নরসিংদীর মাধবদীতে যে বর্বরকাণ্ড ঘটেছে সেটি কোনো সভ্য সমাজের নিদর্শন নয়। মামলার এজাহারের বরাত দিয়ে পুলিশের ভাষ্য এমন- স্থানীয়ভাবে বখাটে হিসেবে পরিচিত নূরা নামের এক তরুণের সঙ্গে ভুক্তভোগী কিশোরীর কথাবার্তা ছিল। ১৫ দিন আগে নূরার নেতৃত্বে পাঁচ-ছয়জন তরুণ তুলে নেয় কিশোরীকে। তখন তাকে ধর্ষণ করা হয় বলে পরিবারের অভিযোগ। এ ঘটনার বিচারের জন্য কিশোরীর পরিবার মহিষাশুড়া ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য ও ইউনিয়ন বিএনপির সহসভাপতি আহাম্মদ আলী দেওয়ানের কাছে যান। তবে পরিবারটি বিচার পায়নি। সাবেক ইউপি সদস্যের কাছে অভিযোগ করায় নূরাসহ সংশ্লিষ্ট তরুণেরা ক্ষুব্ধ হন। এমন পরিস্থিতিতে গত বুধবার রাতে মেয়েকে খালার বাড়িতে রেখে আসতে যাচ্ছিলেন বাবা।
পথে বিলপাড় এলাকায় পৌঁছালে নূরার নেতৃত্বে ছয় তরুণ বাবার কাছ থেকে কিশোরীকে অপহরণ করে নিয়ে যান। রাতভর বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও মেয়েটির সন্ধান পাওয়া যাচ্ছিল না। পরে শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে খোঁজাখুঁজির একপর্যায়ে বিলপাড় ও দড়িকান্দি এলাকার মাঝামাঝি একটি শর্ষেখেতে কিশোরীর লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে মাধবদী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। ঘটনার রেশ শেষ না হতেই ঈশ্বরদিতে অনুরূপ একটি ঘটনা ঘটেছে। দাশুরিয়া ইউনিয়নের ভবানিপুর গ্রামে এক বৃদ্ধাকে হত্যা করে তার নাতনি জামেলা খাতুনকে তুলে নিয়ে ধর্ষণ ও হত্যা করা হয়েছে। যেটি অত্যন্ত দুঃখজনক ও মর্মান্তিক।\r\nঅপরাধ যেই করুক, সে অপরাধী। তার রাজনৈতিক পরিচয় কখনোই বড় হতে পারে না।
মামলার বিষয়েও প্রভাব বিস্তারকারী হওয়ার সুযোগ নেই। রাজনৈতিক ব্যক্তিবর্গের অপরাধ সংশ্লিষ্টতার অভিযোগ এড়িয়ে না গিয়ে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের কারণে নরসিংদীর বিষয়টি দৃষ্টান্ত হতে পারে সমাজে। অতীতে এমন অপসংস্কৃতির সঙ্গেই আমরা পরিচিত ছিলাম। এই অপপ্রবণতা থেকে সমাজকে বেরিয়ে আসতে হবে। তাহলেই জনমনে সরকার ও প্রশাসনের প্রতি আস্থা তৈরি হবে।\r\nএই ঘটনায় ইতোমধ্যে মামলা হয়েছে এবং ইউনিয়ন বিএনপির এক নেতা ও তাঁর ছেলেসহ সাত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এটি ইতিবাচক পদক্ষেপ। কিন্তু এখানেই দায়িত্ব শেষ হয় না। প্রথমত, ধর্ষণের অভিযোগ কেন আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত হয়নি, কারা ধামাচাপায় ভূমিকা রেখেছে, পরিবারকে এলাকা ছাড়ার চাপ কে দিয়েছে, এসব প্রশ্নের নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। একই সঙ্গে ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের জরুরি দায়িত্ব। \r\nবিচার চাইতে গিয়ে জীবন দেওয়ার ঘটনা সভ্য সমাজে চলতে পারে না। এটি আইনের শাসনকেই প্রশ্নবিদ্ধ করে। তাই বিচার বিভাগ ও প্রশাসনের প্রতি আস্থা ফেরাতে অবশ্যই এই মামলার পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্ত হতে হবে। অপরাধে জড়িত সবার জবাবদিহি এবং দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তিই প্রত্যাশিত। মনে রাখা চাই, ন্যায়বিচার কেবল একটি পরিবারের দাবি নয়, এটি সমাজের নিরাপত্তা ও রাষ্ট্রের নৈতিক ভিত্তির শর্ত।
