সুনামগঞ্জ অসংখ্য হাওর-বিল সমৃদ্ধ একটি জনপদ। এসব বিল দেশের গুরুত্বপূর্ণ প্রাকৃতিক জলাধারের উৎস। যেখানে বিভিন্ন প্রজাতির দেশীয় মাছ জন্মায় ও বেড়ে ওঠে। স্থানীয় মানুষের আমিষের চাহিদা পূরণে এই বিলগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তুদুঃখজনক বিষয় হলো, সাম্প্রতিক বছরগুলোতে কিছু অসাধু ব্যক্তি প্রতিহিংসা কিংবা অবৈধভাবে মাছ আহরণের উদ্দেশ্যে বিলের পানিতে বিষ প্রয়োগ করে নির্বিচারে মাছ নিধন করছে। পরবর্তীতে সেই বিষাক্ত মাছ চুরি করে বাজারে বিক্রি করা হচ্ছে। এই অনৈতিক কর্মকাণ্ডের ফলে একদিকে বিলের প্রকৃত মালিকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, অন্যদিকে জলজ পরিবেশ মারাত্মকভাবে বিপর্যস্ত হচ্ছে। একই সঙ্গে বিষাক্ত মাছ ভক্ষণ করে সাধারণ মানুষও স্বাস্থ্যঝুঁকির মুখে পড়ছে। তাই পরিবেশ সংরক্ষণ ও জনস্বাস্থ্য রক্ষার স্বার্থে অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং বিলগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সদয় দৃষ্টি আকর্ষণ করছি।