দেশীয় অর্থনীতির একটি চিরপরিচিত সংকট হলো মূল্যস্ফীতি, যা বিশেষত মধ্যবিত্ত পরিবারের জন্য নৈতিক ও সামাজিক উদ্বেগ তৈরি করে। সব থেকে বেশি মূল্যস্ফীতি ঘটে খাদ্যখাতে, ফলে মৌলিক চাহিদা পূরণে সৃষ্টি হয় চরম বাধা। ২০২৫ সালের শুরুর দিকে খাদ্য মূল্যস্ফীতি ১০.৭২ শতাংশে পৌঁছেছিল এবং সামগ্রিক মূল্যস্ফীতি ছিল প্রায় ৮.৪৮ শতাংশ যা পরিসংখ্যানগতভাবে কিছুটা কম মনে হলেও বাস্তব জীবনে মানুষের জন্য মোটেও স্বস্তিকর নয়।\r\nমূল্যস্ফীতি বলতে বোঝায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি, যা বিভিন্ন মৌসুমে এবং বিশেষত রমজান মাসে প্রায়ই আকাশ চুম্বি রূপ নেয়।
এই মূল্যবৃদ্ধির পেছনে শুধু সরবরাহ সমস্যা নয়, রয়েছে আরও বড় কারণ সিণ্ডিকেটের কারসাজি।\r\nবাংলাদেশ বছরে গড়ে ৩৮-৩৯ মিলিয়ন টন চাল উৎপাদন করে, যা দেশের অভ্যন্তরীণ চাহিদার প্রায় সমান। উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হয়েও চালের দাম নিয়ন্ত্রণে না থাকা নিঃসন্দেহে প্রশ্নবিদ্ধ। ডিসিসিআইয়ের এক গবেষণায় দেখা গেছে, সূক্ষ্ম চালের খুচরা দাম উৎপাদন ব্যয়ের তুলনায় প্রায় ৪০০ শতাংশ বেশি, আর মোটা চালের ক্ষেত্রেও এই ব্যবধান ২৬০ শতাংশের ঊর্ধ্বে।\r\nএকই চিত্র দেখা যায় পেঁয়াজের বাজারে। বাজার সমীক্ষা অনুযায়ী, কৃষকের কাছ থেকে পেঁয়াজ কেনা হয় কেজিপ্রতি ২০-২৫ টাকায়, অথচ খুচরা বাজারে তা বিক্রি হয় ৬০-৭০ টাকায় অর্থাৎ মাঝপথেই দাম বেড়ে যায় প্রায় তিনগুণ। পরিবহন, সংরক্ষণ ও যৌক্তিক মুনাফা যোগ করেও এত বড় ব্যবধান ব্যাখ্যা করা কঠিন।
এখানেই মধ্যস্বত্বভোগী, আড়তদার ও বড় ব্যবসায়ীদের ভূমিকা স্পষ্ট হয়ে ওঠে।\r\nবাজার বিশ্লেষকদের মতে, অনেক ক্ষেত্রে কয়েকটি বড় ব্যবসায়ী বা গোষ্ঠী পণ্যের বড় অংশ নিয়ন্ত্রণ করে। তারা গুদামে পণ্য মজুত রেখে সরবরাহ পুরোপুরি বন্ধ না করেও বাজারে সংকটের বার্তা ছড়িয়ে দিতে সক্ষম হয়, ফলে দাম বেড়ে যায়। এটিকে সরাসরি কার্টেল প্রমাণিত না হলেও একে সিন্ডিকেটসুলভ আচরণ বলেই বিবেচনা করা যায়। সরকারিভাবে সিন্ডিকেট শব্দটি স্বীকার করতে অনীহা থাকলেও, প্রতিযোগিতা কমিশন ও বিভিন্ন অর্থনীতিবিদের বক্তব্যে একটি বিষয় পরিষ্কার: কিছু পণ্যের বাজারে অল্প কয়েকটি প্রতিষ্ঠান আমদানি ও মজুতের বড় অংশ নিয়ন্ত্রণ করে; বড় মজুত থাকায় তারা চাহিদা অনুযায়ী বাজারে সরবরাহ কম-বেশি করতে পারে।
একে সরাসরি কার্টেল বলা হোক বা না হোক, এটি সিন্ডিকেটসুলভ আচরণ যার প্রভাব সরাসরি দামের ওপর পড়ে। সিন্ডিকেট যখন বাজার নিয়ন্ত্রণ করে, তখন তা শুধু দামের ওপর প্রভাব ফেলে না এটি মধ্যবিত্তের নৈতিক সহনশীলতা ও সামাজিক স্থিতিশীলতাকেও ভেঙে দেয়।\r\nএই পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে বাজার তদারকির দুর্বলতা। নিয়মিত অভিযান, মজুত তদারকি এবং তথ্যভিত্তিক নজরদারি কার্যকর না হলে এমন আচরণ ঠেকানো প্রায় অসম্ভব হয়ে পড়ে।\r\nতবে সরবরাহ সংকটের যুক্তি পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না। বাংলাদেশে এখনো পর্যাপ্ত কোল্ড স্টোরেজ ব্যবস্থা গড়ে ওঠেনি। সংরক্ষণ ও পরিবহনের অভাবে কৃষিপণ্যের প্রায় ২৫-৩০ শতাংশ নষ্ট হয়ে যায়। গত কয়েক বছরে পরিবহন ব্যয়ও ৩০-৪০ শতাংশ পর্যন্ত বেড়েছে।
পাশাপাশি বন্যা, অতিবৃষ্টি কিংবা মৌসুমি উৎপাদন হ্রাস সাময়িক চাপ তৈরি করে। উদাহরণস্বরূপ, এক মৌসুমে আমন ধানের উৎপাদন প্রায় ৬ শতাংশ এবং আউশ ধানে প্রায় ১ শতাংশ কমেছিল। কিন্তু এই ঘাটতি দীর্ঘমেয়াদি ও স্থায়ী মূল্যবৃদ্ধির যৌক্তিক ব্যাখ্যা নয়।\r\nজাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (ঋঅঙ) ফুড প্রাইস ইনডেক্স অনুযায়ী, ২০২৪ সালের শেষভাগে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম গড়ে ১০-১২ শতাংশ কমেছিল। কিন্তু একই সময়ে বাংলাদেশে চাল, তেল ও চিনির দাম কমেনি; বরং কিছু ক্ষেত্রে বেড়েছে। আবার বিশ্ববাজারে সামান্য দাম বাড়লেই দেশীয় বাজারে তার প্রভাব পড়ে অতিমাত্রায়।
এই বৈষম্য প্রমাণ করে যে সমস্যার মূল আন্তর্জাতিক বাজার নয়, বরং দেশের অভ্যন্তরীণ বাজার কাঠামো ও নিয়ন্ত্রণ ব্যবস্থার দুর্বলতা।\r\nবাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ গৃহস্থালি আয়-ব্যয় জরিপ অনুযায়ী, শহরের একটি মধ্যবিত্ত পরিবারের গড় মাসিক আয় যেখানে প্রায় ৪৫-৫০ হাজার টাকা, সেখানে নিত্যপ্রয়োজনীয় ব্যয়ই এখন ৪০ হাজার টাকার কাছাকাছি পৌঁছে গেছে। শুধু খাদ্য খাতেই মোট আয়ের প্রায় ৫৫-৬০ শতাংশ ব্যয় হচ্ছে, যা পাঁচ বছর আগে ছিল ৪৫ শতাংশের নিচে। অর্থাৎ আয় বাড়লেও ব্যয়ের গতি তার চেয়ে অনেক দ্রুত। এই ব্যবধান পূরণ করতে গিয়ে মধ্যবিত্ত পরিবারগুলো নিজেদের ভবিষ্যৎ সঞ্চয় ভাঙছে।\r\nঅনিয়ন্ত্রিত মূল্যস্ফীতির কারণে শিশুদের অপুষ্টি দেখা যায়।
ইউনিসেফ ও বাংলাদেশ ডেমোগ্রাফিক অ্যান্ড হেলথ সার্ভে (ইউঐঝ) অনুযায়ী, দেশে এখনো প্রায় ২৮ শতাংশ শিশু অপুষ্টিতে ভুগছে। সাম্প্রতিক মূল্যস্ফীতির ফলে এই ঝুঁকি আরও বেড়েছে। বিভিন্ন গবেষণায় দেখা যায়, মূল্যবৃদ্ধির সময় প্রায় ৬৫ শতাংশ মধ্যবিত্ত পরিবার দুধ, ডিম, মাছ ও ফলমূলের মতো পুষ্টিকর খাবার কেনা কমিয়ে দেয়। বয়স্কদের ক্ষেত্রে প্রয়োজনীয় প্রোটিন ও ওষুধ ব্যয় সংকুচিত হয়। এর ফলে রোগপ্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে এবং দীর্ঘমেয়াদে স্বাস্থ্য খাতে রাষ্ট্র ও পরিবারের ব্যয় আরও বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে।\r\nমূল্যস্ফীতি ধনী ও দরিদ্রের ব্যবধান আরও বাড়িয়ে দেয়। উচ্চবিত্ত শ্রেণি দামের চাপ অনুভব করলেও জীবনযাত্রায় বড় পরিবর্তন আনতে হয় না। কিন্তু মধ্যবিত্ত ও নিম্নবিত্তের জন্য প্রতিটি মূল্যবৃদ্ধি মানে এক ধাপ পিছিয়ে যাওয়া।
মধ্যবিত্তদের জন্য সামাজিক মান-সম্মান বজায় রেখে চলতে গিয়ে তারা কারও কাছে সাহায্য চাইতে পারে না। বাজারের লাগামছাড়া মূল্যস্ফীতি তাই তাদের কপালে স্থায়ী চিন্তার ভাঁজ ফেলে দেয়। নিম্নবিত্ত মানুষের জন্য এই সংকট আরও তীব্র। মূল্যস্ফীতির কারণে বাংলাদেশের অর্থনীতিতে এখনো ভারসাম্য সৃষ্টি হচ্ছে না। যখন মানুষ দেখে উৎপাদন যথেষ্ট, তবু দাম কমছে না তখন বাজার ব্যবস্থার ওপর বিশ্বাস নষ্ট হয়। মানুষ ভাবে এই ব্যবস্থায় সৎ থেকে লাভ নেই। এখান থেকেই জন্ম নেয় কর ফাঁকি, মজুতদারি, কালোবাজারি, যা একটি অনৈতিক চক্র।\r\nদীর্ঘমেয়াদি মূল্যস্ফীতি পরিবারে দাম্পত্য কলহ, মানসিক অবসাদ, সামাজিক বিচ্ছিন্নতা, পড়াশোনা থেকে বিচ্যুতি, বাল্যবিবাহ বাড়িয়ে দেয়।
এভাবে, অর্থনৈতিক চাপ ধীরে ধীরে সামাজিক সংকটে রূপ নেয়।\r\nএই সংকট থেকে বেরোতে হলে বাজারে ডিজিটাল ট্র্যাকিং ও স্টক মনিটরিং-এর প্রতি জোর গুরুত্ব আরোপ করতে হবে। প্রতিযোগিতা কমিশনের কার্যকর ক্ষমতা, উৎপাদক থেকে ভোক্তা পর্যন্ত চেইনে স্বচ্ছতা গড়ে তুলতে হবে। সেই সঙ্গে ভোক্তাদেরকে তাদের ন্যায্য অধিকার সম্পর্কেও সচেষ্ট হতে হবে।\r\nভোক্তা অধিকার অধিদপ্তরের জনবল ও বাজেট বৃদ্ধি করতে হবে। এর সঙ্গে শাস্তির পরিমাণ বৃদ্ধি করতে হবে যাতে একই অপরাধের পুনরাবৃত্তি না হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, প্রতি বছর গড়ে ২০-২৫ হাজার অভিযান পরিচালিত হলেও অধিকাংশ ক্ষেত্রেই জরিমানার পরিমাণ ৫ হাজার থেকে ৫০ হাজার টাকার মধ্যে সীমাবদ্ধ থাকে।
অথচ একটি বড় আড়ত বা আমদানিকারক একদিনেই এই অঙ্কের বহু গুণ মুনাফা করতে সক্ষম। জনবল ও প্রযুক্তিগত সক্ষমতার ঘাটতির কারণে নিয়মিত স্টক মনিটরিং সম্ভব হয় না। ফলে আইন থাকলেও প্রয়োগের দুর্বলতায় সিন্ডিকেট নির্ভয়ে বাজার নিয়ন্ত্রণ চালিয়ে যেতে পারে।\r\nপরিশেষে, ভোক্তা ও বিক্রেতা উভয়ের উদ্দেশ্য স্বচ্ছ ও সৎ হতে হবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে সরকার ও প্রশাসনিক ব্যবস্থাকে আমরা শুধু উদ্বেগ প্রকাশ করতে দেখি, কিন্তু প্রকৃত বা কার্যকরী ব্যবস্থা নিতে দেখি না। তাই ভোক্তা অধিকার সংরক্ষণে অতি শীঘ্রই তাদেরকে কার্যকরী পদক্ষেপ নিতে হবে। সেইসঙ্গে বিক্রেতাদের মধ্যে মানবিক সচেতনতা গড়ে তুলতে হবে।\r\nবাংলাদেশে মূল্যস্ফীতি কেবল একটি অর্থনৈতিক সূচক নয়, এটি একটি নৈতিক ও সামাজিক সংকটের নির্দেশক। কৃষক থেকে ভোক্তা পর্যন্ত সরবরাহ শৃঙ্খলের প্রতিটি ধাপে ন্যায্যতা নিশ্চিত করা গেলেই কেবল দাম স্থিতিশীল হবে এবং মধ্যবিত্ত ও নিম্নআয়ের মানুষের জীবনযাত্রার মান রক্ষা করা সম্ভব হবে। মূল্যস্ফীতিকে প্রশ্রয় দেওয়া মানে নাগরিক অধিকার ক্ষুণ্ন করা। তাই সিণ্ডিকেটের কারসাজি বন্ধ করে, সরবরাহ নিশ্চিতের মাধ্যমে নাগরিকের অধিকার আদায় এখন সময়ের দাবি।\r\nলেখক : শিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়
