বাংলাদেশে শিক্ষার প্রায় সব স্তরে, বিশেষ করে প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত কোচিংব্যবস্থার ব্যাপকভাবে বাণিজ্যিকীকরণ হয়েছে। এই প্রেক্ষাপটে প্রায় দেড় দশক আগে স্কুলগুলোয় ভর্তি পরীক্ষার পরিবর্তে লটারি পদ্ধতিতে ভর্তির নিয়ম চালু করা হয়েছিল। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর এ নিয়ে নতুন সিদ্ধান্ত নেয়। নতুন সরকারের শিক্ষামন্ত্রী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত জানিয়ে দেন। এরপর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এক পরিপত্রে জানানো হয়, ২০২৭ সাল থেকে প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তির প্রক্রিয়া বাতিলপূর্বক অংশীজনদের মতামতের ভিত্তিতে ভর্তি কার্যক্রম গ্রহণ করা হবে। এ নিয়ে দেশজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। কেউ কেউ বলছেন লটারি পদ্ধতি বাতিল করায় আবার কোচিংবাণিজ্য দেখা দেবে। কেউ বলছেন, ভর্তি পরীক্ষাই ভালো। এ পরিস্থিতিতে কোন পদ্ধতিতে শিক্ষার্থী ভর্তি করা ভালো, এটা নিয়ে নতুন করে ভাবতে হবে।
লটারি পদ্ধতি পর্যালোচনায় দেখা যায়, এর সবল দিকগুলো হলো: ১. শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে সমতা নিশ্চিত করে, ২. শিক্ষার্থীদের কোচিং নির্ভরতা হ্রাস করে, ৩. প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা নিয়ে মানসিক চাপ কম থাকে, ৪. অভিভাবকদের অর্থনৈতিক চাপ কমে। তবে এর কয়েকটি দুর্বল দিক হলো: ১. মেধার মূল্যায়ন হয় না, ২. ভালো স্কুলে পড়ার যোগ্যতা নিয়ে প্রশ্নের সৃষ্টি হয়, ৩. অনেক সময় chance-based unfairness ধরনের অনুভূতি তৈরি হয়, ৪. শিক্ষার্থীদের দীর্ঘমেয়াদে প্রতিযোগিতামূলক মনোভাব কমে যেতে পারে। অন্যদিকে ভর্তি পরীক্ষার সবল দিকগুলো হলো: ১. মেধা যাচাই সম্ভব হয়, ২. প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে ওঠে, ৩. শিক্ষার গুণগত মান ধরে রাখা সম্ভব হয়, ৪. স্কুলগুলো তুলনামূলকভাবে ভালো শিক্ষার্থী পায়। এ পদ্ধতির দুর্বল দিকগুলো হলো: ১. কোচিংবাণিজ্য ভয়াবহভাবে বৃদ্ধি পায়, ২. শিক্ষাক্ষেত্রে সামাজিক বৈষম্য তৈরি হতে পারে, ৩. শিশুদের ওপর অতিরিক্ত মানসিক চাপ সৃষ্টি হয়, ৪. প্রাথমিক স্তরে এ পদ্ধতি অনেক সময় শিক্ষার মূল উদ্দেশ্যের পরিপন্থী হয়।
উন্নত দেশে ভর্তি পরীক্ষা নেইÑঅনেকেই এমন উদাহরণ দিলেও আমাদের দেশে এটি হুবহু প্রয়োগযোগ্য নয়। কারণ, উন্নত দেশে প্রায় সব স্কুলের মান খুবই কাছাকাছি হয়ে থাকে। এছাড়া সেখানে শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো খুবই শক্তিশালী। উন্নত দেশের সামাজিক পরিবেশ ও আমাদের সামাজিক পরিবেশ এক নয়। অথচ আমাদের ক্ষেত্রে ভালো স্কুল খুবই সীমিত। অন্যদিকে নিজ সন্তানের পড়ালেখা নিয়ে অভিভাবকদের মধ্যে একধরনের মনস্তাত্ত্বিক প্রতিযোগিতা কাজ করে। উদ্বেগজনক দিক হলো, আমাদের দেশে কোচিং সংস্কৃতি গভীরভাবে জেঁকে বসেছে। তাই উন্নত দেশের মডেল এখানে কতটা কাজ করবে এমন প্রশ্ন থেকেই যায়।
তাহলে আমাদের প্রেক্ষাপটে করণীয় কী? আমরা একটি মিশ্র পদ্ধতি (Blended approach) নিয়ে ভাবতে পারি। এ ক্ষেত্রে শিক্ষার্থী ভর্তির শিক্ষা স্তরকে প্রথমেই দুটি ভাগে ভাগ করা যেতে পারে। একটি হলোÑপ্রথম থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত এবং আরেকটি হলো চতুর্থ থেকে নবম শ্রেণি পর্যন্ত। মানসিক চাপের দিকটি বিবেচনায় নিয়ে প্রথম শ্রেণি থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত শিশু শিক্ষার্থীদের ক্ষেত্রে ভর্তি পরীক্ষা সম্পূর্ণ বাদ দেওয়া যেতে পারে। তবে একই স্কুলে চতুর্থ ও পঞ্চম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে নমুনা হিসেবে ছোট পরিসরে একটি ভর্তি পরীক্ষা চালু করা যেতে পারে। এর ফলে শিক্ষার্থীরা প্রতিযোগিতামূলক পরীক্ষার সঙ্গে পরিচিত হবে। এটি হতে পারে তৃতীয় ও চতুর্থ শ্রেণি শেষে বার্ষিক পরীক্ষার পরপরই। পরবর্তী ষষ্ঠ শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি পরীক্ষা হবে বাধ্যতামূলক। এ পর্যায় থেকেই শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার চেষ্টা চালাতে হবে। একই সঙ্গে ষষ্ঠ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে পূর্ববর্তী প্রাথমিক স্তরে শিক্ষার্থীর অর্জিত ফলাফলের ওপর ভিত্তি করে একটি মানদ- নির্ধারণ করতে হবে যাতে তারা ওই স্তরে পড়ালেখায় মনোযোগী থাকে। তা না হলে এদের একটা অংশ ভবিষ্যতে উচ্চ শিক্ষার ক্ষেত্রে ভর্তি পরীক্ষার মুখোমুখি না হয়ে পরীক্ষা ছাড়াই ভর্তি হওয়ার জন্য প্রচ- চাপ সৃষ্টি করবে। এমনকি তারা অটোপাসের দাবিও উত্থাপন করতে পারে।
আমি মনে করি, ভর্তির ক্ষেত্রে পদ্ধতি কোনো সমস্যা নয়। বরং আমাদের সামনে চ্যালেঞ্জ হলো চাহিদানুসারে ভালো স্কুলের অভাব। আলোচ্য ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দিক হলো মানসম্মত স্কুলের সংখ্যা বৃদ্ধি করা। একই সঙ্গে কোচিংব্যবস্থা নিয়ন্ত্রণ করতে হবে। এটা অনেক কঠিন হলেও বর্তমান শিক্ষামন্ত্রীর জন্য অসম্ভব কিছু নয়। অবশ্য এ ক্ষেত্রে শিক্ষক ও অভিভাবকদের মোটিভেশন করতে হবে আগে। আগের সরকারগুলো কোচিংব্যবস্থা নিয়ন্ত্রণের জন্য কমবেশি চেষ্টা করেছে। কিন্তু শুধু পাবলিক পরীক্ষার সময়টুকুতে কোচিং সেন্টার বন্ধ রাখা ছাড়া এর তেমন কোনো সাফল্য নেই। তাই কোচিংব্যবস্থার নিয়ন্ত্রণ করতে হলে এগুলোকে একটি সেন্ট্রাল ডাটাবেজের আওতায় নিয়ে আসতে হবে। শিক্ষার্থীদের মূল্যায়ন পদ্ধতিতেও পরিবর্তন আনতে হবে। শিক্ষার্থী মূল্যায়নে Aptitude Test I Competency-based প্রশ্নপত্রের সমন্বয়ে ‘সামগ্রিক সক্ষমতা মূল্যায়ন’ (Holistic Competency Assessment) পদ্ধতি প্রয়োগ করা যেতে পারে।
শিক্ষার্থী ভর্তি নিয়ে দীর্ঘমেয়াদি সমাধানের লক্ষ্যে আমাদেরকে স্কুলগুলোর মানোন্নয়নের দিকে মনোযোগ দিতে হবে। স্কুলের মানোন্নয়ন করতে হলে শিক্ষকদের মানোন্নয়ন করতে হবে। এ ক্ষেত্রে শিক্ষক প্রশিক্ষণ মানসম্মত হচ্ছে কিনা সেটা নিশ্চিত করতে হবে। এ জন্য দেশের পুরো শিক্ষক প্রশিক্ষণ ব্যবস্থাকে একটি পৃথক শিক্ষা বিশ্ববিদ্যালয়ের (University of Education) অধীনে ন্যস্ত করতে হবে। এটি সরকারের জন্য মোটেই কঠিন কিছু নয়। আমাদের চেয়ে খুব বেশি উন্নত নয়, এমন দেশেও শিক্ষা বিশ্ববিদ্যালয় রয়েছে। এ বিশ্ববিদ্যালয়ের কাজ হবে দেশের শিক্ষা ব্যবস্থার সব স্তরের শিক্ষকদের জন্য সব ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা করা। শিক্ষায় গবেষণা কার্যক্রম পরিচালনার দায়িত্বও এ বিশ্ববিদ্যালয় পালন করবে। এছাড়া ঋণের অর্থ দিয়ে শিক্ষা উন্নয়ন প্রকল্পের মাধ্যমে শিক্ষক প্রশিক্ষণ বন্ধ করতে হবে। এতে সরকারের হাজার কোটি টাকার অপচয় বন্ধ হবে। তবে বৈদেশিক সহায়তাপুষ্ট শিক্ষা উন্নয়ন প্রকল্পের অধীনে শিক্ষকদের প্রশিক্ষণ দিতে হবে শিক্ষা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে। প্রয়োজনে শিক্ষা উন্নয়ন প্রকল্পে দেশীয় পরামর্শক নিয়োগ করতে হবে। একই সঙ্গে শহর ও গ্রামের স্কুলের মধ্যে অবকাঠামোগত ও উন্নয়ন সম্পর্কিত বৈষম্য কমাতে হবে। দুর্বল স্কুলগুলোয় আর্থিক সহায়তা বৃদ্ধি করতে হবে। সর্বোপরি শিক্ষক ও অভিভাবকদের মধ্যে উন্নত নৈতিকতার চর্চা অব্যাহত রাখতে হবে। শিক্ষকরা যদি আন্তরিকভাবে চান যে, শিক্ষার্থীদের মধ্যে কোচিং নির্ভরতা হ্রাস করবেন তাহলে তারা স্কুলকেই কোচিংয়ের বিকল্প হিসেবে গড়ে তুলতে পারবেন। একইভাবে অভিভাবকদেরকেও কোচিং করানোর পেছনে ছোটাছুটি বন্ধ করতে হবে।
লেখক : অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ও অধ্যাপক, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ (মহিলা), ময়মনসিংহ। mujibur29@gmail.com
