ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের জামানতের পরিমাণ ২০ হাজার থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা করার ঘোষণা যখন দেওয়া হয়, তখনই এর বিরুদ্ধে প্রতিবাদ উঠেছিল, বিশেষত বামপন্থি দলগুলোর পক্ষ থেকে। কিন্তু নির্বাচন কমিশন বা সরকার– কেউই তা কানে তোলেনি। আরপিও বা গণপ্রতিনিধিত্ব আদেশের সংশোধনী সংক্রান্ত অধ্যাদেশও জারি করা হয় প্রার্থিতার জামানত অর্ধলক্ষ টাকা রেখে। আর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী দলগুলোর মধ্যে এর সবচেয়ে বেশি শিকারও হলো বাম দলগুলো।

সোমবার সমকাল এ নিয়ে প্রতিবেদন ছাপিয়েছে। সেখানে বলা হয়েছে, বামপন্থি দলগুলোর জোট ‘গণতান্ত্রিক যুক্তফ্রন্ট’ মাত্র ১৪৯ আসনে প্রার্থী দিয়েছে। তবে এর মধ্যে ৯৬টি আসনে যুক্তফ্রন্টের একক প্রার্থী থাকলেও বাকি ৫৩টি আসনে একাধিক শরিক দলের প্রার্থী রয়েছেন। ফলে বামপন্থিদের সবাই মিলে চেষ্টা করলে কার্যত মাত্র ৯৬ আসনে সামান্য হলেও প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে। এত অল্পসংখ্যক আসনে প্রার্থী দিয়ে কোনো দল বা জোটই সরকার গঠনে ভোটারদের সমর্থন দাবি করতে পারে না।

স্মরণ করা যেতে পারে, গত ২৯ নভেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় কনভেনশনের মাধ্যমে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের আত্মপ্রকাশ ঘটে। একসঙ্গে ‘আন্দোলন ও নির্বাচন’-এর লক্ষ্য সামনে রেখে গঠিত এই ফ্রন্টে যুক্ত হয় ৯টি বাম প্রগতিশীল রাজনৈতিক দল। জোটের নেতারা তখন বলেছিলেন, চলতি ধারার দুর্নীতি-লুণ্ঠনের রাজনীতির বিপরীতে শোষণমুক্ত সমতার সমাজ প্রতিষ্ঠায় বাম প্রগতিশীলদের বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে তুলতেই গণতান্ত্রিক যুক্তফ্রন্টের প্রতিষ্ঠা। এই ফ্রন্ট থেকে ৩০০ আসনেই প্রার্থী দেওয়া হবে। কিন্তু বাস্তবতা প্রায় উল্টো। কেন এমন হলো?

বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ সমকালকে বলেছেন, ‘এবার জামানতের পরিমাণ যে হারে বাড়ানো হয়েছে, তাতে আমাদের মতো গরিব মানুষের দলগুলোর নির্বাচনের মাঠে টিকে থাকা মুশকিল।’ কমপক্ষে ১৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করতে গেলেও শেষ মুহূর্তে প্রয়োজনীয় কাগজপত্র জোগাড় করতে না পারায় ব্যর্থ হয়েছেন বলে নেতারা জানিয়েছেন।

বাম প্রার্থীর সংখ্যা কম হওয়ার পেছনে নিশ্চয় অন্যান্য কারণও আছে। বিশেষত নিজেদের মধ্যে সমন্বয়হীনতা ছিল, তা তো অস্বীকারের জো নেই। যে ৫৩ আসনে একাধিক বাম দল প্রার্থী দিয়েছে, পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এর অনেক আসনেই একক প্রার্থী দাঁড়াতে পারত এবং সংখ্যাটা আরও বাড়ানো যেত। তা দুইশ ছাড়ানোও অসম্ভব ছিল না।

এসব দুর্বলতা সত্ত্বেও জামানত আগের মাত্রায় থাকলে বাম প্রার্থী আরও বেশি হতো, এ কথা হলফ করে বলা যায়। জামানত বাড়িয়ে নির্বাচন কমিশনের কী লাভ হলো– সে প্রশ্নও তোলা যায়। নির্বাচনের জন্য রাষ্ট্রকে যত টাকা খরচ করতে হচ্ছে, তার কত শতাংশ এভাবে ওঠে? একেবারেই সমুদ্রে বিন্দুবৎ।

আরেকটা যুক্তিও অবশ্য দেওয়া হয় এ ক্ষেত্রে। তা হলো, এতে প্রার্থী সংখ্যা কম হবে, কমিশনের পক্ষে তখন নির্বাচন ব্যবস্থাপনা সহজ হবে। বাস্তবে এটাও খোঁড়া যুক্তি। দেশে বিয়ে পাগলার মতো নির্বাচন পাগলও বেশ আছেন, যারা নির্বাচন দেখলেই ঝাঁপিয়ে পড়েন। সিলেটের ছক্কা ছয়ফুরের কথা হয়তো এ প্রজন্মের মনে নেই, যিনি জাতীয় ও স্থানীয় যে কোনো নির্বাচনেই দাঁড়িয়ে যেতেন। এক পর্যায়ে সিলেটে উপজেলা চেয়ারম্যান হয়েছিলেন তিনি। কৃষক মো. সাদেকের কথা হয়তো অনেকের মনে থাকতে পারে। তিনিও একই রকম নির্বাচন পাগল ছিলেন।

মোট কথা, জামানত বৃদ্ধির পক্ষে যৌক্তিক কারণ আছে বলে মনে হয় না। এর ফলে অর্থসম্পদে হীনবল মানুষেরা নির্বাচন করতে পারছেন না। নির্বাচন কমিশন জামানত বৃদ্ধির মধ্য দিয়ে ধনবান প্রার্থীদেরই সুবিধা করে দিল। এর ফলে সংসদ যে অনেকাংশে আগের ধারায় ধনীদের ক্লাবই থেকে যাবে– এ আশঙ্কাই বড় হয়ে উঠল।

সাইফুর রহমান তপন: সহকারী সম্পাদক, সমকাল