যেকোন দেশের উন্নয়নে উচ্চশিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেশের উচ্চশিক্ষার হাল কোন অবস্থাতে আছে তা একটি বিষয় দিয়ে বুঝানো যাবে। যেমন আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থীর ভর্তির সংখ্যা খুবই কম। দেশে প্রতি বছর পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বেড়েই চলছে। কিন্তু দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে বিদেশি শিক্ষার্থীর ভর্তির সংখ্যা কমে যাচ্ছে। অন্যদিকে আমাদের মেধাবী ও তরুণ শিক্ষার্থীরা দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমাচ্ছে উচ্চ শিক্ষার জন্য। বাংলাদেশের তরুণ প্রজন্ম এখন এক অভূতপূর্ব সংকটের মুখোমুখি-মানসম্মত উচ্চশিক্ষার অভাব, কর্মসংস্থানের অনিশ্চয়তা ও রাজনৈতিক অস্থিরতা তাদের বিদেশমুখী করছে দ্রুত গতিতে। এক সময় বিদেশে পড়াশোনা ছিল কেবল ধনীদের বিলাসিতা। এখন তা হয়ে উঠেছে যোগ্য ও মেধাবী তরুণদের একমাত্র বিকল্প।
এই প্রবণতা কেবল ব্যক্তিগত সিদ্ধান্ত নয়, বরং বর্তমান সমাজের বাস্তবতার প্রতিচ্ছবি।\r\nইউনেসকোর সাম্প্রতিক প্রতিবেদনে দেখা গেছে, ২০২৩ সালে বাংলাদেশ থেকে ৫৫টি দেশে পড়াশোনার জন্য গেছেন প্রায় ৫২ হাজার ৭৯৯ শিক্ষার্থী। এক দশক আগে যা ছিল মাত্র ২৪ হাজারের কিছু বেশি। অর্থাৎ, এক দশকে বিদেশে উচ্চশিক্ষার জন্য যাওয়া শিক্ষার্থীর সংখ্যা দ্বিগুণেরও বেশি বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের হিসাব বলছে, গত ৯ অর্থবছরে শিক্ষার্থীদের মাধ্যমে বৈধ পথে দেশ থেকে বেরিয়ে গেছে প্রায় ৩১১ কোটি ডলার, যা টাকায় প্রায় ৩০ হাজার কোটি। অথচ এর চেয়ে চার-পাঁচ গুণ বেশি অর্থ যায় অবৈধ পথে, হুন্ডির মাধ্যমে। যা খুবই দুঃখজনক। এসব বিষয়ে কর্তৃপক্ষের অধিকতর সতর্ক থাকা একান্ত প্রয়োজন। এ যেন এক দিক থেকে মেধা পাচার, অন্যদিকে বৈদেশিক মুদ্রা পাচার।
উভয় ক্ষেত্রেই ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশ।\r\nকিন্ত কেন এই বিদেশমুখিতা! এর পেছনে অনেক কারণ থাকতে পারে। যেমন- দেশে মানসম্মত উচ্চশিক্ষার অভাব, কর্মসংস্থানের সংকট ও বেকারত্ব বৃদ্ধি, রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তা, উন্নত ভবিষ্যৎ ও নিরাপদ জীবনের আকাক্সক্ষা, সামাজিক মর্যাদা ও আধুনিক জীবনযাত্রার প্রলোভন, সামাজিক ন্যায় বিচার এবং নিরাপত্তার ঘাটতি ইত্যাদি। বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে দেখা যায়, বাংলাদেশের একজন শিক্ষার্থী ১৮ বছর বয়সে আনুষ্ঠানিকভাবে ১১ বছর শিক্ষা লাভ করলেও শেখার মান আন্তর্জাতিক মানদণ্ডে মাত্র ৬.৫ বছরের সমান। অর্থাৎ, শেখার ঘাটতি সাড়ে চার বছর! প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে শিক্ষার দুর্বলতা উচ্চশিক্ষায় সরাসরি প্রভাব ফেলছে- এটা শিক্ষা বিশেষজ্ঞরাও স্বীকার করেছেন।
একটি জাতীয় গণমাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. মো. আলী জিন্নাহ মন্তব্য করেছেন, রাজনৈতিক অস্থিরতা, কর্মসংস্থানের অভাব, যোগ্যতার ভিত্তিতে চাকরি না পাওয়া এবং জীবনযাত্রার নিম্নমান-সব মিলিয়ে তরুণরা দেশ ছাড়ছে। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক মনজুর আহমেদও একমত। তিনি বলেন, আমাদের শিক্ষা ব্যবস্থা যোগ্যতার বিকাশ ঘটাতে পারছে না, তাই তরুণরা পালাচ্ছে। বিদেশে পড়াশোনার সুযোগকে ঘিরে দেশে এক বিশাল ব্যবসায়িক ক্ষেত্র গড়ে উঠেছে। অসংখ্য কনসালট্যান্সি ফার্ম প্রতিদিন চটকদার বিজ্ঞাপন দিচ্ছে কম খরচে ইউরোপে পড়াশোনা , ভিসা গ্যারান্টিড এইসব প্রলোভনে অনেক শিক্ষার্থী প্রতারিত হচ্ছেন। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্যে দেখা গেছে, এমন প্রতারণার শিকার হয়ে শত শত শিক্ষার্থী কোটি কোটি টাকা হারাচ্ছেন।
গত বছরই এক প্রতিষ্ঠান ২০০ কোটি টাকারও বেশি আত্মসাৎ করেছে।\r\nঅন্যদিকে, বৈধ পথে অর্থ পাঠানোর জটিলতা ও অভিভাবকদের আয়ের উৎস প্রকাশে অনীহা থাকার কারণে হুন্ডি মাধ্যমে অর্থ পাঠানোর প্রবণতা বেড়েছে। এতে একদিকে রাষ্ট্র হারাচ্ছে বৈদেশিক মুদ্রা, অন্যদিকে বাড়ছে অর্থ পাচারের ঝুঁকি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্যমতে, দেশে বর্তমানে বেকারের সংখ্যা প্রায় ২৬ লাখ, যার মধ্যে প্রায় ৯ লাখই স্নাতক ডিগ্রিধারী। যদিও ২০২৪ সালের অক্টোবর-ডিসেম্বর কোয়ার্টারে বেকার সংখ্যা ছিল প্রায় ২৭.৩ লাখ (২.৭৩ মিলিয়ন) জন। অর্থাৎ, বিশ্ববিদ্যালয় শেষ করেও তারা কর্মহীন। এই বাস্তবতায় তরুণরা ভাবছেন- দেশে থেকে সময় ও পরিশ্রম নষ্ট করার চেয়ে বিদেশে গিয়ে ভাগ্য গড়াই ভালো।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন স্নাতকোত্তর ডিগ্রিধারী বলেন, দেশে যোগ্যতার মূল্য নেই। চাকরি নেই, ভবিষ্যৎ নেই। তাই বিদেশে গিয়ে স্থায়ী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। শিক্ষাব্যবস্থা ও শ্রমবাজারে এই ধস বাংলাদেশের ভবিষ্যৎ উন্নয়নকে বড় হুমকির মুখে ফেলছে। একদিকে বিশ্ববিদ্যালয়ের মানহীন শিক্ষা মেধাবী শিক্ষার্থীদের বিদেশে ঠেলে দিচ্ছে। অন্যদিকে শিল্পক্ষেত্রে দক্ষ জনবলের ঘাটতি বাড়ছে। এটি দীর্ঘমেয়াদে ব্রেইন ড্রেইন থেকে ব্রেইন লস -এ রূপ নিচ্ছে। আরেকটি উদ্বেগজনক দিক হলো, বিদেশে উচ্চশিক্ষার জন্য অর্থ পাঠানোর নামে কেউ কেউ টাকা পাচারের পথও তৈরি করছে। সরকারের উচিত, এই খাতে কঠোর নিয়ন্ত্রণ আরোপ ও স্বচ্ছতা নিশ্চিত করা। বিদেশে পড়াশোনার চাহিদা যেমন বাড়ছে, তেমনি জটিলতাও বেড়েছে। ইউরোপীয় দেশগুলোর ভিসা এখন পাওয়া কঠিন।
অনেক শিক্ষার্থীকে ভারতে গিয়ে আবেদন করতে হয়। কিন্তু ভারত নিজেই এখন ডাবল এন্ট্রি ভিসা সীমিত করেছে। জার্মান দূতাবাসে এক বছরে দুই হাজার কেস প্রক্রিয়াকরণ সম্ভব হলেও আবেদন পড়ছে প্রায় ৮০ হাজার। ফলে অনেকে বছরের পর বছর অপেক্ষায় থাকেন। \r\nউল্টোচিত্রও আছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের তথ্যে দেখা যায়, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা ক্রমেই কমছে। ২০২৩ সালে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বিদেশি শিক্ষার্থী ছিল মাত্র ৬৩৩ জন, যা আগের বছরের তুলনায় কম। এটি আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের শিক্ষাব্যবস্থার আকর্ষণ হারানোর ইঙ্গিত দেয়।
বাংলাদেশে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা বাড়ানো মানে- উচ্চশিক্ষা খাতে আন্তর্জাতিকীকরণ বাড়ানো, বৈদেশিক মুদ্রা অর্জন এবং দেশের শিক্ষার মান সম্পর্কে ইতিবাচক ভাবমূর্তি তৈরি করা। বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি সম্ভাবনাময় দেশ, যেখানে শিক্ষার মান ও সুযোগ ক্রমাগত উন্নত হচ্ছে। বাংলাদেশে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা বাড়াতে হলে কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। প্রথমেই প্রয়োজন শিক্ষার মান বৃদ্ধি। আন্তর্জাতিক মান বজায় রেখে পাঠ্যক্রম তৈরি করতে হবে, যাতে তা বিশ্বের বিভিন্ন দেশের মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়। বিশ্ববিদ্যালয়গুলোকে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের জন্য উদ্যোগী হতে হবে, এতে বিদেশি শিক্ষার্থীরা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার প্রতি আস্থা পাবে।
দ্বিতীয়ত, অধিকাংশ বিদেশি শিক্ষার্থী ইংরেজি ভাষায় পড়াশোনা করতে স্বাচ্ছন্দ্যবোধ করে। তাই দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে ইংরেজি মাধ্যমে পাঠদান বাড়াতে হবে। একই সঙ্গে শিক্ষক-শিক্ষিকাদের ভাষাগত দক্ষতা উন্নয়নের জন্য বিশেষ প্রশিক্ষণ দেওয়া যেতে পারে। এছাড়া বিদেশি শিক্ষার্থীদের জন্য একটি শক্তিশালী সহায়তা কাঠামো তৈরি করা জরুরি। বিশ্ববিদ্যালয়গুলোতে একটি আন্তর্জাতিক স্টুডেন্ট অফিস প্রতিটি বিশ্ববিদ্যালয়ে গঠন করা উচিত, যারা শিক্ষার্থীদের ভিসা, আবাসন, ভর্তি, নিবন্ধন এবং সাংস্কৃতিক অভিযোজন বিষয়ে সাহায্য করবে। এতে তারা নিজেদের নিরাপদ ও স্বাগতবোধ করবে।
যতদুর জানি, হিট প্রজেক্টের আওতায় এরকম উদ্যোগ নেওয়া হচ্ছে, যা খুবই প্রশংসনীয়।\r\nবাংলাদেশ সরকার ও বিশ্ববিদ্যালয়সমূহ যদি বিদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তি বা আর্থিক সহায়তা চালু করে, তাহলে তা আরও আকর্ষণীয় হবে। উদাহরণস্বরূপ, সাউদ এশিয়া স্কলারশিপ এবং আন্তর্জাতিক এক্সিলেন্স এওয়ার্ড প্রবর্তন করা যেতে পারে, যা অন্যান্য দেশের মেধাবী শিক্ষার্থীদের আকৃষ্ট করবে। এছাড়া বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ ও দ্রুত করা প্রয়োজন। শিক্ষার্থীদের নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, ও সামাজিক সম্পৃক্ততা নিশ্চিত করা দরকার, যাতে তারা বাংলাদেশের পরিবেশকে নিরাপদ ও অতিথিপরায়ণ মনে করে। বিশ্ববিদ্যালয়গুলোতে সাংস্কৃতিক বিনিময় অনুষ্ঠান আয়োজন করলে বিদেশি শিক্ষার্থীরা বাংলাদেশের সংস্কৃতির সঙ্গে পরিচিত হতে পারবে।
দেশের মেধাবীদের ধরে রাখতে হলে প্রথমেই প্রয়োজন মানসম্মত শিক্ষা ও গবেষণা পরিবেশ তৈরি করা। বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা-ভিত্তিক করতে হবে, যাতে শিক্ষার্থীরা জ্ঞানের নতুন দিগন্ত উন্মোচনে আগ্রহী হয়। দ্বিতীয়ত, চাকরি ও কর্মসংস্থান খাতে স্বচ্ছতা ও যোগ্যতার মূল্যায়ন নিশ্চিত করা জরুরি। তৃতীয়ত, বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের আর্থিক লেনদেন বৈধ পথে সহজ করতে হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ-রাজনৈতিক স্থিতিশীলতা ও নীতিনিষ্ঠ শাসনব্যবস্থা প্রতিষ্ঠা ছাড়া তরুণদের আস্থা ফেরানো সম্ভব নয়। বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে আজকের তরুণদের ওপর। যদি এই তরুণরাই দেশ ছাড়তে থাকে, তাহলে উন্নত বাংলাদেশ গড়ার স্বপ্ন কেবল স্লোগানেই সীমাবদ্ধ থাকবে। শিক্ষাব্যবস্থা, কর্মসংস্থান ও সুশাসনের সমন্বিত সংস্কার ছাড়া এই প্রবণতা রোধ করা অসম্ভব। তরুণদের বিদেশে পাঠানো নয় বরং তাদের দেশেই গড়ে তোলার পরিবেশ সৃষ্টি করাই আজকের সবচেয়ে বড় রাষ্ট্রীয় দায়িত্ব।\r\nলেখক : সহযোগী অধ্যাপক, হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ত্রিশাল, ময়মনসিংহ
