চীনা মুসলমানগণ গর্বের সাথে দাবি করতে পারেন, ইসলামের প্রাথমিক যুগে বিশে^র পূর্ব দিগন্তে সর্ব প্রথম ইসলামের আলো চীনেই প্রবেশ করে। কয়েকজন সাহাবীও ইসলাম প্রচারের জন্য আরব থেকে চীনে গমন করেন। তারা সেখানে রাষ্ট্রীয়ভাবে সমাদৃত হন এবং সরকারের সমর্থন-সহযোগিতায় স্বাধীনভাবে ইসলাম প্রচারের সুযোগ লাভ করেন। তাদের মধ্যে কেউ কেউ স্বদেশে প্রত্যাবর্তন করলেও কয়েক জন সে দেশেই থেকে যান এবং সেখানেই তাদের ইন্তেকাল হয় বলে ইতিহাসে উল্লেখ পাওয়া যায়। রসুলুল্লাহ (সা.) শিক্ষার উপর গুরুত্ব আরোপ করে বলেছেন, ‘তোমরা শিক্ষার অন্বেষণে চলে যাও চীন দেশে-সুদূরে অবস্থিত হলেও’। গত ১৪ নভেম্বর ২০২৫ (শুক্রবার) দৈনিক ইনকিলাব এর প্রথম পাতায় তিন কলাম ব্যাপী গুয়াংজু (চীন) থেকে ফিরে নূরুল ইসলাম লিখিত ‘মুসলমানদের জন্য সুরক্ষিত স্থাপনা চীনা সরকারের’ শিরোনামের খবরটির প্রতি আমার দৃষ্টি আকর্ষিত হয়েছে। যেখানে বলা হয়েছে, ওয়াংজুতে প্রখ্যাত সাহাবী হজরত সা’দ ইবনে আবি ওক্কাস (রা.) এর কবর ও মসজিদ অবস্থিত।
মূল বক্তব্য উপস্থাপনের অগ্রভাগেই আমরা এ গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণের জন্য চীনা কর্তৃপক্ষকে আন্তরিক সাধুবাদ-ধন্যবাদ জানাই। কেননা মুসলমানদের স্থাপনা সুরক্ষার জন্য চীনা কর্তৃপক্ষের বর্ণিত পদক্ষেপ মুসলিম সরকারগুলোর জন্যও অনুকরণীয় আদর্শ হয়ে থাকবে। প্রকাশিত প্রতিবেদনের প্রথম প্যারায় বলা হয়েছে: ‘এখানেই শায়িত আছেন সেই প্রখ্যাত সাহাবী, যিনি চীনে এসে প্রথম ইসলামের আলো প্রজ্জ্বলিত করেছিলেন’। দ্বিতীয় প্যারাতে বলা হয়েছে: ‘মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রিয় সাহাবী হযরত সাদ ইবনে আবি ওক্কাস (রা.)-এর কবর। ইসলাম প্রচারের সুবাদে তিনি চীনে আগমন করেন এবং এখানেই ইন্তেকাল করেন।’ আমাদের প্রতিপাদ্য সাহাবী হযরত সাদ ইবনে আবি ওক্কাস (রা.); দেড় হাজার বছর যাবত চীনের সাথে মুসলমানদের সম্পর্কের ধারা তার মাধ্যমে বিদ্যমান। চীনা মুসলমানদের হাল অবস্থা অবগত হওয়ার জন্য এবং সেখানে সমাহিত সাহাবীগণের মাজার জিয়ারতের জন্যও অনেক মুসলমান সংশ্লিষ্ট স্থানে গমন করে থাকেন। অনেকে বইপুস্তকে এবং পত্র-পত্রিকায় তাদের সফরনামা প্রকাশ প্রচার করে থাকেন। সাধারণত দেখা যায়, যারা সেই প্রাথমিক প্রচারক সাহাবীদের নাম উল্লেখ করে থাকেন, তারা কবরে-মাজারে স্থাপিত নাম ফলক বা শিলালিপি দেখে তা অনুসরণ করেন। সেটাই প্রচলিত নিয়ম। এ নিয়মকেই নির্ভুল, সঠিক এবং বিশ্বস্তসূত্র হিসেবে সাধারণত গণ্য করা হয়ে থাকে।
এপর্যায়ে উদাহরণ স্বরূপ আমরা মওলানা মুস্তাফীজুর রহমান (১৯১৯-১৯৬০)-এর কথা উল্লেখ করতে চাই। তিনি কলিকাতা-ঢাকা সরকারি আলিয়া মাদরাসায় অধ্যাপক ছিলেন। তিনি সাবেক পূর্ব পাকিস্তানে একটি প্রতিনিধি দলের সঙ্গী হিসেবে চীনে গমন করেছিলেন। তার ‘সফর নাম-ই চীন’ দৈনিক আজাদে ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল। এসব লেখার সংক্ষিপ্তসার ১৯৯৩ সালে প্রকাশিত মওলানা মুস্তাফীজুর রহমান সংকলন গ্রন্থের শেষভাগে স্থান পেয়েছে।
আমরা আলোচনার সুবিধার্থে উক্ত সফর নাম-ই চীন হতে প্রয়োজনীয় অংশ নি¤েœ তুলে ধরছি। তিনি লিখেছেন : ‘১৩ মে বিকালের দিকে শহর দেখতে বেরুব স্থির হল। পশ্চিম পাকিস্তানী সদস্যদের সাথে আলাপে-সালাপে অনেক দেরী হয়ে গেল। তবুও এক্ষণিই বেরিয়ে পড়তেই হবে। তা’ছাড়া অন্য কোন পথ নেই। পশ্চিম পাকিস্তানী সদস্যরা একদিন পূর্ব্বে এসে আমাদের জন্য কাষ্টমে অপেক্ষা করছিলেন, কাজেই কাল সকালে পিকিং এর পথে রওয়ানা হতেই হবে। সৈয়দ হোসাইন ইমাম বল্লেন: আর যাই হোক, রওযা-ই-আবী ওক্কাস যিয়ারত করা চাই। গতকাল সেখানে ঈদের মেলা বসেছিল, আমরাও গিয়েছিলাম। যিয়ারত করে এলাম। বড় মুবারক জায়গা। দেরী না করে চলে যাও। একজন দোভাষী সঙ্গে থাকা চাই। সে পথেই সানইয়াৎ সে মেমোরিয়াল হ’ল। বিরাট কীর্ত্তি। একত্রে পাঁচ হাজার লোক বসতে পারে সেখানে। খুটো ছাড়া বিরাট চীনা কায়দায় ইমারৎ। সম্ভবপর হলে তাও দেখবে। আমরা গতকাল দেখে এসেছি।
যথাসময়ে আমরা রওযা-ই-আবী ওক্কাসের এলাকায় হাজির হ’লাম। বড় শান্ত পরিবেশ রওযা মুবারিকের। এ অঞ্চলকে বলা হয় ‘ফুলের পুল’। চীন দেশের গাছপালা, লতাপাতা বড় সুন্দর। ফারসী সাহিত্যের নিগারিস্তান-ই-চীন মশহর কথা।... রওযা-ই-আবী ওককাসের এলাকার অনেকখানি জুড়ে আছে ফুলের বাগিচা। নানা বর্ণের গন্ধের ফুল। তার পাশর্^ দিয়ে একটা ছোট নদী প্রবাহমান। তার-ই উপর একটা ছোট পুল। সব এলাকাকে বলা হয় ‘ফুলের পুল’। পুলের পাশের্^ একেবারে নদীর ধারে একটা ছোট মসজিদ। মসজিদটি কবে গড়ে উঠেছে, কেউ বলতে পারে না। কবে দুনিয়ার এ প্রান্তে আযানের আওয়ায ধ্বনিত হয়েছে- সঠিকভাবে তাও কেউ বলতে পারে না। শুধু বলা হয়, অনেক আগের-হাজার বৎসর আগের এই মসজিদ। মসজিদে শক্ত করে তালা আঁটা। মযবুৎ করে খিল দেওয়া মসজিদের দুয়ারে। কবে কোন কারণে তালা দেওয়া হয়েছে তাও কেউ বলতে পারে না। আমরা আমাদের পূর্ব্ব পুরুষগণ-তাদের পূর্ব্ব পুরুষরাও রেখেছেন তালা বন্ধ দরওয়াযা, সবাই এ কথা বলে। আলেমুল গায়েবই জানেন-এ রহস্য। বহু অজানা তথ্য বক্ষে বরণ করে পাষাণে গড়া ছোট্ট মসজিদটি কালের বুকে একটা জিজ্ঞাসার ন্যায়ই দাঁড়িয়ে আছে ফুলের পুলের পাশের্^।
খানিকটা এগিয়ে গেলে দক্ষিণ পশ্চিমে রওযা-ই-আবী ওক্কাস। একটা বিরাট এলাকা পাহাড়ের গায় ঢালু পাহাড়ের পথ বেয়ে কিঞ্চিৎ উপরে একটা বড় মসজিদ। একটা বড় মাযার। সেহান এবং ইমামের ঘর ইত্যাদি প্রায় সবটা দামী কালো মার্বেলে তৈরী। বাইরে আরবী সোনালী হরফে খোদাই করা: আরবিতে রওযা-ই-আবী ওককাস লেখা আছে। তোগরা কায়দায় চমৎকার লেখা। ভিতরে ডানে, বামে পাথরের দেওয়ালে চীনা ভাষায় কুরআন মজিদের তর্জ্জমা। বিরাট দেওয়ালে বিস্তৃত স্থান জুড়ে আল্লার কালামের চীনা তর্জ্জমা। তারই পাশের্^ রওযা দাখেল হওয়ার ফটক, ফটকের উপরে সোনালী তোগরা হরফে খোদাই করা। অতঃপর মওলানা সাহেব শীলা লিপিতে খোদাই করা মসজিদের প্রবেশের আরবি দোয়া, কলেমা তাইয়্যিবা ইত্যাদি উদ্ধৃত করেন। অতঃপর তিনি তার সফর বৃত্তান্ত এভাবেই শেষ করেন: ‘সাঁঝের আঁধার ঘনিয়ে এল। প্রায় সবাই চলে গিয়েছেন। আমি তখনও শীলালিপি উদ্ধার করছি। এক্ষণই চলে যেতে হবে। কেমন যেন একটা অতৃপ্ত বাসনা মনে রয়ে গেল। রওযা-ই-আবী ওককাস-তার দু’ধারে আরও বহু মাযার। সবগুলোর শীলালিপি উদ্ধার করলে একটা চমৎকার যোগসূত্র রচিত হতে পারে-এ সব লোকের মূল ইতিহাসের সাথে। সময় ও ক্যামেরার অভাবে আমাদের পক্ষে তা সম্ভব হয়নি। কবে কোন যুগে গিরি-দরী-মরু-প্রান্তর অতিক্রম করে সুদূর আরব হতে এরা এসেছেন এই দূর দেশে। এ ইতিহাস আবিষ্কৃত হওয়া উচিত।’
হজরত সা’দ ইবনে আবি ওক্কাস (রা.) চীন সফরে গমন করেছিলেন এবং সেখানেই তার ওফাত হয়, সেখানেই দাফন করা হয়, এরূপ কোন তথ্য ‘রিজাল শাস্ত্রের’, সীরাত গ্রন্থাবলির এবং ‘আশারায়ে মোবাশ্বারা’ (বেহেশতের সুসংবাদ প্রাপ্ত দশ জন) প্রভৃতির কোনটিতে আছে বলে জানা নেই। সাহাবী চরিত গ্রন্থাবলীতেও এরূপ তথ্যের সন্ধান পাওয়া যায় না। তবে যারা চীন সফর করেছেন, তাদের অনেকেই সফর অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে এরূপ তথ্য পরিবেশন করেছেন, যার কিছু নমুনা আমরা উপরে তুলে ধরেছি।
সুবিখ্যাত মেশকাত শরীফের শেষে বর্ণিত ‘ইকমাল ফি আসমায়ির রিজাল’ নামক ভূমিকায় লেখক শায়খ ওয়ালি উদ্দীন (রহ.)-এর উর্দু সংস্করণে ‘ছীন’ হরফের প্রথমে হজরত সা’দ ইবনে আবি ওককাস (রা.)-পরিচিতি দেয়া হয়েছে। উদাহরণ স্বরূপ বলা হয় যে, সা’দ ইবনে আবি ওক্কাস এর কুনিয়াত বা উপনাম আবু ইসহাক। তার পিতা আবু ওক্কাসের নাম মালেক ইবনে ওহাইব। জোহরী গোত্রের-কোরেশ বংশের তিনি ছিলেন সে দশ জনের একজন, যার সম্পর্কে রসুলুল্লাহ (সা.) জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন। সা’দ শুরুতেই ইসলাম গ্রহণ করেছিলেন, তখন তার বয়স ছিল ১৭ বছর। তার নিজের বর্ণনা: ‘আমি ইসলাম গ্রহণকারীদের মধ্যে তৃতীয় ব্যক্তি এবং আমিই আল্লাহর পথে তীর নিক্ষেপকারী প্রথম ব্যক্তি’। সকল যুদ্ধে তিনি রসুলুল্লাহ (সা.)-এর সঙ্গে শরিক ছিলেন। তিনি অত্যন্ত ‘মোস্তাজাবুত দাওয়াত’ ছিলেন অর্থাৎ তিনি কোন দোয়া করলে সে দোয়া কবুল হত বলে প্রসিদ্ধ। তার বদদোয়াকে লোকেরা ভয় করত এবং তার নিকট তারা কল্যাণের দোয়া কামনা করত। লেখার শেষ দিকে বলা হয়েছে, মদীনার নিকটবর্তী ‘আতীক’ নামক স্থানে নিজ ভবনে তিনি ইন্তেকাল করেন এবং লোকেরা তাকে কাঁধে করে মদীনায় নিয়ে যায়। তখন মারওয়ান ইবনুল হাকাম ছিলেন মদীনার শাসনকর্তা, তিনি তার জানাজার নামাজ পড়ান। ‘বাকী’ নামক স্থানে তাকে দাফন করা হয়। এ ঘটনা হিজরী ৫৫ সালের। তার বয়স ছিল সত্তরোর্ধ। তিনি ‘আশারায়ে মোবাশ্বারার’ অন্তর্ভূক্ত ছিলেন। সকলের পরে (সাহাবীর) তাঁর ইন্তেকাল হয়। হজরত উমর (রা.) ও হজরত উসমান (রা.) তাকে কূফার শাসন কর্তা নিযুক্ত করে ছিলেন। তার কাছ থেকে একটি বড়দল ও তাবেঈগণ হাদীস বর্ণনা করেছেন।
আমরা হজরত সা’দ ইবনে আবি ওক্কাস (রা.)-এর নির্ভর যোগ্য ও বিশ্বস্ত বর্ণনাটি উপস্থাপন করেছি। এতে তার চীন সফরের কোথাও আভাস পর্যন্ত নেই। আমাদের মনে হয়, নাম বিভ্রাটের কারণে এরূপ একটি ‘গলদ’ বিগত দেড় হাজার বছর ধরে চলে আসছে, এজন্য সেকালের চীনা কর্তৃপক্ষ এবং পরবর্তীকালের পর্যটক লেখক কেউকে দায়ী করা যায় না, যুগের পর যুগ ধরে এ ভুলের পুণরাবৃত্তির শেষ নেই, এখনও চলছেই।
কিন্তু বিস্ময়ের বিষয় এই যে, একজন চীন ভ্রমণকারী পাকিস্তানী মওলানা (সম্ভবত মওলানা আব্দুল হামেদ বদায়ুনী) এর মনে খুৎ খুৎ করছিল, তিনিও বিগত শতকের সত্তরের দশকে চীন সফরে গিয়েছিলেন এবং বিশিষ্ট সাহাবী হজরত সা’দ ইবনে আবি ওক্কাস (রা.) এর নাম দেখে বিষয়টি অনুসন্ধান করে আবিষ্কার করেন ‘উকাজ’ নামক এক সাহাবী ছিলেন সেই সফরকারী দলে। তাঁর মতে চীনা কর্তৃপক্ষের নিকট সফরকারী দলের নাম ঠিকানা প্রদানের সময় এই বিভ্রাটটি ঘটেছে, অর্থাৎ উকাজ-এর পরিবর্তে ওক্কাস প্রদান করা হয়ে থাকতে পারে। আল্লাহই ভাল জানেন।
‘উকাজ ও ওক্কাস’-এ উভয় নামের বানানের মধ্যে কিছুটা তফাৎ থাকলেও উচ্চারণগত সাদৃশ্য থাকায়, সেকালে যে বিভ্রাটের সৃষ্টি হয়েছিল, তা এখনও চলমান। বিজ্ঞানের এ আধুনিক যুগে যোগাযোগ-প্রচার মাধ্যমের ফলে যে অভূতপূর্ব উন্নয়ন প্রসারের যে ধারা প্রবাহিত, একদিকে তা যেমন বিভ্রান্তি, অপপ্রচার ও মিথ্যাচারের মহাসাগর জন্ম নিয়েছে, অপরদিকে তেমনি ভুল ভ্রান্তি বিরসন ও সঠিক তথ্য উপাত্ত সংগ্রহ পরিবেশনের সহস্র উপায় উপকরণ সুলভ করে দিয়েছে। পরিশেষে আমরা চীনা সরকার ও সউদী সরকারের আশুদৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে, হুজুর (সা.)-এর মামাতো ভাই হিসেবে খ্যাত ‘মোস্তাজাবুত দাওয়াত’, ‘আশারায়ে মোবাশ্বারা’-এর অন্তর্ভুক্ত এই বিখ্যাত সাহাবী সংক্রান্ত সত্য তথ্যটি উদঘাটন করা মোটেই অসম্ভব নয়, প্রয়োজন কেবল উভয় সরকারের মধ্যে বিষয়টি নিয়ে ঘনিষ্ঠ যোগাযোগ রক্ষা করা।
