কয়েক বছর ধরে সংকোচনমূলক মুদ্রানীতি অনুসরণের কারণে নীতি সুদহার, রিভার্স রেপো এবং ট্রেজারি বিল-বন্ডের সুদহার বেশি। বেসরকারি খাতে ঋণের চাহিদা অতিরিক্ত কমে যাওয়ায় বাণিজ্যিক ব্যাংকগুলোতে অলস টাকা বেড়েছে। কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ রেশিও সংরক্ষণ এবং ঋণ বিতরণের পর উদ্বৃত্ত অর্থই এই অলস টাকা। ২০২২ সালের শুরু থেকে সাড়ে তিন বছরে অলস টাকা তিন গুণ হয়ে গেছে। কয়েক লাখ কোটি উদ্বৃত্ত টাকা থাকার পরও বাংলাদেশ ব্যাংক টাকা ছাপিয়ে অর্থ সরবরাহ বাড়াচ্ছে। দুর্বল ব্যাংকগুলোকে তারল্য সহায়তার নামে বিপুল পরিমাণ টাকা ছাপিয়ে দেওয়া হয়েছে। এই ছাপানো টাকার পরিমাণ অপ্রকাশিত রাখা হলেও সার্কুলেশনে থাকা মোট ব্যাংক নোট ও সরকারি নোটের বৃদ্ধি থেকে নিট বৃদ্ধি জানা সম্ভব।
গত ছয় বছরে প্রচলিত টাকার পরিমাণ বেড়ে মুদ্রাবাজার দ্বিগুণ হয়েছে। ২০১৯-২০ অর্থবছরে বৃদ্ধিটা ছিল সবচেয়ে বেশি, পরিমাণে ৫৬ হাজার কোটি টাকা। অর্থাৎ শেখ হাসিনা সরকারই বেশি টাকা ছাপিয়ে দুর্বল ব্যাংকগুলোকে দিয়েছিল। গত ৫ আগস্ট-পরবর্তী গভর্নর টাকা ছাপানো থেকে সরে আসতে চাইলেও রাজনৈতিক সিদ্ধান্তে ছয়টি দুর্বল ব্যাংককে একবারেই সাড়ে ২২ হাজার কোটি টাকা দেয়। সত্যটা এই যে, প্রচলিত টাকার হাতবদলের মাধ্যমে দেশে উৎপাদিত পণ্য ও সেবার ক্রয়-বিক্রয় হয়ে থাকে। বছরপ্রতি হাতবদল হারের খুব একটা পরিবর্তন হয় না। তাই অর্থনীতিবিদ আরভিং ফিশারের বিনিময় সমীকরণ অনুসারে অর্থের পরিমাণ বাড়লে মূল্যস্তর বেড়ে যায়। ছয় বছরে অর্থের পরিমাণের প্রবৃদ্ধি ১৬ শতাংশের বেশি হলেও উৎপাদনের প্রবৃদ্ধি কমতে কমতে ৪ শতাংশের নিচে নেমেছে। তাই যেন মূল্যস্ফীতি দুই অঙ্কের ঘরে উঠেছিল। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকল্পে প্রণীত মুদ্রানীতি ছাড়াও বাজেটে এত শুল্ক ছাড়ের পর মূল্যস্ফীতি ৯ শতাংশের চারপাশে ঘুরছে!
ছাপানো নতুন কিংবা জমানো পুরান টাকা থেকে ডজন খানেক দুর্বল ব্যাংককে বড় অঙ্কের অর্থ সহায়তা সংকোচনমূলক মুদ্রানীতির বিপরীতে ছিল। অবশ্য কেন্দ্রীয় ব্যাংকের কর্তাব্যক্তিরা বন্ডের মাধ্যমে অতিরিক্ত অর্থ তুলে নেওয়ার কথা বলেন। কথাটা অযৌক্তিক এ কারণেই যে, আমানতের প্রবৃদ্ধি বেশি থাকায় অলস টাকা তুলেই শেষ করতে পারছে না। যদিও আর্থিক প্রতিষ্ঠান ও ব্যক্তির অনুকূলে ট্রেজারি বিল-বন্ড নিলামে ওঠে, তবু বাংলাদেশ ব্যাংক নিজে কিনে রেখেও সুদ নেয়। সরকার গৃহীত ঋণ এবং ব্যাংকগুলোকে দেওয়া ঋণের বিপরীতে সুদ আয় অনেক বেশি হওয়ায় গেল বছর কেন্দ্রীয় ব্যাংকের মুনাফা ২৬ হাজার কোটি টাকায় উন্নীত হয়েছে। তবে মৃতপ্রায় ব্যাংকগুলোকে দেওয়া তারল্য সহায়তার ওপর উচ্চ হারে ধার্যকৃত সুদ আয় কেন, মূলধন আদায়েও ঝুঁকি রয়েছে। অথচ কেন্দ্রীয় ব্যাংক পর্যাপ্ত সঞ্চিতি এবং পুনর্গঠন মূলধন না গড়ে মুনাফার পুরো টাকা সরকারি কোষাগারে দিল! আর বাজেট থেকে বিপুল বরাদ্দ চেয়ে সরকারমুখী নির্ভরতায় পড়ে রইল।
এদিকে অলস টাকা নিয়ে ব্যাংকগুলো বেশ ভালো আছে। যার ৬২ শতাংশই শক্তিশালী বেসরকারি ব্যাংকগুলোর হাতে। উচ্চ সুদের বিল-বন্ডে খাটিয়ে তারা মোট আয়ের প্রায় অর্ধেক পেয়ে যাচ্ছে। বেসরকারি খাতে ঋণ দিয়ে কেন মূলধন ঝুঁকি ও পরিচালন খরচ বাড়াবে? তাই কেন্দ্রীয় ব্যাংকের অনুশাসন মেনে ঋণ প্রদানের মানদণ্ড কঠোর করছে! তারই সঙ্গে আমানতের সুদহারও কমাচ্ছে। তাতে ৭.৫ শতাংশ রিভার্স রেপোতে বাংলাদেশ ব্যাংকে স্বল্পকালীন আমানত রেখেও লাভে থাকছে। মুদ্রানীতি যেন অলস টাকাধারী ব্যাংকগুলোকে অলসভাবে সুদ মার্জিনের ব্যবসার সুযোগ দিয়েছে! একটু কম শক্তিশালী ব্যাংক হয়তো ভাবছে, যদি আর একটু বেশি অলস টাকা পেতাম! তবে বিল-বন্ডের দুই অঙ্কের সুদহার কমে এক অঙ্কে নেমেছে। এটি কমবেই, কারণ সরকার উচ্চ সুদহারের বন্ড তুলে নিতে বাই ব্যাক শুরু করেছে।
তাত্ত্বিকভাবে বিনিয়োগ ও কর্মসংস্থানে নেতিবাচক প্রভাব পড়ে বলে সংকোচন মুদ্রানীতি বেশিদিন ধরে রাখাও ঠিক নয়। তবে সুদহার কমলেও ব্যাংকগুলোর মার্জিন ব্যবসার চক্কর ভাঙবে কি? অভিজ্ঞতা বলে, ব্যাংক আমানতের সুদহার কমে শুধু মধ্যবিত্তের আর্থিক ভঙ্গুরতা বাড়বে। অন্যদিকে তারল্য সহায়তার নামে বিপুল অর্থ সরবরাহ ও খরচ করে দুর্বল ব্যাংকগুলোর শৃঙ্খলায় উন্নতি নেই। খেলাপি ঋণ আদায় ও জন-আস্থা তৈরির কাজ না করে তারা বরং বারবার সহায়তার দিকে তাকিয়ে থাকছে। তাদের পুনর্গঠনে বাংলাদেশ ব্যাংক পাঁচ থেকে আট বছর ধরে প্রতিবছর বাজেট থেকে ৬০ হাজার কোটি টাকা চায়। কিছু অর্থ খরচ হলেও খেলাপি ঋণ ও ঋণ-দুর্নীতির গভীর খাদ থেকে ব্যাংকিং খাতকে তুলে জন-আস্থায় ফেরানোর পক্ষে যুক্তি আছে। তবে মরা গাছে ফুল ফোটানোর প্রচেষ্টা কতটা কার্যকর হবে, তা নিয়ে সংশয় আছে।
আমানত ফেরত দেওয়ার নামে প্যারাসিটামল মার্কা তারল্যের দাওয়াই দিয়ে সংকটের সমাধান হবে না। তাই নতুন প্রচেষ্টা শুরুর আগে কোন ব্যাংক টিকবে, তার মূল্যায়ন হওয়া দরকার। আর পুনর্গঠনের মাধ্যমে কীভাবে দুর্বলতা কাটবে সেই পরিকল্পনার ওপর নিবিড় পর্যালোচনা হওয়া বাঞ্ছনীয়। তবে পুনর্গঠনের পরও যদি বেসরকারি খাতে ঋণ চাহিদা না বাড়ে, তার মানে কী দাঁড়াবে? আজ বিনিয়োগ বন্ধ্যত্বের কারণেই ২০২৫-২৬ অর্থবছরে তৃতীয় প্রান্তিকে শিল্প খাতের প্রবৃদ্ধি ঋণাত্মক! এর পেছনের কারণ শুধু উচ্চ সুদহার নয় বলে মুদ্রানীতিতে তার সমাধান নেই। আইনশৃঙ্খলার উদ্বেগ, জ্বালানি অনির্ভরযোগ্য এবং উৎপাদনশীল প্রকল্পে অপ্রত্যাশিত ঝুঁকির মতো নানা সমস্যা সমাধানে সরকারকে প্রতিটি খাতে সংস্কার ও সুশাসন প্রতিষ্ঠা করতেই হবে।
ড. মুহ. আমিনুল ইসলাম আকন্দ: অধ্যাপক, অর্থনীতি বিভাগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় akanda@cou.ac.bd
