দেশের অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা কয়েক বছর ধরেই চলমান। ছাত্র-জনতার অভ্যুত্থানের পর প্রত্যাশা ছিল, এই স্থবিরতা কাটবে, বিনিয়োগে আস্থা ফিরবে, কর্মসংস্থান বাড়বে এবং অর্থনীতি ঘুরে দাঁড়াবে। কিন্তু বাস্তবে সেই প্রত্যাশার প্রতিফলন এখনো দেখা যায়নি। বরং অনেক ক্ষেত্রে পরিস্থিতি আরও জটিল হয়েছে। এই প্রেক্ষাপটে সামনে আসন্ন জাতীয় নির্বাচন নতুন করে আশার সঞ্চার করছে। নতুন সরকার আসবে- এই প্রত্যাশা থেকেই বিশেষ করে বেসরকারি খাতে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।\r\nব্যবসায়ী ও উদ্যোক্তাদের বড় অংশ মনে করছেন, রাজনৈতিক সরকার এলে নীতিগত স্থিরতা ফিরে আসবে, দেশি-বিদেশি বিনিয়োগ বাড়বে এবং অর্থনীতির গতি ত্বরান্বিত হবে।

তথ্যউপাত্তও ইঙ্গিত দিচ্ছে, দীর্ঘদিনের অনিশ্চয়তার পর অর্থনীতির কিছু সূচকে ধীরে ধীরে স্থিতিশীলতার লক্ষণ দেখা যাচ্ছে। বিশেষ করে রেমিট্যান্স প্রবাহ শক্তিশালী থাকায় বৈদেশিক মুদ্রার রিজার্ভে স্বস্তি ফিরেছে। যদিও শিল্পের কাঁচামাল ও যন্ত্রপাতি আমদানি কমে যাওয়ায় এই স্বস্তি আংশিকভাবে তৈরি হয়েছে, তবু ডলারের বাজারে যে অস্থিরতা ছিল, তা কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। তবে পুরোপুরি সহনীয় পর্যায়ে পৌঁছানো এখনো সম্ভব হয়নি।\r\nঅন্যদিকে মূল্যস্ফীতি বড় উদ্বেগের কারণ হয়ে রয়েছে। কয়েক মাস কিছুটা কমার পর সর্বশেষ হিসেবে আবারও মূল্যস্ফীতি বেড়েছে। অর্থাৎ সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় এখনো চাপের মধ্যে।

সব মিলিয়ে অর্থনীতি এখনো কঠিন সময় পার করছে এবং সবাই তাকিয়ে আছে নির্বাচনের দিকেই।\r\nঅন্তর্বর্তী সরকারের সময় অপেক্ষা করো ও দেখো নীতিতে আটকে থাকা অনেক বিনিয়োগকারী ধীরে ধীরে তাদের অবস্থান পুনর্বিবেচনা করছেন। ধারণা করা হচ্ছে, রাজনৈতিক সরকার এলে দীর্ঘমেয়াদি পরিকল্পনার সুযোগ তৈরি হবে এবং নীতিগত স্থিরতা বিনিয়োগের পথে সহায়ক হবে। গবেষণা ও বিশ্লেষণেও একই চিত্র উঠে এসেছে। ব্যাংক খাতের কিছু সংস্কারের ফলে বড় ধরনের অর্থনৈতিক বিপর্যয় এড়ানো গেছে এবং সামষ্টিক অর্থনীতির একটি ন্যূনতম স্থিতিশীলতা রক্ষা করা সম্ভব হয়েছে। তবে বিনিয়োগ, কর্মসংস্থান ও রাজস্ব আহরণে কাক্সিক্ষত অগ্রগতি না হওয়ায় নতুন সরকারের সামনে চ্যালেঞ্জ থেকেই যাচ্ছে।\r\nখারাপের মধ্যেও রেমিট্যান্স প্রবাহ অর্থনীতির সবচেয়ে বড় শক্তি হয়ে উঠেছে।

প্রবাসী আয়ের ধারাবাহিক প্রবৃদ্ধি ডলারের বাজারে চাপ কমাতে এবং আমদানি ব্যয় মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। রিজার্ভ বেড়েছে, কার্ব মার্কেট ও ব্যাংক রেটের ব্যবধান সংকুচিত হয়েছে, আমদানিকারকদের জন্য এলসি খোলার খরচ কমেছে। তবে বিশ্লেষকদের মতে, বিনিয়োগ ও শিল্প চাহিদা কমে যাওয়ার কারণেও আমদানি কমেছে, যা রিজার্ভ বাড়াতে সহায়তা করছে। আপাতভাবে এটি স্বস্তির হলেও দীর্ঘমেয়াদে এটি বিনিয়োগ স্থবিরতারই ইঙ্গিত দেয়।\r\nপুঁজিবাজারেও দীর্ঘদিনের তারল্য সংকট ও আস্থার ঘাটতির পর সূচক ও লেনদেনে কিছুটা উন্নতি দেখা যাচ্ছে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সক্রিয়তা বাজারে স্থিতিশীলতার বার্তা দিচ্ছে। একই সঙ্গে সাম্প্রতিক পিএমআই সূচক দেখাচ্ছে, অর্থনীতির সামগ্রিক সম্প্রসারণ ধারা অব্যাহত আছে, যদিও গতি খুব দ্রুত নয়।

কৃষি, উৎপাদন ও সেবা খাত এগিয়ে থাকলেও নির্মাণ খাতে সংকোচন স্পষ্ট, যা সামগ্রিক প্রবৃদ্ধির ভারসাম্য নিয়ে প্রশ্ন তোলে।\r\nএই ইতিবাচক ইঙ্গিতের আড়ালে বড় চ্যালেঞ্জগুলোও উপেক্ষা করার সুযোগ নেই। টানা কয়েক মাস ধরে রপ্তানি আয় কমছে, মূল্যস্ফীতি উচ্চ পর্যায়ে রয়েছে এবং বেসরকারি খাতে ঋণপ্রবৃদ্ধি উল্লেখযোগ্যভাবে কমে গেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি ও রাজনৈতিক অনিশ্চয়তা বিনিয়োগের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।\r\nদেশের অর্থনিতি বাঁচাতে হলে ব্যবসায়ীদের মনে বিশ্বাস জাগাতে হবে, যাতে তাদের কেউ চাঁদা দাবি না করে। বিশেষজ্ঞদের মতে, সকল প্রকারের রাজনৈতিক ঝুঁকি কমাতে হবে। তাঁরা আরও মনে করেন, নতুন সরকারের প্রথম ও প্রধান কাজ হওয়া উচিত বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনা।

আইনশৃঙ্খলা, নীতিগত স্থিরতা এবং কার্যকর সংস্কার ছাড়া বর্তমান ইতিবাচক সূচকগুলো টেকসই হবে না। নির্বাচন পরবর্তী সময়ে যদি সরকার দ্রুত স্থিতিশীলতা ও ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে পারে, তাহলে ভোটকে ঘিরে যে আশার আলো দেখা যাচ্ছে, তা বাস্তবে অর্থনৈতিক গতিতে রূপ নিতে পারে। অন্যথায় এই আশা আবারও দীর্ঘ অপেক্ষার ছায়ায় ঢেকে যাওয়ার ঝুঁকি থাকবে।\r\nঅর্থনীতিবিদ ও ব্যবসায়ীদের মতে, নির্বাচিত সরকারের মাধ্যমে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে এলে বিনিয়োগে আস্থা বাড়তে পারে। সেন্টার ফর পলিসি ডায়ালগের নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুনের ভাষায়, সামষ্টিক অর্থনীতির বড় বিপর্যয় ঠেকানো গেলেও বিনিয়োগ, কর্মসংস্থান ও রাজস্ব আহরণে এখনো বড় ঘাটতি রয়ে গেছে। সকল হাসপাতাল, ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ব্যাংকিং মাধ্যমে বিল নিতে হবে।

তাতে তারা সরকারি কর ফাঁকি দিতে পারবে না। ফলে সরকারের আয় বাড়বে। \r\nআন্তর্জাতিক অভিজ্ঞতা বলছে, নির্বাচনের পর যদি সরকার দ্রুত আইনশৃঙ্খলা উন্নয়ন, ব্যাংক খাত সংস্কার ও ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে পারে, তাহলে বিনিয়োগে ইতিবাচক পরিবর্তন আসে। তবে তা না হলে নির্বাচনের আশাও দ্রুত ফিকে হয়ে যায়-যার উদাহরণ অনেক উন্নয়নশীল দেশেই দেখা গেছে।\r\nবিশ্ব অর্থনীতিও এখন এক অস্থির সময় পার করছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (International Monetary Fund) অনুযায়ী, ২০২৫ সালে বৈশ্বিক প্রবৃদ্ধি ৩ শতাংশের আশপাশে ঘোরাফেরা করছে, যা দীর্ঘমেয়াদি গড়ের চেয়ে কম।

উচ্চ সুদের হার, ভূরাজনৈতিক উত্তেজনা এবং সরবরাহ ব্যয়ের চাপ উন্নয়নশীল দেশগুলোর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে।\r\nএই বাস্তবতায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর দিকে তাকালে দেখা যায়, ভারত ও ভিয়েতনামের মতো দেশগুলো রাজনৈতিক স্থিতিশীলতা ও নীতিগত ধারাবাহিকতার কারণে বিদেশি বিনিয়োগ আকর্ষণে তুলনামূলকভাবে এগিয়ে আছে। ভিয়েতনামে নির্বাচিত সরকার ও দীর্ঘমেয়াদি শিল্পনীতির ফলে বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ (FDI) জিডিপির প্রায় ৬ শতাংশে পৌঁছেছে। সেখানে বাংলাদেশে এই হার দীর্ঘদিন ধরেই ১ শতাংশের নিচে আটকে আছে। অর্থাৎ, সমস্যা শুধু বৈশ্বিক নয়, দেশের অভ্যন্তরীণ আস্থার সংকটও বড় কারণ।\r\nখারাপ সময়ের মধ্যেও বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি হয়ে উঠেছে রেমিট্যান্স প্রবাহ। ২০২৫ সালে ব্যাংকিং চ্যানেলে প্রবাস আয়ের পরিমাণ ৩২.৮২ বিলিয়ন ডলারে পৌঁছানো আন্তর্জাতিক মানদণ্ডেও একটি উল্লেখযোগ্য সাফল্য। বিশ্বব্যাংকের (World Bank) তথ্য অনুযায়ী, অনেক নিম্ন ও মধ্যম আয়ের দেশে রেমিট্যান্স প্রবাহ কমলেও বাংলাদেশ সেখানে উল্টো প্রবৃদ্ধি ধরে রাখতে পেরেছে।\r\nসব মিলিয়ে বলা যায়, বাংলাদেশের অর্থনীতি এখন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। রেমিট্যান্স ও রিজার্ভ দৃঢ় স্বস্তি দিলেও উচ্চ মূল্যস্ফীতি, বিনিয়োগ স্থবিরতা ও কর্মসংস্থানের অভাব বড় চ্যালেঞ্জ হয়ে আছে। আন্তর্জাতিক প্রেক্ষাপটে টিকে থাকতে হলে নতুন নির্বাচিত সরকারকে শুধু আশার কথা নয়, দ্রুত ও দৃশ্যমান সংস্কারের পথে হাঁটতে হবে। নির্বাচনের পর সকল দলের নির্বাচিত সরকারকে সহযোগিতা করতে হবে এবং গঠনমূলক সমালোচনা করতে হবে। নীতিগত স্থিরতা, রাজনৈতিক বৈধতা ও বিনিয়োগকারীদের আস্থা-এই তিনটি স্তম্ভের ওপরই নির্ভর করবে বাংলাদেশের আগামী দিনের অর্থনীতি।