বর্তমান বিশ্বে শিক্ষার্থীদের শিক্ষা-জীবন শুধু বইপড়ার মধ্যেই সীমাবদ্ধ নেই। প্রযুক্তিনির্ভর আধুনিক সমাজে টিকে থাকতে হলে একাধারে দক্ষতা, অভিজ্ঞতা ও আত্মনির্ভরশীলতার সমন্বয় জরুরি। এ কারণেই শিক্ষার্থীদের জন্য পার্ট-টাইম চাকরির সুযোগ তৈরি দরকার। উন্নত বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোর দিকে তাকালে দেখা যায়, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীরা বিভিন্ন খণ্ডকালীন কাজে যুক্ত থাকেন। এতে তারা নিজের খরচ চালানোর পাশাপাশি বাস্তব কাজের পরিবেশ সম্পর্কে ধারণা পান। বাংলাদেশে শিক্ষার্থীদের বড় একটি অংশের আর্থিক সংকটের কারণে পড়াশোনা চালাতে বাধাগ্রস্ত হতে হয়। কিছু শিক্ষার্থী টিউশনি ছাড়া অন্য কোনো উপার্জনের সুযোগ পান না। অথচ পার্ট-টাইম জব চালু হলে তারা আরও বৈচিত্র্যময় স্কিল তৈরি করতে পারবেন।

যেমন- অফিস ম্যানেজমেন্ট, কনটেন্ট রাইটিং, গ্রাফিক ডিজাইন, আইটি সাপোর্ট, ই-কমার্স ম্যানেজমেন্ট ইত্যাদি। এই অভিজ্ঞতা ভবিষ্যতে চাকরি বা উদ্যোক্তা জীবনেও সহায়ক হবে। এছাড়া পার্ট-টাইম কাজ শিক্ষার্থীদের কর্মশৃঙ্খলা, সময় ব্যবস্থাপনা ও দায়িত্ববোধ গঠনে বিশেষ ভূমিকা রাখে। যেহেতু তারা নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট কাজ সম্পন্ন করতে শেখে, সেহেতু তাদের একাডেমিক পারফরম্যান্সও সুশৃঙ্খল হতে পারে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, সঠিকভাবে সময় বণ্টন করলে খণ্ডকালীন কাজ পড়াশোনাকে ব্যাহত করে না বরং আরও সংগঠিত করে। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, করপোরেট সেক্টর, স্টার্টআপ কিংবা অনলাইন মার্কেটপ্লেস সবখানেই শিক্ষার্থীদের উপযোগী পার্ট-টাইম সুযোগ তৈরি করা সম্ভব।

বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোও চাইলে ক্যাম্পাসভিত্তিক পার্ট টাইম নিয়োগ ব্যবস্থা চালু করতে পারে। এতে শিক্ষার্থীরা নিরাপদ পরিবেশে কাজ করতে পারবেন এবং পড়াশোনার পাশাপাশি নিজের সক্ষমতা বাড়াতে পারবেন। দেশের বড় কোম্পানিগুলো যদি শিক্ষার্থীদের জন্য দৈনিক ৪/৫ ঘণ্টার পার্ট-টাইম কাজের ব্যবস্থা করে, তাহলে তা উভয় পক্ষের জন্যই লাভজনক হবে। বর্তমানে একজন কর্মীকে টানা ৮/১০ ঘণ্টা কাজ করতে হয়। কিন্তু এই সময় ভাগ করে দুই শিফটে শিক্ষার্থীদের কাজে যুক্ত করা গেলে প্রতিষ্ঠানগুলো এক পদের কাজ দুইজন সৃজনশীল ও উদ্যমী জনবলের মাধ্যমে সম্পন্ন করতে পারবে। এতে উৎপাদনশীলতা বাড়বে, প্রযুক্তি দক্ষ তরুণদের কারণে কাজে নতুনত্ব আসবে এবং কোম্পানিগুলো তাদের ভবিষ্যৎ দক্ষ কর্মীও গড়ে তুলতে পারবে। অন্যদিকে শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি আয়, অভিজ্ঞতা ও বাস্তব দক্ষতা অর্জনের সুযোগ পাবে। এতে তাদের ভবিষ্যৎ ক্যারিয়ার শক্তিশালী হবে এবং স্নাতক শেষে বেকারত্বের ঝুঁকি কমবে। সামগ্রিকভাবে এ ধরনের পার্ট-টাইম চাকরি চালু হলে দেশের বেকারত্ব সমস্যাও উল্লেখযোগ্যভাবে কমে যাবে। দেশের অর্থনীতি, কর্মসংস্থান ও মানবসম্পদ উন্নয়নের স্বার্থেই এখনই এ বিষয়ে নীতিগত উদ্যোগ নেওয়া প্রয়োজন।