বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশনের সংগঠন বিটিএমসির আল্টিমেটাম অনুযায়ী ১ ফেব্রুয়ারি থেকে দেশের স্পিনিং মিলগুলো বন্ধ হয়ে গেলে এ খাতে কর্মরত প্রায় ২ লাখ কর্মকর্তা-কর্মচারী এবং ৮ লাখ শ্রমিক কর্মহীন ও বেকার হয়ে পড়বেন। বিপুল সংখ্যক কর্মজীবী বেকার হয়ে পড়লে দেশের সামগ্রিক অর্থনীতিতে যেমন নেতিবাচক প্রভাব পড়বে, তেমনি সামাজিক শান্তিশৃঙ্খলা বিনষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। বাংলাদেশের টেক্সটাইল ও পোশাক শিল্পে অন্যতম প্রধান ব্যাকওয়ার্ড লিংকেজ স্পিনিং খাত দীর্ঘদিন থেকে নীতিগত বৈষম্য, অতিরিক্ত বন্ড সুবিধার ওপর নির্ভশীলতা এবং সুদূরপ্রসারী পরিকল্পনার অভাবে সমূহ সংকটের মুখে পড়েছে।

এই শিল্পে বিদ্যমান সমস্যাগুলোর সমাধান এবং ভবিষ্যতে টেকসই নীতিমালা প্রণয়নের জন্য বিটিএমএ, বিজিএমইএ ও বিকেএমইর সংশ্লিষ্ট খাতের বিশেষজ্ঞ ও সরকারের সমন্বয়ে একটি কমিশন গঠন অপরিহার্য হয়ে পড়েছে। সেজন্য একটি কমিটি গঠনের বিষয়ে সরকারের কাছে জোড়ালোভাবে আবেদন জানিয়েছেন বিটিএমসির নেতৃবৃন্দ। প্রয়োজনে ব্যাকওয়ার্ড শিল্পগুলোর সক্ষমতা যাচাইপূর্বক পর্যায়ক্রমে ব্যান্ড সুবিধা প্রত্যাহারের জন্য একটি কার্যকর নীতিমালা তৈরি করতে হবে, যাতে আগামী ৪-৫ বছরের মধ্যে গার্মেন্টস শিল্পে কাঁচামাল, যন্ত্রপাতি, ডাইস কেমিক্যাল এবং স্পিনিং ও উইভিংয়ের যন্ত্রাংশ উৎপাদনে প্রয়োজনীয় শিল্পকারখানা গড়ে উঠতে পারে দেশে। বিটিএমসির নেতৃবৃন্দ এও বলেন যে, বিজিএমইএ এবং বিকেএমইএ প্রতিপক্ষ নয়, বরং একে অন্যের পরিপূরক।

তাই এই খাতগুলো জরুরি ভিত্তিতে রক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে সরকারকেই। এক পরিসংখ্যানে দেখা যায়, গত ১৬ মাসে ২৫০টির মতো তৈরি পোশাক কারখানা এবং ৫০টির বেশি বস্ত্রকল বন্ধ হয়ে গেছে। নানা সংকটের কারণে এ দুটো খাতে নতুন কোনো বস্ত্র ও পোশাক কারখানাও স্থাপিত হয়নি। এর প্রথম ও প্রধান কারণ ভারতীয় সুতার আগ্রাসন। সেদেশের সুতা বাংলাদেশে ডাম্পিং হচ্ছে ৩০-৩৫ সেন্ট কম দামে। যে কারণে দেশীয় স্পিনিং মিলগুলোয় প্রায় ১২ হাজার কোটি টাকার মতো সুতা অবিক্রীত অবস্থায় পড়ে আছে। এর ফলে সংশ্লিষ্ট মিলগুলো পড়েছে নগদ অর্থের সংকটে। অনেক মিল শ্রমিকদের নিয়মিত বেতন পরিশোধ ও ব্যাংক ঋণের কিস্তি দিতে পারছে না। এমনিতেই দেশের একটি বড় অংশ কর্মহীন বা বেকার, অর্থাৎ তাদের উপার্জন নেই। বেকারের সারিতে আরও বেকার যুক্ত হওয়া মানেই অর্থনীতির ওপর চাপ বৃদ্ধি। বন্ধ হওয়া কারখানাগুলোর অধিকাংশই তৈরি পোশাক ও বস্ত্র খাতের। দেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর এসব কারখানা বন্ধ হয়েছে। সার্বিক পরিস্থিতিতে পোশাক ও বস্ত্রখাতে সরকারের হস্তক্ষেপ অত্যাবশ্যক হয়ে পড়েছে।