পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনীগুলোর প্রধান হিসেবে ফিল্ড মার্শাল আসিম মুনির একটি বিষয় অবশ্যই জানতেন– আফগানিস্তানের মাটিতে, রাওয়ালপিন্ডির অভিযোগ অনুসারে, টিটিপি বা তেহরিক-ই-তালেবান পাকিস্তানের আস্তানাগুলোর ওপর বিমান হামলা কোনো অর্থবহ ফল অর্জন করবে না। আর এটি কাবুল ও টিটিপি উভয়ের কাছ থেকে তীব্র প্রতিক্রিয়া ডেকে আনবে। গত রোববারের বিমান হামলার পরে ঠিক এ ঘটনাই ঘটেছে। তাহলে ফিল্ড মার্শাল কেন এমন একটি পদক্ষেপ নিলেন, যা সামরিক দিক থেকে কোনো অর্থ বহন করে না?
অনেক বিশ্লেষক মনে করেছিলেন, এসব হামলার বেশির ভাগই ছিল প্রতীকী এবং এসবের লক্ষ্য ছিল টিটিপির সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে দেশটির সেনাবাহিনীর চরম ব্যর্থতার বিরুদ্ধে জনসাধারণের ক্ষোভ প্রশমন। ইসলামাবাদ বহুদিন যাবৎ অভিযোগ করে আসছে, টিটিপি আফগানিস্তানের অভ্যন্তরে নিরাপদ আশ্রয়স্থল থেকে তৎপরতা চালিয়ে যাচ্ছে। পাকিস্তানের স্থিতিশীলতা তাতে নষ্ট হচ্ছে। পাকিস্তানের জনগণের মধ্যেও এর বিরুদ্ধে ক্ষোভ তৈরি হয়েছে। পাকিস্তান এর আগে অনেকবার সীমান্ত পেরিয়ে টিটিপির বিরুদ্ধে বিভিন্ন তৎপরতা চালালেও তাতে তেমন সাফল্য আসেনি। বরং ক্ষেত্রবিশেষে টিটিপির আত্মঘাতী বোমারুদের হাতে পাকিস্তান সেনাবাহিনীর সদস্যসহ বহু সম্পদ খোয়া গেছে।
শুক্রবার ভোরে কাবুল, পাকতিয়া ও কান্দাহার প্রদেশে দ্বিতীয় দফায় বিমান হামলা চালানো হয়েছে। এর মধ্য দিয়ে এটা স্পষ্ট– রাওয়ালপিন্ডি প্রতীকী হামলায় সীমাবদ্ধ থাকতে চাইছে না। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এক্স পোস্টে ঘোষণা দিয়েছেন, ‘আমাদের ধৈর্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে।’ তিনি আরও বলেছেন, ‘এখন আমাদের ও তালেবান সরকারের মধ্যে প্রকাশ্য যুদ্ধ শুরু হয়েছে।’ সেনারা যখন কেপি বা খাইবার পাখতুনখোয়ায় টিটিপি সন্ত্রাসী এবং বেলুচিস্তানে সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে জোরালোভাবে লড়াই করছে, তখন মুনির কেন পাকিস্তানের পশ্চিমাঞ্চলের প্রতিবেশীর সঙ্গে উত্তেজনা বাড়িয়ে তুললেন? এর উত্তর কাবুলের দাবির মধ্যেই পাওয়া যেতে পারে। তারা বলেছে, গত কয়েক দিনে পাকিস্তানের বিমান হামলার বিরুদ্ধে প্রতিশোধমূলক পদক্ষেপে পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
ইসলামিক আমিরাত অব আফগানিস্তানের ডেপুটি মুখপাত্র হামদুল্লাহ ফিতরাত তাঁর এক্স পোস্টে লিখেছেন, ‘পাকিস্তান প্রশাসনের প্রধান সদরদপ্তরটি সবে দখল করা হয়েছে, যা খোস্ত প্রদেশের আলিশার-তেরেজি জেলার বাবরাক পোস্টের অধীনে আনজার সার-এ অবস্থিত। এ অভিযানে কয়েক ডজন সৈন্য নিহত ও আহত হয়েছে এবং আফগান বাহিনীর হাতে বিপুল পরিমাণ অস্ত্র এসেছে।’ যদিও এখন পর্যন্ত কোনো প্রমাণ তুলে ধরা হয়নি, তবে এতে হয়তো পাকিস্তান সেনাবাহিনীর বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। আর শুক্রবারের বিমান হামলা এই ঘটনার কারণ। আফগানিস্তানের রাজধানী কাবুলে পাকিস্তানি হামলার সঠিক কারণ চিহ্নিত করার সময় এখনও আসেনি। এখানে এটা বলা প্রাসঙ্গিক, সহিংস শক্তি প্রয়োগ এবং স্থানীয়দের আতঙ্কিত করে কেপি ও বেলুচিস্তানে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা সম্ভব– এই ভুল বিশ্বাসের কারণে মুনির নিজেই এমন পরিস্থিতি সৃষ্টি করেছেন, যা তিনি আর নিয়ন্ত্রণ করতে পারছেন না। ফলে সময় যেমন তাঁকে বেপরোয়া করেছে তেমনি তাঁর পদক্ষেপগুলোও হচ্ছে বেপরোয়া।
এখন যেহেতু পাকিস্তান আনুষ্ঠানিকভাবে আফগানিস্তানের বিরুদ্ধে অপারেশন গজব লিল হক শুরু করেছে, যার অর্থ ‘সত্যের পক্ষে ক্রোধ’ বা ‘সঠিক পথে ক্রোধ’; দেশটির পররাষ্ট্র দপ্তরকে এই বিশৃঙ্খল পরিস্থিতি থেকে নিজেকে নিষ্কৃতি দিতে উপসাগরীয় একটি দেশের মধ্যস্থতাকারীদের ব্যবহারের জন্য অতিরিক্ত সময় ব্যয় করতে হচ্ছে। এমনকি যদি এ জন্য কিছু ক্ষেত্রে কূটনৈতিক অপমানেরও মুখোমুখি হতে হয়, তবু নিষ্কৃতি তাদের চাই। কিন্তু যখন এটি ঘটবে তখনও মুনিরের দুর্দশার অবসান ঘটবে না। কারণ তিনি না ভেবে একটি অসম্ভব কাজে হাত দিয়েছেন।
তিনি হামলার পেছনে কয়েকটি যুক্তি তুলে ধরেন। আফগানিস্তানের মাটি ব্যবহার করা, পাকিস্তানবিরোধী কার্যকলাপের জন্য সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে কাবুলের ব্যর্থতা এবং পাকিস্তানের দাবি করা সন্ত্রাসী অবকাঠামো ও আস্তানাগুলোর বিরুদ্ধে বিমান হামলা চালানো। এটি একটি নিরাপদ বিকল্প ব্যবস্থা। কারণ আফগানিস্তানের যুদ্ধ করার মতো গুণগত মানসম্পন্ন বিমানবাহিনী বা বিমানবিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থা নেই। তাই ডুরান্ড লাইনজুড়ে বিমান হামলা একটি সহজ কাজ।
তবে যেহেতু মুনির নিয়মিত অভিযোগ করে থাকেন, সশস্ত্র বালুচ গোষ্ঠীগুলোকে নয়াদিল্লি পৃষ্ঠপোষকতা দিচ্ছে এবং আনুষ্ঠানিকভাবে তাদের নাম দিয়েছেন ফিতনা আল হিন্দুস্তান বা ‘ভারতের কারণে কলহ’, তাই ভারতের বিরুদ্ধে একই রকম পদক্ষেপ নেওয়ার দাবি জনপরিসরে ওঠা সময়ের ব্যাপার মাত্র। কিন্তু নয়াদিল্লি কাবুল নয় এবং রাওয়ালপিন্ডি খুব ভালো করেই জানে, তার পূর্ব প্রতিবেশীর বিরুদ্ধে যে কোনো দুঃসাহসিক কাজের জন্য ভয়াবহ মূল্য দিতে হবে। অপারেশন সিঁদুর চলাকালে অনেক প্রতিরক্ষা সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে, যা এখনও পুরোপুরি কার্যকর করা সম্ভব হয়নি। মুনির ভারতের বিরুদ্ধে ‘গজব লিল হক’ চালানোর আগে অবশ্যই দুবার ভেবে দেখবেন।
এসব সত্ত্বেও আসিম মুনিরকে অবমূল্যায়ন করা ভারতের জন্য ভয়াবহ ভুল হবে। নয়াদিল্লির উচিত পাকিস্তান সেনাবাহিনীর ভয়াবহ পরিকল্পনা সম্পর্কে সতর্ক থাকা। কিছুদিন আগে মুনির ভারতবিরোধী তীব্র বক্তৃতাবাজি করেছেন। ‘মুসলিমরা সব দিক থেকেই হিন্দুদের থেকে আলাদা’– এই বিকৃত বিশ্বাসকে পুনরুজ্জীবিত করার জন্য তিনি জনসাধারণের মধ্যে ধর্ম ও উগ্রপন্থার ভয়াবহ মিশ্রণের বিষ ঢোকানোর চেষ্টা করেছেন।
সন্ত্রাস দমনের সক্ষমতা বৃদ্ধির প্রতি মনোযোগ দিতে হবে ভারতকে। পাশাপাশি নয়াদিল্লিকে একটি বিশ্বাসযোগ্য প্রতিরোধ ব্যবস্থা বজায় রাখতে হবে। এই ব্যবস্থা কেবল রাওয়ালপিন্ডির পাগলামিই থামাবে না; তাকে এ ধরনের যে কোনো চেষ্টা থেকে বিরতই রাখবে না; বরং পরিস্থিতির কারণে বিপর্যস্ত ফিল্ড মার্শাল যদি লাল রেখা অতিক্রম করার সিদ্ধান্ত নেন, তাহলে স্পষ্ট ও মীমাংসামূলক প্রতিক্রিয়া জানাতে সক্ষম হবে ভারত।
নীলেশ কুনওয়ার: অবসরপ্রাপ্ত ভারতীয় সেনা কর্মকর্তা; দি ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে ভাষান্তর ইফতেখারুল ইসলাম
