বাংলার প্রথম বিশ্বাসঘাতক মীর জাফর আলী খান সম্পর্কে মোটামুটি আমরা সবাই জানি। তিনি ছিলেন বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদদৌলার প্রধান সেনাপতি। ১৭৫৭ সালের ২৩ জুন পলাশীর যুদ্ধে তিনি নবাবের বিশাল বাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন। নবাবের পক্ষে সেই যুদ্ধে প্রায় ৫০,০০০ সুসজ্জিত সৈন্য ছিল, যেখানে বিরোধী ইংরেজ বাহিনীর সেনাপতি লর্ড ক্লাইভের সৈন্যসংখ্যা ছিল মাত্র ২৬০০ জন। এই ২৬০০ সৈন্যের মধ্যে ৬০০ জন ছিল ইউরোপীয়, আর বাকি ১৯০০ জন ছিল মূলত বাংলার বাইরের মাদ্রাজ ও বোম্বাইয়ের বাসিন্দা। নবাবের পক্ষের এই বিশাল বাহিনী ক্লাইভের ক্ষুদ্র সেনাদলকে পরাজিত করার জন্য যথেষ্টর চেয়েও বেশি ছিল।

কিন্তু দুঃখের বিষয়, নবাবের সেনাপতি মীর জাফর ইংরেজদের সাথে গোপন ষড়যন্ত্র করে তাঁর দলবলসহ যুদ্ধের ময়দানে ছবির মতো নিশ্চুপ দাঁড়িয়ে নবাবের নিশ্চিত পরাজয় উপভোগ করেন। তাঁর এই চরম বিশ্বাসঘাতকতার ফলস্বরূপ, সেই সময় পৃথিবীর অন্যতম ধনী অঞ্চল এবং সম্পদশালী জাতি বাঙালি, যারা একসময় এই অঞ্চলের সমৃদ্ধির প্রতীক ছিল তারা প্রায় ২০০ বছরের পরাধীনতার অক্টোপাসে শৃঙ্খলিত হয়। মীর জাফর সেই দিন নিজের ব্যক্তিগত স্বার্থে সমগ্র জাতির ভবিষ্যৎকে বিসর্জন দিয়েছিলেন। দ্বিতীয় বিশ্বাসঘাতক দ্বিতীয় মীর জাফর প্রথম মীরজাফরেরই (সরাসরি সপ্তম বংশধর) এবং পাকিস্তানের প্রথম রাষ্ট্রপতি মেজর জেনারেল ইস্কান্দার মির্জা। নিজে বাঙালি হয়েও তিনি বাঙালির সমৃদ্ধির জন্য কাজ করা তো দূরের কথা, বরং পূর্ব পাকিস্তান তথা বাঙালির সাথে চরম বিশ্বাসঘাতকতা করেছিলেন। তাঁর ক্ষমতা কেন্দ্রিক চক্রান্তের কারণে বাঙালিরা পাকিস্তানে তাদের প্রাপ্য রাজনৈতিক ও সামরিক অংশ থেকে সুপরিকল্পিতভাবে বঞ্চিত হয়। তারই চূড়ান্ত পরিণতি ঘটেছিল ১৯৭১ সালের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে।

পাকিস্তান সৃষ্টির এক বছরের মধ্যেই ১৯৪৮ সালের ১১ সেপ্টেম্বর পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহ মৃত্যুবরণ করেন। এরপর থেকেই শুরু হয় পাকিস্তানের ক্ষমতা দখলের পালাবদল এবং প্রাসাদ রাজনীতির খেলা। পাকিস্তান প্রতিষ্ঠার সময় ইস্কান্দার মির্জা ছিলেন অবিভক্ত ভারতীয় সেনাবাহিনীতে উচ্চপদে অধিষ্ঠিত গুটিকয়েক অফিসারের মধ্যে অন্যতম। তাঁর সম্ভ্রান্ত পারিবারিক পরিচয় এবং প্রশাসন পরিচালনায় অসাধারণ দক্ষতার দরুণ তিনি তৎকালীন প্রধানমন্ত্রী লিয়াকত আলী খানের দৃষ্টি কাড়েন। পাকিস্তান সৃষ্টির পরপরই প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান ইস্কান্দার মির্জাকে প্রথম প্রতিরক্ষা সচিব হিসেবে নিয়োগ করেন। লিয়াকত আলী খানের এই বিশ্বস্ততার সুযোগ নিয়ে মির্জা রাজনীতিতে পিছন থেকে ষড়যন্ত্রের কলকাঠি নাড়া শুরু করেন।

তিনি নিজে সবসময় বাঙালি বিদ্বেষ পোষণ করেছেন এবং বাঙালিদের জন্য হিতকর কোনো কাজ করেননি। বরং তিনি সবসময় পাঞ্জাবি নেতৃত্বকে শক্তিশালী করেছেন, যার প্রথম ও সবচেয়ে মারাত্মক দৃষ্টান্ত হলো, আইয়ুব খানের সিনিয়র এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে অসাধারণ দক্ষতা দেখানো মেজর জেনারেল ইসফাকুল মজিদের পরিবর্তে মির্জা অপেক্ষাকৃত জুনিয়র আইয়ুব খানকে সেনাপ্রধান হিসেবে নিয়োগ দেন। অনন্য ব্যক্তিত্বের অধিকারী ইসফাকুল মজিদের সামনে আইয়ুব খান চিরকালই নিজেকে ছোট মনে করতেন। প্রতিরক্ষা সচিব হিসাবে ইস্কান্দার মির্জার ক্রমাগত সুপারিশে লিয়াকত আলী খান আইয়ুব খানকে ১৯৫১ সালের ১৭ জানুয়ারি সেনাবাহিনীর প্রধান করেন। অথচ, এই পদের জন্য সবচেয়ে যোগ্য মানুষটি ছিলেন জেনারেল ইসফাকুল মজিদ। কেবল বাঙালি হওয়ায় মির্জা তাঁকে অযোগ্য হিসেবে প্রধানমন্ত্রীর নিকট উপস্থাপন করেন। সেদিন যদি ইসফাকুল মজিদ সেনাপ্রধান হতেন, তাহলে হয়তো পাকিস্তানের সামরিক ইতিহাসে বাঙালি নেতৃত্ব প্রতিষ্ঠিত হতো এবং পরবর্তী বৈষম্যের ধারা ভিন্ন হতে পারত।

১. গভর্নরের পদে চক্রান্ত ও বাঙালি নেতৃত্বের পতন: মির্জার এই খেলা এখানেই শেষ হয়নি। তৎকালীন পাকিস্তান রাজনীতি তাঁর হাতের ইশারায় ক্ষণে ক্ষণে দিক পরিবর্তন করেছে। ১৯৫১ সালে প্রধানমন্ত্রী লিয়াকত আলী আততায়ীর গুলিতে নিহত হওয়ার পর খাজা নাজিমউদ্দীন প্রধানমন্ত্রী হন এবং নতুন গভর্নর জেনারেল হন মালিক গোলাম মোহাম্মদ (পাঞ্জাবি)। ২. নাজিমউদ্দীনকে অপসারণ: গভর্নর জেনারেল মালিক গোলাম মোহাম্মদ ক্ষমতাবলে মাত্র ২ বছরের মধ্যেই প্রধানমন্ত্রী খাজা নাজিমউদ্দীনকে অপসারণ করে তাঁর স্থলাভিষিক্ত করেন বগুড়ার মোহাম্মদ আলীকে। এই সময়েই ইস্কান্দার মির্জা মালিক গোলাম মোহাম্মদের প্রিয়পাত্র হয়ে ওঠেন এবং ক্ষমতার কাছাকাছি চলে আসেন। ৩. পূর্ব পাকিস্তানের গভর্নর হিসেবে দম্ভ: অবশেষে ষড়যন্ত্রের পথে হেঁটে ১৯৫৪ সালের ২২ মে মির্জা পূর্ব পাকিস্তানের নতুন গভর্নর হন। পূর্ব পাকিস্তানে পা দিয়েই তিনি দম্ভভরে ঘোষণা করেন, পাকিস্তান বিরোধী কোনো রকমের কাজ কঠোর হাতে দমনে তিনি একবিন্দু সময় নেবেন না। এর পরের দিনই তাঁর নির্দেশে চারশত নেতাকর্মীকে গ্রেফতার করা হয়।

৪. বগুড়ার মোহাম্মদ আলীকে পদত্যাগে বাধ্য করা: গভর্নর জেনারেল গোলাম মোহাম্মদের শারীরিক অবস্থার অবনতি হলে মির্জাকে ভারপ্রাপ্ত গভর্নর জেনারেল পদে নিয়োগ করা হয়। পদে অধিষ্ঠিত হবার পরপরই মির্জা আঞ্চলিক বৈষম্য নিয়ে বগুড়ার মোহাম্মদ আলীর সাথে দ্বন্দ্ব শুরু করেন। যদিও উভয়ই বাঙালি ছিলেন, তবুও মির্জা মোহাম্মদ আলীকে পদত্যাগ করতে বাধ্য করেন। বগুড়ার মোহাম্মদ আলী প্রধানমন্ত্রী হিসাবে অত্যন্ত দক্ষ ছিলেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে পাকিস্তানের সম্পর্ক উন্নয়নে দারুণ কাজ করেছিলেন। মির্জা তাঁকে সরিয়ে পাঞ্জাবি চৌধুরী মোহাম্মদ আলীকে নতুন প্রধানমন্ত্রী নিয়োগ দেন। ৫. পাকিস্তানের প্রথম অনির্বাচিত প্রেসিডেন্ট: পরবর্তীতে ভারপ্রাপ্ত গভর্নর জেনারেল ইস্কান্দার মির্জা ১৯৫৫ সালের ৬ অক্টোবর তাঁরই নিয়োগকর্তা অসুস্থ গোলাম মোহাম্মদকে অপসারণ করে নিজেই গভর্নর জেনারেল হিসাবে স্থলাভিষিক্ত হন। দীর্ঘ কয়েক বছরের প্রচেষ্টায় ১৯৫৬ সালে পাকিস্তানের নতুন সংবিধান কার্যকর হয় এবং গভর্নর জেনারেলের নাম হয় প্রেসিডেন্ট। এইভাবেই মির্জা পাকিস্তানের প্রথম প্রেসিডেন্ট হয়ে যান। এখানে উল্লেখ করা প্রয়োজন যে, যখন পাকিস্তানের প্রথম সংবিধান তাঁর কাছে স্বাক্ষরের জন্য উপস্থাপন করা হয়, তখন মির্জা জোর দিয়েছিলেন যে তিনি রাষ্ট্রের প্রধান না হলে এতে স্বাক্ষর করবেন না। তাঁর ইচ্ছা মঞ্জুর করা হয়েছিল। ৬. ‘গণতন্ত্রের মানসপুত্র’কে অপসারণ: ১৯৫৬ সালে চৌধুরী মোহাম্মদ আলীর পদত্যাগের পর ৫ম প্রধানমন্ত্রী নির্বাচিত হন হোসেন শহীদ সোহরাওয়ার্দী। পাকিস্তানের ইতিহাসে এটি ছিল অন্যতম একটি গুরুত্বপূর্ণ দিন। একইসাথে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর পদে দু’জন বাঙালি থাকায় সকল বৈষম্য নিরসন করে গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের সুবর্ণ সুযোগ তৈরি হয়েছিল।

কিন্তু ইস্কান্দার মির্জা পুনরায় নতুন ছক কষতে থাকেন। এক বছর যেতে না যেতেই সামান্য অজুহাতে প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জা ‘গণতন্ত্রের মানসপুত্র’ হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে পদত্যাগ করতে চাপ প্রয়োগ করেন। আত্মসম্মানবোধ সম্পন্ন সোহরাওয়ার্দী সরাসরি জবাব দেন, তিনি নির্বাচিত প্রধানমন্ত্রী। তাঁকে সরাবার দরকার হলে পার্লামেন্টের সভা ডেকে অনাস্থা ভোটের ব্যবস্থা করতে হবে, সেখানে পরাজিত হলেই কেবল তিনি পদত্যাগ করবেন। প্রত্যুত্তরে প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জা তাঁর সর্বশেষ অস্ত্র প্রয়োগ করে বলেন: ‘হয় স্বেচ্ছায় পদত্যাগ করুন, না হলে আপনাকে বরখাস্ত করতে বাধ্য হব, রাষ্ট্রপতি হিসাবে এই অধিকার আমার আছে।’ ক্ষমতার কাছে হেরে গিয়ে সোহরাওয়ার্দীকে পদত্যাগ করতে বাধ্য হতে হয়। আর এভাবেই একের পর এক ষড়যন্ত্র করে ইস্কান্দার মির্জা প্রত্যেক বাঙালি প্রধানমন্ত্রীকে (খাজা নাজিমউদ্দীন, মোহাম্মদ আলী ও হোসেন শহীদ সোহরাওয়ার্দী) নিজের প্রয়োজনে ইচ্ছামাফিক অপসারণ করেন।

এখানে যদি টানা তিনবার বাঙালি প্রধানমন্ত্রীকে ক্ষমতায় রাখা হতো, তবে পুরো ক্ষমতা বাঙালি সংখ্যাগরিষ্ঠ পাকিস্তানের হাতে থাকত এবং কমপক্ষে পরবর্তী ১৫-২০ বছর ধরে তাঁরা সুষ্ঠুভাবে দেশ পরিচালনা করতে পারতেন। অথচ নিজে একজন বাঙালি হয়েও বৃহৎ চক্রান্তের মাধ্যমে তাঁদের ক্ষমতাচ্যুত করেন ইস্কান্দার মির্জা। তিনি যদি চক্রান্ত না করতেন, তাহলে সেনাপ্রধান মজিদ এবং বাঙালি প্রধানমন্ত্রীর সাথে মোটামুটি সবকিছু বাঙালিদের পক্ষে থাকত এবং পরবর্তী বৈষম্যের জন্ম হতো না। ইস্কান্দার মির্জা বাঙালি হয়েও আমাদের বিপক্ষে কাজ করেছেন, আমাদের ঠকিয়েছেন, তাঁরই পূর্বপুরুষ মীর জাফরের মতো বাঙালির সাথে বেঈমানি করেছেন।

৭. আইয়ুব-ভুট্টোর উত্থান: যেখানে পাকিস্তানের রাজনৈতিক ইতিহাসে আইয়ুব খান কিংবা জুলফিকার আলী ভুট্টোর আসার কোনো কথাই ছিল না, সেখানে এই দুই জনকেও পাকিস্তানের রাজনীতিতে যুক্ত করে পরবর্তী ইতিহাসের পটপরিবর্তন করেন এই খলনায়ক, নাটের গুরু ইস্কান্দার মির্জা। ৮. আইয়ুব খানের মেয়াদ বৃদ্ধি: সেনা প্রধান হিসাবে ৬ বছরের চাকরির পর, ১৯৫৭ সালে আইয়ুব খানের অবসরে যাবার কথা ছিল, কিন্তু ইস্কান্দার মির্জার ইচ্ছাতেই আইয়ুবের সেনাপ্রধান হিসেবে নিয়োগকাল পুনরায় বৃদ্ধি করা হয়। এই বৃদ্ধি সামরিক শাসক হিসেবে তাঁর উত্থানকে অনিবার্য করে তোলে। ৯. ভুট্টোর রাজনৈতিক অভিষেক: জুলফিকার আলী ভুট্টো ছিলেন মির্জার ঘনিষ্ঠ বন্ধু শাহনেওয়াজ ভুট্টোর পুত্র। মির্জা ভুট্টোর চালচলন ও বুদ্ধিমত্তা দেখে মুগ্ধ হয়ে ১৯৫৭ সালে তাঁকে গুরুত্বপূর্ণ পদে আনেন। ১৯৫৮ সালের গোড়ার দিকে সমুদ্রের আইন সম্পর্কিত সম্মেলনে পাকিস্তান সভাপতিত্ব করতে জেনেভাতে পাঠান এবং পরে ১৯৫৮ সালে তাঁকে বাণিজ্যমন্ত্রী হিসেবে নিয়োগ দেন। ভুট্টো জেনেভা থেকে ইস্কান্দার মির্জার কাছে প্রেরিত এক তোষামোদী পত্রে মির্জাকে বলেন, ‘যখন পাকিস্তানের ইতিহাস লেখা হবে তখন ইস্কান্দার মির্জার নাম জাতির পিতা জিন্নাহরও আগে থাকবে।’ মির্জা ভুট্টোকে একজন উচ্চাকাক্সক্ষী এবং দক্ষ রাজনীতিবিদ হিসেবে দেখেছিলেন, যিনি তাঁর স্বার্থ রক্ষা করতে পারেন।

১০. সামরিক শাসন এবং বিশ্বাসঘাতকতার করুণ পরিণতি: পরবর্তীতে ১৯৫৮ সালের ৭ অক্টোবর ইস্কান্দার মির্জা শাসনতন্ত্র বাতিল করে জেনারেল আইয়ুব খানকে প্রধান সামরিক শাসক করে পাকিস্তানের প্রথম সামরিক শাসন জারি করেন। সামরিক শাসক আইয়ুব খানকে প্রধানমন্ত্রী করে নতুন মন্ত্রিসভা গঠন করেন এবং ভুট্টোকে তিনি সামরিক দায়িত্বও প্রদান করেন। আর এভাবেই আইয়ুব এবং ভুট্টোকে তিনি পাকিস্তানের রাজনীতিতে যুক্ত করেন। কিন্তু এতে ক্ষমতা আইয়ুবের হাতের নাগালে চলে আসে। এক বনে তো আর দুই বাঘ থাকতে পারে না। আইয়ুব এবার তাঁর স্বরূপে ফিরে আসেন। বাঙালি নেতৃত্বের সাথে বিশ্বাসঘাতকতা করে যে আইয়ুব খানের পরামর্শে মির্জা সামরিক শাসন জারি করলেন, ঠিক বিশ দিনের ব্যবধানে তাকেও ক্ষমতাচ্যুত করে ক্ষমতা দখল করেন আইয়ুব খান। ১১.

মির্জার নির্বাসন: শুধু তাই নয়, আইয়ুব খান মির্জাকে এক কাপড়ে নিজ মাতৃভূমি থেকে লন্ডনে নির্বাসিত করেন। ইতিহাস বিশ্বাসঘাতকদের ক্ষমা করে না, এই নির্মম সত্যের সাক্ষী হলেন মির্জা। শুধুমাত্র বিশ্বাসঘাতকতার কারণে পাকিস্তানের প্রেসিডেন্টের জীবনের শেষ সময় কাটল করুণভাবে। জীবিকা নির্বাহের জন্য কাজ করতে হলো লন্ডনের একটা খাবারের রেস্তোরাঁর হোটেল বয় হিসেবে। আর্থিকভাবে অসচ্ছল মির্জা লন্ডনে চিকিৎসা খরচ চালাতে না পেরে তাঁর দ্বিতীয় স্ত্রী নাহিদকে বলেছিলেন, ‘নাহিদ, আমরা চিকিৎসা খরচ বহন করতে পারবো না, সে সামর্থ্য আমার নেই। আমাকে মরতে দাও!’ এমনকি তাঁর মৃত্যুর পর তাঁর লাশটিকেও নিজ জন্মভূমিতে আসার অনুমতি দেননি তৎকালীন পাকিস্তান প্রেসিডেন্ট ইয়াহিয়া খান। ১২. বাঙালি বিদ্বেষী চক্রান্তের চূড়ান্ত ফল: ইস্কান্দার মির্জার হাতে সুযোগ ছিল, যে বাংলাকে তাঁর পূর্ব পুরুষ মীর জাফর ব্রিটিশদের হাতে সোপর্দ করে বিশ্বাসঘাতকের নাম পেয়েছিল, সেই বাংলাকে নতুনভাবে গড়ার। কিন্তু তিনি তা করেননি। বরং তিনি নিজে পুনরায় মীর জাফরের মতোই ঘৃণ্য কাজ করেন।

১৩. গণতন্ত্র হত্যা: যে আইয়ুবের অধ্যায় পাকিস্তানের ইতিহাসে আসারই কথা ছিল না, সেখানে একে একে দুইবার তাঁর চাকরির সময় বৃদ্ধি করে সেনাপ্রধান করে গণতন্ত্রকে হত্যা করে সামরিক শাসন জারির মাধ্যমে পুরো ইতিহাসকে বদলে দেন তিনি। ১৪. ভুট্টোর উত্থান: যে ভুট্টোকে কেউ চিনতো না, সেই ভুট্টোকে সামনে আনলেন তিনি। পরবর্তীতে সেই ভুট্টো তাঁর ক্ষমতার লোভ ও বাঙালি বিদ্বেষের কারণে প্রেসিডেন্ট ইয়াহিয়ার সাথে ষড়যন্ত্র করে সত্তরের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ নেতা শেখ মুজিবের হাতে ক্ষমতা হস্তান্তর করতে দিলেন না। প্রকৃতপক্ষে, বাঙালি বিদ্বেষী ইস্কান্দার মির্জার রাজনৈতিক চক্রান্তের শিকার হয়েছিল বাঙালিরা, যা পরবর্তীতে তাঁদের ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ধাবিত করে। ইস্কান্দার মির্জার কর্মকা-ই বাঙালি নেতৃত্বকে দুর্বল করে, সামরিক স্বৈরাচারকে প্রতিষ্ঠা করে এবং আইয়ুব-ভুট্টো চক্রের ক্ষমতায় আসার পথ তৈরি করে। এই চক্রের হাতেই বাঙালির রাজনৈতিক অধিকার বারবার লঙ্ঘিত হয়েছে, যার চূড়ান্ত প্রতিবাদ ছিল একাত্তরের যুদ্ধ এবং স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়।

লেখক: সাবেক সহকারী নৌবাহিনী প্রধান ও উপ-উপাচার্য, বিইউপি।