বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বিগত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ছিল অবাধ, স্বচ্ছ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য। এই নির্বাচন জাতীয় ও আন্তর্জাতিক মহলে অত্যন্ত প্রশংসিত হয়েছে। নির্বাচনে হার-জিত থাকবে—এটাই স্বাভাবিক। ব্যালটের মাধ্যমে জনরায়কে সম্মান প্রদর্শন করা প্রত্যেক নাগরিকের পবিত্র দায়িত্ব ও কর্তব্য। তদুপরি, কিছু লোক নির্বাচনী ফলাফল নিয়ে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর ধোঁয়া তুলে বিভ্রান্তি ছড়াচ্ছেন, যা অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত। ভোটের পরে বিভিন্ন মাধ্যমে ছড়াচ্ছে নানান অভিযোগ, গুজব ও অপপ্রচার। এই প্রেক্ষাপটে একটি প্রধান রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জন্য শুধু রাজনৈতিক অবস্থান ব্যাখ্যা করাই নয়, বরং তথ্যভিত্তিক ও দায়িত্বশীল ভূমিকা রেখে অপপ্রচার রোধ করা সময়ের দাবি।

ডিজিটাল বাংলাদেশে তথ্যপ্রবাহ এখন আগের যেকোনো সময়ের চেয়ে দ্রুত। সামাজিক যোগাযোগমাধ্যম, অনলাইন পোর্টাল, ইউটিউব চ্যানেল ও ব্লগ—সব মিলিয়ে তথ্যের এক বিস্তৃত জগৎ তৈরি হয়েছে। কিন্তু এই উন্মুক্ততার মাঝেই তৈরি হয়েছে বিভ্রান্তির সুযোগ। নির্বাচনের ফলাফল, ভোটকেন্দ্রের পরিবেশ কিংবা ভোটদানের হার নিয়ে নানা ধরনের অসত্য তথ্য ছড়ানো হচ্ছে—কখনও রাজনৈতিক উদ্দেশ্যে, কখনও কৌতূহলবশত, আবার কখনও সংগঠিত প্রচারণার অংশ হিসেবে। অপপ্রচার জনমনে সন্দেহ তৈরি করে। এতে গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি আস্থা কমে যায় এবং রাজনৈতিক মেরুকরণ বাড়ে। তাই বিএনপির জন্য চ্যালেঞ্জ হলো—কীভাবে তারা নিজেদের অবস্থান পরিষ্কার করবে, আবার একই সঙ্গে গুজব ও বিভ্রান্তি প্রতিরোধ করবে।

যে কোনো অভিযোগ বা সমালোচনার ক্ষেত্রে প্রমাণভিত্তিক বক্তব্যই সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। নির্বাচনের সময় বা পরবর্তী সময়ে যদি কোনো অনিয়মের অভিযোগ থাকে, তবে তা তথ্য, পরিসংখ্যান ও প্রত্যক্ষ সাক্ষ্যের মাধ্যমে উপস্থাপন করা উচিত। কেবল আবেগঘন ভাষণ বা সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া নয়, বরং লিখিত প্রতিবেদন, পর্যবেক্ষণ নথি ও আইনি কাঠামোর ভেতরে উপস্থাপন অধিক কার্যকর। বিএনপি যদি একটি সুসংগঠিত ডকুমেন্টেশন সেল গঠন করে, যেখানে নির্বাচনী অভিজ্ঞতার তথ্য সংরক্ষণ ও বিশ্লেষণ করা হবে, তবে তা ভবিষ্যৎ রাজনীতিতে দলকে শক্ত ভিত্তি দেবে এবং অপপ্রচারের সুযোগ কমাবে।

বর্তমান সময়ে অপপ্রচার সবচেয়ে বেশি ছড়ায় ডিজিটাল প্ল্যাটফর্মে। তাই একটি দক্ষ ও দ্রুত প্রতিক্রিয়াশীল ফ্যাক্ট-চেক টিম গঠন করা জরুরি। এই টিম সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া তথ্য যাচাই করে তাৎক্ষণিক ব্যাখ্যা দিতে পারে। ভুয়া ভিডিও, পুরোনো ছবি বা বিকৃত বক্তব্য শনাক্ত করে প্রমাণসহ খণ্ডন করলে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি কমবে। ডিজিটাল সচেতনতা বৃদ্ধি করাও গুরুত্বপূর্ণ। দলীয় কর্মী-সমর্থকদের প্রশিক্ষণ দিয়ে শেখাতে হবে—যাচাই না করে কোনো তথ্য শেয়ার না করা, উসকানিমূলক ভাষা পরিহার করা এবং দায়িত্বশীল আচরণ করা।

অপপ্রচারের জবাবে নেতিবাচকতা ছড়ানো সমাধান নয়। বরং উন্নয়ন পরিকল্পনা, গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার প্রতিশ্রুতি, সুশাসনের রূপরেখা—এসব ইতিবাচক বার্তা তুলে ধরা উচিত। রাজনীতির ভাষা যদি শালীন ও নীতিনিষ্ঠ হয়, তবে তা জনগণের কাছে গ্রহণযোগ্যতা পায়। বিএনপি যদি তাদের রাজনৈতিক দর্শন ও কর্মপরিকল্পনা ধারাবাহিকভাবে প্রচার করে, তবে গুজবের চেয়ে বাস্তব বার্তাই বেশি গুরুত্ব পাবে।

বিশ্বস্ত ও মূলধারার গণমাধ্যমের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা জরুরি। সংবাদ সম্মেলন, লিখিত বিবৃতি ও ব্রিফিংয়ের মাধ্যমে দলীয় অবস্থান পরিষ্কারভাবে তুলে ধরা গেলে ভুল বোঝাবুঝির সুযোগ কমে। সাংবাদিকদের প্রশ্নের জবাব তথ্যসমৃদ্ধ ও শান্তভাবে দিলে দলীয় ভাবমূর্তি ইতিবাচক হয়। গণমাধ্যমকে শত্রু মনে না করে অংশীদার হিসেবে বিবেচনা করলে তথ্যপ্রবাহ স্বচ্ছ হয় এবং অপপ্রচার টিকতে পারে না।

উদ্দেশ্যমূলকভাবে যদি ভুয়া তথ্য ছড়ানো হয়, তবে আইনগত পদক্ষেপ নেওয়া যেতে পারে। তবে সেই পদক্ষেপ যেন মতপ্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ন না করে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। আইনি প্রক্রিয়া স্বচ্ছ ও ন্যায়সঙ্গত হলে জনগণের আস্থা বাড়ে।

রাজনীতির শক্ত ভিত্তি তৃণমূলেই। উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে নিয়মিত মতবিনিময় সভার মাধ্যমে সাধারণ জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখা উচিত। স্থানীয় পর্যায়ে যে বিভ্রান্তি ছড়ায়, তা মুখোমুখি আলোচনার মাধ্যমেই দ্রুত দূর করা সম্ভব। তৃণমূল কর্মীদেরও দায়িত্বশীল আচরণ শেখাতে হবে। কারণ, তাদের কথাবার্তা ও আচরণই অনেক সময় জনগণের কাছে দলের প্রতিচ্ছবি হয়ে ওঠে।

তরুণরা তথ্য গ্রহণ করে সামাজিক মাধ্যম থেকে। তাই তাদের সচেতন ও সম্পৃক্ত করা জরুরি। তথ্যভিত্তিক ভিডিও, ইনফোগ্রাফিক ও অনলাইন আলোচনা অনুষ্ঠানের মাধ্যমে তরুণদের কাছে বার্তা পৌঁছানো যেতে পারে। তরুণদের মধ্যে যদি রাজনৈতিক সচেতনতা বাড়ে, তবে অপপ্রচার সহজে প্রভাব ফেলতে পারবে না।

অপপ্রচার রোধের পাশাপাশি দলীয় অভ্যন্তরীণ মূল্যায়নও জরুরি। কোথায় যোগাযোগের ঘাটতি ছিল, কোন বার্তা জনগণের কাছে সঠিকভাবে পৌঁছায়নি—এসব বিশ্লেষণ করে ভবিষ্যৎ কর্মকৌশল নির্ধারণ করা উচিত। আত্মসমালোচনার সাহস একটি রাজনৈতিক দলের পরিপক্বতার প্রমাণ।

বিগত অবাধ ও সুষ্ঠু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যে গোষ্ঠী বা মহল বিভ্রান্তির পরিবেশ সৃষ্টি করছে, তা আমাদের রাজনৈতিক সংস্কৃতির জন্য এক গুরুত্বপূর্ণ শিক্ষা। অপপ্রচার রোধ করা মানে শুধু একটি দলের সুনাম রক্ষা নয়; বরং গণতন্ত্রের ভিত্তি শক্ত করা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি প্রমাণনির্ভর বক্তব্য, ডিজিটাল সচেতনতা, ইতিবাচক রাজনীতি ও স্বচ্ছ যোগাযোগের পথ অনুসরণ করে, তবে তারা কেবল নিজেদের অবস্থান শক্তিশালী করবে না—বরং একটি সুস্থ রাজনৈতিক পরিবেশ গড়ে তুলতেও অবদান রাখবে। গণতন্ত্রের শক্তি নিহিত থাকে সত্য ও আস্থায়। তাই অপপ্রচারের বিরুদ্ধে লড়াইয়ে সবচেয়ে কার্যকর অস্ত্র হলো সত্যনিষ্ঠতা, ধৈর্য ও দায়িত্বশীল রাজনৈতিক চর্চা।

লেখক: অধ্যাপক ও গবেষক, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।