সংসদ নির্বাচনের কয়েক দিন আগে আমার হোয়াটসঅ্যাপে একটি অপরিচিত নম্বর থেকে কল আসে। কথা বলে জানলাম, তিনি বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি, বর্তমানে আওয়ামী লীগ নেতা। তাঁর সঙ্গে আমার পরিচয় হয়েছিল ১৯৯০-এর দশকের মাঝামাঝিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতির সুবাদে। বিগত দীর্ঘ সময়ে সেই অর্থে যোগাযোগ হয়নি। রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলাপচারিতার এক পর্যায়ে তিনি স্পষ্টই বললেন, নির্বাচনটা হয়ে যাক! বুঝলাম, মাঠ পর্যায়ের নেতাকর্মীর জন্য আওয়ামী লীগের ‘বার্তা’ বিএনপির পক্ষে।
আওয়ামী লীগ-বিএনপির এ রসায়ন নিয়ে নির্বাচনের আগের দুটো কলামে আলোকপাত করেছিলাম। আমার মূল বক্তব্য ছিল, অতীতে উভয় দল পরস্পরকে শত্রুজ্ঞান করলেও ২০২৪ সালের ৫ আগস্ট-পরবর্তী পরিস্থিতি একেবারেই ভিন্ন। তখন জামায়াতে ইসলামীর আশ্রয়-প্রশ্রয়ে বিভিন্ন শক্তির দাপট চলছিল। অন্তর্বর্তী সরকারেরও কোনো কোনো মহলে প্রত্যক্ষ-পরোক্ষ মদদে মব সহিংসতা আতঙ্ক ছড়িয়ে দিচ্ছিল। বলেছিলাম, এর রাশ টানতে হলে আওয়ামী লীগ ও বিএনপির শীর্ষ নেতৃত্বের বোধোদয় জরুরি। এমনকি উভয় দলের মধ্যে ১৯৯০ সালের গণঅভ্যুত্থান-পরবর্তী তিন জোটের রূপরেখার মতো নতুন এক বোঝাপড়াও হতে পারে, যা নতুন সামাজিক চুক্তির জন্ম দেবে।
এই সামাজিক চুক্তি একদিকে যেমন নির্দিষ্ট বিরতিতে নিয়মিত সুষ্ঠু, অবাধ ও দেশ-বিদেশে গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করবে, তেমনি রাষ্ট্র পরিচালনা ও রাজনৈতিক সংস্কৃতিতেও জনআকাঙ্ক্ষার প্রতিফলন যথাসম্ভব ঘটাবে। আমার সুস্পষ্ট প্রস্তাব ছিল, নির্বাচনে আওয়ামী লীগের সনাতন ভোটাররা বিএনপির প্রার্থীদের প্রতি সহযোগিতার যে হাত বাড়িয়ে দিয়েছেন, তার প্রতিদান থাকতে হবে। তবেই শুধু ভোটের রাজনীতিতে বিএনপি বিভিন্ন নৈরাজ্যবাদী শক্তির কাছ থেকে চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম হবে।
নির্বাচনের ফল এবং বিএনপি ও আওয়ামী লীগের বর্তমান কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে, পরিস্থিতি সেই কাঙ্ক্ষিত পথেই এগোচ্ছে। অনেক আসনে বিএনপির জয়ী প্রার্থীরা এবং দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরাও স্বীকার করছেন, আওয়ামী লিগের ভোটারদের সমর্থন না পেলে নির্বাচনে বিএনপি অন্তত ভূমিধস বিজয় পেত না। আবার নির্বাচনের পর থেকে বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে প্রবেশের চেষ্টা করছেন বা তালা খুলে ভেতরে প্রবেশও করেছেন। অর্থাৎ আমাদের রাজনীতির দুই প্রধান যুদ্ধংদেহী প্রতিদ্বন্দ্বীর মধ্যে বরফ গলতে শুরু করেছে। এর পেছনে বিএনপি বা জামায়াত বা অন্য কারও সঙ্গে কোনো সমঝোতা আছে কিনা– এমন এক প্রশ্নের জবাবে আত্মগোপনে থাকা আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, ‘এখানে নির্দেশনা বা সমঝোতার কিছু নেই। ইউনূসের অবৈধ সরকারের বিদায়ের পর দেশের পরিস্থিতি স্বাভাবিক হবে এবং স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ড সবার জন্য উন্মুক্ত হবে– এটা আশা করে তৃণমূলের কর্মী-সমর্থকরা দলীয় কার্যালয়ে যাচ্ছে বা যেতে চাইছে’ (বিবিসি বাংলা, ২২ ফেব্রুয়ারি ২০২৬)।
অন্যদিকে ২৪ ফেব্রুয়ারি বাসস জানিয়েছে, ওই দিন সকালে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, ‘আমরা আপনাদের উদ্দেশে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই যে, বিএনপি একটি উদারনৈতিক রাজনৈতিক দল। সবাইকে নিয়ে আমরা রাজনীতি করি, আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না। এটা আমাদের নেতা জনাব তারেক রহমান বারবার বলেছেন। তিনি আরও বলেছেন যে, আমরা আইনের শাসনে বিশ্বাসী।’
প্রসঙ্গত, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ২০২৫ সালের মে মাসে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করে এবং সে কারণে দলটি এবারের সংসদ নির্বাচনে অংশ নিতে পারেনি। গণঅভ্যুত্থানের পর বিএনপি বলেছিল, তারা কোনো দল নিষিদ্ধ চায় না এবং আওয়ামী লীগ বিষয়ে সিদ্ধান্ত ভোটের মধ্য দিয়ে জনগণ নেবে। শেষ পর্যন্ত বিএনপি সরকারসহ বিভিন্ন মহলের চাপে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে সম্মতি দেয়। তখন দলটির মহাসচিবও বলেছিলেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় তারা ‘আনন্দিত’ (বাংলা ট্রিবিউন, ১১ মে ২০২৫)।
অবশ্য নির্বাচনের আগে আগে সব হিসাবনিকাশ পাল্টে যায়। বিএনপি মহাসচিবসহ বিভিন্ন নেতা নিজ নিজ এলাকায় আওয়ামী লীগের সদস্য ও সমর্থকদের বারবার আশ্বস্ত করেছেন এই বলে– নিরীহ ও কোনো অপরাধের সঙ্গে সম্পর্কহীন আওয়ামী লীগের কারও বিরুদ্ধে নতুন মামলা তো হবেই না, বরং পুরোনো এমন লোকের মামলাও তুলে নেওয়া হবে। এমনকি নির্বাচনোত্তর প্রথম সংবাদ সম্মেলনে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ফিরিয়ে আনা এবং তাঁর ও অন্যান্য আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মামলার ভাগ্য সম্পর্কে প্রশ্ন করা হলে বিএনপি চেয়ারম্যান এবং আজকের প্রধানমন্ত্রী তারেক রহমান এক বাক্যে উত্তর দেন, সবকিছু আইনি প্রক্রিয়ায় হবে।
এটা ঠিক, কিছু জায়গায় আওয়ামী লীগের কার্যালয় খোলার পরপর পাল্টা দখল ও হামলারও ঘটনা ঘটেছে। কিন্তু সেগুলো সংখ্যায় খুব বেশি নয়। উপরন্তু প্রায় সব পাল্টা হামলার ঘটনাই ঘটেছে গোপনে। দু-একটি ঘটনায় এনসিপি বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় নেতাকর্মীর নাম এলেও অধিকাংশ ক্ষেত্রে হামলাকারীর পরিচয় অজানা। অথচ নির্বাচনের আগেও এ ধরনের হামলা ছিল প্রকাশ্য; হামলাকারীদের পরিচয়ও ছিল সবার জানা।
এরই মধ্যে আরও দুটি ঘটনা ঘটেছে যেগুলো বেশ ইঙ্গিতবাহী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ক ম জামাল উদ্দিন ঘোষণা দিয়ে গত ১৫ ফেব্রুয়ারি ধানমন্ডি ৩২ নম্বরে গেলে ছাত্রদল নেতা পরিচয়দানকারী ঢাকা কলেজের এক ছাত্র তাঁর ওপর হামলা করেন এবং পুলিশ ড. জামালকে আটক করে। কিন্তু সামাজিক মাধ্যমে এ খবর দ্রুত ছড়িয়ে পড়লে পুলিশ তাঁকে ছেড়ে দেয়। আরেক ভিডিওতে দেখা যায়, সেখানে জড়ো হওয়া কিছু মানুষ ওই হামলাকারী ছাত্রকে উল্টো মারধর করছেন।
দ্বিতীয় ঘটনাটি ঘটেছে সোমবার বরিশালে। সাত বছর আগে সংঘটিত বিএনপির নেতাকর্মীর ওপর হামলার ঘটনায় ২০২৪ সালের ৫ আগস্টের পর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুসের বিরুদ্ধে বরিশালের এক আদালতে মামলা হয়। সেই মামলায় সোমবার হাজিরা দিয়ে আসামি জামিনের আবেদন করলে বিচারক তা মঞ্জুর করেন। গত দেড় বছরে এ ধরনের ঘটনা আর একটাও ঘটেনি। তদুপরি এ জামিনের প্রতিবাদে বিএনপিপন্থি আইনজীবীরা আদালতে ভাঙচুর করলে বুধবার পুলিশ একজনকে গ্রেপ্তার করে, যিনি আইনজীবী সমিতির সভাপতি। আমি আগেও বলেছি, দেশের বিপুল অধিকাংশ মানুষ উদারমনা; উগ্রতা যাদের অপছন্দ। মুক্তিযুদ্ধসহ ঐতিহাসিক কিছু কারণে আওয়ামী লীগ এ মানুষদের বড় অংশের সমর্থন ভোগ করে। উদারমনা বাকিরা বিএনপির সমর্থক। এরও উৎস দলটির প্রতিষ্ঠাতার মুক্তিযুদ্ধে অবদান এবং দলের বর্তমান নেতৃত্বে অনেক মুক্তিযোদ্ধার অবস্থান। ভোটের বিচারে আওয়ামী লীগের সঙ্গে বিএনপির যতটুকু পার্থক্য থাকে, তা পূরণ হয় রক্ষণশীল ভোটারদের দিয়ে। রাজনীতির এ ভারসাম্য নষ্ট হলে উগ্রবাদের পোয়াবারো; অন্তর্বর্তী সরকারের আমল তা স্পষ্ট করেছে। এ ভারসাম্য রক্ষা পেলে শুধু দল দুটোই টিকে থাকবে না; রাষ্ট্র এবং সমাজও কাঙ্ক্ষিত বিকাশ লাভ করবে। অতএব দায়িত্বটা কারও একার নয়, উভয় পক্ষেরই।
সাইফুর রহমান তপন: সহকারী সম্পাদক, সমকাল
