ইতিহাসের ধুলোবালি মাখা পথ ধরে হাঁটলে আজও কানে বাজে ঘোড়ার খুরের শব্দ আর দূর অতীতের প্রশাসনিক তৎপরতার প্রতিধ্বনি। ভারতবর্ষের ইতিহাসের এক অবিচ্ছেদ্য অধ্যায় হলো ‘সড়ক-ই-আজম’ বা আজকের ‘গ্র্যান্ড ট্রাঙ্ক রোড’। ষোলো শতকে (১৫৪০-১৫৪৫) দিল্লির সুলতান শেরশাহ সূরি যখন সোনারগাঁ থেকে সিন্ধু নদ পর্যন্ত এই দীর্ঘ সড়কটি নির্মাণের পরিকল্পনা করেন, তখন এর মূল উদ্দেশ্য ছিল সামরিক ও প্রশাসনিক কাজে গতি আনা এবং বিশাল সাম্রাজ্যের যোগাযোগ ব্যবস্থাকে এক সুতোয় গাঁথা। আজ কয়েকশ বছর পরে, সেই ঐতিহাসিক রোডের উৎসস্থল সোনারগাঁ অংশটি তার হারানো গৌরব আর বর্তমানের জরাজীর্ণ দশা নিয়ে এক করুণ আর্তনাদ হয়ে দাঁড়িয়েছে।

দুর্ভাগ্যজনক হলেও সত্য, যে সড়কটি একসময় পুরো ভারতবর্ষকে যুক্ত করেছিল, আজ তা নিজ এলাকাতেই সংকুচিত হয়ে পড়েছে। প্রায় ১৭১.৩৬ বর্গকিলোমিটার আয়তনের সোনারগাঁ জনপদে বর্তমানে লোকবসতি, চাকরিজীবী, শ্রমজীবী, দীর্ঘদিনের ভাসমান মানুষজনসহ লোকসংখ্যা পাঁচ লক্ষাধিক। দিন দিন কলকারখানা ও বাণিজ্যিক প্রতিষ্ঠান বাড়লেও সড়কটি প্রশস্ত করা হয়নি। বিশেষ করে বৈদ্যের বাজার থেকে মোগরাপাড়া পর্যন্ত অংশটি এখন এক মরণফাঁদে পরিণত হয়েছে।

যে পথ ধরে মানুষ হাঁটবে এই জায়গাতেই নানা স্থাপনা, ভাসমান দোকানপাট বিদ্যমান দেখা যায়। এই পথ দিয়েই প্রশাসনিক লোক যাতায়াত করেন নিত্যদিন। জনকল্যাণের কাজ যে একটি মহৎ চিন্তার ফসল তা ভুলে গেলে চলবে না, শিশু শ্রেণি থেকে স্কুল, কলেজপড়ুয়া শিক্ষার্থীরা যখন হেঁটে যায়, এতে কখনও বড় ধরনের দুর্ঘটনা প্রায় সময় ঘটতে দেখা যায়।

ঐতিহাসিক এই রাস্তার অনেক অংশ বর্তমানে মাত্র ১০-১২ ফুট প্রশস্ত, যেখানে একটি বড় যান প্রবেশ করলে অন্যটি পাশ কাটানোর সুযোগ থাকে না। তা ভুলে গেলে চলবে না, কেননা এটি একটি ভৌত অবস্থা; বর্ষাকালে রাস্তার পিচ উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়, এমনকি পিঠাওয়ালির পুলের মতো প্রাচীন স্থাপনাগুলোও অযত্নে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই পিঠাওয়ালি সেতুটি যদি কোনো উপকারে না আসে তাহলে প্রশাসনিকভাবে সরিয়ে ফেলা ভালো। এটিও চিরন্তন সত্য, ইতিহাস কখনও মুছে ফেলা যায় না, ক্ষয়প্রাপ্ত হয় না। এটিও আমাদের মনে রাখা একান্ত প্রয়োজন। মোগরাপাড়া থেকে বৈদ্যের বাজারের চার কিলোমিটার পথ পাড়ি দিতে আগে যেখানে ১০ মিনিট লাগত, এখন যানজটে সেখানে ৪০-৫০ মিনিট ব্যয় হয়। এই রাস্তাটি সোনারগাঁর প্রাণকেন্দ্র। আশির দশকের মতো হলে পায়ে হেঁটেও অল্প সময়ে যার যার অবস্থানে পৌঁছে যেতে পারতেন, তাও না।

৯০ দশকের পর থেকে আমাদেরই এই সোনারগাঁ পরগনাতে বিভিন্ন শিল্প-কলকারখানা, সিমেন্ট কারখানা নির্মাণ করাতে যানজটে জীবনটা অনেক বড় হুমকি মনে হয়। এ ছাড়াও ধুলাবালুর দাপটে অ্যাজমায় শ্বাসকষ্টের রোগী ছাড়া অসহনীয় এই অসহায় ব্যথা-বেদনা অন্যরা উপলব্ধি করতে পারে না। সোনারগাঁ আজ কেবল ইতিহাসের পাতায় সীমাবদ্ধ নয়, এটি একটি উদীয়মান পর্যটননগরী। বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন (জাদুঘর) এবং প্রাচীন পানাম নগরীতে প্রতি সপ্তাহে প্রায় ২০ থেকে ৩০ হাজার দেশি-বিদেশি পর্যটকের সমাগম ঘটে। ঐতিহাসিক গ্র্যান্ড ট্রাঙ্ক রোড এবং এর সংলগ্ন পিঠাওয়ালির পুলের মতো প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো যদি যথাযথভাবে সংরক্ষণ ও সংস্কার করা না হয়, তবে পর্যটনশিল্পের এই অপার সম্ভাবনা মুখ থুবড়ে পড়বে।

গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের মতো একটি বিশ্বখ্যাত প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক সম্পদকে অবহেলায় ফেলে রাখা আমাদের জাতীয় ঐতিহ্যের জন্য অবমাননাকর। ক্রমবর্ধমান জনচাপ এবং শিল্পায়নের কথা মাথায় রেখে এই সড়কটিকে অন্তত দুই লেনে উন্নীত করা এবং টেকসই আরসিসি ঢালাইসহ ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করা এখন সময়ের দাবি। কেবল জোড়াতালির সংস্কার নয়, বরং শেরশাহের সেই ঐতিহাসিক দূরদর্শিতার রেশ ধরে আধুনিক যুগের উপযোগী করে গ্র্যান্ড ট্রাঙ্ক রোডকে পুনর্নির্মাণ করা হোক। ইতিহাসের এই ধমনীকে সচল রাখলে তবেই সোনারগাঁর প্রাচীন ঐতিহ্য ও বর্তমান সম্প্রীতি ও সমৃদ্ধি একসঙ্গে টিকে থাকবে আমার বিশ্বাস।

মোহাম্মদ মহসীন: সোনারগাঁ, নারায়ণগঞ্জ