গত ৫ আগস্ট দৈনিক ইনকিলাবে প্রকাশিত ‘বারবার তরুণরা কেন রাজপথে নামে’ নিবন্ধে প্রশ্ন তুলেছিলাম, দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে আন্দোলনের কারণ আলাদা হলেও পরিণতিতে এত মিল কেন। কর্মসংস্থানের অনিশ্চয়তা, প্রাতিষ্ঠানিক দীর্ঘসূত্রতা আর তরুণদের জীবনের মূল্যবান সময় নষ্ট হওয়ার অভিজ্ঞতা কীভাবে বিচ্ছিন্ন অসন্তোষকে রাজনৈতিক প্রতিরোধে বদলে দেয়, সেটা বোঝার চেষ্টা করেছিলাম সেখানে, আর ক্ষমতার বিভিন্ন কেন্দ্র একে অপরকে কীভাবে শক্তি জোগায় তা বোঝাতে এনেছিলাম ‘সপ্তভূজ লৌহ কাঠামো’র ধারণা। এবার প্রশ্নটা আরেক ধাপ এগিয়ে নেওয়া দরকার। তরুণেরা রাজপথে নামার পর রাষ্ট্র কী করে? অভিযোগ শুনে নীতি ও প্রতিষ্ঠান সংশোধন করে, নাকি পুরো ঘটনাকে নিয়ন্ত্রণের সমস্যা হিসেবে দেখে?
আরও বড় প্রশ্ন, আন্দোলনের মধ্য দিয়ে নতুন নেতৃত্ব ক্ষমতায় এলেও পুরোনো ব্যবস্থার চরিত্র কতটা বদলায়। কারণ, প্রশাসনিক নিয়ন্ত্রণ, রাজনৈতিক পৃষ্ঠপোষকতা, সম্পদের কেন্দ্রীভবন আর তথ্যের ওপর কর্তৃত্ব অক্ষত থাকলে নতুন নেতৃত্বও পুরোনো ফাঁদে পড়তে পারে। ২০২৬ সালের মে মাসে ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্তের একটা মন্তব্য ঘিরে বিতর্কের পর ‘ককরোচ জনতা পার্টি’ নামটা পরিচিতি পায়। পরে তিনি স্পষ্ট করেন, তাঁর সমালোচনার লক্ষ্য সব বেকার তরুণ ছিল না, ভুয়া সনদধারীদের প্রসঙ্গে তিনি ‘তেলাপোকা’ আর ‘পরজীবী’ শব্দ ব্যবহার করেছিলেন। এর আগেই অপমানসূচক পরিচয়টাকে ব্যঙ্গ আর প্রতিবাদের প্রতীকে বদলে ফেলে তরুণদের আন্দোলন। বাংলাদেশের ২০২৪ সালের কোটা আন্দোলনেও এমন একটা মোড় এসেছিল।
তৎকালীন ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘রাজাকারের বাচ্চা’ মন্তব্যের প্রতিবাদে রাতে ঢাকার রাজপথে তরুণেরা স্লোগান তোলেন, ‘আমি কে, তুমি কে? রাজাকার, রাজাকার! কে বলেছে, কে বলেছে? স্বৈরাচার, স্বৈরাচার!’ যে পরিচয় দিয়ে আন্দোলনকারীদের হেয় করা হয়েছিল, সেটাই পাল্টা রাজনৈতিক ভাষায় রূপ নেয় প্রতিবাদের মুখে। ক্ষমতাবানদের অবজ্ঞার ভাষা কখনো আক্রান্ত মানুষের হাতে প্রতিবাদের অস্ত্র হয়ে ওঠে। ককরোচ আন্দোলনের সামনে এই পরীক্ষার প্রথম বড় সুযোগ আসে জুলাইয়ে। ভারতের ২০২৬ সালের চিকিৎসা প্রবেশিকা পরীক্ষায় প্রশ্নফাঁস আর অনিয়মের অভিযোগে প্রায় ২০ লাখ পরীক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে।
শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগসহ জবাবদিহির দাবিতে আন্দোলন জোরালো হয়, কয়েক সপ্তাহের প্রতিবাদ, অনশন আর রাজনৈতিক চাপের পর ২৫ জুলাই শিক্ষামন্ত্রী পদত্যাগ করতে বাধ্য হন। এটা আন্দোলনের একটা বড় সাফল্য। ব্যঙ্গাত্মক পরিচয় নিয়ে শুরু হওয়া একটা তরুণ আন্দোলন সংগঠিত চাপ তৈরি করে একজন কেন্দ্রীয় মন্ত্রীর পদত্যাগ আদায় করে ফেলল। কিন্তু একজন মন্ত্রীর বিদায় মানেই পরীক্ষাব্যবস্থার দুর্নীতি শেষ, এমন না। প্রশ্নফাঁসের বিচার, পরীক্ষা পরিচালনার স্বচ্ছতা আর ভবিষ্যতে অনিয়ম ঠেকানোর কার্যকর ব্যবস্থা না হলে এই জয়ও অসম্পূর্ণ থেকে যায়। অক্টোবরে ভারতের তরুণরা আবার রাজপথে ফেরে, এবার নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে। দেশটির বিভিন্ন রাজ্যে ভোটার তালিকা সংশোধনের নামে প্রায় ১৩ কোটি নাম বাদ পড়ার খবর আসে।
নির্বাচন কমিশন বলছে, এর মধ্যে মৃত, স্থানান্তরিত আর খুঁজে না পাওয়া মানুষ আছেন। বিরোধী দল আর আন্দোলনকারীদের অভিযোগ, এই প্রক্রিয়ায় বৈধ ভোটারও বাদ পড়ছেন। ৮ অক্টোবর বেঙ্গালুরুর বিক্ষোভে ইউটিউবার ধ্রুব রাঠি আর অভিনেতা প্রকাশ রাজ অংশ নেন, স্লোগানে রাজনৈতিক অভিযোগের সঙ্গে ব্যঙ্গের ভাষাও মিশে যায়। ১০ অক্টোবর দিল্লিতে বিক্ষোভ ঠেকাতে সাত হাজারের বেশি মানুষকে আটক করা হয়, বিভিন্ন এলাকায় ব্যারিকেড বসে, মেট্রো চলাচলে বাধা আসে, ইন্টারনেট পরিষেবাও সীমিত হয়। তবে রাতে ধ্রুব রাঠি আর পরদিন আন্দোলনের তিন নেতা মুক্তি পান এবং এর পর থেকে টানা কয়েকদিন আন্দোলন ও আটক চলতে থাকে। বাংলাদেশের জুলাই অভ্যুত্থানে সরকারি চাকরির কোটা নিয়ে শুরু হওয়া শিক্ষার্থী আন্দোলন কয়েক সপ্তাহে বৃহৎ রাজনৈতিক প্রতিরোধে রূপ নেয়।
জাতিসংঘের মানবাধিকার দপ্তরের ২০২৫ সালের প্রতিবেদন বলছে, ২০২৪ সালের ১ জুলাই থেকে ১৫ আগস্টের মধ্যে প্রায় ১,৪০০ মানুষ নিহত হয়েছেন, আর নিরাপত্তা বাহিনীর প্রাণঘাতী বলপ্রয়োগ, নির্বিচার আটক আর নির্যাতনের গুরুতর তথ্য উঠে এসেছে। নেপালেও ২০২৫ সালে তরুণদের আন্দোলনে রাষ্ট্রীয় বলপ্রয়োগ আর প্রাণহানির পর সরকার পড়ে যায়, পরের নির্বাচনে বালেন্দ্র শাহের রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি ২৭৫ আসনের সংসদে ১৮২টি পায়। তবে এই দুই দেশের অভিজ্ঞতা থেকে এই সিদ্ধান্তে আসা ভুল হবে যে পুলিশি হত্যাকা-ই আন্দোলনের সাফল্য এনে দেয়।
প্রাণহানি ক্ষোভ বাড়ায়, আন্দোলনের ভিত্তি বিস্তৃত করে, সরকারের বৈধতা দুর্বল করে, কিন্তু শাসকের পতনের পেছনে দীর্ঘদিনের অসন্তোষ, রাজনৈতিক বিচ্ছিন্নতা, আন্দোলনের সংগঠিত শক্তি আর ক্ষমতা ধরে রাখার সক্ষমতার ভাঙনও কাজ করে। দমননীতি কখনো রাষ্ট্রের শক্তির প্রকাশ, কখনো তার বৈধতা সংকটের লক্ষণ। বলপ্রয়োগ মানুষের ভয় দূর করার বদলে ক্ষোভকে একজোট করলে উল্টো ফল দেয়। নতুন নেতৃত্ব এলেই পুরোনো ক্ষমতাচর্চা দূর হয় না। নেপালের শ্রমমন্ত্রী দীপক কুমার সাহকে ২০২৬ সালের এপ্রিলে সরিয়ে দেওয়া হয়, অভিযোগ ছিল তিনি নিজের পদ ব্যবহার করে স্ত্রীকে স্বাস্থ্যবিমা বোর্ডের সদস্য পদে বহাল রাখার চেষ্টা করেছেন। এটা একদিকে জবাবদিহির দৃষ্টান্ত, অন্যদিকে মনে করিয়ে দেয় পুরোনো ক্ষমতাচর্চার ঝুঁকি তরুণদের মধ্যেও থেকে যায়।
বাংলাদেশেও আন্দোলনের কয়েকজন সংগঠক অন্তর্বর্তী সরকারে যোগ দেন, পরে তাঁদের ভূমিকা নিয়ে বিতর্ক তৈরি হয়। শিক্ষাটা স্পষ্ট। আন্দোলনের নৈতিক শক্তি সরকার চালানোর সক্ষমতা বা কাঠামোগত সংস্কারের নিশ্চয়তা দেয় না। ভারতের অভিজ্ঞতা আরেকটা কঠিন প্রশ্ন তোলে। বেকারত্ব, জীবনযাত্রার ব্যয়, বৈষম্য আর সম্পদের কেন্দ্রীভবন নিয়ে অসন্তোষ থাকার পরও বিজেপি কীভাবে রাজনৈতিক সমর্থন ধরে রাখে? ধর্মীয় জাতীয়তাবাদ, কল্যাণমূলক কর্মসূচি, শক্তিশালী দলীয় সংগঠন, জাতীয় নিরাপত্তার বয়ান, মোদির ব্যক্তিকেন্দ্রিক ভাবমূর্তি আর বিরোধীদের দুর্বলতা মিলে বিজেপির ভিত তৈরি হয়েছে। চ্যাথাম হাউসের বিশ্লেষণ বলছে, ২০২৪ সালের নির্বাচনে স্থানীয় জীবিকা আর অর্থনৈতিক উদ্বেগ বড় ভূমিকা রেখেছিল, আর হিন্দুত্ববাদী বয়ান সব অঞ্চল-জনগোষ্ঠীতে সমান সাড়া পায়নি।
সেই নির্বাচনে বিজেপি ২৪০টি আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা হারায়, জোটসঙ্গীদের সহায়তায় সরকার গঠন করে। তবু হিন্দুত্বের বয়ান রাজনৈতিকভাবে শক্তিশালী থাকে, কারণ এটা মানুষের অর্থনৈতিক অসন্তোষকে অন্যদিকে ঘুরিয়ে দিতে পারে। সম্পদের বৈষম্য বা সরকারি সেবার মান নিয়ে প্রশ্ন উঠলে আলোচনাকে ধর্মীয় পরিচয় বা কথিত শত্রুর দিকে সরিয়ে দেওয়া সম্ভব হয়, আর এতে ক্ষমতাশালী ব্যবসায়ী গোষ্ঠী নিয়ে প্রশ্ন আড়ালে চলে যায়। আদানি গোষ্ঠীকে ঘিরে রাজনৈতিক ঘনিষ্ঠতা আর বিশেষ সুবিধার বিতর্ক, যুক্তরাষ্ট্রে করা ঘুষের অভিযোগ, আর সেই অভিযোগ অস্বীকারের ঘটনা কর্পোরেট-রাষ্ট্র সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলেছে। রিপাবলিক টিভির মতো চ্যানেলের একপেশে, সরকারঘনিষ্ঠ প্রচারের সমালোচনা ভারতের গণমাধ্যম স্বাধীনতার বিতর্কের অংশ।
ফ্রিডম হাউসের ২০২৬ সালের মূল্যায়নেও সাংবাদিক, নাগরিক সংগঠন আর সরকারের সমালোচকদের ওপর চাপ, আর মুসলিমদের প্রতি বৈষম্য বাড়ার উদ্বেগ উঠে এসেছে। এই বৈষম্য শুধু নির্বাচনী বয়ানে আটকে নেই, রোজকার জীবনেও প্রকাশ পায়। কলকাতার চিৎপুরের জ্যোতিনগর কলোনিতে ২০২৬ সালের জুলাইয়ের শেষ দিক থেকে পাঁচটা সরকারি পানির কল বন্ধ, ফলে প্রায় পাঁচ হাজার বাসিন্দা নিয়মিত পানির সংকটে পড়েছেন। এলাকার বেশির ভাগ বাসিন্দা মুসলিম। অল্ট নিউজের ১২ সেপ্টেম্বরের প্রতিবেদনে বাসিন্দারা অভিযোগ করেন, পানি বন্ধ রেখে তাদের উচ্ছেদের চাপ তৈরি করা হচ্ছে। স্থানীয় ভাষায় একে বলা হচ্ছে ‘পানির কারবালা’। মৌলিক নাগরিক সেবা থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ, বিশেষত যখন তা ধর্মীয় পরিচয় আর উচ্ছেদের আশঙ্কার সঙ্গে জড়িয়ে যায়, তখন নাগরিক সমতার প্রশ্ন ওঠে।
এই প্রেক্ষাপটে বাংলাদেশের ফ্যাসিস্ট হাসিনা আমলের সঙ্গে তুলনা আসতেই পারে। ক্ষমতার কেন্দ্রীভবন, বিরোধীদের প্রতি অসহিষ্ণুতা, তথ্য-গণমাধ্যমে প্রভাব আর প্রতিষ্ঠানের নিরপেক্ষতা নিয়ে প্রশ্নে মিল আছে, কিন্তু নির্বাচনী প্রতিযোগিতা আর প্রাতিষ্ঠানিক বাস্তবতায় ফারাকও স্পষ্ট। এখানেই গ্রামসির আধিপত্যের ধারণা কাজে লাগে। ক্ষমতাসীনরা যখন নিজেদের স্বার্থকে সমাজের বৃহত্তর স্বার্থ হিসেবে দাঁড় করাতে পারেন, মানুষের সাধারণ বোধ আর সাংস্কৃতিক জীবনকে প্রভাবিত করতে পারেন, তখনই তাদের নেতৃত্ব গ্রহণযোগ্যতা পায়। সম্মতি দুর্বল হলে প্রশাসনিক বাধা, নজরদারি আর বলপ্রয়োগের ওপর নির্ভরতা বাড়ে।
আধুনিক রাষ্ট্রে সম্মতি আর জবরদস্তি পাশাপাশি চলে, আসল প্রশ্ন হলো ক্ষমতা কতটা গ্রহণযোগ্যতা তৈরি করতে পারছে আর বিরোধিতার মুখে কেমন সাড়া দিচ্ছে (গ্রামসি, ১৯৭১)। ওয়েবারের বৈধ কর্তৃত্বের ধারণাও মনে করিয়ে দেয়, আইনগতভাবে ক্ষমতা থাকা আর নাগরিকের চোখে সেই ক্ষমতাকে ন্যায্য মনে হওয়া এক কথা না। এই অভিজ্ঞতাগুলো একসঙ্গে দেখলে ‘সপ্তভূজ লৌহ কাঠামো’র প্রশ্নটা ফিরে আসে। এর সাতটা ক্ষেত্র হলো রাজনৈতিক ও পরিবারতান্ত্রিক কর্তৃত্ব, আমলাতান্ত্রিক নিয়ন্ত্রণ, প্রভাবশালী ব্যবসায়ী গোষ্ঠীর অর্থনৈতিক ক্ষমতা, সুবিধাভোগীদের পক্ষে কাজ করা প্রতিষ্ঠান, তথ্য ও জনমতের ওপর প্রভাব, বিদেশি শক্তির সমর্থন আর অনানুষ্ঠানিক বলপ্রয়োগ।
সব দেশে বা সময়ে এই ক্ষেত্রগুলো সমান সক্রিয় থাকে না, কিন্তু কিছু ক্ষেত্রে তারা পরস্পরকে শক্তিশালী করে, ফলে একজন নেতা বা একটা সরকার বিদায় নিলেও প্রভাবশালী গোষ্ঠী বাস্তব ক্ষমতা ধরে রাখার নতুন পথ খুঁজে পায়। এসেমোগলু আর রবিনসনের (২০০৮) গবেষণাতে রাজনৈতিক ক্ষমতার আনুষ্ঠানিক পরিবর্তনের পর অভিজাত গোষ্ঠী কীভাবে বাস্তব ক্ষমতা ধরে রাখার চেষ্টা করে, তা বিশ্লেষিত হয়েছে। শুধু নতুন নেতা নির্বাচন করাই তাই যথেষ্ট না, দরকার অন্তর্ভুক্তিমূলক প্রতিষ্ঠান, নিয়োগ ও সরকারি ক্রয়ে স্বচ্ছতা, কার্যকর বিচারব্যবস্থা, স্বাধীন গণমাধ্যম, কর্মসংস্থানমুখী শিক্ষা, সামাজিক সুরক্ষা আর নাগরিক অধিকারের নিশ্চয়তা। এখানে সময়ের রাজনৈতিক অর্থনীতির প্রশ্নও ফিরে আসে।
বাংলাদেশে স্নাতকদের বেকারত্বের হার ২০২৪ সালে ছিল ১৩.৫ শতাংশ, আর ১৫ থেকে ২৯ বছর বয়সীদের ২০.৩ শতাংশ শিক্ষা, কর্মসংস্থান বা প্রশিক্ষণের বাইরে ছিল। এর সঙ্গে উচ্চ মূল্যস্ফীতি, আয়-সম্পদের বৈষম্য, অর্থ পাচার আর ব্যাংক খাতে অনিয়মের অভিযোগ নিয়ে অসন্তোষও যুক্ত হয়েছিল। এসব মিলে তরুণদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা বাড়ে। হার্শম্যান আর রথশিল্ডের (১৯৭৩) ‘টানেল প্রভাব’ অনুযায়ী, অন্যের অগ্রগতি প্রথমে নিজের উন্নতির আশা জাগায়, কিন্তু দীর্ঘ অপেক্ষার পরও নিজের অবস্থা না বদলালে সেই আশা ক্ষোভে বদলে যায়। দক্ষিণ এশিয়ার বহু তরুণের অভিজ্ঞতাও এমন। বছরের পর বছর প্রস্তুতি, নিয়োগের অপেক্ষা বা ন্যায্যতার দাবিতে আন্দোলন শুধু অর্থনৈতিক ক্ষতি করে না, জীবনের মূল্যবান সময়ও কেড়ে নেয়।
এই অপেক্ষা বৈষম্য আর প্রাতিষ্ঠানিক অবিশ্বাসের সঙ্গে যুক্ত হলে ব্যক্তিগত হতাশা রাজনৈতিক অসন্তোষে বদলে যায়। শ্রীলঙ্কার ২০২২ সালের গণপ্রতিরোধ দেখিয়েছে, অর্থনৈতিক সংকট শাসকের প্রতি সম্মতি কত দ্রুত ভেঙে দিতে পারে। জ্বালানি, খাদ্য আর নিত্যপ্রয়োজনীয় পণ্যের সংকট, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির মধ্যে রাজাপাকসে পরিবারের বিরুদ্ধে ক্ষোভ জমে ওঠে, পরের নির্বাচনে ন্যাশনাল পিপলস পাওয়ার জোটের জয় পুরোনো রাজনৈতিক অভিজাতদের প্রতি সমর্থনে বড় ভাঙন দেখায়। কিন্তু বিশ্বব্যাংকের ২০২৬ সালের অক্টোবরের মূল্যায়নে দেখা যায়, দেশটির অর্থনীতি সংকট-পূর্ব উৎপাদনের স্তরে ফিরলেও ২০২৫ সালে দারিদ্র্যের হার আনুমানিক ১৬.৯ শতাংশ ছিল। এর অর্থ হলো, পুনরুদ্ধারের সুফল সবার কাছে সমান পৌঁছায়নি। পাকিস্তানের অভিজ্ঞতা আবার আলাদা।
সেখানে নিয়মিত নির্বাচন আর প্রতিদ্বন্দ্বী দল থাকলেও সামরিক প্রতিষ্ঠানের দীর্ঘস্থায়ী প্রভাব বেসামরিক সরকারের কর্তৃত্ব সীমিত করে রেখেছে। ফ্রিডম হাউসের ২০২৬ সালের মূল্যায়নেও সামরিক প্রতিষ্ঠানের নির্বাচন, সরকার গঠন আর নীতিনির্ধারণে ব্যাপক প্রভাবের কথা বলা হয়েছে। এই অভিজ্ঞতা দেখায়, নিয়ন্ত্রণনির্ভর ক্ষমতা শুধু নির্বাচিত সরকারের মধ্যে আটকে থাকে না, নির্বাচনের বাইরে থাকা প্রতিষ্ঠানও রাজনৈতিক সিদ্ধান্তে প্রভাব রাখতে পারে। তাহলে ককরোচরা পারবে কি? জুলাইয়ের সাফল্য দেখিয়েছে, ব্যঙ্গ আর সামাজিক যোগাযোগমাধ্যমের জনপ্রিয়তা সংগঠিত আন্দোলনে রূপ নিলে ক্ষমতাসীনদের সিদ্ধান্তে প্রভাব ফেলা সম্ভব। অক্টোবরের প্রতিবাদ দেখিয়েছে, নতুন ইস্যুতে আবার রাজপথে ফেরার সক্ষমতা তাদের আছে।
কিন্তু দীর্ঘস্থায়ী পরিবর্তনের জন্য আরও কিছু লাগবে। কর্মসংস্থান, জীবনযাত্রার ব্যয়, নির্বাচনী স্বচ্ছতা আর নাগরিক অধিকারের প্রশ্নে স্পষ্ট কর্মসূচি, ধর্ম-বর্ণ-শ্রেণির বিভাজন পেরিয়ে বৃহত্তর জোট, আর নিজেদের নেতৃত্বের প্রতিও জবাবদিহি। রাজপথে জয় মানে ক্ষমতার দরজা খুলে যাওয়া, সেই দরজা দিয়ে ঢুকে ক্ষমতার নিয়ম বদলানো আলাদা লড়াই। সরকার বদলানো সম্ভব, কিন্তু প্রতিষ্ঠান, স্বার্থ আর ক্ষমতার সম্পর্ক না বদলালে পুরোনো অভ্যাস নতুন চেহারায় ফিরে আসে। যে রাষ্ট্র নাগরিকের কণ্ঠকে ভয় পায়, তাকে নিয়ন্ত্রণের ওপর নির্ভর করতে হয়। আর যে রাষ্ট্র নাগরিকের সমালোচনাকে নিজের ভুল শোধরানোর সুযোগ হিসেবে নেয়, সে সম্মতির ভিত গড়তে পারে। দক্ষিণ এশিয়ার তরুণদের সামনে তাই প্রশ্ন, নতুন নেতৃত্ব মানুষের হারানো সময়, নষ্ট সুযোগ আর ভেঙে যাওয়া আস্থা ফিরিয়ে দেওয়ার মতো প্রতিষ্ঠান গড়তে পারবে কি না। আজ যাঁরা নিয়ন্ত্রণের বিরুদ্ধে দাঁড়িয়েছেন, কাল ক্ষমতায় গিয়ে নিজেদেরও জবাবদিহির মুখোমুখি হতে দেবেন কি?
লেখক: সহযোগী অধ্যাপক, শহীদ বুদ্ধিজীবী সরকারি কলেজ, রাজশাহী Email: hhafij@yahoo.com
