ভোর হয়। কুয়াশাভেজা পাহাড়ের ঢালে ঝুড়ি কাঁধে পিঠ বাঁকিয়ে দাঁড়িয়ে যান নারী-পুরুষেরা। আঙুলের ডগায় দুটি পাতা একটি কুঁড়ি তোলার যে ছন্দ আমরা মুগ্ধ হয়ে দেখি, তার আড়ালে লুকানো থাকে এক দীর্ঘ দীর্ঘশ্বাসের ইতিহাস। ১৭৫৭ সালে পলাশীর প্রান্তরে যে ঔপনিবেশিক শোষণের বীজ বপন করা হয়েছিল, ১৮৪০-এর দশকে সিলেট ও আসামে চা-শিল্পের গোড়াপত্তনের মাধ্যমে তা এক প্রাতিষ্ঠানিক রূপ পায়। আজ ২০২৬ সাল; কিন্তু চা-বাগানে সরকার বদলায়, শাসক বদলায়, শুধু বদলায় না শ্রমিকের ভাগ্য।

সিলেটের মালিনীছড়া থেকে শ্রীমঙ্গল—সবখানেই শ্রমিকের কণ্ঠে একই হাহাকার: "সরকার বদলায়, কিন্তু আমাদের জীবনে সুখ আসে না।" বর্তমান বাজারে একজন মানুষের কেবল ন্যূনতম খাদ্য ব্যয়ই যেখানে দৈনিক ২৫০ টাকা, সেখানে ছয় সদস্যের একটি পরিবারের জন্য প্রয়োজন অন্তত ১,২০০ থেকে ১,৫০০ টাকা। অথচ মালিকপক্ষ রেশন, বাসস্থান আর উৎসব ছুটির গাণিতিক মারপ্যাঁচে দৈনিক ৫৬০ টাকার এক বিভ্রান্তিকর প্রচার চালাচ্ছে। বাস্তবে শ্রমিকের হাতে যে নগদ টাকা থাকে, তা দিয়ে এই আকাশছোঁয়া মূল্যস্ফীতির যুগে টিকে থাকা স্রেফ অলৌকিক কল্পনা।

প্রতিবেশী দেশগুলোর দিকে তাকালে আমাদের এই বৈষম্য আরও প্রকট হয়ে ধরা দেয়। ভারতে একজন চা-শ্রমিকের দৈনিক মজুরি ৩৪০ থেকে ৬৮০ টাকা, আর চরম অর্থনৈতিক সংকটে থাকা শ্রীলঙ্কায় তা প্রায় ৬৭০ টাকা। বাংলাদেশে যখন পোশাক শ্রমিকদের ইনক্রিমেন্ট কিংবা সরকারি কর্মচারীদের জন্য নতুন পে-কমিশনের তোড়জোড় চলে, তখন চা-শ্রমিকরা রয়ে যান সেই আদ্যিকালের অন্ধকার কুঠুরিতে। ২০২৩ সালের যে গেজেটটি নিয়ে শ্রমিকদের এত ক্ষোভ, তা কি সত্যিই শ্রমিক স্বার্থ রক্ষা করছে, নাকি মালিকপক্ষের মুনাফা নিশ্চিতের হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে—তা আজ বড় প্রশ্ন।

শ্রমিকদের আরেকটি গভীর উদ্বেগের জায়গা হলো ভূমি। বংশপরম্পরায় যে ভূমিতে তারা শ্রম দিয়ে আসছেন, এখন উন্নয়নের নামে বা বিভিন্ন অজুহাতে সেই জমি বেদখল হয়ে যাচ্ছে। চা-শ্রমিকদের এই ভূমির অধিকার কেড়ে নেওয়া মানে তাদের শিকড় থেকে বিচ্ছিন্ন করা।

আজ চা-শ্রমিকরা যখন দৈনিক ১,০০০ টাকা মজুরি আর ১৫ শতাংশ বার্ষিক ইনক্রিমেন্টের দাবি তোলেন, তখন একে ‘বিলাসী দাবি’ ভাবার কোনো সুযোগ নেই। এটি মানুষের মতো বেঁচে থাকার ন্যূনতম শর্ত। রাষ্ট্র যখন ডিজিটাল থেকে স্মার্ট হওয়ার স্বপ্ন দেখে, তখন চা-বাগানের এই ‘আধুনিক দাসত্ব’ টিকিয়ে রাখা জাতীয় লজ্জা ছাড়া আর কিছু নয়।

চা-শ্রমিকদের ন্যায্য মজুরির লড়াই কেবল একটি শিল্পের প্রশ্ন নয়; এটি মানবিক মর্যাদা, সাংবিধানিক ন্যায্যতা এবং সামাজিক ন্যায়ের প্রশ্ন। রাষ্ট্র ও মালিকপক্ষকে বুঝতে হবে, শ্রমিকের পেটে ক্ষুধা রেখে যে চায়ের কাপে আমরা চুমুক দিই, তার স্বাদ কখনোই সুমধুর হতে পারে না। এই ১৭০ বছরের বঞ্চনার অবসান ঘটিয়ে চা-শ্রমিকদের প্রকৃত নাগরিক মর্যাদা দেওয়া এখন সময়ের দাবি।

শেখ ফরিদ

কবি ও গণমাধ্যমকর্মী