সম্প্রতি সরকার ‘মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা-২০২৫’ প্রকাশ করেছে। জনসংখ্যা বিবেচনায় বাংলাদেশ বিশ্বের চতুর্থ বৃহত্তম মুসলিম দেশ। এখানকার জনগণের ৯০ শতাংশ মুসলিম। পাঁচ ওয়াক্ত সালাত আদায়ের জন্য এ দেশের পাড়া-মহল্লায় নির্মিত হয়েছে অসংখ্য মসজিদ। জনজীবনে এসব মসজিদের বিশাল প্রভাব রয়েছে। পাঁচ ওয়াক্ত সালাত ছাড়াও মসজিদভিত্তিক অনেক সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। মসজিদকেন্দ্রিক মক্তব শিক্ষার মাধ্যমে মুসলিম শিশুরা দীনের প্রাথমিক জ্ঞান অর্জনের সুযোগ পেয়ে থাকে।

কিন্তু সুশৃঙ্খল নিয়ম-নীতির অভাবে মসজিদ ব্যবস্থাপনায় কখনও কখনও সমস্যা দেখা দেয়। বিশেষ করে ইমাম নিয়োগ ও অপসারণের ক্ষেত্রে বিশৃঙ্খলা এমনকি মারামারির ঘটনাও ঘটে। ইমাম-মুয়াজ্জিনের নির্দিষ্ট বেতন স্কেল না থাকায় স্বল্প বেতনে অযোগ্য ইমাম- মুয়াজ্জিন নিয়োগ দেওয়ার ফলে বিশুদ্ধ সালাত আদায় সম্ভব হয় না। এ ছাড়াও রাজনৈতিক দুষ্টু থাবা থেকেও আজকাল মসজিদগুলো রেহাই পাচ্ছে না। যে এলাকায় যে দলের শক্তি বেশি, সেখানে তারা মসজিদের কমিটি এবং ইমামের ওপর প্রভাব বিস্তারের চেষ্টা করছে। অনেকেই মসজিদকে নিজ দলীয় কর্মসূচি পালনের কাজে ব্যবহার করতে দ্বিধা করছে না। আবার নিজস্ব দলীয় মনোবৃত্তিসম্পন্ন ইমাম নিয়োগ দিতে গিয়ে অযোগ্য ইমামও নিয়োগ দেওয়া হচ্ছে। যার ফলে মুসলিমরা বিশুদ্ধভাবে সালাত আদায় করতে পারছে না। তা ছাড়া সামান্য কারণে ইমাম অপসারণও বর্তমানে মসজিদ ব্যবস্থাপনায় বড় সমস্যা। ঘন ঘন ইমাম পরিবর্তন, যোগ্য ইমামের অভাব, ইমামদের সম্মানজনক বেতন না দেওয়া ইত্যাদি সমস্যা তো রয়েছেই।

এমন পরিস্থিতিতে মসজিদের স্থিতিশীলতা রক্ষা, যোগ্য ইমাম নিয়োগ, ইমামকে যথাযোগ্য সম্মানী প্রদান ও মসজিদকে রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত রাখতে সরকারের প্রণীত নীতিমালা যুগান্তকারী পদক্ষেপ। তা ছাড়া সালাত আদায়ের পাশাপাশি মসজিদকে শিক্ষা ও জ্ঞানচর্চা এবং সামাজিক জনহিতকর কর্মকাণ্ডের কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত রাখার ক্ষেত্রেও এ নীতিমালা খুব যুগোপযোগী। এ নীতিমালার মাধ্যমে ইমামদের জন্য গ্রেডভিত্তিক সম্মানী ও আবাসন ব্যবস্থা করায় ইমামদের পরিচ্ছন্নতার কাজের বাইরে রাখা এবং সামান্য কারণে ইমামদের অপমানজনক কথা বলা ও কথায় কথায় ইমাম অপসারণের সুযোগ না থাকায় যোগ্য আলিমরা ইমামতির দিকে ঝুঁকবেন।

সরকার প্রণীত এ নীতিমালার ক্ষতিকর দিকও আছে। ইমামসহ মসজিদের জনবলের যে বেতন কাঠামো উল্লেখ করা হয়েছে, তা পরিশোধের দায়িত্ব পুরোপুরি মসজিদ কমিটির ওপর দেওয়া হয়েছে। বর্তমানে অধিকাংশ মসজিদ কমিটি এর চেয়ে অনেক কম বেতন দিয়েও মসজিদগুলো চালাতে হিমশিম খাচ্ছে। তাই নীতিমালা অনুযায়ী অনেক মসজিদ বেতন-সুবিধা প্রদান করতে পারবে না। তা ছাড়া নিয়োগ, অপসারণ ইত্যাদি যে কাঠামোয় নিয়ে আসা হয়েছে, তাতে ইমাম নিয়োগ ও অপসারণে দীর্ঘসূত্রতা তৈরি হতে পারে। তা ছাড়া শরিয়তে মসজিদে সরকার কর্তৃক বেতন স্কেল নির্ধারণের পূর্বশর্ত নেই– এটা মূলত মুসলিম সম্প্রদায়ের নিজস্ব সিদ্ধান্ত হিসেবে হওয়া উচিত। সামাজিক দায়দায়িত্ব ও স্বেচ্ছাসেবার জায়গা শরিয়তে গুরুত্ব পায়; কিন্তু সরকারিভাবে এটি বাধ্যতামূলক করা হলে স্বেচ্ছাসেবা কমে যেতে পারে। সর্বোপরি মসজিদের কর্মকাণ্ড আল্লাহর সন্তুষ্টি লাভের পরিবর্তে দুনিয়ায় অর্জনের উদ্দেশ্যের দিকে ধাবিত হতে পারে। ইমাম-খতিবদের উচ্চ বেতন সুবিধা থাকায় এই পবিত্র কাজে আসার জন্য অনেকেই দুর্নীতির আশ্রয় নিতে পারে। বর্তমানে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো যেসব সমস্যার সম্মুখীন হচ্ছে, মসজিদগুলোও এ রকম সমস্যায় পড়তে পারে।

সরকার মসজিদ ব্যবস্থাপনায় এত বিশাল নীতিমালা প্রদানের পরিবর্তে যোগ্য ইমাম নিয়োগ এবং শৃঙ্খলার স্বার্থে নিবন্ধিত মসজিদে বার্ষিক অনুদান ও সরকারি খরচে ইমাম-মুয়াজ্জিনদের জন্য নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা করতে পারে।

আবু রুফাইদাহ রফিক: অধ্যক্ষ (ভারপ্রাপ্ত), জয়নারায়ণপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসা, বেগমগঞ্জ, নোয়াখালী