচিত বলে আমি মনে করি।

আন্তর্জাতিক মানবাধিকার আইনে গুমকে একটি ‘চলমান অপরাধ’ (কন্টিনিউয়াস ক্রাইম) হিসেবে বিবেচনা করা হয়। অর্থাৎ যতদিন না একজন নিখোঁজ ব্যক্তির ভাগ্য ও অবস্থান স্পষ্ট হয়, ততদিন অপরাধটি সংঘটিত হতে থাকে। এ কারণেই জাতিসংঘ তার গুমবিষয়ক সনদ ‘ইন্টারন্যাশনাল কনভেনশন ফর দ্য প্রটেকশন অব অল পারসনস ফ্রম এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স’-এ ভুক্তভোগী পরিবারগুলোর ‘জানার অধিকার’ (রাইট টু নো)-কে একটি মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দিয়েছে। বর্তমান অন্তর্বর্তী সরকারের সময়ে বাংলাদেশ এই কনভেনশনে স্বাক্ষর করেছে। পাশাপাশি গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ ২০২৫ জারি করেছে সরকার। জারীকৃত গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ ২০২৫ নিঃসন্দেহে দীর্ঘদিনের একটি শূন্যতা পূরণ করেছে। বহু বছর ধরে গুমসংক্রান্ত অভিযোগ, ভুক্তভোগী পরিবারের অপেক্ষা এবং বিচারহীনতার সংস্কৃতি আমাদের রাষ্ট্র ও সমাজ দুটোকেই প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। এমন একটি পরিস্থিতিতে গুম প্রতিরোধ, তদন্ত ও বিচার নিশ্চিত করতে একটি পৃথক আইন প্রণয়ন ছিল অত্যন্ত জরুরি।

এই অধ্যাদেশ রাষ্ট্রকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও মানবাধিকারসম্মত পথে অগ্রসর করার সুযোগ তৈরি করেছে। গুম কোনো সাধারণ অপরাধ নয়; এটি নাগরিকের মৌলিক অধিকার লঙ্ঘনের সবচেয়ে ভয়াবহ রূপগুলোর একটি। এ কারণে এটি প্রতিরোধে প্রযুক্তিগত সক্ষমতা, তদন্ত কাঠামো এবং মামলাগুলোকে বিচার পর্যন্ত নিয়ে যাওয়ার কার্যকর পদ্ধতি নিশ্চিত করা অপরিহার্য ছিল–যা এই আইন প্রতিষ্ঠার মধ্য দিয়ে প্রথমবারের মতো স্পষ্ট রূপ পেল।

আমরা বিশ্বাস করতে চাই, কমিশনের প্রতিবেদন শুধু অতীতের ঘটনার তালিকা নয়; এটি রাষ্ট্রীয় দায়বদ্ধতার একটি মানচিত্র। কোথায় ব্যর্থতা রয়েছে, কোন কাঠামোগত দুর্বলতা গুমকে সম্ভব করেছে, কোন আইন প্রয়োগকারী সংস্থা বা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান কীভাবে অপব্যবহৃত হয়েছে–এসব প্রশ্নের উত্তর সেখানে নিহিত থাকার কথা। প্রতিবেদন জনসমক্ষে এলে সরকার নিজেও একটি আয়নার সামনে দাঁড়ানোর সুযোগ পাবে। একই সঙ্গে নাগরিক সমাজ, আইনজ্ঞ, মানবাধিকারকর্মী ও ভুক্তভোগী পরিবারগুলো বুঝতে পারবে এখন পর্যন্ত কী করা হয়েছে এবং সামনে আরও কী করা প্রয়োজন। গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে কাজ করতে গিয়ে একটি বিষয় স্পষ্ট হয়ে ওঠে; শুধু তদন্ত কমিশন গঠনই যথেষ্ট নয়, যদি তার ফলাফল জনপরিসরে আলোচনার সুযোগ না পায়। অতীতে আমরা দেখেছি, বিভিন্ন কমিশনের প্রতিবেদন আলোর মুখ না দেখায় সেগুলো কার্যত গুরুত্বহীন হয়ে পড়েছে। এর ফলে দায়মুক্তির সংস্কৃতি আরও শক্তিশালী হয়েছে, ভুক্তভোগীদের আস্থা ক্ষুণ্ন হয়েছে। গুমসংক্রান্ত কমিশনের ক্ষেত্রে সেই ভুলের পুনরাবৃত্তি করা হলে সেটি হবে একটি ভয়াবহ রাজনৈতিক ও নৈতিক ব্যর্থতা।

একজন নাগরিক হিসাবে মনে করি, গোপনীয়তা নয়; বরং স্বচ্ছতা রাষ্ট্রের ভাবমূর্তি রক্ষা করে। বিশ্ব দেখেছে, লাতিন আমেরিকার দেশগুলোতে ‘ট্রুথ কমিশন’গুলোর প্রতিবেদন প্রকাশের মাধ্যমেই দীর্ঘদিনের গুম ও হত্যাকাণ্ডের দায় স্বীকার করে রাষ্ট্রগুলো নতুন করে গণতান্ত্রিক যাত্রা শুরু করেছে। দক্ষিণ আফ্রিকা, আর্জেন্টিনা কিংবা চিলির অভিজ্ঞতা আমাদের শেখায়, সত্য প্রকাশ রাষ্ট্রকে দুর্বল করে না, বরং ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের ভিত মজবুত করে।

বাংলাদেশ সরকার ইতোমধ্যে বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে গুম প্রতিরোধে কাজ করার অঙ্গীকার করেছে। সেই অঙ্গীকারের বাস্তব প্রতিফলন ঘটবে তখনই, যখন কমিশনের প্রতিবেদন জনসমক্ষে প্রকাশ পাবে এবং তার সুপারিশ বাস্তবায়নে একটি সময়বদ্ধ রোডম্যাপ ঘোষণা করা হবে। প্রতিবেদন প্রকাশের মাধ্যমে সরকার নিজেই জানতে পারবে, আইন সংস্কার, নিরাপত্তা বাহিনীর জবাবদিহি, বিচারিক প্রক্রিয়ার মাধ্যম এবং ক্ষতিপূরণ ও পুনর্বাসন ব্যবস্থায় আর কী কী ঘাটতি রয়ে গেছে। সবশেষে বলা যায়, গুম কোনো বিমূর্ত ধারণা নয়; এটি রক্তমাংসের মানুষের জীবনের সঙ্গে জড়িত একটি নির্মম বাস্তবতা। কমিশনের চূড়ান্ত প্রতিবেদন সেই বাস্তবতার একটি দলিল। এই দলিল যদি আলমারির অন্ধকারে বন্দি থাকে, তবে তা শুধু ভুক্তভোগীদের প্রতি অবিচার নয়, বরং তা হবে ন্যায়বিচার ও গণতন্ত্রের প্রতিও অবহেলা।

আবু আহমেদ ফয়জুল কবির: মানবাধিকারকর্মী