ফ্যাসিবাদী আওয়ামী দুঃশাসনের সাড়ে পনেরো বছরের সময়কালে রাতের আঁধারে পরিবারের কাছ থেকে কিংবা রাজপথে শত সহস্র মানুষের সামনে প্রিয়জনদের অচেনা গাড়িতে তুলে নিয়ে হাওয়ায় মিলিয়ে যাওয়া ছিল এক মামুলি বিষয়। কোথাও কারও খোঁজ নেই, আইনশৃঙ্খলা বাহিনীর অস্বীকৃতি, কিছুদিন পর ক্ষতবিক্ষত কিংবা বিকৃত লাশ পাওয়া যেত মহাসড়কের পাশে অথবা নদীর জলে। অনেক হতভাগার কোনো হদিস মেলেনি আজও। স্বজনরা নিশ্চিত নন, তারা আর কোনো দিন বেঁচে ফিরবেন পরিবারের কাছে।

জাতিসংঘের ‘এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স কনভেনশন’-এ স্পষ্ট বলা আছে, গুম একটি ধারাবাহিক অপরাধÑ যতক্ষণ না ভুক্তভোগীর অবস্থান জানা যাচ্ছে, ততক্ষণ অপরাধ চলমান থাকে। ভুক্তভোগী বেঁচে আছে, না মারা গেছে, পরিবার জানে না। এই অনিশ্চয়তা পরিবারকে দীর্ঘমেয়াদে মানসিক যন্ত্রণা, আর্থিক ক্ষতি এবং সামাজিক বিপর্যয়ের দিকে তিলে তিলে ঠেলে দেয়। গুমের শিকার পরিবারের সদস্যরা মৃত্যুবার্ষিকী পালন করতে পারছেন না। তারা বছরের ৩৬৫ দিনই গুমের দুঃসহ স্মৃতি নিয়ে দিন গুজরান করছেন। অপেক্ষার পালা আর শেষ হয় না। বিগত সময়ে বাংলাদেশে স্বৈরাচারী শেখ হাসিনার শাসনকালে রাজনৈতিক ও সামাজিক বাস্তবতায় ‘গুম’ এক ভয়াবহ মূর্তিমান আতঙ্কের নাম ছিল।

মানবাধিকার সংগঠন অধিকারের তথ্য মতে, ২০০৯ থেকে ২০২২ সালে ৬০২ জন ভিন্ন মতের লোককে গুম করা হয়েছে, যাদের বড় একটি অংশ আর ফিরে আসেনি। অন্যান্য আন্তর্জাতিক সংস্থার প্রতিবেদনও অনুরুপ কথা বলে। সম্প্রতি গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। প্রস্তাবিত আইনে গুম করার অপরাধের জন্য সর্বোচ্চ শাস্তি মৃত্যুদ-সহ কঠোর বিধান রাখা হয়েছে। সরকারের এ উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। বিগত সময়ে আমরা দেখেছি, বিচার চাইতে থাকা অসহায় পরিবারের আর্তিতে ভরে ওঠে জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমের পাতা এবং মানবাধিকার সংস্থার প্রতিবেদনে। সাংবিধানিক অঙ্গীকার অনুযায়ী প্রতিটি নাগরিকের জীবনের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের। কিন্তু বিগত আওয়ামী ফ্যাসিবাদি যুগে আমরা দেখেছি, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ক্ষমতাসীনদের প্রত্যক্ষ নির্দেশে গুম সংঘটিত হয়েছে এবং তাদের অধিকাংশই না ফেরার দেশে চলে গেছেন। গুম মানবতার বিরুদ্ধে এক গুরুতর অপরাধ। এটি কোনো সাধারণ অপরাধ নয়, কারণ এর মধ্যে রয়েছে ইচ্ছাকৃতভাবে একজন মানুষকে তাঁর জন্মগত অধিকার পৃথিবীর আলোবাতাস থেকে মুছে ফেলা। আমরা দৃঢ়চিত্তে মনে করি, বিচারহীনতা অপরাধীদের নিরাপত্তা দেয় এবং নতুন গুমের সম্ভাবনা তৈরি করে। তাই ‘গুমের শাস্তি মৃত্যুদ-’ দাবিটি কেবল প্রতিশোধের নয়; বরং একটি কঠোর বার্তাÑ রাষ্ট্র কাউকে আইনের ঊর্ধ্বে থাকার অধিকার দেয় না। বাংলাদেশে গুম বন্ধে নানা সময়ে তদন্ত কমিটি হয়েছে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই কার্যকর তদন্ত ও বিচার হয়নি। এখন এর অবসান ঘটবে বলেই প্রত্যাশা।