মুখ দেখেই অনেকে আমাকে ‘শাহবাগী’ বলে দেগে দেন। জানতে ইচ্ছে হয়, ঠিক কী দেখতে পান তারা আমার মধ্যে? আমার রাজনৈতিক আনুগত্য? নাকি আমার ব্যক্তিগত জীবন ও চলাফেরা? মনে হয়, আমার পরিধানের বস্ত্র দেখেই নিজের মতো একতরফা রাজনৈতিক বিবৃতি দেন। অথচ আমি তো কখনও কোনো রাজনৈতিক দলে নাম লেখাইনি। আওয়ামী লীগ, বিএনপি কিংবা অন্তর্বর্তী সরকার– কারও প্রতিই অন্ধ সমর্থন ছিল না, আজও নেই। তার মানে কি এই যে, আমার কোনো রাজনীতি নেই? তার মানে কেবল এতটুকুই– আমার চিন্তা কোনো সংগঠনের কাছে বন্ধক রাখা নেই। এক সরকারের বিরোধিতা করলেই আমি অন্য সরকারের সম্পত্তিতে পরিণত হয়ে যাই না। এক রাজত্বে অন্যায়কে চেনার চোখ যার থাকে, নতুন কেউ সেই চেয়ারে বসার পরও সে ঠিকই সেই অন্যায়কে চিনে নিতে পারে।

মুশকিল হলো, যে কোনো যুক্তির দরজা খোলার আগেই ‘শাহবাগী’ তকমাটি এসে দরজায় কড়া নাড়ে। শাহবাগ তো আদতে ঢাকার একটি ঐতিহাসিক চত্বর। বাংলাদেশে ‘শাহবাগী’ শব্দটি ২০১৩ সালের যুদ্ধাপরাধবিরোধী আন্দোলনের প্রেক্ষাপট থেকে এক শ্রেণির মানুষের মুখে রাজনৈতিক গালিতে পরিণত হয়েছে। আপনি যদি কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের গোলামি না করেন; যদি ধর্মনিরপেক্ষতা ও যুক্তিবাদী চিন্তার কথা বলেন; নিজের দেশীয় পোশাকে স্বাধীনভাবে চলাফেরা করেন কিংবা সমাজ ও রাষ্ট্রে পুরুষের সমান অধিকার দাবি করেন, তবেই অন্ধতার কুয়াশায় ঢাকা এক দল মানুষ আপনাকে ‘শাহবাগী’ বলে চিহ্নিত করতে শুরু করে।

আওয়ামী আমলে একবার আমার প্রতিষ্ঠানের নির্দোষ কর্মীদের অন্যায়ভাবে তুলে নেওয়া হলে তাদের ছাড়াতে থানায় যাই। সেখানে আটককারী পুলিশ সদস্য ওসির সামনে বলেছিল, মানুষগুলোকে তার ‘শাহবাগী টাইপ’ মনে হয়েছে। আমি এর অর্থ জানতে চাইলে সে কোনো সদুত্তর দিতে পারেনি। কারণ, এই তকমা মূলত অজ্ঞতা ও মানসিক দেউলিয়াত্ব ঢাকার সস্তা অস্ত্র। অথচ আমার নিজের ইতিহাস তো এই গণ্ডিবদ্ধ খোপের সঙ্গে মেলে না।

শাহবাগে শেষ প্রতিবাদে আমি পা রেখেছিলাম প্রায় ১৮ বছর আগে; ২০০৮ সালের অক্টোবরে বিমানবন্দর এলাকার বাউল ভাস্কর্য অপসারণের বিরুদ্ধে। আজ সেই অভিজ্ঞতা পর্যালোচনা করলে উপলব্ধি স্পষ্ট হয়: সেদিন আমাদের সরল উপস্থিতি ও সামাজিক উদ্বেগ ব্যবহৃত হয়েছিল ২০০৮ সালের ডিসেম্বরে আওয়ামী লীগকে ক্ষমতায় আনার সিঁড়ি হিসেবে। আমরা যে কারণে দাঁড়িয়েছিলাম আর যে উদ্দেশ্যে আমাদের ব্যবহার করা হলো– দুটো এক ছিল না। সেই ব্যবহারের তিতা অভিজ্ঞতার কারণেই আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর আমি আর কখনও শাহবাগে পা ফেলিনি।

এমনকি ২০১৩ সালের যুদ্ধাপরাধবিরোধী আন্দোলন; যার একদম শিকড়ে জড়িয়ে ছিলেন আমার নানা এবং ঘাতক দালাল নির্মূল কমিটির লড়াই; সেখানেও আমি যাইনি। কারণ আমি দেখেছি, কীভাবে একটি গণআকাঙ্ক্ষাকে তৎকালীন ক্ষমতাসীন দল নিজের দলীয় স্বার্থে ছিনতাই করে নিল। একইভাবে চব্বিশের গণঅভ্যুত্থানেও আমি শাহবাগে নামিনি। কারণ ড. ইউনূসের নাম সামনে আসার সঙ্গে সঙ্গেই বুঝেছিলাম– এর পেছনে যুক্তরাষ্ট্রের মতো আন্তর্জাতিক শক্তির ছায়া রয়েছে।

প্রশ্ন হলো, দেশের হাল ধরেছেন যারা, তাদের ভূমিকা কী? আওয়ামী লীগের আমল থেকে আজ পর্যন্ত প্রতিটি রাজনৈতিক শক্তি ও প্রশাসনের দেউলিয়াত্ব সমানভাবে চোখে পড়ে। আওয়ামী লীগের আমলে আমরা দেখেছি কীভাবে সারাদেশে ছাত্রলীগের সন্ত্রাস, জুলুম ও দখলদারি কায়েম হয়েছিল। আজ এই নতুন সময়ে এসে দেখছি ছাত্রদলের চাঁদাবাজি ও গুন্ডামি কীভাবে আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। ড. ইউনূসের অন্তর্বর্তী সরকারের আমলেও প্রশাসনিক স্থবিরতা এবং বিচারব্যবস্থার প্রহসন থামেনি। আওয়ামী লীগের অনেক নেতাকর্মী অপরাধের সঙ্গে যুক্ত না থাকলেও ঢালাওভাবে জেলে পুরে রাখা হচ্ছে। তাহলে সত্যিকারের ন্যায়বিচার ও আইনি স্বচ্ছতা কোথায়? উল্টো ড. ইউনূসের সময়েই কারাগার থেকে একের পর এক উগ্রবাদী ও চরমপন্থি সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ার সুযোগ পেয়েছে বা মুক্তি পেয়েছে।

রাষ্ট্রের এই দ্বিচারিতা ও পচনের সবচেয়ে বড় প্রমাণ পাওয়া যায় আমাদের নাগরিক স্বাধীনতা এবং ডিজে পার্টি ঘিরে চলা ভন্ডামিতে। এ দেশে সাধারণ মানুষ ইলেকট্রনিক মিউজিকে নাচানাচি করলেই তাদের ধরে এনে ‘মাদকাসক্ত’ বা অপরাধী বানিয়ে দেওয়া হয়। অথচ অভিজাত এলাকায় কোনো প্রভাবশালী পুলিশ কর্মকর্তার বিলাসবহুল ফ্ল্যাটে যখন একের পর এক ডিজে পার্টি ও মাদকের রমরমা আসর বসে, তখন প্রশাসন চোখ বুজে থাকে। সাধারণ নাগরিকের আনন্দ অপরাধ, আর ক্ষমতাশালীদের প্রমোদরঞ্জন বৈধ– এ কোন ধরনের বিচার?

আর একটি মহলের ধর্মের নামে ভন্ডামি ও উগ্রতার কথা সবাই জানেন। আওয়ামী লীগ হোক, বিএনপি হোক কিংবা ড. ইউনূসের সরকার হোক; প্রতিটি সরকারই তাদের তোয়াজ করে চলে। অজ্ঞতা, নারীদ্বেষ এবং ধর্মের অপব্যাখ্যা দূর করার ন্যূনতম রাজনৈতিক সদিচ্ছা কোনো সরকারেরই কখনও ছিল না।

তাহলে বলুন, কোন অন্যায়ের পক্ষে আমি দাঁড়িয়েছি? শেখ হাসিনার ছাত্রলীগের বিরুদ্ধে কথা বলা, ছাত্রদলের বর্তমান চাঁদাবাজির প্রতিবাদ করা, ইউনূসের বিচারিক প্রহসন ও উগ্রবাদীদের ছাড় দেওয়ার সমালোচনা করা, নাকি ধর্মের নামে নারীর প্রতি অবমাননা ও রাষ্ট্রের এই ভীরুতার বিরুদ্ধে কথা বলা– কোনটি আমার অপরাধ?

নারীদের বেলায় তকমা দেওয়া আরও সহজ। আপনার শরীর, মুখ ও পোশাককে ব্যবহার করা হয় আপনার নৈতিকতা, বিশ্বাস এবং কথা বলার অধিকারকে কেড়ে নেওয়ার জন্য। কথা বা যুক্তি দিয়ে যে অভিযোগ প্রতিষ্ঠা করা যায় না, নারীর অবয়বকে দিয়ে সেই অভিযোগ বহন করানোর চেষ্টা করা হয়।

আমার রাজনীতি ক্ষমতা ছড়িয়ে দেওয়া, ভিন্নতার মর্যাদা রক্ষা করা এবং প্রত্যেক মানুষের নিজের জীবন নিয়ে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা ঘিরে। বাইরের আধিপত্য থেকে মুক্ত থাকা যেমন সার্বভৌমত্ব; ঘরের ভেতরের সন্ত্রাস, চাঁদাবাজি, উগ্রবাদ থেকে নাগরিকদের সুরক্ষিত রাখাও তেমনি সার্বভৌমত্ব।

আনুশেহ আনাদিল: সংগীতশিল্পী ও সমাজকর্মী