ঢাকার একটি অত্যন্ত জনবহুল সড়ক সেন্ট্রাল রোড। প্রতিদিন এই সড়ক দিয়ে হাজার হাজার মানুষ চলাচল করে। সড়কটির দু পাশে অবস্থিত দেশের স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ এবং বিসিএসআইআর স্কুল অ্যান্ড কলেজ। এসব প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিশু শিক্ষার্থী, নারী শিক্ষার্থীসহ অসংখ্য মানুষ নিয়মিত এই সড়ক ব্যবহার করে। এছাড়া হাতিরপুল, ভূতের গলি, মেহেরুন্নেসা স্কুলসহ আশপাশের বিভিন্ন ছোট-বড় শিক্ষা ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের কারণে সেন্ট্রাল রোডে সারাদিনই মানুষের ব্যস্ত চলাচল লক্ষ্য করা যায়। দুঃখজনক হলেও সত্য, এই গুরুত্বপূর্ণ সড়কটির পরিবেশ দিন দিন ভয়াবহ হয়ে উঠছে। \r\nস্থানীয়দের অভিযোগ, আইডিয়াল কলেজের সামনের লেকের পাশের অংশে অসংখ্য রিক্সাচালক প্রকাশ্যে প্রস্র্রাব করার স্থান হিসেবে বেছে নিচ্ছে এই সড়ক। প্রতিনিয়ত এমন অনৈতিক ও অস্বাস্থ্যকর কর্মকাণ্ডের ফলে পুরো এলাকায় তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। এতে পথচারী, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিশেষ করে ছোট শিশু ও নারী শিক্ষার্থীদের জন্য এই পরিবেশ অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও বিব্রতকর হয়ে উঠেছে। অনেক অভিভাবক জানিয়েছেন, দুর্গন্ধ ও নোংরা পরিবেশের কারণে তারা সন্তানদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী। তারা দাবি করেছেন, সড়কের শৃঙ্খলা রক্ষা, পর্যাপ্ত পাবলিক টয়লেট স্থাপন এবং নিয়মিত তদারকির মাধ্যমে এই অস্বাস্থ্যকর পরিস্থিতির স্থায়ী সমাধান জরুরি। নগরবাসীর মতে, একটি শিক্ষাবান্ধব ও সভ্য নগর গড়ে তুলতে হলে এমন গুরুত্বপূর্ণ সড়কে শৃঙ্খলা ও পরিচ্ছন্নতা নিশ্চিত করা এখন সময়ের দাবি।