বাংলাদেশের ব্যাংকিং খাত দীর্ঘদিন ধরেই নানা চ্যালেঞ্জের ভেতর দিয়ে এগোচ্ছে। সাম্প্রতিক সময়ে বিশেষ নজরে আসা দুর্বল পাঁচ ব্যাংকের পুনরুদ্ধার পরিকল্পনা ব্যাংকিং খাতে গ্রাহকের আস্থা ফিরিয়ে আনার জন্য ছিল অপরিহার্য। এই বাস্তবতায় পাঁচটি সমস্যাগ্রস্ত ব্যাংক একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি র যাত্রা শুরু হয়েছে আনুষ্ঠানিকভাবে, যা বাংলাদেশের ব্যাংকিং খাতে নতুন একটি অধ্যায়ে সূচনা। এটা দেশের সর্ববৃহৎ সরকারি মালিকানাধীন ইসলামী ব্যাংক। নতুন এই ব্যাংক আস্থার সংকট কাটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। দীর্ঘদিনের অনাস্থা এবং সংকটের মুহূর্তে একটি নতুন ইসলামিক ব্যাংকের আত্মপ্রকাশ নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ।
প্রশ্ন হলো, এই পুনরুদ্ধার কতটা বাস্তবসম্মতভাবে বাস্তবায়িত হবে এবং কতটা আস্থা ফিরিয়ে আনতে পারবে?\r\nদুর্বল ব্যাংকগুলোর সংকট নতুন নয়। অপ্রতুল মূলধন, ব্যবস্থাপনা দুর্বলতা, তদারকির ঘাটতি এবং রাজনৈতিক প্রভাব এ প্রতিষ্ঠানগুলোকে ক্ষতিগ্রস্ত করেছে। সে জন্য গ্রাহকের আস্থা ক্ষুন্ন হয়েছে, পুরো ব্যাংকিং ব্যবস্থা হয়েছে দুর্বল। এ অবস্থায় পুনরুদ্ধারের সিদ্ধান্ত হয়েছে সময়েপযোগী। তবে প্রয়োজন কঠোর বাস্তবায়ন এবং ধারাবাহিক মনিটরিং। প্রত্যর্পণের প্রথম পদক্ষেপ হিসেবে মূলধন কাঠামো শক্তিশালী করা জরুরি। এছাড়াও এগুলোকে টেকসই পথে আনতে হবে নিজস্ব ব্যবস্থাপনা দক্ষতা, সুশাসন এবং ঝুঁকি ব্যবস্থাপনার উন্নতির মাধ্যমে।
ব্যর্থ পরিচালনা পর্ষদকে দায়বদ্ধ করা, অদক্ষ ব্যবস্থাপকদের অপসারণ এবং নতুন করে দক্ষ নেতৃত্ব গড়ে তোলা-এগুলোই পুনরুদ্ধারের মূল চাবিকাঠি। বাংলাদেশের অর্থনীতির স্থিতিশীলতা এবং গ্রাহকের আস্থা অর্জনের জন্য এই পুনরুদ্ধারকে সফল করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ব্যাংকটির চেয়ারম্যান হিসেবে সদ্য দায়িত্ব নেওয়া সাবেক সচিব ড. মোহাম্মদ আইয়ুব মিয়া বলেছেন, ব্যাংককে সঠিকভাবে প্রতিষ্ঠা করতে ইতোমধ্যে কারিগরি টিম কাজ করছে। আমাদের প্রধান লক্ষ্য হবে আমানতকারীদের আস্থা ফিরিয়ে আনা। সম্মিলিত ইসলামী ব্যাংক জাতির কাছে আস্থার প্রতীক হয়ে উঠবে। \r\nপ্রতিটি ব্যাংকে ঋণ বরাদ্দ ও খেলাপি ঋণ নিয়ন্ত্রণে কঠোর শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে হবে। অনিয়ন্ত্রিত ঋণ বিতরণ ও রাজনৈতিক প্রভাবের কারণে বারবার ব্যর্থতার চক্রে পড়েছে দুর্বল ব্যাংকগুলো। যদি খেলাপি ঋণ নিয়ন্ত্রণে কঠোরতা না আসে, আইন অনুযায়ী কঠোর পদক্ষেপ না নেওয়া হয়, তবে কোনো পুনরুদ্ধার পরিকল্পনাই সফল হবে না। একই সঙ্গে প্রযুক্তিনির্ভর স্বয়ংক্রিয় মনিটরিং ব্যবস্থা স্থাপন করে সিদ্ধান্ত গ্রহণকে করতে হবে ডেটাভিত্তিক। ব্যাংকিং এখন কেবল আমানত গ্রহণ ও ঋণ প্রদানের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি একটি সার্বিক আর্থিক পরিষেবা। দুর্বল ব্যাংকগুলোকে তাই প্রতিযোগিতায় টিকে থাকতে দ্রুত সেবা, মোবাইল ব্যাংকিং দক্ষতা এবং সাইবার নিরাপত্তায় বিনিয়োগ করতে হবে। অকার্যকর ঋণ সংস্কৃতি ভাঙতে হবে, দায়বদ্ধতার নতুন মানদণ্ড স্থাপন করতে হবে। অন্যথায় দুর্বল পাঁচ ব্যাংকের তহবিল সংকট ভবিষ্যতে অন্যান্য ব্যাংকেও ছড়িয়ে পড়তে পারে।
