ডেঙ্গু এখন কেবল রোগ নয়, এটি এক শহরে ও নগর, দুঃস্বপ্ন, এক নিঃশব্দ মৃত্যুর সিম্ফনি। নগরের কংক্রিটের ফাঁকে ফাঁকে, অবহেলার বুকে, জলজমা প্লাস্টিকের পাত্রে জন্ম নিচ্ছে একেকটি অদৃশ্য হত্যাকারী এডিস মশা। আমরা যখন উন্নয়নের গান গাই, তখন তার অন্তরালে বাজে মৃত্যু সঙ্গীত। গত কয়েক মাসে সারা দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা অর্ধলক্ষ ছাড়িয়েছে, মৃত্যুও বেড়েছে আশঙ্কাজনক হারে। প্রতিদিনের পরিসংখ্যানে লাল অক্ষরে উঠে আসছে নতুন নাম, নতুন মৃত্যু। হাসপাতালগুলোর বিছানায় জায়গা নেই, জরুরি বিভাগগুলো ক্লান্ত, আর শহরের প্রতিটি অলিতে-গলিতে ছড়িয়ে পড়েছে আতঙ্কের অদৃশ্য ছায়া।\r\nএই পরিস্থিতি কোনো দৈব ঘটনা নয়, এটি বছরের পর বছর ধরে চলা প্রশাসনিক উদাসীনতা, নগর পরিকল্পনার ব্যর্থতা ও জনগণের দায়িত্ববোধের অনুপস্থিতির ভয়াল প্রতিফলন।

একদিকে উন্নয়ন প্রকল্পের ছত্রছায়ায় অবাধে চলছে নির্মাণকাজ, অন্যদিকে সেই নির্মাণস্থলে জমে থাকা পানি হয়ে উঠছে এডিস মশার স্বর্গরাজ্য। ডেঙ্গু এখন মৌসুমি নয়, এটি ‘চিরস্থায়ী ব্যাধি’। জলবায়ু পরিবর্তন, বৃষ্টির অস্বাভাবিক ধারা, অব্যবস্থাপনা সব মিলেই তৈরি হয়েছে মৃত্যুর এক নিখুঁত আবহ।\r\nএডিস মশা দ্বারা আক্রান্ত হয়ে ডেঙ্গু জ্বরের প্রভাব দেখা যায়। বর্ষাকাল এলেই যেন বিদ্যুৎ গতিতে বেড়ে যায় ডেঙ্গু জ্বরের প্রকোপ। জুলাই থেকে অক্টোবর পর্যন্ত ডেঙ্গুর প্রকোপ মাত্রাতিরিক্ত পর্যায়ে চলে যায়। বর্ষার ফলে যেমন বৃষ্টির মাত্রা বেড়ে যায় তদ্রুপ জন্ম নেয় এডিস মশা। এডিস মশা বৃদ্ধির ফলে ঝুঁকি বেড়ে চলছে ডেঙ্গুর কবলে পড়ার।

দেশের বিভিন্ন প্রান্তে ডেঙ্গু, জ্বরের প্রকোপ খুব বেশি প্রভাব বিস্তার করতে পারেনি, অনেকটাই সহনশীল পর্যায়ে রয়েছে। কিন্তু সারাদেশের কেন্দ্র বিন্দু ঢাকায় যেন ডেঙ্গুর ছড়াছড়ি। রীতিমতো ধরা ছোঁয়ার বাইরে চলে যাচ্ছে এবং সংক্রমিত হচ্ছে অনেক মানুষ। এতে পরিস্থিতি ভয়াবহ হয়ে যাচ্ছে।\r\nবর্তমান পরিস্থিতিতে জ্বর হলেই নিজ দায়িত্বে ডেঙ্গু টেস্ট করে নেওয়া বুদ্ধিমানের পরিচয় বহন করে। দায়িত্ব জ্ঞানহীন আচরণে ডেকে আনতে পারে মহা বিপদ এবং একটা পরিবারে নেমে আসতে পারে আকস্মিক আঁধার। কারণ ডেঙ্গু জ্বরে খুব দ্রুত প্লাটিলেট মাত্রা কমতে শুরু করে, যা একজন সুস্থ মানুষের জন্য বিপদের কারণ। রক্তের প্লাটিলেটের স্বাভাবিক মাত্রা দেড় লাখ থেকে শুরু করে সাড়ে চার লাখ পর্যন্ত। যদি ১৫-৩০ হাজারে নেমে আসে খুব বিপজ্জনক। দ্রুত রক্ত দিতে হয়। এত নিচে আসার ফলে রোগী মারাও যেতে পারে। তাই অবহেলা না করে নিজ দায়িত্বে ডেঙ্গু নির্ণয় করতে হবে এবং সুস্থতার জন্য ডাক্তারের শরণাপন্ন হওয়া জরুরি।\r\nডেঙ্গু জ্বরের ক্ষেত্রে সচেতনতা বেশি কার্যকরী। নিয়ম মেনে থাকতে পারলেই দ্রুত সেরে ওঠা যায়। নিজেদের সুরক্ষা নিশ্চিত করতে কিছু কাজ করা বেশি প্রয়োজন। বাড়ির আঙিনা বা ঝোপ জঙ্গল পরিষ্কার রাখতে হবে যেন মশা সৃষ্টি না হয়। দিনে ও রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি টানাতে হবে নিজেকে সুরক্ষিত রাখতে। ওয়াশরুম বা পানি সংযুক্ত জায়গা শুকনো রাখতে হবে। কারণ পানি থেকে জন্ম নিতে পারে এডিস মশা। তাই সচেতনতা রোধ করতে পারে ডেঙ্গু জ্বর।