বেগম খালেদা জিয়ার পরলোক গমনে এই সংগত প্রশ্ন উঠেছে: তিনি কি সত্যিই বিদায় নিলেন, নাকি ইতিহাসের পাতায় একটি স্থায়ী আসন গেড়ে বসলেন? একজন সাধারণ গৃহিণী থেকে উঠে আসা সাবেক এই প্রধানমন্ত্রী বিশ্ব ইতিহাসের অন্যতম বৃহৎ জানাজা শেষে শায়িত হলেন জিয়া উদ্যানের সেই কৃষ্ণচূড়া গাছের ছায়ায়, যেখানে আগে থেকেই চিরনিদ্রায় শায়িত আছেন তাঁর স্বামী, বাংলাদেশের ‘স্টেটসম্যান’ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। কোটি মানুষের দোয়া আর ভালোবাসায় একজন ‘স্টেটসওম্যান’ হিসেবে তাঁর এই শেষ বিদায় হয়তো ব্যক্তি হিসেবে বিদায়; কিন্তু পাশাপাশি শায়িত এই বিরল দুজন রাষ্ট্রনায়কের আদর্শ ও ‘অসমাপ্ত রাষ্ট্র’ গঠনের স্বপ্ন বাংলাদেশের অস্তিত্বের সাথে মিশে আছে। তাই রাজনৈতিক অর্থনীতির একজন অনুসন্ধিৎসু নাগরিক হিসেবে বেগম খালেদা জিয়ার জীবন ও কর্মের কিছু ধ্রুব সত্য স্বল্প পরিসরে এই নিবন্ধে তুলে ধরার চেষ্টা করেছি।

১৯৭১ সালে তিনি কেবল বাংলাদেশের স্বাধীনতার ঘোষকের স্ত্রীই ছিলেন না; বরং স্বামীকে যুদ্ধে যাওয়ার অনুমতি দিয়ে দুই নাবালক সন্তানসহ পাক বাহিনীর কাছে ধরা পড়ে সেনানিবাসে বন্দী থেকে তিনি যে মানসিক নির্যাতনের শিকার হয়েছিলেন, তা যেকোনো মুক্তিযোদ্ধার ত্যাগের সমতুল্য। এটি এক সর্বস্ব উজাড় করে দেওয়া মুক্তিযোদ্ধা পরিবারের ত্যাগের ইতিহাস। সেনাপ্রধানের স্ত্রী হিসেবে তিনি পরিবার নিয়ে স্বাচ্ছন্দ্য জীবন কাটাতে পারতেন; কিন্তু জাতির ক্রান্তিকালে ইতিহাস তাঁর শ্রেষ্ঠ সন্তান জিয়াকেই বেছে নেয়। আর এই অমোঘ নিয়তির আবর্তেই ১৯৭৫-পরবর্তী দেশের নব্য অলিগার্কির মধ্যকার ক্ষমতার দ্বন্দ্বে সেনাপ্রধান জিয়া পরিবারসহ গৃহবন্দী হন। সেই চরম অস্থিতিশীল সময়ে ৭ নভেম্বরের সিপাহী-জনতার বিপ্লবই শেষ পর্যন্ত বেগম জিয়াকে ‘ফার্স্ট লেডি’ হিসেবে মর্যাদার আসনে আসীন করে।

দেশপ্রেমিক, সৎ ও মেধাবী জিয়াউর রহমান সাধারণ মানুষ হিসেবে এই নশ্বর পৃথিবীতে আসেননি। তাই তো ভৌগোলিক স্বাধীনতা পাওয়া দেশটিতে যখন বিশ্ব দরবারে হেনরি কিসিঞ্জারের ‘তলাবিহীন ঝুড়ি’র অপবাদ সত্য প্রমাণিত হতে চলেছিল, তখন জিয়া হাল ধরেছিলেন। তিনি ভৌগোলিকভাবে স্বাধীন (ইনডিপিন্ডেন্ট) দেশটির জনগণের প্রকৃত মুক্তি (লিবারেশন) ও আপনতা (ফ্রিডম)-এর সংগ্রামে ‘ইনক্লুসিভ’ ও ‘মেধাভিত্তিক’ দেশ গঠনে ব্রতী হন। তিনি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন এবং স্বল্প সময়ে মানবসম্পদ উন্নয়ন থেকে শুরু করে দেশের প্রায় সকল আর্থ-সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠান নির্মাণ করে দেশের প্রকৃত মুক্তির ভিত্তি স্থাপন করেন; যা সমকালীন বিশ্বে বিরল।

প্রতিদ্বন্দ্বীরা প্রায়শই জিয়াউর রহমানের বিরুদ্ধে চারটি অভিযোগ তোলেন: সেনাবাহিনীর বিদ্রোহী অফিসারদের সামরিক আইনে বিচার ও মৃত্যুদ-, সেনাশাসকের তকমা, জামায়াতে ইসলামীকে রাজনীতিতে সুযোগ দেওয়া এবং ‘আই উইল মেইক পলিটিক্স ডিফিকাল্ট’ উক্তি। রাজনৈতিক অর্থনীতির গভীর বিশ্লেষণে দেখা যায়, গ্রিক পুরাণে বর্ণিত ‘হাইড্রা’ দানবের মাথা কাটলে যেমন নতুন দুটি মাথা গজিয়ে ওঠে, ঠিক তেমনি ১৯৭২-৭৫ পর্বে জন্ম নেওয়া অলিগার্কি ছিল এক বহুরূপী দানব। দেশপ্রেমিক জিয়াউর রহমান হারকিউলিসের মতো আবির্ভূত হয়ে অলিগার্কির কেবল মাথা না কেটে এর শিকড়শুদ্ধ উপড়ে ফেলেন এবং ভঙ্গুর সামরিক-বেসামরিক আমলাতন্ত্রে ‘চেইন অব কমান্ড’ ফেরাতে কঠোরতার আশ্রয়ও গ্রহণ করেন; যা ছিল রাষ্ট্র গড়ার অপরিহার্য শর্ত। সেনাশাসক হয়ে রাজনৈতিক জীবন শুরু হলেও স্বল্পতম সময়ে তিনি বহুদলীয় গণতন্ত্রের দুয়ার খুলে দিয়েছিলেন, যা বিশ্ব ইতিহাসে বিরল ব্যতিক্রম। জামায়াতের রাজনীতিতে ফেরা ছিল বাংলাদেশি জাতীয়তাবাদের সেই ইনক্লুসিভ দর্শন; যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে রাষ্ট্রের অংশ করা হয়েছিল। আর ‘রাজনীতি কঠিন করে দেওয়া’র উক্তিটি ছিল মূলত লুটেরা ও দুর্বৃত্তদের জন্য রাজনীতিকে কঠিন করে মেধাভিত্তিক রাজনীতির পথ সুগম করার অঙ্গীকার। তাই, দল হিসেবে বিএনপির গণতান্ত্রিক আন্দোলনে অনমনীয়তা এবং নেতা হিসেবে জিয়া ও খালেদার রাজনৈতিক সততা ও উন্নত ব্যক্তিগত চরিত্র; বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের অন্য যেকোনো নেতার চেয়ে তাঁদের মহিমান্বিত করেছে। উগ্র বাম ও ডানের বিপরীতে তাঁরাই বিএনপিকে অলিগার্কির বিরুদ্ধে ‘মধ্যপন্থা’ ও ‘অন্তর্ভুক্তিমূলক’ বাংলাদেশের প্রকৃত ভরকেন্দ্রে পরিণত করেছেন।

কিন্তু সেই অলিগার্কিক চক্রান্তকারীরা ১৯৮১ সালে কেবল জিয়াকে শহীদ করেই থামেনি; তারা বাংলাদেশের জনগণের মুক্তি ও আপনতার লড়াইও থামিয়ে দিয়েছিল। জনগণকে তথ্য, জ্ঞান ও দারিদ্র্যের ফাঁদে আটকে রেখে গোষ্ঠীতন্ত্রের শাখা প্রশাখা বিস্তৃত করার অলিগার্কিক প্রজেক্ট একটি অসমাপ্ত স্বপ্নের কাছে হার মেনেছিল। কারণ, তাদের সামনে পাহাড় হয়ে দাঁড়িয়েছিলেন একজন গৃহিণী, একজন মুক্তিযোদ্ধার স্ত্রী, একজন সেনাপ্রধানের সহধর্মিণী, একজন ফার্স্ট লেডি এবং পরবর্তীতে স্বজন হারিয়েও দেশ, মাটি ও মানুষের মুক্তি অর্জনে অসমাপ্ত দেশ গঠনের প্রশ্নে একজন ‘আপোসহীন’ বেগম খালেদা জিয়া। ফলে ফ্যালান্ড ও পার্কিনসনের (১৯৭৬) সেই গবেষণা, ‘বাংলাদেশে উন্নয়ন সম্ভব হলে পৃথিবীর সবখানেই তা সম্ভব’ বা ‘টেস্ট কেস ফর ডেভেলপমেন্ট’কে ভুল প্রমাণ করতেই যেন দেশের জনগণ ইতিহাসের প্রথম অবাধ, সুষ্ঠু ও গণতান্ত্রিক নির্বাচনে সকল অলিগার্কিক প্রচারণা আর ন্যারেটিভকে নস্যাৎ করে জাতির আরেক শ্রেষ্ঠ সন্তান বেগম জিয়াকেই বেছে নেয়। জনগণের এই রায় ছিল মূলত জিয়াউর রহমানের সততা ও স্বজনপ্রীতিমুক্ত মেধাভিত্তিক রাজনীতির উত্তরাধিকার এবং বাংলাদেশের মুক্তির প্রশ্নে খালেদার আপোসহীন সংগ্রামেরই ঐতিহাসিক পুরস্কার। ভৌগোলিক স্বাধীনতা ও সার্বভৌমত্বকে তিনি বিশ্বদরবারে অনন্য উচ্চতায় রেখে জনগণের প্রকৃত মুক্তির প্রশ্নে তাঁর এই ‘আপোসহীন’ অবস্থান তাঁকে কেবল একজন ব্যক্তিতেই সীমাবদ্ধ রাখেনি, বরং তাঁকে একটি প্রতিষ্ঠানে রূপান্তর করেছে।

গত দেড় দশকে সেই অলিগার্কিক কাঠামো ‘সপ্তভূজ লৌহ কাঠামো’তে রূপ পেয়েছে। আর এই কারণেই মুক্তি, আপনতা আর গণতন্ত্রের প্রশ্নে আপোসহীন এক বিপ্লবীর ত্যাগ আর অর্জনের রূপকথা আজ কেবল তিনবারের প্রধানমন্ত্রিত্বেই সীমাবদ্ধ হয়ে আছে। অথচ, এই অলিগার্কির মিডিয়া-বুদ্ধিজীবী ও সামরিক-বেসামরিক আমলাতন্ত্র নিরপেক্ষ থেকে প্রাতিষ্ঠানিক দায়িত্ব পালন করলে খালেদা জিয়া অন্তত পাঁচবারের প্রধানমন্ত্রী হতেন; আজকের বাংলাদেশ ‘বাংলাদেশ প্যারাডক্স’-এ পরিণত হতো না। অর্থনীতি ১ শতাংশ বাড়লে তরুণদের চাকরিও ১ শতাংশ বাড়ত; যেমনটি ছিল খালেদা জিয়ার তৃতীয় মেয়াদের শাসনামলে। অথচ, ভাগ্যের কী নির্মম পরিহাস, আজ বিএনপির দৃশ্যমান প্রতিদ্বন্দ্বী হিসেবে টিকে আছে ৭১-এর ভৌগোলিক স্বাধীনতার বিপক্ষে থাকা ডানপন্থী জামায়াতে ইসলামী। অন্যদিকে, স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দেওয়ার একমাত্র লিগ্যাসি ধারণ করেও অলিগার্কির ‘সহজ ক্যাপচার’-এ পরিণত হয়ে বারংবার গণতন্ত্র হরণকারী দেশের ৭৫ বছরের প্রাচীনতম দল আওয়ামী লীগ আজ দৃশ্যপটের বাইরে। নব্বইয়ের স্বৈরাচার জাতীয় পার্টির মতোই ২০২৪-এর গণঅভ্যুত্থানে গণহত্যা ও ফ্যাসিবাদের দায়ে অভিযুক্ত হয়ে তারা আজ পরাজিত শক্তি। আর এখন সামনে দাঁড়িয়ে আছে মহীরুহে রূপ নেওয়া অলিগার্কির সেই ‘সপ্তভূজ লৌহ কাঠামো’ এবং ‘সময়-জ্ঞান-তথ্যগত’ অলিগার্কিক পক্ষাঘাতে আক্রান্ত এক বাংলাদেশ।

বেগম জিয়া ৮০-র দশকে একটি ভঙ্গুর ও দ্বিধাবিভক্ত নবীন দলকেই কেবল রক্ষা করেননি, বরং প্রধানমন্ত্রী হয়ে ‘নি¤œ আয়ের ফাঁদে’ আটকে পড়া দেশটিকে ‘ইমার্জিং টাইগারে’ রূপ দিয়েছিলেন। সীমিত সম্পদ ও সামর্থ্য, অসীম বাধা আর সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে প্রতিদ্বন্দ্বীদের তুলনায় ব্যক্তিত্বের মানদ-ে নিজেকে শিখরে তুলে, নিজের চিরবিদায়ের দিনেও তিনি তাঁর ৪৩ বছরের রাজনৈতিক পরীক্ষায় নিজেকে একজন সফল রাজনীতিবিদ হিসেবে প্রতিষ্ঠিত করে আরেকটি ঐতিহাসিক সত্য প্রমাণ করে গেছেন। ঐতিহাসিক সত্যটি হলো, তিনি কেবল জিয়াউর রহমানের বিএনপিকেই বাংলাদেশের রাজনীতির ‘ভরকেন্দ্রে’ পরিণত করেননি; বরং জিয়ার উত্তরসূরি তারেক রহমানের বিএনপিকেও রাজনীতির সেই একই ‘ভরকেন্দ্রে’ রেখে গেছেন। উপরন্তু তিনি প্রমাণ করে গেছেন যে, বাংলাদেশের মা, মাটি ও মানুষের স্বাধীনতা, মুক্তি ও স্থিতিশীলতা মূলত খালেদা জিয়ার মধ্যপন্থার রাজনীতি এবং ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানেই নিহিত।

খালেদা জিয়ার শাসনামল বাংলাদেশের অর্থনীতির ইতিহাসে এক বৈপ্লবিক কাঠামোগত পরিবর্তনের অধ্যায় হিসেবে চিহ্নিত। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, আশির দশকে বাংলাদেশের গড় জিডিপি প্রবৃদ্ধি ছিল প্রায় ৩.৮ শতাংশ। নব্বইয়ের দশকে তা বেড়ে ৪.৭ শতাংশ হয় এবং ২০০০-এর দশকে ৫.৬ শতাংশে পৌঁছায়। প্রবৃদ্ধির এই ধারাবাহিক ঊর্ধ্বগতি প্রমাণ করে যে, ১৯৯০ থেকে ২০০৪ সাল পর্যন্ত নেওয়া সংস্কারগুলোই দেশের প্রবৃদ্ধির স্থায়ী ভিত্তি তৈরি করে দিয়েছিল। একইসাথে, এক দশকের কিছু বেশি সময়ে দারিদ্র্য কমেছে প্রায় ৫ শতাংশ পয়েন্ট, যার ফলে প্রায় দেড় কোটি মানুষ দারিদ্র্যসীমার উপরে উঠে আসে। এই প্রবৃদ্ধি ও দারিদ্র্য হ্রাসের পেছনে প্রধান ভূমিকা রেখেছিল ১৯৯১ সালের ভ্যাট প্রবর্তন। পাশাপাশি, বাণিজ্য উদারীকরণের পদক্ষেপ হিসেবে আমদানি কোটা বাতিল, শুল্ক কমানো এবং ১৯৯৪ সালে টাকাকে আংশিক ও ২০০৩ সালে পুরোপুরি বাজারভিত্তিক বিনিময় হারের ওপর ছেড়ে দেওয়া হয়। এর ফলে বাংলাদেশ একটি অন্তর্মুখী অর্থনীতি থেকে প্রতিযোগিতামূলক ও রপ্তানিমুখী অর্থনীতির দিকে মোড় নেয়। আরেকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন ছিল রাষ্ট্রায়ত্ত শিল্পের অদক্ষতা কমিয়ে বেসরকারি খাতকে অর্থনীতির চালিকাশক্তি হিসেবে প্রতিষ্ঠা করা। গবেষণায় দেখা গেছে, বেসরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের বিস্তার এবং বেসরকারি খাতে ঋণের প্রবাহ বৃদ্ধি ভবিষ্যতের জিডিপি প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করেছে। একই সময়ে পাটের স্থান দখল করে নেয় তৈরি পোশাক শিল্প। নব্বইয়ের দশকের শুরু থেকেই মোট রপ্তানিতে পোশাক খাতের অবদান বাড়তে থাকে এবং বিভিন্ন আন্তর্জাতিক গবেষণায় প্রমাণিত হয়েছে যে, বাংলাদেশের দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধিতে এই রপ্তানি সম্প্রসারণের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মানবসম্পদ উন্নয়ন ও নারী কর্মসংস্থানে খালেদা জিয়ার গৃহীত নীতিগুলোর সুফল পাওয়া গেছে অত্যন্ত কার্যকরভাবে। নব্বইয়ের দশকে মেয়েদের অবৈতনিক মাধ্যমিক শিক্ষা ও উপবৃত্তি কর্মসূচির ফলে যে ‘শিক্ষায় বিনিয়োগ’ করা হয়েছিল, ২০০০-এর দশকে তৈরি পোশাক ও সেবা খাতে নারীদের ব্যাপক অংশগ্রহণের মাধ্যমে তার ফল পাওয়া যায়। এই সময়ে পোশাক খাতে কর্মীদের প্রায় ৭০ শতাংশই ছিলেন নারী এবং নারী কর্মসংস্থানের বৃদ্ধির হার ছিল মোট শ্রমশক্তি বৃদ্ধির হারের দ্বিগুণেরও বেশি। এছাড়া বেসরকারি বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের অনুমোদন দেওয়ায় শ্রমবাজারে উচ্চশিক্ষিত ও দক্ষ জনশক্তির জোগান বাড়ে, যা জিডিপি প্রবৃদ্ধিতে দীর্ঘমেয়াদি অবদান রেখেছে।

সবশেষে, রেমিট্যান্সের পরিসংখ্যান তাঁর নীতিগত সফলতার বড় প্রমাণ। ১৯৯০-৯১ অর্থবছরে যেখানে রেমিট্যান্স ছিল মাত্র ৭৬৩.৯১ মিলিয়ন ডলার, ২০০৫-০৬ অর্থবছরে তা প্রায় ছয় গুণ বেড়ে ৪.৮ বিলিয়ন ডলারে দাঁড়ায়। ১৯৯০-২০০৫ সময়ে বাংলাদেশ উন্নয়নশীল দেশগুলোর মধ্যে রেমিট্যান্স আয়ে শীর্ষ দশে অবস্থান করে। এই রেমিট্যান্স একদিকে গ্রামীণ মানুষের ভোগ, আবাসন ও শিক্ষায় জীবনমান উন্নত করেছে; অন্যদিকে জাতীয় পর্যায়ে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও টাকার মান স্থিতিশীল রাখতে শক্ত ভিত্তি গড়ে দিয়েছে। এভাবেই, ১৯৯১ থেকে ২০০৬ সালের মধ্যে একটি সাহায্যনির্ভর কৃষিপ্রধান দেশ থেকে বাংলাদেশ ধীরে ধীরে রপ্তানি, রেমিট্যান্স ও বেসরকারি বিনিয়োগনির্ভর আধুনিক অর্থনীতিতে রূপান্তরিত হয়। সংখ্যা ও প্রমাণের ভিত্তিতে বিচার করলে, খালেদা জিয়া নিঃসন্দেহে এই নীরব অর্থনৈতিক বিপ্লবের স্থপতি।

খালেদা জিয়ার জীবনের শেষ দেড় দশক ছিল অবর্ণনীয় ট্র্যাজেডি ও সাহসের উপাখ্যান। ফ্যাসিবাদী আমলে রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন করতে মিথ্যা মামলা, কারাবাস ও চিকিৎসার অধিকার হরণসহ হেন নির্যাতন নেই, যা করা হয়নি; কিন্তু তিনি আপোস করেননি। ফ্যাসিস্ট শক্তি ও রাষ্ট্রব্যবস্থার বিরুদ্ধে তাঁর দীর্ঘ অনমনীয় অবস্থানই জুলাই গণঅভ্যুত্থানের মূল ভিত্তি। তাঁর নির্মিত গণচেতনার রাজপথ ধরেই জুলাইয়ের যোদ্ধাদের আবির্ভাব ঘটে। হাসিনার পতন ও বর্তমান সরকারের সময়ে স্পষ্ট হয়েছে, বিএনপি ও খালেদা জিয়া কেবল দল বা ব্যক্তি নন, তাঁরা রাষ্ট্রের স্টেবিলাইজিং ফ্যাক্টর। ইতিহাসে ‘রিভার্সাল অব ফরচুন’-এর চেয়ে বড় উদাহরণ বিরল। দুবছর আগে রাষ্ট্রীয় নিপীড়নে তাঁর নিঃসঙ্গ মৃত্যুর আশঙ্কা থাকলেও, ইতিহাস গতিপথ বদলে দিয়েছে। যে শক্তি তাঁকে গৃহবন্দী, উচ্ছেদ ও চিকিৎসার অধিকার কেড়ে নিঃশেষ করতে চেয়েছিল, ছাত্র-জনতার বিপ্লব তাদেরই মাত্র ৪০ মিনিটে দেশত্যাগে বাধ্য করেছে। দৃশ্যপট পরিবর্তনের চূড়ান্ত রূপ তাঁর বিদায়লগ্নে; ১৭ বছর আগে পঙ্গুত্ব নিয়ে দেশ ছাড়া পুত্র তারেক রহমান বিজয়ীর বেশে ফিরে পারিবারিক ও রাজনৈতিক পুনর্মিলনের অনন্য দৃশ্য রচনা করেন। কূটনৈতিক বাস্তববাদও এখানে হার মেনেছে। ভারতের সাথে শীতল সম্পর্ক ও ক্ষমতাচ্যুত স্বৈরাচারের সেখানে আশ্রয়ের মাঝেও ভারতের পররাষ্ট্রমন্ত্রী শ্রদ্ধা জানাতে ছুটে এসেছেন। এটি প্রমাণ করে, লিজেন্ডের মৃত্যু হয় না; রাষ্ট্র জনগণের ইচ্ছার কাছেই মাথা নত করে। সংসদ এলাকায় যে কবরের অস্তিত্ব বিপন্ন করার ষড়যন্ত্র হয়েছিল, সেখানেই ইতিহাসের অন্যতম বৃহৎ জানাজার মাধ্যমে তিনি পেলেন স্থায়ী ঠিকানা।

রাষ্ট্রনায়ক খালেদা জিয়াকে বুঝতে হলে এডমান্ড বার্কের (১৭৯০) বিচারবোধ, যুক্তি ও বিবেকের ধারণা, ম্যাক্স ওয়েবারের ‘পলিটিক্স অ্যাজ আ ভোকেশন’ (১৯১৯)-এ বর্ণিত দীর্ঘমেয়াদি দায়বদ্ধতা ও আত্মসংযমের তত্ত্ব এবং জোসেফ নাই-এর ‘দ্য পাওয়ারস টু লিড’ (২০০৮)-এ প্রস্তাবিত ‘সংকটকালীন নেতৃত্ব’ মিলিয়ে দেখা জরুরি। ১৯৮৬ সালের পাতানো নির্বাচন বর্জন করে ক্ষমতার শর্টকাট প্রত্যাখ্যান তাঁর বার্কীয় নৈতিক বিচারবোধের প্রমাণ, আর ব্যক্তিগত কুরুচিপূর্ণ আক্রমণের মুখে পাল্টা অবমাননাকর ভাষা ব্যবহার না করা ওয়েবারীয় ‘আত্মসংযম’ ও ‘দায়িত্বের নৈতিকতা’র দৃষ্টান্ত। আধুনিক রাষ্ট্রতত্ত্বের সঠিক লোককে সঠিক স্থানে বসানোর দক্ষতায় তিনি সাইফুর রহমানের মতো দক্ষদের কাজে লাগিয়ে মন্ত্রিসভাকে চাটুকারিতার ক্লাবের বদলে ‘পারফরমেন্স-ওরিয়েন্টেড’ প্ল্যাটফর্মে রূপ দিয়েছিলেন, যা গত ১৫ বছরের ক্লায়েন্টেলিস্টিক রাজনীতির বিপরীত। জোসেফ নাই-এর ‘ক্রাইসিস লিডারশিপ’ মানদ-ে ২০০৫ সালে রাষ্ট্রীয় টেলিভিশনে দুর্নীতি ও সন্ত্রাস দমনে ‘পুরোপুরি সফল না হওয়ার’ অকপট স্বীকারোক্তি স্বাধীন বাংলাদেশে রাজনৈতিক দায়বদ্ধতার বিরল নজির, যার মাধ্যমে তিনি সমস্যা স্বীকার করে জঙ্গি দমনে কঠোর পদক্ষেপের ভিত্তি তৈরি করেন। আলেমদের সাথে সংলাপ ও যোগাযোগ এবং ‘নতুন কুঁড়ি’তে রবীন্দ্রসংগীত উপভোগের মতো সাংস্কৃতিক বহুত্ববাদ এবং পররাষ্ট্রনীতিতে ভারত, চীন ও মধ্যপ্রাচ্যের সাথে ভারসাম্যপূর্ণ সম্পর্কে ‘স্ট্র্যাটেজিক অটোনমি’ বজায় রেখে তিনি মধ্যপন্থী রাষ্ট্রনায়কত্বের পরিচয় দেন; যেখানে ধর্ম বনাম ধর্মনিরপেক্ষতার কৃত্রিম দ্বন্দ্বে না গিয়ে মুক্তিযুদ্ধের সাম্য ও ইনসাফের সাথে ইসলামি ন্যায়ের সেতুবন্ধন করে তিনি তাত্ত্বিক মানদ-ে একজন পূর্ণাঙ্গ ‘স্টেটসওম্যান’ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

খালেদা জিয়ার মৃত্যু একটি নশ্বর দেহের পরিসমাপ্তি, কিন্তু রাজনৈতিক অর্থনীতির ক্যানভাসে তিনি যে লিগ্যাসি রেখে গেলেন, তা অবিনশ্বর। স্বৈরাচার পতনের মধ্য দিয়ে তিনি যেমন জাতিকে দিয়েছেন রাজনৈতিক ‘লিবারেশন’ বা ভোটাধিকারের মুক্তি; তেমনি নারী শিক্ষাকে অবৈতনিক করে ও পোশাক শিল্পে নারীশ্রমের বিপ্লব ঘটিয়ে তিনি নারীদের দিয়েছেন প্রকৃত আর্থ-সামাজিক ‘ফ্রিডম’। তিনি নারীকে শিখিয়েছেন ভাইয়ের পাতের পুরো ডিমের বিপরীতে নিজের পাতে অর্ধেক ডিম দেখার সেই চিরায়ত বঞ্চনা ও লজ্জা ভুলে মাথা উঁচু করে দাঁড়াতে।

সাহায্যনির্ভর অর্থনীতিকে রেমিট্যান্স ও শিল্পনির্ভর করার মাধ্যমে তিনি যেমন গ্রামীণ ও মধ্যবিত্ত সমাজের অর্থনৈতিক মেরুদ- শক্ত করেছেন, তেমনি সংস্কৃতিতে ‘উগ্র ধর্মনিরপেক্ষতা’ ও ‘ধর্মীয় উগ্রবাদ’-এর বিপরীতে দাঁড়িয়ে ‘মধ্যপন্থা’ ও ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’-এর যে ভারসাম্যপূর্ণ সাংস্কৃতিক ভিত্তি গড়েছেন, তা আজও এ জাতির রক্ষাকবচ। পাশাপাশি তিনি যে তথ্যপ্রবাহ ও মতামতের বহুত্ববাদী সংস্কৃতি গড়েছেন, তা রাষ্ট্র ও সমাজের সম্পর্ককে গণতান্ত্রিক করে তুলেছে। আজকের বাকস্বাধীনতা, নির্বাচনের স্বপ্ন, অফিসমুখী নারী কিংবা প্রবাসীর পাঠানো টাকায় গড়ে ওঠা ঘর; প্রতিটি ইটে তাঁর অর্থনৈতিক ও সাংস্কৃতিক হস্তক্ষেপের ছাপ এবং নীরব স্থপতির স্বাক্ষর স্পষ্ট। তাই তিনি জনগণের আমানত রক্ষাকারী এক বিশ্বস্ত অভিভাবক এবং স্বাধীনতা-মুক্তি-মর্যাদার যৌথ প্রকল্পের রূপকার হিসেবে ইতিহাসের পাতায় স্থায়ী আসন করে নিলেন।

লেখক: বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তা, অর্থনীতির শিক্ষক ও গবেষক। ইমেইল: hhafij@yahoo.com