ডিসেম্বর মাস এলেই বাংলাদেশের সর্বস্তরের মানুষের হৃদয়ে এক অনন্য আবেগ জেগে ওঠে। এই মাস আমাদের ইতিহাস, আত্মত্যাগ আর সংগ্রামের স্মৃতি নতুন করে জাগিয়ে তোলে। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর অর্জিত স্বাধীনতা শুধু একটি যুদ্ধের সমাপ্তি ছিল না, ছিল একটি জাতির আত্মপরিচয়ের চূড়ান্ত ঘোষণা।

লাখো শহীদের রক্ত, মা-বোনদের সীমাহীন ত্যাগ আর সাধারণ মানুষের অসীম কষ্টের বিনিময়ে জন্ম নেওয়া এই দেশ একটি স্বপ্নকে সামনে রেখে যাত্রা শুরু করেছিল। সেই স্বপ্নে ছিল গণতন্ত্র, সামাজিক সমতা, ধর্মনিরপেক্ষতা, ন্যায়বিচার এবং মর্যাদাপূর্ণ মানব জীবনের নিশ্চয়তা। স্বাধীনতার পঞ্চাশ বছরের বেশি সময় পেরিয়ে গেলেও আজ আমাদের স্বীকার করতে হয়, সেই স্বপ্নের পূর্ণ বাস্তবায়ন এখনো সম্পন্ন হয়নি। বাংলাদেশের জন্ম ছিল বিশ্ব ইতিহাসে এক বিস্ময়কর অধ্যায়। পাকিস্তানি শাসনের দুই দশকে বাঙালি জাতি রাজনৈতিক বঞ্চনা, অর্থনৈতিক শোষণ ও সাংস্কৃতিক নিপীড়নের শিকার হয়েছিল। ভাষা আন্দোলন থেকে শুরু করে ছয় দফা, গণঅভ্যুত্থান এবং শেষ পর্যন্ত সশস্ত্র মুক্তিযুদ্ধ, এই দীর্ঘ সংগ্রাম বাঙালির চেতনাকে শাণিত করেছিল।

যখন নিরস্ত্র জনগোষ্ঠী একটি শক্তিশালী সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে নেমেছিল, তখন বিশ্বের অনেকেই ছিল সন্দিহান। কিন্তু নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধ প্রমাণ করেছিল, স্বাধীনতার আকাক্সক্ষা হলে তা কোনো শক্তির কাছেই পরাজিত হয় না। এই বিজয় ছিল শুধু সামরিক নয়, ছিল ভাষা, সংস্কৃতি ও আত্মমর্যাদার বিজয়। স্বাধীনতার পর বাংলাদেশকে শুরু করতে হয়েছিল শূন্য থেকে। যুদ্ধবিধ্বস্ত অবকাঠামো, ভেঙে পড়া অর্থনীতি, খাদ্যসংকট আর বাস্তুহারা মানুষের দীর্ঘ সারি ছিল সেই সময়ের বাস্তবতা। আন্তর্জাতিকভাবে সদ্য জন্ম নেওয়া এই রাষ্ট্রকে ঘিরে ছিল নানা অনিশ্চয়তা। তবুও বাংলাদেশ ধীরে ধীরে ঘুরে দাঁড়িয়েছে। কৃষিতে স্বয়ংসম্পূর্ণতার পথে অগ্রগতি, শিল্পখাতের বিস্তার, বিশেষ করে গার্মেন্টস শিল্পের উত্থান, প্রবাসী আয়ের অবদান এবং সামাজিক সূচকের কিছু উন্নতি দেশকে একটি নতুন অবস্থানে নিয়ে গেছে। এই অগ্রগতি অস্বীকার করার সুযোগ নেই। কিন্তু উন্নয়নের এই সংখ্যাগত সাফল্যের আড়ালে যদি আমরা মুক্তিযুদ্ধের মূল চেতনার আলোকে তাকাই, তাহলে অপূর্ণতার ছবিটাই বেশি স্পষ্ট হয়ে ওঠে।

গণতন্ত্র ছিল মুক্তিযুদ্ধের অন্যতম প্রধান দাবি। জনগণের ভোটে নির্বাচিত সরকার, মত প্রকাশের স্বাধীনতা এবং আইনের শাসন ছিল স্বাধীন রাষ্ট্রের ভিত্তি। অথচ স্বাধীনতার পর থেকেই বাংলাদেশের গণতান্ত্রিক পথচলা বারবার ব্যাহত হয়েছে। সামরিক শাসন, রাজনৈতিক সহিংসতা, ক্ষমতার কেন্দ্রীভবন এবং বিরোধী মতের প্রতি অসহিষ্ণুতা গণতন্ত্রকে দুর্বল করেছে। নির্বাচন ব্যবস্থা নিয়ে অনাস্থা, বিরোধী রাজনৈতিক শক্তির জন্য সীমিত পরিসর এবং রাষ্ট্রযন্ত্রের দলীয়করণ জনগণের অংশগ্রহণমূলক শাসনকে বাধাগ্রস্ত করেছে। গণতন্ত্র যখন কেবল আনুষ্ঠানিক কাঠামোয় সীমাবদ্ধ থাকে, তখন তার আত্মা হারিয়ে যায়। এই বাস্তবতা মুক্তিযুদ্ধের চেতনাকে প্রশ্নের মুখে দাঁড় করায়। সমতার স্বপ্ন ছিল স্বাধীনতার আরেকটি মৌলিক অঙ্গীকার।

সকল নাগরিকের জন্য সমান সুযোগ ও অধিকার নিশ্চিত করার কথা বলা হয়েছিল। কিন্তু বাস্তবে সমাজে বৈষম্য বেড়েই চলেছে। ধনী ও দরিদ্রের ব্যবধান আগের যেকোনো সময়ের চেয়ে বেশি দৃশ্যমান। একদিকে সীমাহীন ভোগবিলাস, অন্যদিকে ন্যূনতম খাদ্য, চিকিৎসা ও বাসস্থানের জন্য সংগ্রামরত মানুষ। এই বৈষম্য শুধু আয়ের ক্ষেত্রে নয়, শিক্ষা, স্বাস্থ্য ও অন্যান্য মৌলিক সেবার ক্ষেত্রেও প্রকট। অর্থনৈতিক প্রবৃদ্ধি যদি কেবল সীমিত গোষ্ঠীর মধ্যে কেন্দ্রীভূত হয়, তবে তা সামাজিক ন্যায় নিশ্চিত করতে পারে না। গ্রাম ও শহরের বৈষম্য এই চিত্রকে আরও জটিল করে তুলেছে। শহরকেন্দ্রিক উন্নয়নের ফলে গ্রামীণ এলাকাগুলো অনেক ক্ষেত্রে পিছিয়ে পড়েছে। মানসম্মত শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান ও অবকাঠামোর অভাব গ্রামবাসীকে শহরমুখী করেছে।

এর ফলে শহরে অপরিকল্পিত নগরায়ন, বস্তির বিস্তার, পরিবেশ দূষণ ও সামাজিক সংকট বাড়ছে। গ্রাম ও শহরের মধ্যে ভারসাম্যপূর্ণ উন্নয়ন ছাড়া টেকসই অগ্রগতি সম্ভব নয়। লিঙ্গ বৈষম্য বাংলাদেশের সমাজে এখনো গভীরভাবে প্রোথিত। শিক্ষায় নারীদের অংশগ্রহণ বেড়েছে, এটি একটি ইতিবাচক দিক। কিন্তু কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ, বেতন সমতা ও নিরাপত্তা এখনো নিশ্চিত নয়। সামাজিক দৃষ্টিভঙ্গি, পারিবারিক সহিংসতা, বাল্যবিয়ে ও যৌতুকের মতো সমস্যাগুলো নারীর অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করছে। রাজনীতিতে নারীর উপস্থিতি সংখ্যাগতভাবে বাড়লেও সিদ্ধান্ত গ্রহণের স্তরে তাদের প্রভাব সীমিত। নারী-পুরুষের প্রকৃত সমতা প্রতিষ্ঠা না হলে মুক্তিযুদ্ধের স্বপ্ন অসম্পূর্ণই থেকে যাবে।

ধর্মীয় স্বাধীনতা অর্থে ধর্মনিরপেক্ষতা ছিল স্বাধীন বাংলাদেশের সংবিধানের একটি মূল স্তম্ভ। কিন্তু এই নীতি বারবার আঘাতপ্রাপ্ত হয়েছে। ধর্মের নামে রাজনীতি, সাম্প্রদায়িক সহিংসতা এবং সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি বৈষম্য সামাজিক সম্প্রীতিকে দুর্বল করেছে। সংখ্যালঘুদের নিরাপত্তাহীনতা শুধু তাদের সমস্যা নয়, এটি পুরো সমাজের জন্য একটি অশনিসংকেত। প্রকৃত ধর্মনিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয়, বরং সকল ধর্মের মানুষের জন্য সমান অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা। পার্বত্য চট্টগ্রামের আদিবাসী জনগোষ্ঠীর প্রশ্নও মুক্তিযুদ্ধের অসমাপ্ত এজেন্ডার অংশ। স্বাধীনতার পর থেকে তারা ভূমি অধিকার, সাংস্কৃতিক স্বীকৃতি ও রাজনৈতিক ক্ষমতায়নের দাবিতে সংগ্রাম করে যাচ্ছে।

১৯৯৭ সালের পার্বত্য চুক্তি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলেও তার পূর্ণ বাস্তবায়ন আজও হয়নি। এই অঞ্চলে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠা না হলে বহুত্ববাদী রাষ্ট্র গঠনের স্বপ্ন পূরণ হবে না। ন্যায়বিচার প্রতিষ্ঠা ছিল মুক্তিযুদ্ধের আরেকটি মৌলিক লক্ষ্য। অথচ বিচারব্যবস্থায় দীর্ঘসূত্রিতা, বিচারহীনতার সংস্কৃতি এবং প্রভাবশালীদের জন্য আইনের ভিন্ন প্রয়োগ সাধারণ মানুষের আস্থা নষ্ট করছে। দরিদ্র মানুষের জন্য আইনি সহায়তা পাওয়া কঠিন হয়ে পড়ে। পুলিশি নির্যাতন ও বিচারবহির্ভূত হত্যার অভিযোগ আইনের শাসনকে প্রশ্নবিদ্ধ করে। ন্যায়বিচার ছাড়া সমাজে স্থিতিশীলতা ও বিশ্বাস টিকে থাকতে পারে না। জবাবদিহি ও স্বচ্ছতার অভাব বাংলাদেশের শাসনব্যবস্থার একটি বড় দুর্বলতা। দুর্নীতি প্রায় সব খাতে বিস্তৃত।

উন্নয়ন প্রকল্পে ব্যয় বাড়ে, মান কমে, আর সাধারণ মানুষ প্রকৃত সুফল থেকে বঞ্চিত হয়। দুর্নীতিমুক্ত রাষ্ট্র গড়া শুধু নৈতিক প্রশ্ন নয়, এটি টেকসই উন্নয়নের পূর্বশর্ত। শিক্ষা ও স্বাস্থ্য মৌলিক অধিকার হলেও এই দুই খাতে গুরুতর সংকট বিদ্যমান। শিক্ষার মানে বৈষম্য, পাঠ্যক্রম ও শিক্ষকের প্রশিক্ষণে ঘাটতি এবং শিক্ষাব্যবস্থার বিভাজন সমাজে অসমতা তৈরি করছে। স্বাস্থ্য খাতে সরকারি সেবার অপ্রতুলতা ও ব্যয়বহুল বেসরকারি চিকিৎসা সাধারণ মানুষের জন্য বড় বোঝা। খাদ্য নিরাপত্তায় অগ্রগতি হলেও পুষ্টি নিরাপত্তা এখনো বড় চ্যালেঞ্জ। পরিবেশ দূষণ ও জলবায়ু পরিবর্তন ভবিষ্যৎ প্রজন্মের জীবনকে অনিশ্চিত করে তুলছে। বিজয়ের পাঁচ দশক অতিক্রম করেছি আমরা, কিন্তু স্বপ্নের বাংলাদেশ এখনো নির্মাণাধীন। এটি কেবলই হতাশার নয়, অনুপ্রেরণারও সুযোগ রয়েছে।

প্রতিটি প্রজন্মের দায়িত্ব হলো মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে দেশকে আরও এগিয়ে নিয়ে যাওয়া। পথ কঠিন হতে পারে, বাধা আসতে পারে, কিন্তু হাল ছেড়ে দেওয়ার সুযোগ নেই। আমরা যদি একসঙ্গে লড়ি, যদি সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করি, তাহলে নিশ্চয়ই একদিন আমরা সেই বাংলাদেশ গড়তে পারব যার স্বপ্ন দেখেছিলেন আমাদের মুক্তিযোদ্ধারা। প্রতি বছর ডিসেম্বর এলে আমরা বিজয়ের উৎসব করি, পতাকা উত্তোলন করি, শহীদদের স্মরণ করি। কিন্তু প্রকৃত বিজয় উদযাপন হবে যেদিন আমরা মুক্তিযুদ্ধের সব লক্ষ্য অর্জন করতে পারব। যেদিন প্রতিটি নাগরিক নিরাপদ, সম্মানিত এবং অধিকারপ্রাপ্ত হবে। যেদিন দুর্নীতিমুক্ত, ন্যায়ভিত্তিক এবং সমতাপূর্ণ সমাজ গড়ে উঠবে। যেদিন বাংলাদেশ প্রকৃত অর্থে একটি গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং সমৃদ্ধ দেশে পরিণত হবে।

সেই দিনের প্রত্যাশায় আমাদের সংগ্রাম অব্যাহত রাখতে হবে। বাংলাদেশের সৃষ্টি ছিল এক ঐতিহাসিক ঘটনা, আর তার সার্থকতা প্রতিপাদন হবে যখন এদেশের প্রতিটি নাগরিক মর্যাদাপূর্ণ জীবনযাপন করতে পারবে। আমাদের শহীদদের প্রতি প্রকৃত শ্রদ্ধা নিবেদন হবে তাঁদের স্বপ্ন বাস্তবায়নের মাধ্যমে। এই ডিসেম্বরে, বিজয়ের মাসে, আমরা শুধু স্মরণ নয়, কর্মে প্রমাণ করি যে, আমরা মুক্তিযুদ্ধের উত্তরাধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন কোনো একক সরকারের কাজ নয়, এটি একটি জাতীয় দায়িত্ব। প্রতি বছর ডিসেম্বর এলে আমরা বিজয় উদযাপন করি, শহীদদের স্মরণ করি। কিন্তু প্রকৃত বিজয় হবে সেদিন, যেদিন এই দেশের প্রতিটি মানুষ নিরাপদ, মর্যাদাপূর্ণ ও অধিকারসম্পন্ন জীবন পাবে। সেই দিনের প্রত্যাশায় আমাদের সংগ্রাম অব্যাহত রাখতে হবে। মুক্তিযুদ্ধের স্বপ্ন এখনো অসম্পূর্ণ, কিন্তু তা অসম্ভব নয়। সৎ নেতৃত্ব, সুশাসন এবং সম্মিলিত প্রচেষ্টায় একদিন সেই স্বপ্ন বাস্তব হবেই। লেখক : অধ্যাপক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় alactg@gmail.com