হেভি মেটাল শুনতেই প্রথমে মাথায় আসে বা চোখে ভাসে ওজনে ভারী এমন সব ধাতব পদার্থ যেমন, লোহার পাত বা ওজনে ভারী ধাতব বস্ত! প্রকৃতপক্ষে বায়ু, মাটি বা পানি দূষণ নিয়ে সাধারণ মানুষ যতটা সচেতন বা ধারণা রাখে, হেভি মেটাল, মাইক্রো প্লাস্টিক বা এর দূষণ ও উৎস, বিস্তার মাধ্যম নিয়ে অল্প কিছু জন বাদে বেশিরভাগ মানুষের ধারণা এখনো শূন্যের কোটায়। ২০২৩-২০২৪ সালে জাপানের সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের ওশান পলিসি রিসার্চ ইনস্টিটিউট (OPRI) কর্তৃক বাংলাদেশের একটি উপকূলীয় শহর চট্টগ্রামে ভারী ধাতব দূষণ সম্পর্কে সচেতনতা ও এর প্রভাব মূল্যায়ন: একটি ক্রস-সেকশনাল স্টাডি শিরোনামে মাঠ পর্যায়ে গবেষণার আলোকে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এই গবেষণায় ৪০০ জন বিভিন্ন পেশার স্থানীয় বাসিন্দা এবং ৫০ জন বিশেষজ্ঞের সাক্ষাৎকার নেওয়া হয়।

জরিপকৃত বাসিন্দাদের প্রায় ৭৮% চট্টগ্রামে ভারী ধাতুর দূষণ সম্পর্কে অবগত নন, এমনকি এ ধরনের দূষণ সম্পর্কে অনেকে জানেনই না। অংশগ্রহণকারীদের প্রায় ৪০% শিল্প বর্জ্য এবং জাহাজ ভাঙা শিল্পকে দূষণের প্রধান উৎস হিসেবে চিহ্নিত করেছেন। তবে, একটি উল্লেখযোগ্য অংশ (২০%) উৎসগুলো সম্পর্কে কোনো ধারণাই রাখে না। গবেষণায় দেখা গেছে, একজন ব্যক্তির ভারী ধাতুর দূষণ সম্পর্কে সচেতনতার স্তর তাদের সামাজিক, অর্থনৈতিক অবস্থা, প্রাতিষ্ঠানিক শিক্ষা এবং আয়ের স্তর অন্তর্ভুক্ত এবং এর দ্বারা সরাসরিভাবে প্রভাবিত হয়। এক্ষেত্রে উচ্চশিক্ষিত এবং বিষয়ভিত্তিক জ্ঞানসম্পন্ন ব্যক্তিদের মধ্যে সচেতনতা সবচেয়ে বেশি। কিন্তু বিভিন্ন পেশার বেশিরভাগ মানুষেরই এখনো অজানা এ সম্পর্কে।

হেভি মেটাল, মাইক্রোপ্লাস্টিকের ক্ষতিকর দিক, এর উৎস ও বিস্তার মাধ্যম সম্পর্কে সাধারণ মানুষের জানাশোনা এখনো গড়ে উঠেনি।\r\nমূলত ভারী ধাতু হলো এমন এক শ্রেণির মৌল যাদের ঘনত্ব তুলনামূলকভাবে বেশি এবং এরা রাসায়নিকভাবে অত্যন্ত বিষাক্ত। পারদ, সীসা, ক্যাডমিয়াম এবং আর্সেনিকের মতো কিছু ভারী ধাতু প্রাকৃতিকভাবে অল্প পরিমাণে থাকলেও, শিল্পায়ন ও নগরায়নের কারণে এদের মাত্রাতিরিক্ত ব্যবহার ও নির্গমন পরিবেশের জন্য বর্তমানে মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। চট্টগ্রামের কর্ণফুলী নদী এবং এর আশপাশের শিল্প এলাকা, যেমন- সীতাকুণ্ড, ফৌজদারহাট ও কালুরঘাট, থেকে নির্গত বর্জ্য পদার্থ এসব ভারী ধাতুর প্রধান উৎস হিসেবে চিহ্নিত।

এখানে জাহাজভাঙা শিল্প, ট্যানারি, ব্যাটারি কারখানা, টেক্সটাইল ও ডাইং কারখানা এবং রাসায়নিক শিল্প থেকে প্রতিনিয়ত সীসা, ক্রোমিয়াম, নিকেল, ক্যাডমিয়াম এবং পারদের মতো ভারী ধাতু নির্গত হচ্ছে। এসব বিষাক্ত পদার্থ সরাসরি মাটি, পানি ও বায়ুকে দূষিত করে। অ্যালুমিনিয়াম ও নন-স্টিক (টেফলন) এর রান্নার পাত্র থেকেও ক্ষতিকারক উপাদান খাবারের সঙ্গে মিশে যেতে পারে। এর বাইরে পুকুর জলাশয়ের পাড় বাঁধাইয়ের কাজে ব্যবহৃত জিওব্যাগ ও সিগারেটের উচ্ছিষ্ঠাংশ থেকেও মাটি ও পানিতে ভারী ধাতুর নির্গমন ও মাইক্রো প্লাস্টিক দূষণের প্রমাণ পাওয়া গেছে। \r\nউদ্বেগজনক বিষয় হলো খাদ্য শৃঙ্খলে যেকোনো ভারী ধাতু একবার প্রবেশ করলে তা সহজে নষ্ট হয় না।

যেমন, দূষিত পানি থেকে মাছ ও অন্যান্য জলজ প্রাণী এসব ধাতু শোষণ করে, যা পরবর্তীতে মানুষের খাদ্য শৃঙ্খলে অন্তর্ভুক্ত হয়। এর ফলে বায়োম্যাগনিফিকেশন (biomagnification) প্রক্রিয়ায় খাদ্য শৃঙ্খলের উচ্চস্তরের প্রাণীর দেহে এসব ধাতুর ঘনত্ব অনেক বেড়ে যায়, অনেক ক্ষেত্রে তা কয়েকগুণ পর্যন্ত হয়। \r\nদীর্ঘদিন যাবত ভারী ধাতু নিয়ে গবেষণারত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বনবিদ্যা ও পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ও গবেষক ড. মো. সোহাগ মিঞা বলেন, মানব স্বাস্থ্যে ভারী ধাতুগুলোর দ্বিমুখী ভূমিকা রয়েছে; আয়রন, জিঙ্ক এবং কপার-এর মতো অনেক ধাতুই অপরিহার্য মাইক্রোনিউট্রিয়েন্ট যা বিভিন্ন জৈব রাসায়নিক প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয়। এগুলো ট্রেস (অত্যন্ত স্বল্প) ঘনত্বের মধ্যে অ-বিষাক্ত রূপে বিদ্যমান থাকে।

তবে, ট্রেস পরিমাণের চেয়ে বেশি মাত্রায় সংক্রমণ বিষাক্ত হয়ে ওঠে।\r\nঅন্যদিকে, সিসা (lead), পারদ (mercury), ক্যাডমিয়াম (cadmium) এবং আর্সেনিক (arsenic)-এর মতো অনাবশ্যক ভারী ধাতুগুলো কম ঘনত্বেও বিষাক্ত, কারণ তাদের কোনো উপকারী জৈবিক কার্যকারিতা নেই। ভারী ধাতুর বিষক্রিয়া, যা প্রায়শই দূষিত বায়ু, জল বা খাদ্যের মাধ্যমে সঞ্চয়ের (accumulation) ফলে ঘটে, তা অত্যন্ত গুরুতর এবং মারাত্মক স্বাস্থ্য সমস্যার কারণ হতে পারে। এই ধাতুগুলি প্রোটিন এবং এনজাইমের মতো গুরুত্বপূর্ণ কোষীয় উপাদানগুলোর সঙ্গে আবদ্ধ হয়ে তাদের কাঠামো ও কার্যকারিতা ব্যাহত করার মাধ্যমে ক্ষতিকারক প্রভাব ফেলে। এর ফলে অক্সিডেটিভ স্ট্রেস (oxidative stress), ডিএনএ-এর ক্ষতি এবং গুরুত্বপূর্ণ বিপাকীয় প্রক্রিয়াগুলোর বাধা সৃষ্টি হতে পারে।

ভারী ধাতু যেমন আর্সেনিক, সীসা, ক্যাডমিয়াম এবং ক্রোমিয়ামের দীর্ঘমেয়াদি সংক্রমণ স্নায়ুতন্ত্রের ক্ষতি, শিশুদের মানসিক বিকাশে বাধা, গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সমস্যা (বমি, ডায়রিয়া), কিডনি ফেইলিউর এবং বিভিন্ন ক্যান্সার (লিভার, পাকস্থলী, স্তন) সৃষ্টি করে। শিশু ও নারীদের মধ্যে এর প্রভাব বেশি, যা বিকাশগত বিলম্ব এবং প্রজনন সমস্যা ঘটায়।\r\nচট্টগ্রামের কর্ণফুলী নদী এক সময় ছিল শহরের প্রাণ। কিন্তু বর্তমানে এটি শিল্প বর্জ্য, দখল এবং ভারী ধাতুর দূষণের কারণে মৃতপ্রায় নদীতে পরিণত হয়েছে। এই দূষণ শুধু জলজ প্রাণীর জীবনই বিপন্ন করছে না, বরং এর ওপর নির্ভরশীল হাজার হাজার মানুষের জীবিকা ও স্বাস্থ্যকেও হুমকির মুখে ফেলছে। অন্যান্য দূষণের মতো ভারী ধাতুর দূষণ রোধে ব্যাপক গণসচেতনতা ও কার্যকর ব্যবস্থা না নিলে চট্টগ্রামের ভবিষ্যৎ প্রজন্ম এক বিষাক্ত পরিবেশে বেড়ে উঠবে, যা তাদের জন্য মারাত্মক পরিণতি বয়ে আনবে।\r\nভারী ধাতুর দূষণ সম্পর্কে জনজ্ঞানের ঘাটতি লাগবে বিভিন্ন গণমাধ্যমে এর উৎস, বিস্তার মাধ্যম চিহ্নিত করে তুলে ধরতে পারলে সচেতনতা তৈরি হবে ও সুস্থ স্বাভাবিক জীবনের নিরাপত্তা নিশ্চিত হবে। \r\nলেখক : গবেষক