"একুশ মানে মাথা নত না করা" এই অমোঘ মূলমন্ত্রকে ধারণ করে ১৯৯৩ সালের ২১ ফেব্রুয়ারি যাত্রা শুরু করা দৈনিক জনকণ্ঠ আজ পা রাখল ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে।

ভাষাশহীদদের স্মরণে, দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে একুশের দিনেই প্রকাশনার সূচনা, এই অনন্য সিদ্ধান্তই জনকণ্ঠকে শুরু থেকেই আলাদা পরিচয়ে পরিচিত করে তোলে। প্রতিষ্ঠালগ্ন থেকে আজ পর্যন্ত জনকণ্ঠ কখনোই পেছন ফিরে তাকায়নি। দুর্নীতি, অন্যায়, অবিচার, নির্যাতন-নিপীড়ন, অসত্য ও অধিকার হরণের বিরুদ্ধে আপসহীন অবস্থান নিয়ে জনকণ্ঠ যুগে যুগে হয়ে উঠেছে জনগণের সংগ্রামের শাণিত হাতিয়ার। সকল শ্রেণি, পেশা, গোষ্ঠী ও সম্প্রদায়ের মানুষের দুঃখ-দুর্দশা, সমস্যা-সংকট এবং ন্যায্য চাহিদা-ফরিয়াদ সততা ও দায়িত্বশীলতার সঙ্গে তুলে ধরেছে এই সংবাদপত্র। এই গৌরবময় দিনে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে জনকণ্ঠের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা আতিকউল্লাহ খান মাসুদ-কে।

বাংলাদেশের সংবাদপত্র জগতে তাঁর নাম উচ্চারিত হয় বিশেষ মর্যাদা ও সম্মানের সঙ্গে। সামরিক স্বৈরাচারের কঠিন সময়ে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে গণমাধ্যমকে এগিয়ে নেওয়া ছিল অত্যন্ত দুরূহ; সেই দুঃসাহসী ও ঐতিহাসিক দায়িত্ব তিনি সফলভাবেই পালন করেছিলেন। এক সময় যখন দেশে সন্ত্রাস, দুর্নীতি, জঙ্গিবাদ, মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিষবাষ্প সমাজকে গ্রাস করছিল, তখন জনকণ্ঠ অকুতোভয় গণমাধ্যম হিসেবে দৃঢ় ও প্রগতিশীল ভূমিকা পালন করে। প্রতিষ্ঠাতার প্রত্যক্ষ প্রণোদনা ও সাহসী নেতৃত্বে জনকণ্ঠ সত্যের পক্ষে দাঁড়িয়ে মানুষের বিবেককে জাগ্রত করেছে।

তিন দশকেরও বেশি আগে, ডিজিটাল সুবিধা ও ইন্টারনেটবিহীন সময়ে, একযোগে দেশের পাঁচটি অঞ্চল থেকে জনকণ্ঠ মুদ্রিত হতো। ফলে রাজধানীর পাঠকের পাশাপাশি প্রত্যন্ত মফস্বলের মানুষের হাতেও পৌঁছে যেত খবরের কাগজটি। এভাবেই দৈনিক জনকণ্ঠ হয়ে ওঠে প্রকৃত অর্থেই জনগণের কণ্ঠ।

৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জনকণ্ঠ পরিবারের সদস্য, পাঠক, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি জানানো হচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সত্য, সাহস ও দেশপ্রেমের এই অগ্রযাত্রা আগামীতেও অব্যাহত থাকবে, এটাই প্রত্যাশা।