একটি রাষ্ট্রের উন্নয়নের প্রধান কারিগর হলো তার অবকাঠামোগত উন্নয়ন। রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট একটি জনপদের অর্থনৈতিক ও সামাজিক চিত্র বদলে দেয়। কিন্তু সম্প্রতি দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা খবরগুলো আমাদের আতঙ্কিত করে তোলে। কোথাও দেখা যায় মাইলের পর মাইল রাস্তা নেই কিন্তু জনশূন্য বিলে দাঁড়িয়ে আছে কোটি টাকার ব্রিজ, আবার কোথাও দেখা যায় উদ্বোধনের আগেই ধসে পড়ছে নবনির্মিত স্থাপনা। জামালপুরের সরিষাবাড়ীর যমুনার ধুধু বালু চরে রাস্তা ছাড়াই কোটি টাকার ব্রিজের ঘটনাটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে, দেশে ‘পরিকল্পনাহীন উন্নয়ন’ এবং ‘সরকারি অর্থ তছরুপের’ এক ভয়াবহ সংস্কৃতি জেঁকে বসেছে।

একটি প্রকল্প যখন গ্রহণ করা হয়, তখন সেটি বাস্তবায়নের আগে কয়েক ধাপের যাচাই-বাছাই ও পরিদর্শন প্রক্রিয়া থাকে। উপ-সহকারী প্রকৌশলী থেকে শুরু করে উচ্চপদস্থ কর্মকর্তারা প্রকল্প এলাকা পরিদর্শন করেন, এর জনগুরুত্ব ও উপযোগিতা যাচাই করেন এবং এরপরই বরাদ্দ অনুমোদিত হয়। প্রশ্ন জাগে, যখন জনমানবহীন বা সংযোগ সড়কবিহীন স্থানে কোটি টাকার ব্রিজ বরাদ্দ দেওয়া হয়, তখন এই পরিদর্শনকারী কর্মকর্তাদের চোখ কোথায় থাকে? তারা কি অন্ধ ছিলেন, নাকি ঠিকাদারের সঙ্গে যোগসাজশে ‘টেবিল সার্ভে’র মাধ্যমে প্রকল্প পাস করেছেন?

সাধারণ মানুষের করের টাকায় প্রতিটি ইট-পাথর কেনা হয়। সেই টাকার সুরক্ষা দেওয়া সরকারি কর্মকর্তাদের পবিত্র দায়িত্ব। কিন্তু বাস্তবে দেখা যায়, অনেক ক্ষেত্রেই কর্মকর্তারা নিজেদের পকেট ভারী করতে অহেতুক প্রকল্প তৈরি করেন। একে বলা হয় ‘প্রকল্প বিলাস’। যেখানে রাস্তা নেই সেখানে ব্রিজ দেওয়া, আর যেখানে ব্রিজ দরকার সেখানে বছরের পর বছর মানুষকে বাঁশের সাঁকোয় পার হতে দেওয়া—এই বৈষম্যই প্রমাণ করে যে উন্নয়ন এখন জনমুখী নয়, বরং ‘কমিশনমুখী’ হয়ে পড়েছে।

দায় এড়ানোর সংস্কৃতি এখন চরম আকার ধারণ করেছে। কোনো অনিয়ম ধরা পড়লে অধস্তন কর্মকর্তারা উচ্চপদস্থদের দোহাই দেন, আর ঊর্ধ্বতনরা দায় চাপান পরিস্থিতির ওপর। কিন্তু মাঠ পর্যায়ে যারা প্রকল্প পরিদর্শন করে বাস্তবায়নের অনুমতি দিচ্ছেন, তারা কোনোভাবেই এই দায় এড়াতে পারেন না। তাদের দেওয়া ভুল প্রতিবেদনের কারণেই রাষ্ট্রের কোটি কোটি টাকা গচ্চা যায়। অথচ এই বিশাল অর্থের অপচয়ের জন্য আজ পর্যন্ত কতজন কর্মকর্তার দৃষ্টান্তমূলক শাস্তি হয়েছে, তা এক বড় প্রশ্ন।

এখন সময় এসেছে এই লুটপাট আর দায়িত্বহীনতার লাগাম টেনে ধরার। সারাদেশে ছড়িয়ে থাকা এই ধরণের ‘ভুতুড়ে প্রকল্পগুলোর’ একটি পূর্ণাঙ্গ তালিকা করা প্রয়োজন। যারা এই সব প্রকল্পের ফাইল অনুমোদন করেছেন, যারা সরেজমিনে পরিদর্শন করে মিথ্যা প্রতিবেদন দিয়েছেন এবং যারা নিম্নমানের কাজ তদারকি করেছেন—তাদের প্রত্যেককে আইনি প্রক্রিয়ায় জবাবদিহিতার আওতায় আনতে হবে। কেবল বদলি বা শোকজ নয়, বরং জনগণের টাকা আত্মসাতের দায়ে ফৌজদারি অপরাধে তাদের বিচার হওয়া উচিত।

প্রশাসনিক সংস্কারের বড় অংশ হওয়া উচিত স্বচ্ছতা নিশ্চিত করা। প্রতিটি প্রকল্পের তথ্য অনলাইনে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত রাখতে হবে যাতে স্থানীয় জনগণ তদারকি করতে পারে। মনে রাখতে হবে, উন্নয়ন তখনই সার্থক হয় যখন তা মানুষের দুর্ভোগ কমায়। স্রেফ ইট-পাথরের কাঠামো দাঁড়িয়ে থাকা মানেই উন্নয়ন নয়, যদি তা জনগণের কোনো কাজে না আসে। রাষ্ট্রীয় অর্থের তছরুপ বন্ধ করতে হলে অসাধু কর্মকর্তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করার বিকল্প নেই।

আমরা একটি ‘নতুন বাংলাদেশ’ গড়ার স্বপ্ন দেখছি। এই নতুন বাংলাদেশে দুর্নীতির কোনো স্থান থাকার কথা নয়। আশা করি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জেগে উঠবে এবং জনগণের অর্থের এই নির্মম অপচয় রোধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।

শেখ ফরিদ

কবি ও গণমাধ্যমকর্মী