শহরের রেললাইনের ধারে ছোট্ট একটা বস্তি। বিকেল হলেই প্রায় প্রতিদিনই সেখানে হাঁটতে যাই। উদ্দেশ্য বেড়ানো নয়, হাঁটা। হঠাৎ একদিন চোখে পড়ল বারো তেরো বছরের একটি ছেলেকে। এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলাম, কী নাম তোমার, কোথায় থাকো, কী করো ইত্যাদি। জবাব শুনে অবাক হলাম! সে বলল,- আমি নবাব, এই বস্তিতে থাকি বাবা নেই, মা অন্যের বাসায় কাজ করেন; মা বেরিয়ে গেলে আমি প্রতিদিন ভোরে স্কুলব্যাগ কাঁধে নিয়ে বের হই, কিন্তু স্কুলে যাওয়ার জন্য নয়, আমি যাই শহরের মোড়ে মোড়ে, মানুষের ফেলে দেওয়া প্লাস্টিক আর কাগজ কুড়িয়ে নিতে। \r\nতিনদিন পর সেখানে গিয়ে দেখলাম, রেললাইনের পাশে প্রচণ্ড রোদে বসে সে হাঁপাচ্ছে! পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন শহরের নামকরা ব্যবসায়ী।
দামি গাড়ি, দামি পোশাক- সবই আছে তার কিন্তু নবাবের দিকে তাকিয়ে তিনি মুখ ফিরিয়ে নিলেন ! হঠাৎ নবাব বলল,- চাচা, একটু পানি পাব? \r\nসাহেব থামলেন। নবাবের ডাক শুনে এই প্রথমবার ছেলেটার দিকে ঠিক করে তাকালেন। চোখে ক্লান্তি, মুখে ধুলো; কিন্তু ভেতরে একরাশ অসহায়ত্ব। তিনি গাড়ি থেকে পানি এনে দিলেন। নবাব পান করল, তারপর বলল,- চাচা, আমি স্কুলে যেতে চাই। কিন্তু খিদে থাকলে পড়া মাথায় ঢোকে না। \r\nএই কথাটা যেন সাহেবের বুকে আঘাত করল। তার নিজের ছেলের কথা মনে পড়ল হয়ত, যে বিদেশে পড়ে, সব সুবিধা পেয়েও মানুষ হতে শেখেনি। আর এই ছেলে? খালি পেটেও মানুষ হতে চায়।\r\nসেদিন তিনি চলে গেলেন। এই ফাঁকে আমি নবাবের কাছে তার মায়ের খোঁজ করি, নবাব বলল,- মা ঘরে আছে আজ। আমি নবাবকে সঙ্গে নিয়ে তার মায়ের খোঁজ নেই ! যথারীতি পেয়ে গেলাম, চেহারা মলিন, ময়লা শাড়ি, এসব দেখে আমি হতবিহ্বল হয়ে গেলাম! ভাবলাম আমরা এদের চেয়ে কত ভালো আছি তবু আমাদের কত চাহিদা ! শেষপর্যন্ত আমি এই মায়ের জন্য এবং নবাবের জন্য মাসিক বাজার খরচার ব্যবস্থা করলাম। পরদিন আমি আবার গেলাম। সেখানে গিয়ে দেখলাম সেই সাহেব নবাবের মায়ের সঙ্গে কথা বলছেন। তিনি ছেলেটাকে স্কুলে ভর্তি করানোর দায়িত্ব নিলেন। শুধু তাই নয়, লেখাপড়া শেষ না হওয়া পর্যন্ত পুরো খরচ বহন করবেন। সঙ্গে থাকা তার অফিসের ক জন কর্মচারীকে বললেন- মানুষের উপকার করাটা দয়া নয়, দায়িত্ব। এভাবেই আমি আর ওই সাহেব মিলে নবাবের দায়িত্ব পালন করেছিলাম।
